বিষয়বস্তুতে চলুন

জীবনানন্দ দাশ

এটি একটি ভালো নিবন্ধ। আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রূপসী বাংলার কবি[১]

জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশের বহুল প্রচলিত আলোকচিত্র
জন্ম(১৮৯৯-০২-১৭)১৭ ফেব্রুয়ারি ১৮৯৯[২]
মৃত্যু২২ অক্টোবর ১৯৫৪(1954-10-22) (বয়স ৫৫)[২]
মৃত্যুর কারণট্রাম দুর্ঘটনা
সমাধিভারত
জাতীয়তাবাঙালি
অন্যান্য নামমিলু
নাগরিকত্বব্রিটিশ ভারতীয় (১৮৯৯-১৯৪৭)
ভারতীয় (১৯৪৭-১৯৫৪)
শিক্ষাস্নাতকোত্তর (ইংরেজি সাহিত্য)
মাতৃশিক্ষায়তন
পেশা
  • কবি
  • ঔপন্যাসিক
  • গল্পকার
  • প্রাবন্ধিক
  • গীতিকার
  • সম্পাদক
  • অধ্যাপক
কর্মজীবন১৯২৭–১৯৫৩
উল্লেখযোগ্য কর্ম
বনলতা সেন, রূপসী বাংলা, সাতটি তারার তিমির
আন্দোলনআধুনিক বাংলা কবিতা
দাম্পত্য সঙ্গীলাবণ্য গুপ্ত
সন্তান২
পিতা-মাতা
পুরস্কাররবীন্দ্র-স্মৃতি পুরস্কার (১৯৫২)
সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৫৫)
স্বাক্ষর
জীবনানন্দ দাশের স্বাক্ষর

জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ - ২২ অক্টোবর ১৯৫৪)[২] ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক।[১] তার কবিতায় তিনি গ্রামবাংলার নৈস্বর্গিক সৌন্দর্য ফুটিয়ে তোলেন। তিনি “রূপসী বাংলার কবি” হিসেবে বিশেষ খ্যাতি লাভ করেন।[১][৩] এছাড়া কবি বুদ্ধদেব বসু তাকে "নির্জনতম কবি" এবং অন্নদাশঙ্কর রায় তাকে "শুদ্ধতম কবি" বলে অভিহিত করেন।[৪] জীবদ্দশায় তার কবিতা ‘দুর্বোধ্য’ হিসেবে বিবেচিত হলেও মৃত্যুর পর থেকে বিংশ শতাব্দীর শেষভাগে তার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ১৯৯৯ সালের দিকে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হন।[৫][৬] তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের পর বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন।[৭]

জীবনানন্দ দাশের কবিতার বিশিষ্ট অনুবাদক জো উইন্টারের মতে, "নিজস্ব বোধ, মনন ও ভাষার নতুনত্বে রবীন্দ্রনাথের ছায়া থেকে বেরিয়ে আসায় জীবনানন্দ সর্বতোভাবে সফল: তার ব্যক্তিত্ব গড়ে দিয়েছিল, তার কাব্যভাষাকে গঠন করে দিয়েছিল। সময়ের অভিযাত্রায় নানা চড়াই-উতরাই পার হতে হয়েছে জীবনানন্দকে। অনেক টানাপোড়েন সয়ে নিতে হয়েছে। দুর্বোধ্যতার অভিযোগ শুনতে হয়েছে আমৃত্যু। কিন্তু সবকিছু উপেক্ষা করে তিনি স্বীয় কাব্যভাষার প্রতি অনুগত থেকেছেন। কবি জীবনানন্দ দাশ সারা বিশ্বেই গুরুত্বপূর্ণ।"[৮]

জীবনানন্দ দাশ মূলত কবি হলেও প্রায় শতাধিক প্রবন্ধ ও নিবন্ধসহ বেশকিছু ছোটগল্প, বড় গল্প ও উপন্যাস রচনা করেছেন। মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৮টি ছোটগল্প রচনা করলেও জীবদ্দশায় সেগুলোর একটিও প্রকাশ করেননি।[৯] তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রূপসী বাংলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা এবং শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।[১০] তার জনপ্রিয় কবিতার মধ্যে রয়েছে বনলতা সেন, আট বছর আগের একদিন, হায় চিল, বোধ, রাত্রি, আবার আসিব ফিরে, বাংলার মুখ আমি দেখিয়াছি ইত্যাদি। এগুলোর মধ্যে বনলতা সেন কবিতা এবং রূপসী বাংলা কাব্যগ্রন্থ তার সবচেয়ে আলোচিত ও প্রশংসিত কাজ হিসেবে পরিচিত।

তিনি ১৯৫৩ সালে বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন হতে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ১৯৫৫ সালে তার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকার কর্তৃক মরণোত্তর সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হয়।[১][১১] এরপর থেকে তার জীবন ও কর্ম বাংলাদেশ ও ভারত উভয় দেশেই সাহিত্য সমালোচনা, প্রাতিষ্ঠানিক গবেষণা, অনুবাদ, প্রামাণ্যচিত্র, সঙ্গীত এবং চলচ্চিত্র রূপান্তরের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠে।

জন্ম ও শৈশব

[সম্পাদনা]
তরুণ জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি[২] ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরের একটি বাঙালি বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুরের (বর্তমান মুন্সীগঞ্জ) লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের “গাওপাড়া” গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৪০-এর দশকের প্রথম দিকে গ্রামটি পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-১৮৮৫) আনুমানিক ১৮৯০ সালের দিকে সপরিবারে বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন। জীবনানন্দের পিতা সত্যানন্দ দাশ বিক্রমপুরেই জন্মগ্রহণ করেন।[১২] সর্বানন্দ দাশগুপ্ত হিন্দু হওয়া সত্ত্বেও ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। তিনি ব্রাহ্মসমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার জনকল্যাণমূলক কাজের জন্য ব্যাপকভাবে সমাদৃত হন।[১৩] জীবনানন্দের পিতা সত্যানন্দ দাশ ছিলেন সর্বানন্দের দ্বিতীয় পুত্র। সত্যানন্দ দাশ (১৮৬৩-১৯৪২) ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের একজন শিক্ষক, প্রাবন্ধিক, বরিশাল ব্রাহ্মসমাজের সম্পাদক এবং ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।[১২]

