রবার্ট ডুভল
রবার্ট ডুভল | |
|---|---|
Robert Duvall | |
২০০৭ সালে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে ডুভল | |
| জন্ম | রবার্ট সেল্ডেন ডুভল ৫ জানুয়ারি ১৯৩১ |
| মৃত্যু | ১৫ জানুয়ারি ২০২৬ (বয়স ৯৫) মিডলবার্গ, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
| শিক্ষা | স্নাতক |
| মাতৃশিক্ষায়তন | প্রিন্সিপিয়া কলেজ (১৯৫৩) |
| পেশা | অভিনেতা, পরিচালক, প্রযোজক |
| কর্মজীবন | ১৯৫২-২০২২ |
| উচ্চতা | ১.৭৮ মি (৫ ফু ১০ ইঞ্চি) |
| দাম্পত্য সঙ্গী | বারবারা বেঞ্জামিন (বি. ১৯৬৪; বিচ্ছেদ. ১৯৭৫) গেইল ইয়ংস (বি. ১৯৮২; বিচ্ছেদ. ১৯৮৬) শ্যারন ব্রফি (বি. ১৯৯১; বিচ্ছেদ. ১৯৯৫) লুসিয়ানা পেরড্রাজা (বি. ২০০৫) |
| সামরিক পরিষেবা | |
| আনুগত্য | মার্কিন যুক্তরাষ্ট্র |
| সেবা/ | |
| কার্যকাল | ১৯৫৩-১৯৫৪ |
| পদমর্যাদা | |
| পুরস্কার | |
রবার্ট সেল্ডেন ডুভল (ইংরেজি: Robert Selden Duvall; ৫ জানুয়ারি ১৯৩১ - ১৫ ফেব্রুয়ারি ২০২৬)[১] হলেন একজন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। তিনি ছয় দশকের অধিক সময় ধরে অভিনয়ের সাথে জড়িত আছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি সাতটি একাডেমি পুরস্কারের মনোনয়ন হতে একটি পুরস্কার জয় করেন, সাতটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন হতে চারটি পুরস্কার জয় করেন এবং একটি বাফটা পুরস্কার, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ও একটি এমি পুরস্কার জয়সহ একাধিক পুরস্কার জয় ও মনোনয়ন লাভ করেছেন। ২০০৫ সালে তিনি ন্যাশনাল মেডেল অব আর্টস লাভ করেন।
ডুভল ১৯৫০-এর দশকের শুরু থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন এবং ১৯৬০-এর দশকের শুরুতে টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি টু কিল আ মকিংবার্ড (১৯৬২) চলচ্চিত্রে তিনি বু র্যাডলি চরিত্রে, ক্যাপ্টেন নিউম্যান, এম.ডি. (১৯৬৩), টিএইচএক্স ইলেভেন থার্টি এইট (১৯৭১) চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে এবং হর্টন ফুটের নাটক অবলম্বনে উইলিয়াম ফকনারের টুমরো (১৯৭২) চলচ্চিত্রে অভিনয় করেন। এই সময়ে তিনি গডফাদার ধারাবাহিকের দ্য গডফাদার (১৯৭২) ও দ্য গডফাদার পার্ট ২ (১৯৭৪) চলচ্চিত্রে অভিনয় করেন, যা সমালোচনামূলক ও ব্যবসায়িক দুই দিক থেকে সফলতা অর্জন করে।
তিনি টেন্ডার মার্সিজ (১৯৮৩) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার এবং টম কর্টনির সাথে যৌথভাবে নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি বাকি ছয়টি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন দ্য গডফাদার (১৯৭২), অ্যাপোক্যালিপ্স নাউ (১৯৭৯), দ্য গ্রেট স্যান্টিনি (১৯৭৯), দি অ্যাপোস্টল (১৯৯), আ সিভিল অ্যাকশন (১৯৯৮), ও দ্য জাজ (২০১৪) ছবিতে অভিনয়ের জন্য। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল বুলিট (১৯৬৮), ট্রু গিট (১৯৬৯), এম*এ*এস*এইচ (১৯৭০), জো কিড (১৯৭২), দ্য কনভারসেশন (১৯৭৪), নেটওয়ার্ক (১৯৭৬), দ্য ন্যাচারাল (১৯৮৪), দ্য হ্যান্ডমেইড্স টেল (১৯৯০), ডেজ অব থান্ডার (১৯৯০), র্যাম্বলিং রোজ (১৯৯১), ফলিং ডাউন (১৯৯৩), জ্যাক রিচার (২০১২), আ নাইট ইন ওল্ড মেক্সিকো (২০১৪), ওয়াইল্ড হর্সেস (২০১৫), উইডোস (২০১৮) এবং হাসল (২০২২)।