জীবনানন্দের মা কুসুমকুমারী দাশ গৃহিণী হলেও কবিতা লিখতেন। তার সুপরিচিত কবিতা ‘আদর্শ ছেলে’ আজও শিশুশ্রেণির পাঠ্য। জীবনানন্দ ছিলেন পিতামাতার জ্যেষ্ঠ সন্তান; তার ডাকনাম ছিল "মিলু"। তার ভাই অশোকানন্দ দাশ ১৯০৮ সালে এবং বোন সুচরিতা দাশ ১৯১৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা কম বয়সে স্কুলে ভর্তি করানোর বিরোধী থাকায় বাড়িতে মায়ের কাছেই জীবনানন্দের বাল্যশিক্ষার সূত্রপাত হয়।[১৪]

ভোরে ঘুম থেকে উঠেই তিনি পিতার কণ্ঠে উপনিষদ আবৃত্তি এবং মায়ের কণ্ঠে গান শুনতেন। লাজুক স্বভাবের হলেও মিলুর খেলাধুলা, বাগান করা, ভ্রমণ ও সাঁতার কাটার অভ্যাস ছিল। ছেলেবেলায় মামার সঙ্গে তিনি বহু জায়গায় ঘুরেন।[১৫] শৈশবে একবার তিনি কঠিন অসুখে পড়েন। স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য মা এবং মাতামহের সঙ্গে তিনি লখনউ, আগ্রা এবং দিল্লি প্রভৃতি স্থান ভ্রমণ করেন।[১৬] জন্মসূত্রে তার পদবি "দাশগুপ্ত" হলেও ত্রিশের দশকের শুরুতে জীবনানন্দ "গুপ্ত" বর্জন করে কেবল "দাশ" লেখা শুরু করেন।[১৭]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

১৯০৮ সালের জানুয়ারিতে আট বছর বয়সে জীবনানন্দকে ব্রজমোহন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি করানো হয়। বিদ্যালয়ে পড়ার সময়ই তার বাংলা ও ইংরেজি ভাষায় লেখার হাতেখড়ি হয়। এছাড়া সে সময় তার ছবি আঁকার প্রতিও ঝোঁক ছিল। ১৯১৫ সালে তিনি ব্রজমোহন বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দুই বছর পর ১৯১৭ সালে ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও একই রকম কৃতিত্বের পরিচয় দেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন।[১৮]

১৯১৯ সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।[১৯] একই বছর ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় বর্ষ আবাহন নামে তার প্রথম কবিতা ছাপা হয়।[২০] তাতে কবির নাম না ছাপিয়ে কেবল সম্মানসূচক শ্রী কথাটি লেখা ছিল। তবে পত্রিকার বর্ষশেষের সূচিতে শ্রীজীবনানন্দ দাস, বিএ নামে তার পূর্ণ নাম ছাপা হয়।[২১]

১৯২১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[২২] তবে পরীক্ষার ঠিক আগে তিনি রক্ত আমাশয়ে আক্রান্ত হন, যা তার প্রস্তুতিকে বাধাগ্রস্ত করে। সে সময় তিনি হ্যারিসন সড়কের প্রেসিডেন্সি বোর্ডিংয়ে থাকতেন।[২৩] এরপর তিনি আইন পড়া শুরু করলেও এলএলবি পরীক্ষা দেয়ার আগেই তা ছেড়ে দেন। ১৯২২ সালের জুন মাসে জীবনানন্দ কলকাতার সিটি কলেজে শিক্ষক হিসেবে অধ্যাপনা শুরু করেন।[১৯]

সাহিত্যচর্চা ও জীবনসংগ্রাম

[সম্পাদনা]

যৌবনের প্রারম্ভেই জীবনানন্দের কবিপ্রতিভা বিকশিত হতে শুরু করে। ১৯২৫ সালের জুনে চিত্তরঞ্জন দাশের মৃত্যু হলে জীবনানন্দ তার স্মরণে 'দেশবন্ধুর প্রয়াণে' নামক একটি কবিতা রচনা করেন, যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে এটি তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকে অন্তর্ভুক্ত করা হয়।[২৪] কবিতাটি পড়ে কবি কালিদাস রায় মন্তব্য করেন, “এই কবিতাটি নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠিত কবির ছদ্মনামে রচনা।” ১৯২৫ সালেই তার প্রথম প্রবন্ধ ‘স্বর্গীয় কালীমোহন দাশের শ্রাদ্ধবাসরে’ ব্রাহ্মবাদী পত্রিকার পরপর তিনটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। একই বছর কল্লোল পত্রিকায় নীলিমা কবিতাটি প্রকাশিত হলে তা অনেক তরুণ কাব্যরসিকের দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে কলকাতা, ঢাকা এবং অন্যান্য জায়গার বিভিন্ন সাহিত্যপত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। এগুলোর মধ্যে ছিল সে সময়কার সুবিখ্যাত পত্রিকা কল্লোল, কালিকলম, প্রগতি প্রভৃতি।[২৫] ১৯২৭ সালে শ্রীসুধীরচন্দ্র সরকার দ্বারা কবির প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়।[২৬] সে সময় থেকেই তিনি তার পারিবারিক উপাধি ‘দাশগুপ্ত’ বদলে কেবল ‘দাশ’ লেখা শুরু করেন।[১৭]

প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের কয়েক মাসের মধ্যেই তিনি সিটি কলেজে তার চাকরিটি হারান। একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কলেজটিতে ছাত্র অসন্তোষ দেখা দেয়। এর ফলে কলেজে ছাত্র ভর্তির হার আশঙ্কাজনকভাবে কমে যায়। জীবনানন্দ ছিলেন কলেজের শিক্ষকদের মধ্যে কনিষ্ঠতম; তাই আর্থিক সমস্যায় পড়া কলেজ কর্তৃপক্ষ প্রথমেই তাকে চাকরিচ্যুত করে। এই চাকরিচ্যুতি দীর্ঘকাল জীবনানন্দের মানসিক কষ্টের কারণ ছিল। কলকাতার সাহিত্য সমাজেও সে সময় তার কবিতা কঠোর সমালোচনার মুখোমুখি হয়। সে সময়কার প্রখ্যাত সাহিত্য-সমালোচক সজনীকান্ত দাস তার সম্পাদিত শনিবারের চিঠি পত্রিকায় তার রচনার ব্যাঙ্গাত্মক সমালোচনা করেন। কলকাতায় করার মতো কোনো কাজ না থাকায় কবি বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। তবে মাত্র দুই মাস বিশ দিন পরেই তিনি কলকাতায় ফিরে আসেন। এ সময় তিনি প্রেসিডেন্সি বোর্ডিংয়ে থাকতেন।[২৭]

চাকরি না থাকায় এ সময় তিনি চরম আর্থিক অনটনে পড়েন। জীবনধারণের জন্য তিনি গৃহশিক্ষকতা করতেন এবং লেখালেখি থেকে সামান্য কিছু আয় হতো। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি চাকরির সন্ধান করেন। ১৯২৯ সালের ডিসেম্বরে তিনি দিল্লির রামযশ কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। এখানেও তার চাকরির মেয়াদ ছিল মাত্র চার মাস।[২৮] এ সময় তিনি বিয়ের কারণে বরিশালে আসেন।[২৯]

১৯৩০ সালের ৯ মে তিনি লাবণ্য গুপ্তকে বিয়ে করেন। বিয়েটি অনুষ্ঠিত হয় পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন ব্রাহ্মসমাজের রামমোহন পাঠাগারে।[২৩] লাবণ্য গুপ্ত সে সময় ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। জীবনানন্দ দাশের বিয়ের অনুষ্ঠানে বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত উপস্থিত ছিলেন।[২৯]

বিয়ের পর তিনি আর দিল্লিতে ফিরে যাননি। এরপর প্রায় পাঁচ বছর জীবনানন্দ কর্মহীন অবস্থায় ছিলেন। মাঝে কিছুদিন একটি বীমা কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং ছোট ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসাও করেন; কিন্তু কোনোটিই স্থায়ী হয়নি। এ সময় তার পিতা জীবিত ছিলেন এবং জীবনানন্দের স্ত্রী বরিশালেই থাকতেন। ফলে তার বেকারত্ব পারিবারিক ক্ষেত্রে বড় কোনো সংকটের সৃষ্টি করেনি।[২৮]

ধূসর পান্ডুলিপির ১ম সংস্করণ, যার প্রচ্ছদ করেন অনিল কুমার ভট্টাচার্য

১৯৩১ সালে তার প্রথম সন্তান মঞ্জুশ্রীর জন্ম হয়। প্রায় একই সময় তার ক্যাম্পে কবিতাটি সুধীন্দ্রনাথ দত্ত দ্বারা "পরিচয়" পত্রিকায় প্রকাশিত হয়।[৩০] প্রকাশের পরপরই তা কলকাতার সাহিত্যসমাজে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কবিতাটির বিষয়বস্তু ছিল জোৎস্না রাতে হরিণ শিকার নিয়ে। তবে অনেকে এই কবিতাটিকে অশ্লীল বলে আখ্যায়িত করেন। বেকারত্ব, সংগ্রাম ও হতাশার এই দিনগুলোতে তিনি বেশ কিছু ছোটগল্প ও উপন্যাস রচনা করেন; তবে জীবদ্দশায় তিনি সেগুলো প্রকাশ করেননি। ১৯৩৪ সালে তিনি একগুচ্ছ সনেট রচনা করেন, যা পরবর্তীকালে তার রূপসী বাংলা কাব্যের মূল অংশ হয়ে ওঠে। এই কবিতাগুলোও জীবনানন্দ জীবদ্দশায় প্রকাশ করেননি। তার মৃত্যুর পর ১৯৫৭ সালে তার বোন সুচরিতা দাশ এবং "ময়ূখ" পত্রিকা খ্যাত ভূমেন্দ্র গুহ তার কবিতাগুলো একত্র করে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি সিগনেট প্রেস থেকে প্রকাশের ব্যবস্থা করেন।[৩১]

বরিশাল প্রত্যাবর্তন

[সম্পাদনা]
আনুমানিক ১৯৩৯ সালে লেখা জীবনানন্দ দাশের কবিতার পাণ্ডুলিপির একটি পৃষ্ঠার স্ক্যানকৃত ছবি

১৯৩৫ সালে কবি তার পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠান ব্রজমোহন কলেজে ফিরে যান। তিনি সেখানে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন।[২৯] ঐ সময় কলকাতায় বুদ্ধদেব বসু, সমর সেন এবং প্রেমেন্দ্র মিত্র একটি নতুন পত্রিকা বের করার প্রস্তুতি নিচ্ছিলেন, যা পরবর্তীতে কবিতা নামে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রথম সংখ্যাতেই জীবনানন্দের "মৃত্যুর আগে" কবিতাটি প্রকাশিত হয়। কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসুকে লেখা একটি চিঠিতে সেটিকে 'চিত্ররূপময়' বলে মন্তব্য করেন। জীবনানন্দের কিংবদন্তিতুল্য বনলতা সেন কবিতাটি কবিতা পত্রিকার দ্বিতীয় সংখ্যায় (পৌষ ১৩৪২) প্রকাশিত হয়।[৩২] আঠারো লাইনের এই কবিতাটি বর্তমানে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কবিতা হিসেবে বিবেচিত। পরের বছর জীবনানন্দের দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি প্রকাশিত হয়।[৩৩] এর মধ্যেই জীবনানন্দ বরিশালে নিজের জীবন গুছিয়ে নেন। বরিশালে এই কয় বছরে জীবনানন্দ দাশ শত শত কবিতা রচনা করেন, কিন্তু একটিও প্রকাশ করেননি।