ডুভল অভিনীত টেলিভিশন কর্মের মধ্যে উল্লেখযোগ্য হল দ্য টোয়ালাইট জোন (১৯৬৩), দ্য আউটার লিমিটস (১৯৬৪), লোনসাম ডাভ (১৯৮৯), স্ট্যালিন (১৯৯২), দ্য ম্যান হু ক্যাপচারড এইখমান (১৯৯৬) ও ব্রোকেন টেইল (২০০৬)। লোনসাম ডাভ (১৯৮৯) ও স্ট্যালিন (১৯৯২)-এ অভিনয় করে তিনি শ্রেষ্ঠ টিভি মিনি ধারাবাহিক অভিনেতা বিভাগে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং ব্রোকেন টেইল-এ অভিনয় করে একটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রবার্ট সেল্ডেন ডুভল ১৯৩১ সালের ৫ই জানুয়ারি ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে জন্মগ্রহণ করেন।[২][৩][৪][৫][৬] তার মাতা মিলড্রেড ভার্জিনিয়া ডুভল অপেশাদার অভিনেত্রী ছিলেন এবং পিতা অ্যাডমিরাল উইলিয়াম হাওয়ার্ড ডুভল মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীতে চাকরি করতেন।[৭][৮][৯] তিন সন্তানের মধ্যে দ্বিতীয় রবার্ট তার বড় ভাই উইলিয়াম জুনিয়র ও ছোট ভাই জনের সাথে বেড়ে ওঠেন। জন পরবর্তীকালে বিনোদন আইনজীবী হন।[১০]
ডুভল ক্রিশ্চিয়ান সাইন্স ধর্মাবলম্বী হিসেবে বেড়ে ওঠেন, তবে তিনি পরবর্তীকালে উল্লেখ করেন যে তিনি গির্জায় প্রার্থনা করতে যেতেন না।[১১] তার শৈশবের অধিকাংশ সময়ে কেটেছে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপলিসে,[১২] সেখানে তার পিতা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি মেরিল্যান্ডের সেভার্না পার্কের সেভার্ন স্কুলে এবং পরে মিজুরির সেন্ট লুইসের দ্য প্রিন্সিপায় পড়াশোনা করেন। এরপর তিনি ১৯৫৩ সালে ইলিনয়ের এলসায়ের প্রিন্সিপিয়া কলেজ থেকে নাট্যতত্ত্বে কলাবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।[১২][১৩]
কর্মজীবন
[সম্পাদনা]ডুভল ১৯৫০-এর দশকের শুরুতে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বেলপোর্ট-ভিত্তিক গ্রীষ্মকালীন ইকুইটি থিয়েটার গেটওয়ে প্লেহাউজের মঞ্চনাটকে অভিনয় দিয়ে তার পেশাদার অভিনয়জীবন শুরু করেন। ১৯৫২ সালে তৎকালীন গেটওয়ে থিয়েটারের লাফটার ইন দ্য স্টার্স মঞ্চনাটকে পাইলট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার মঞ্চে অভিষেক ঘটে।[১৪]
১৯৫৯ সালে তিনি আর্মস্ট্রং সার্কেল থিয়েটার ধারাবাহিকের "দ্য জেলব্রেক" পর্বে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক ঘটে। এরপর তিনি ১৯৬০-এর দশক জুড়ে টেলিভিশনে আলফ্রেড হিচকক প্রেজেন্টস, নেইকড সিটি, দ্য আনটাচেবলস, রুট ৬৬, দ্য টোয়ালাইট জোন, কমব্যাট!, দ্য আউটার লিমিটস, দ্য ফিউজিটিভ, টি.এইচ.ই. ক্যাট, ভয়েজ টু দ্য বটম অব দ্য সি, দ্য টাইম ট্রাভেল, দ্য ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট, দি এফ.বি.আই., ও দ্য মড স্কোয়াড-এ নিয়মিত অতিথি চরিত্রে অভিনয় করেন।[১৫]
টু কিল আ মকিংবার্ড (১৯৬২) চলচ্চিত্রে তিনি বু র্যাডলি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তাকে চিত্রনাট্যকার হর্টন ফুটের সুপারিশে এই চলচ্চিত্রের জন্য নির্বাচন করা হয়। ফুট নেইবারহুড প্লেহাউজে তার রচিত নাটক দ্য মিডনাইট কলার-এর ১৯৫৭ সালের মঞ্চায়নে ডুভলের সাথে পরিচিত হন। ফুট ও ডুভল এরপর অসংখ্যবার একসাথে কাজ করেছেন। ফুট ডুভলকে "আমাদের এক নাম্বার অভিনেতা" বলে উল্লেখ করেছেন।[১৬][১৭]
১৯৭০-এর দশকের শুরু থেকে ডুভল মার্কিন চলচ্চিত্রে নিয়মিত মুখ ছিলেন। তিনি ১৯৭০ সালে এম*এ*এস*এইচ চলচ্চিত্রে মেজর ফ্রাঙ্ক বার্নস চরিত্রে ও ১৯৭১ সালে টিএইচএক্স ইলেভেন থার্টি এইট চলচ্চিত্রে রোবট নিয়ন্ত্রিত সমাজে পালিয়ে বেড়ানো আসামীর ভূমিকায় নাম চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।[১৮] তার প্রথম আলোচিত সাফল্য আসে গডফাদার ধারাবাহিকের দ্য গডফাদার (১৯৭২) ও দ্য গডফাদার পার্ট ২ (১৯৭৪) চলচ্চিত্রে টম হ্যাগেন চরিত্রে অভিনয় করে, যা সমালোচনামূলক ও ব্যবসায়িক দুই দিক থেকে সফলতা অর্জন করে। ১৯৭২ সালের চলচ্চিত্রটিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৯]
ডুভল নেটওয়ার্ক (১৯৭৬) চলচ্চিত্রে টেলিভিশন নির্বাহী ফ্রাঙ্ক হেকেট চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২০] তিনি প্যাট কনরয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য গ্রেট স্যান্টিনি (১৯৭৯) চলচ্চিত্রে মেরিন লেফটেন্যান্ট কর্নেল "বুল" মিচাম চরিত্রে অভিনয় করে সমাদৃত হন।[২১] চরিত্রটি লেখকের পিতা নৌবাহিনীর বৈমানিক কর্নেল ডোনাল্ড কনরয়ের জীবনীর ছায়া অবলম্বনে রচিত। এই চরিত্রে অভিনয় করে ডুভল শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২২] তিনি অ্যাপোক্যালিপ্স নাউ (১৯৭৯) চলচ্চিত্রে লেফটেন্যান্ট কর্নেল কিলগোর চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে আরেকটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এই চলচ্চিত্রে তার সংলাপ "আমি সকালে নাপামের গন্ধ পছন্দ করি" চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আইকনিক সংলাপ হিসেবে গণ্য হয়ে থাকে।[২৩]
২০১৮ সালে ডুভল স্টিভ ম্যাকুইন পরিচালিত উইডোস চলচ্চিত্রে একজন দুর্নীতিগ্রস্থ ব্রোকার চরিত্রে অভিনয় করেন।[২৪] চলচ্চিত্রটি সমাদৃত হয়। ২০২২ সালে তিনি নেটফ্লিক্সের হাসল ও দ্য পেল ব্লু আইজ চলচ্চিত্রে অভিনয় করেন।[২৫][২৬]
মৃত্যু
[সম্পাদনা]ডুভল ২০২৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ৯৫ বছর বয়সে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মিডলবার্গে তার নিজ খামারবাড়িতে মৃত্যুবরণ করেন।[২৭][২৪] তার স্ত্রী লুসিয়ানা পেদ্রাজা এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর ঘোষণা দেন, তবে বিবৃতিতে তিনি মৃত্যুর কারণ বলেননি, শুধু নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন বলে জানান।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Robert Duvall"। বায়োগ্রাফি (মার্কিন ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯।
- ↑ "Famous birthdays for Jan. 5: January Jones, Robert Duvall"। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল। ৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ জেরোম, জিম (১৪ এপ্রিল ২০০৩)। "Dance Fever"। পিপল। খণ্ড ৫৯ নং ১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Spotlight: Robert Duvall's Iconic Film Career"। এমএসএন। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ বোম্যান, ওয়েন্ডি (১৮ জুলাই ২০২৪) [July 18, 2024]। "One of Robert Duvall's Former L.A. Homes Can Be Yours for $2 Million"। রব রিপোর্ট (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 হ্যাবারম্যান, ক্লাইড (১৬ ফেব্রুয়ারি ২০২৬)। "Robert Duvall, 'Godfather' and 'Apocalypse Now' Actor, Dies at 95"। দ্য নিউ ইয়র্ক টাইমস (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Allied Warship Commanders – William Howard Duvall, USN"। ইউবোট। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ রবার্টস, গ্যারি বয়েড। "A Third Set of Ten Hollywood Figures (or Groups Thereof), with a Coda on Two Directors"। নিউ ইংল্যান্ড হিস্টরিক জিনিয়ালিজিক্যাল সোসাইটি। ২১ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "The Novak Zone: Interview With Robert Duvall"। স্যাটারডে মর্নিং নিউজ। ১৫ ফেব্রুয়ারি ২০০৩। সিএনএন। ২৭ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ এস্ট্রাডা, লুই (৬ আগস্ট ২০০০)। "Lawyer, Entertainer John Duvall Dies"। দ্য ওয়াশিংটন পোস্ট। আইএসএসএন 0190-8286। ২৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "The Religious Affiliation of Robert Duvall"। অ্যাডহিয়ারেন্টস। ১৯ নভেম্বর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 জোন্স, রবার্ট এফ. (২৩ এপ্রিল ১৯৮৪)। "Robert Duvall"। পিপল।
- ↑ স্টিভেনসন, লরা। "Robert Duvall, Hollywood's No. 1 Second Lead, Breaks for Starlight"। পিপল। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ Program booklet for "Laughter in the Stars"। গেটওয়ে থিয়েটার। ১৯৫২। ২১ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ Robert Duvall: Facts & Related Content, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