১৯৩৬ সালের নভেম্বরে জীবনানন্দের পুত্র সমরানন্দের জন্ম হয়। ১৯৩৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাংলা কাব্য পরিচয় নামক কবিতা সংকলনে জীবনানন্দের মৃত্যুর আগে কবিতাটি অন্তর্ভুক্ত করেন।[৩৪] ১৯৩৯ সালে আবু সয়ীদ আইয়ুব ও হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় আরো একটি গুরুত্বপূর্ণ কবিতা সংকলন প্রকাশিত হয়। এতে জীবনানন্দের পাখিরা, বনলতা সেন, শকুন এবং নগ্ন নির্জন হাত নামক চারটি কবিতা অন্তর্ভুক্ত হয়।[২৯] ১৯৪২ সালে কবির পিতার মৃত্যু হয় এবং ঐ বছরই তার তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয়। ১৬ পৃষ্ঠার এই বইটি বুদ্ধদেব বসুর "কবিতা ভবন" থেকে 'এক পয়সায় একটি' ধারাবাহিকের অংশ হিসেবে প্রকাশিত হয়।[৩৫] বুদ্ধদেব বসু ছিলেন জীবনানন্দের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। তার সম্পাদিত কবিতা পত্রিকায় জীবনানন্দের বহু কবিতা প্রকাশিত হয়। তার চতুর্থ কাব্যগ্রন্থ মহাপৃথিবী প্রকাশিত হয় ১৯৪৪ সালে। এর আগের তিনটি কাব্যগ্রন্থ তিনি নিজ খরচে প্রকাশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে প্রকাশিত এই কবিতাগুচ্ছে যুদ্ধের কিছু প্রভাব রয়েছে।[৩৬]

কলকাতা গমন

[সম্পাদনা]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের স্বাধীনতা আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম নেতৃবৃন্দ মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের দাবি জানান। এর ফলে বাংলার বিভাজন অবশ্যম্ভাবী হয়ে পড়ে, কারণ এর পূর্বাংশ ছিল মুসলিম-প্রধান এবং পশ্চিমাংশ ছিল হিন্দু-প্রধান। ১৯৪৭ সালের দেশভাগের পূর্ববর্তী সময়ে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ রূপ ধারণ করে। জীবনানন্দ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সোচ্চার ছিলেন। ১৯৪৬ সালে কলকাতায় যখন হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে, তখন কবি তার বিখ্যাত ১৯৪৬-৪৭ কবিতাটি লেখেন। ১৯৪৭ সালের দেশভাগের আগে ১৯৪৬ সালে তিনি সরকারি ব্রজমোহন কলেজ থেকে ছুটি নিয়ে কলকাতায় আসেন।[৩৭]

ছুটি বাড়িয়ে তিনি কলকাতায় দীর্ঘ কয়েক মাস অবস্থান করেন। এরপর তিনি পূর্ববঙ্গে ফিরলেও তা ছিল সাময়িক। ১৯৪৭ সালের মাঝামাঝি সময়ে দেশভাগের ঠিক পূর্বে তিনি সপরিবারে পূর্ববঙ্গ (তৎকালীন পূর্ব পাকিস্তান) ত্যাগ করেন এবং কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

কলকাতায় তিনি স্বরাজ পত্রিকার রবিবাসরীয় সাহিত্য বিভাগ সম্পাদনা করতেন। কিন্তু এই চাকরির স্থায়িত্ব ছিল মাত্র সাত মাস। কাজী নজরুল ইসলাম বিষয়ক একটি গদ্য রচনা মালিকপক্ষের পছন্দ না হওয়ায় তার এই চাকরিচ্যুতি ঘটে।[৩৪] ১৯৪৮ সালে তিনি মাল্যবান ও সুতীর্থ নামে আরো দুটি উপন্যাস লিখেন। তবে আগের উপন্যাসগুলোর মতোই এ দুটিও তিনি অপ্রকাশিত রাখেন। ঐ বছরের ডিসেম্বরে তার পঞ্চম কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির প্রকাশিত হয়। একই মাসে কলকাতায় তার মা কুসুমকুমারী দাশের জীবনাবসান ঘটে।

ঝরা পালক কাব্যের প্রথম সংস্করণ

তদনীন্তন সময়ে জীবনানন্দ কলকাতার সাহিত্যিক সমাজে নিজস্ব একটি অবস্থান তৈরি করে নেন। তিনি 'সমকালীন সাহিত্যকেন্দ্র' নামে একটি সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হন এবং এই সংস্থার মুখপত্র দ্বন্দ্ব পত্রিকার অন্যতম সম্পাদক নিযুক্ত হন। মাঝে তিনি কিছুকাল খড়্গপুর কলেজে অধ্যাপনা করেন।[১৯] ১৯৫২ সালে তার জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন সিগনেট প্রেস কর্তৃক পরিবর্ধিত আকারে প্রকাশিত হয়। বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন কর্তৃক ঘোষিত "রবীন্দ্র-স্মৃতি পুরস্কার" লাভ করে। মৃত্যুর কিছুদিন আগে বিজয়কৃষ্ণ গার্লস’ কলেজে অধ্যাপনার চাকরি পাওয়ায় তার কলকাতা জীবনের চরম আর্থিক দৈন্যদশার কিছুটা লাঘব হয়। ১৯৫৪ সালের মে মাসে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়। ১৯৫৫ সালে বইটি মরণোত্তরভাবে ভারত সরকারের সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করে।[৩৮]

কর্মজীবন

[সম্পাদনা]
বনলতা সেনের স্বাক্ষরিত সংস্করণ

অধ্যাপনার মাধ্যমেই জীবনানন্দের কর্মজীবনের সূচনা ও সমাপ্তি ঘটে। স্নাতকোত্তর পাসের পর কলকাতায় কলেজের বোর্ডিংয়ে থাকার প্রয়োজনে তিনি আইন পড়া শুরু করেন। এ সময় ১৯২২ সালে তিনি কলকাতার ব্রাহ্মসমাজ পরিচালিত সিটি কলেজে শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯২৮ সালে সরস্বতী পূজা নিয়ে গোলযোগের জেরে অন্যান্য কয়েকজন শিক্ষকের সঙ্গে তাকেও ছাঁটাই করে কলেজ কর্তৃপক্ষ।[৩৯] জীবনের শেষভাগে কিছুদিন তিনি কলকাতার স্বরাজ পত্রিকার সাহিত্য বিভাগ সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন।

তিনি বর্তমান বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। এগুলোর মধ্যে রয়েছে কলকাতার সিটি কলেজ (১৯২২-১৯২৮), বাগেরহাটেরপ্রফুল্ল চন্দ্র কলেজ (১৯২৯), দিল্লির রামযশ কলেজ (১৯২৯-১৯৩০), বরিশালের ব্রজমোহন কলেজ (১৯৩৫-১৯৪৬), খড়্গপুর কলেজ (১৯৫০-১৯৫১), বিবেকানন্দ কলেজ (১৯৫২-১৯৫৩) এবং হাওড়া গার্লস কলেজ (১৯৫৩-১৯৫৪)। তার কর্মজীবন একেবারেই মসৃণ ছিল না। স্থায়ী জীবিকার অভাব তাকে আমৃত্যু তাড়িয়ে বেড়িয়েছে।[২৯]

১৯৪৮ সালে স্বরাজ পত্রিকার চাকুরী চলে যাওয়ার পর তিনি চাকরির জন্য অনেক খোঁজাখুঁজি করেন।[২৯] তার স্ত্রী লাবণ্য গুপ্ত স্কুলে শিক্ষকতা করে সংসারের অভাব কিছুটা দূর করার চেষ্টা করেন। ১৯৫৪ সালে অকালমৃত্যুর সময় তিনি হাওড়া গার্লস কলেজে কর্মরত ছিলেন। দুই দফার দীর্ঘ বেকার জীবনে তিনি বীমা কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং মূলত গৃহশিক্ষকতা করে সংসার চালান।[১৮] এছাড়া ছোটভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বছরখানেক ব্যবসার চেষ্টাও করেন।[৪০] তিনি বাসার একটি ঘর উপভাড়া দেন, যা থেকে কিছু আয় হতো।[৪১]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]
পরিবারের সাথে দাশ

জীবনানন্দ দাশ ১৯৩০ সালের ৯ মে ঢাকার ব্রাহ্মসমাজ মন্দিরে রোহিণীকুমার গুপ্তের কন্যা লাবণ্য গুপ্তকে বিয়ে করেন। তার সন্তানদের মধ্যে রয়েছেন কন্যা মঞ্জুশ্রী দাশ এবং পুত্র সমরানন্দ দাশ।[৪২] বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব অপর্ণা সেন সম্পর্কে তার ভাগ্নি হন। অপর্ণার মা সুপ্রিয়া দাশগুপ্ত ছিলেন কবির খুড়তুতো বোন। অপর্ণা সেনরা কবিকে ‘বিলু মামা’ বলে ডাকতেন। অপর্ণার বাবা-মা তাকে বংশের বড় সন্তান হিসেবে ‘বড়দা’ বলে ডাকতেন।[৪৩]

সাহিত্যিক জীবন

[সম্পাদনা]

সম্ভবত মা কুসুমকুমারী দাশের প্রভাবেই ছেলেবেলায় পদ্য লিখতে শুরু করেন জীবনানন্দ দাশ। ১৯১৯ সালে বর্ষা আবাহন নামে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। এটি ব্রাহ্মবাদী পত্রিকার ১৩২৬ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। তখন তিনি ‘শ্রী জীবনানন্দ দাশগুপ্ত’ নামে লিখতেন। ১৯২৭ সাল থেকে তিনি ‘জীবনানন্দ দাশ’ নামে লিখতে শুরু করেন। ১৯২৫ সালের ১৬ জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণ ঘটলে তিনি 'দেশবন্ধুর প্রয়াণে' শিরোনামে একটি কবিতা লেখেন, যা বঙ্গবাণী পত্রিকার ১৩৩২ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়।[১৮]

তবে দীনেশরঞ্জন দাশ সম্পাদিত কল্লোল পত্রিকার ১৩৩২ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় তার নীলিমা কবিতাটি প্রকাশিত হলে আধুনিক বাংলা কবিতার ভুবনে তার আনুষ্ঠানিক প্রবেশ ঘটে। জীবদ্দশায় তার সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত ঝরা পালক কাব্যগ্রন্থে তার প্রকৃত কবিত্বশক্তি পুরোপুরি ফুটে ওঠেনি। বরং এতে কবি কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার ও সত্যেন্দ্রনাথ দত্তের স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। তবে দ্রুতই তিনি নিজের স্বকীয়তা অর্জন করেন। দীর্ঘ ব্যবধানে প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপিতে তার নিজস্ব কাব্যশৈলী পরিস্ফুট হয়ে ওঠে। বাংলা সাহিত্যের অঙ্গনে তার এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তার শেষের দিককার কবিতায় কিছুটা দুর্বোধ্যতার ছাপ ছিল।[৪৪] সাতটি তারার তিমির প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্বোধ্যতার অভিযোগ ওঠে। নিজের কবিতার অবমূল্যায়ন নিয়ে জীবনানন্দ বেশ চিন্তিত ছিলেন।