- ↑ Bruce Beresford (actor), Robert Duvall (actor), Horton Foote (actor), Gary Hertz (director), Tess Harper (actress) (১৬ এপ্রিল ২০০২)। Miracles & Mercies (Documentary)। West Hollywood, California: Blue Underground।
- ↑ ফেইনবার্গ, স্কট (১৬ ফেব্রুয়ারি ২০২৬)। "Robert Duvall Remembered by Mary Badham, 'Scout' to His 'Boo' in 'To Kill a Mockingbird' (Exclusive)"। দ্য হলিউড রিপোর্টার। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Something Lasting and Unforgettable: Robert Duvall (1931-2026) | Tributes"। রজারইবার্ট.কম (মার্কিন ইংরেজি ভাষায়)। ইবার্ট ডিজিটাল এলএলসি। ১৬ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ রাসেল, ব্রুস (১৩ ফেব্রুয়ারি ১৯৭৩)। "'Godfather' Gets 11 Oscar Nominations"। টলেডো ব্লেড। রয়টার্স। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "BAFTA Awards: Film in 1978"। ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ইবার্ট, রজার (১ জানুয়ারি ১৯৮০)। "The Great Santini"। শিকাগো সান-টাইমস। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ হারমেট্জ, আলজিন (১৮ ফেব্রুয়ারি ১৯৮১)। "'ELEPHANT MAN' AND 'BULL' UP FOR 8 OSCARS EACH"। দ্য নিউ ইয়র্ক টাইমস (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "'Napalm' speech tops movie poll"। বিবিসি নিউজ (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০০৪। ৮ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 বার্নস, মাইক (১৬ ফেব্রুয়ারি ২০২৬)। "Robert Duvall, All-Purpose Actor With Few Peers, Dies at 95"। দ্য হলিউড রিপোর্টার। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Adam Sandler, Jamie Lee Curtis and others pay tribute to Robert Duvall, who died at age 95"। সিটিভি নিউজ। ১৬ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Robert Duvall's Final Video Messages Thanked Fans for Their 'Support All of These Years'"। পিপল। ১৬ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ডিফ্র্যাঙ্ক, ড্যারেন (১৬ ফেব্রুয়ারি ২০২৬)। "Robert Duvall, Oscar-Winning Acting Legend, Dies at 95"। দ্যর্যাপ। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে রবার্ট ডুভল (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে রবার্ট ডুভল (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রবার্ট ডুভল (ইংরেজি)
- ১৯৩১-এ জন্ম
- ২০২৬-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ওয়েলশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ফরাসি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- স্কটিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ক্যালিফোর্নিয়ার অভিনেতা
- ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র পরিচালক
- ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র প্রযোজক
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র পরিচালক
- মার্কিন চলচ্চিত্র প্রযোজক
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র) বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র) বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র) বিজয়ী
- সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র) বিজয়ী
- স্যাটেলাইট পুরস্কার বিজয়ী
- মার্কিন পুরুষ চিত্রনাট্যকার
- ক্যালিফোর্নিয়ার চিত্রনাট্যকার
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় শিল্পকলা পদক প্রাপক