সাতটি তারার তিমির কাব্যের প্রচ্ছদ

তিনি নিজেই নিজের রচনার ব্যাখ্যা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি। তবে কবি নিজেই নিজের রচনার কঠোর সমালোচক ছিলেন। তাই সাড়ে আটশোরও বেশি কবিতা লিখলেও তিনি জীবদ্দশায় মাত্র ২৬২টি কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় ও কাব্যসংকলনে প্রকাশের জন্য দেন।[৪৫] এমনকি রূপসী বাংলার সম্পূর্ণ প্রস্তুতকৃত পাণ্ডুলিপি ট্রাঙ্কে জমা থাকলেও তা প্রকাশের সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। তিনি এই কাব্যগ্রন্থটির নাম দেন বাংলার ত্রস্ত নীলিমা। তার মৃত্যুর পর পাণ্ডুলিপিটি আবিষ্কৃত হয় এবং তা রূপসী বাংলা নামে প্রকাশিত হয়। মৃত্যুর পর তার আরো একটি পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়, যা ১৯৬১ সালে তার ছোট ভাই অশোকানন্দ দাশের তত্ত্বাবধানে বেলা অবেলা কালবেলা নামে প্রকাশিত হয়।

জীবদ্দশায় তার একমাত্র পরিচয় ছিল কবি হিসেবে। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেন ও প্রকাশ করেন। তবে নিভৃতে তিনি প্রচুর গল্প ও উপন্যাস লিখলেও সেগুলোর একটিও প্রকাশের উদ্যোগ নেননি।

মৃত্যু

[সম্পাদনা]

১৯৫৪ সালের ১৪ অক্টোবর সন্ধ্যার খানিকটা পরে কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ সংলগ্ন ট্রাম লাইন পার হতে গিয়ে দুর্ঘটনায় জীবনানন্দ গুরুতর আহত হন। ট্রামের ক্যাচারে শরীর আটকে তার কণ্ঠ, ঊরু এবং পাঁজরের হাড় ভেঙে যায়।[৪৬][৪৭]

এ সময় জীবনানন্দের চিৎকার শুনে নিকটস্থ চায়ের দোকানের মালিক চুনীলালসহ কয়েকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।[৪৮] তাকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ভূমেন্দ্র গুহসহ অনেকে জীবনানন্দের সুচিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করেন। কবি ও সাহিত্যিক সজনীকান্ত দাস এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন।[৪৯] তার অনুরোধেই পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কবিকে দেখতে আসেন এবং তার সুচিকিৎসার নির্দেশ দেন। তবে এতেও কবির অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি।

বুদ্ধদেব বসুর কবিতা ভবন থেকে প্রকাশিত বনলতা সেনের প্রথম সংস্করণ

ধীরে ধীরে জীবনানন্দের শারীরিক অবস্থা আরও জটিল হতে থাকে এবং এক পর্যায়ে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। ১৯৫৪ সালের ২২ অক্টোবর তিনি কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।[৫০]

আবদুল মান্নান সৈয়দসহ কেউ কেউ ধারণা করেন যে, আত্মহত্যার ইচ্ছাই হয়তো এই দুর্ঘটনার মূল কারণ ছিল।[৫১] জীবনানন্দ-গবেষক ভূমেন্দ্র গুহ মনে করেন, জাগতিক অসহায়ত্ব কবিকে মানসিকভাবে কাবু করে তার জীবনস্পৃহা শেষ করে দেয়। মৃত্যুচিন্তা কবির মনে গভীরভাবে দানা বেঁধেছিল। তিনি প্রায়ই ট্রাম দুর্ঘটনায় মৃত্যুর কথা ভাবতেন। গত একশ বছরে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা মাত্র একটিই ঘটেছে এবং সেই ব্যক্তিটি ছিলেন কবি জীবনানন্দ দাশ। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় কবি দুই হাতে দুই থোকা ডাব নিয়ে ট্রাম লাইন পার হচ্ছিলেন। তাই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়া যুক্তিযুক্ত নয়।[৪৭]

গ্রন্থাবলি

[সম্পাদনা]

গল্পগ্ৰন্থ ও উপন্যাস

[সম্পাদনা]

জীবদ্দশায় কথাসাহিত্যিক হিসেবে জীবনানন্দ দাশের কোনো পরিচিতি ছিল না। ১৯৩১ সালে তিনি কথাসাহিত্যের জগতে প্রবেশ করেন এবং এ বছর পূর্ণিমাসহ ১৪টি গল্প রচনা করেন।[৫২] ১৯৩২ সালে তিনি উপন্যাস লেখা শুরু করেন এবং এ বছর প্রেতিনীর রূপকথা ও নিরুপম যাত্রা নামে দুটি উপন্যাস লেখেন।[৫৩] ১৯৪৮ সালে বেকার জীবনে একে একে মাল্যবান, সুতীর্থ, বাসমতীর উপাখ্যান ও জলপাইহাটি উপন্যাস রচনা করেন। সম্পূর্ণ নিভৃতে রচিত এসব উপন্যাস ও ছোটগল্পের একটিও তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি।[২৫]

তার মৃত্যুর পর উপন্যাস ও গল্পের পাণ্ডুলিপির খাতাগুলো আবিষ্কৃত হয়। ১৯৭২ সালে সুকুমার ঘোষ ও সুবিনয় মুস্তাফীর সম্পাদনায় তার কিছু গল্প নিয়ে প্রথম সংকলন জীবনানন্দ দাশের গল্প প্রকাশ করা হয়। এরপর ১৯৯২ সালে আবদুল মান্নান সৈয়দের সম্পাদনায় জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প প্রকাশিত হয়। তার প্রকাশিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে মাল্যবান (১৯৭৩), সুতীর্থ (১৯৭৭), বিভা (১৯৯৫) এবং আমরা চারজন (২০০৪)। তার সর্বাধিক পরিচিত উপন্যাস মাল্যবান। ২০১৫ সাল পর্যন্ত প্রকাশিত তার উপন্যাসের সংখ্যা ২১টি[২৫] এবং ছোটগল্পের সংখ্যা ১২৮টি।[৯]

কবিতার মতো কথাসাহিত্যেও জীবনানন্দ তার পূর্বসূরি ও সমসাময়িকদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন। তার গল্প ও উপন্যাসে আত্মজৈবনিক উপাদানের ভিত্তি লক্ষ্য করা যায়, তবে এসব রচনা পুরোপুরি আত্মজৈবনিক নয়।[৫৪]

মহাপৃথিবীর সিগনেট সংস্করণ

প্রবন্ধগ্রন্থ

[সম্পাদনা]

মূলত কবি হিসেবে পরিচিত হলেও সাহিত্যিক ও অধ্যাপক জীবনানন্দ দাশ জীবদ্দশায় বেশ কিছু প্রবন্ধ ও নিবন্ধ রচনা করেন। তার এসব রচনা বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। এর মধ্যে নির্বাচিত পনেরোটি প্রবন্ধ নিয়ে ১৯৫৫ সালে তার প্রবন্ধগ্রন্থ কবিতার কথা প্রকাশিত হয়। এতে তার জীবদ্দশায় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলো সংকলিত হয়।[৫৫] জীবনানন্দের অন্যান্য প্রবন্ধ ও নিবন্ধের একটি বড় অংশ দীর্ঘদিন অপ্রকাশিত ছিল। ১৯৯০ সালে প্রথমবার তার প্রকাশিত ও অপ্রকাশিত প্রবন্ধসমূহ একত্র করে জীবনানন্দ দাশের প্রবন্ধ সমগ্র প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে তার জন্মশতবর্ষ উপলক্ষে আরও কিছু অগ্রন্থিত প্রবন্ধ ও নিবন্ধের সন্ধান পাওয়া গেলে সেগুলো জীবনানন্দ দাশের অগ্রন্থিত প্রবন্ধ সমগ্র নামে প্রকাশিত হয়। প্রাবন্ধিক হিসেবে জীবনানন্দ দাশের রচনাসম্ভার দীর্ঘদিন তার কবিতার তুলনায় কম আলোচিত ছিল। তবে তার প্রবন্ধ, নিবন্ধ ও সমালোচনামূলক রচনায় সাহিত্য, সমাজ ও শিক্ষা সম্পর্কে তার নিজস্ব চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। তার প্রবন্ধ-নিবন্ধের সংখ্যা খুব বেশি না হলেও বিষয়বৈচিত্র্যের দিক থেকে এগুলো উল্লেখযোগ্য।[৫৫]

বুদ্ধদেব বসু কবিদের গদ্য প্রকাশের উদ্দেশ্যে কবিতা পত্রিকায় বৈশাখ ১৩৪৫ নামে একটি বিশেষ প্রবন্ধ সংখ্যার পরিকল্পনা করেন। এরই সূত্রে জীবনানন্দ তার প্রথম গুরুত্বপূর্ণ প্রবন্ধ "কবিতার কথা" লিখেন। প্রবন্ধটির শুরু হয় এভাবে:

সকলেই কবি নয়। কেউ কেউ কবি; কবি—কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার সারবত্তা রয়েছে, এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নব নব কাব্যবিকীরণ তাদের সাহায্য করেছে। কিন্তু সকলকে সাহায্য করতে পারে না; যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে তারাই সাহায্যপ্রাপ্ত হয়; নানারকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়।[৫৬][৫৭]

তার গদ্যের ভাষারীতি বিশেষভাবে লক্ষ্য করার মতো। প্রথম বাক্যটি ছোট হলেও এর পরপরই তিনি দীর্ঘ বাক্যের এক জটিল বুনোট গড়ে তুলেন। ‘এবং’, ‘ও’ ইত্যাদি সংযোজক পদ এবং কমা, ড্যাশ, সেমিকোলন প্রভৃতি যতিচিহ্নের সমন্বয়ে তিনি একটি নতুন গদ্যভাষা তৈরি করেন, যার সঙ্গে সমকালীন বাঙালি পাঠক বা লেখকদের পরিচয় নেই। বস্তুত, তার প্রবন্ধগুলোর বাক্য গঠনশৈলী সে সময় প্রচলিত ছিল না। এমনকি মনোযোগী পাঠকের কাছেও তা কিছুটা জটিল মনে হতে পারে। জীবনানন্দের অধিকাংশ গদ্য রচনাই ছিল ফরমায়েশি। তার প্রতিটি রচনাই বহুমাত্রিক ও মৌলিক চিন্তার স্বাক্ষর বহন করে। তিনি মূলত সাহিত্য, শিক্ষা ও সমাজ এই তিনটি ক্ষেত্র নিয়েই তার প্রবন্ধ ও নিবন্ধগুলো লিখেছেন।[৫৫]

তার উল্লেখযোগ্য প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে: ‘শিক্ষার কথা’, ‘কবিতাপাঠ’, ‘অর্থনৈতিক দিক’, ‘রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা’, ‘কবিতার আত্মা ও শরীর’, ‘পৃথিবী ও সময়’, ‘মাত্রাচেতনা’, ‘আধুনিক কবিতা’, ‘রুচি, বিচার ও অন্যান্য কথা’, ‘শরৎচন্দ্র’, ‘বাংলা কবিতার ভবিষ্যৎ’, ‘সত্যবিশ্বাস ও কবিতা’, ‘শিক্ষা ও ইংরেজি’, ‘কবিতার আলোচনা’, ‘রবীন্দ্রনাথ’, ‘উত্তররৈবিক বাংলা কাব্য’, ‘যুক্তি, জিজ্ঞাসা ও বাঙালি’, ‘কেন লিখি’, ‘কবিতার কথা’, ‘শিক্ষা সাহিত্যে ইংরেজি’, ‘দেশকাল ও কবিতা’, ‘কঙ্কাবতী ও অন্যান্য কবিতা’, ‘বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ’, ‘শিক্ষা-দীক্ষা’, ‘কী হিসাবে কবিতা শাশ্বত’ এবং ‘শিক্ষা-দীক্ষা-শিক্ষকতা’।[২৫][৫৮]

কাব্যগ্রন্থ

[সম্পাদনা]

জীবদ্দশায় প্রকাশিত

[সম্পাদনা]
ধূসর পাণ্ডুলিপির সিগনেট প্রকাশনী সংস্করণ (সত্যজিৎ রায়ের অলঙ্করণে)

জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক ১৯২৭ সালে প্রকাশিত হয়।[৫৯] এর দীর্ঘ সময় পর ১৯৩৬ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি।[৬০]

এই দীর্ঘ সময়ে কবির মনোজগতে পরিবর্তনের পাশাপাশি তার রচনাকৌশলেও পরিপক্বতা আসে। তার তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় ১৯৪২ সালে। এটি প্রকাশ করে "কবিতা ভবন" প্রকাশনী। পরবর্তীতে সিগনেট প্রেস ১৯৫২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে।[৬১]

পূর্ণেন্দু পত্রী অঙ্কিত জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের প্রচ্ছদ

বনলতা সেন কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাসহ তার পরবর্তী কাব্যগ্রন্থ মহাপৃথিবী ১৯৪৪ সালে প্রকাশিত হয়। জীবনানন্দের জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির প্রকাশিত হয় ১৯৪৮ সালে। তবে তার মৃত্যুর অব্যবহিত পূর্বে ১৯৫৪ সালে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়। এতে ইতোপূর্বে অসংকলিত ১২টি নতুন কবিতা গৃহীত হয়।[৬২]

মৃত্যুর পরে প্রকাশিত

[সম্পাদনা]

জীবনানন্দ দাশের মৃত্যুর পর তার ৪৮টি কবিতা লেখার কবিতার খাতা ট্রাঙ্কে সুরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এগুলোতে কবিতার সংখ্যা দুই হাজারের অধিক। এর মধ্যে ভূমেন্দ্র গুহ ৩৪টি খাতা থেকে ১৫৭০টি কবিতার মূলানুগ পাঠ ১৪টি খণ্ডে প্রকাশ করেন। এখনো অনেক কবিতা পাঠোদ্ধারের অপেক্ষায় আছে।[৬৩][৬৪] কবির মৃত্যুর পর ১৯৫৭ সালে প্রকাশিত হয় রূপসী বাংলা কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশ 'রূপসী বাংলা'র পাণ্ডুলিপি তৈরি করলেও জীবদ্দশায় তা প্রকাশের উদ্যোগ নেননি। তিনি এই গ্রন্থটির নাম নির্ধারণ করেন বাংলার ত্রস্ত নীলিমা। ১৯৫৭ সালে প্রকাশের সময় এর নামকরণ করা হয় "রূপসী বাংলা"। একই বছর সিগনেট প্রেস ধূসর পাণ্ডুলিপির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে। এরপর ১৯৬১ সালে অশোকানন্দ দাশের তত্ত্বাবধানে প্রকাশিত হয় বেলা অবেলা কালবেলা।[৬২]

মৃত্যুপরবর্তীকালে প্রকাশিত আরো কিছু উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: সুদর্শনা (১৯৭৪), মনবিহঙ্গম (১৯৭৯), আলোপৃথিবী (১৯৮১), হে প্রেম, তোমারে ভেবে ভেবে (১৯৯৮), অপ্রকাশিত ৫১ (১৯৯৯), ছায়া আবছায়া (২০০৪), কৃষ্ণাদশমী (২০১৫), অপ্রকাশিত কবিতা (২০১৫), সূর্য-অসূর্যলোক (২০২১), বাংলার ত্রস্ত নীলিমা (২০২১) এবং সোমেশ্বর মুস্তফীর পৃথিবী (২০২৫)।[৬৫], সোমেশ্বর মুস্তফির পৃথিবী (২০২৪, জীবনানন্দ দাশের দীর্ঘতম কবিতা) ইত্যাদি।[৬২][১০]

কবির প্রকাশিত-অপ্রকাশিত এবং গ্রন্থিত-অগ্রন্থিত সমস্ত কবিতার আকরগ্রন্থ দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত জীবনানন্দ দাশের কাব্যসংগ্রহ প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে। একই বছর আবদুল মান্নান সৈয়দের উদ্যোগে সমস্ত কবিতার একটি পরিবর্ধিত সংস্করণ হিসেবে জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়। পরবর্তীতে নতুন করে আবিষ্কৃত হওয়া আরো কিছু কবিতা অন্তর্ভুক্ত করে ক্ষেত্র গুপ্ত ২০০১ সালে জীবনানন্দ দাশের কাব্য সমগ্র প্রকাশ করেন। ২০০৫ সালে ভূমেন্দ্র গুহ প্রতিক্ষণ প্রকাশনী থেকে প্রকাশ করেন জীবনানন্দ দাশের সমস্ত কবিতার আকরগ্রন্থ পাণ্ডুলিপির কবিতা। এটি ১৪ খণ্ডে প্রকাশিত হয়।[৬২] এছাড়া ২০১৫ সালে ভূমেন্দ্র গুহের সম্পাদনায় ঢাকার বেঙ্গল পাবলিকেশন্স একখণ্ডের জীবনানন্দ দাশের কবিতা: মূলানুগ পাঠ প্রকাশ করে।[৬৬]

পত্রগ্রন্থ

[সম্পাদনা]

দীপেনকুমার রায়ের উদ্যোগে ও সম্পাদনায় ১৯৭৯ সালে জীবনানন্দ দাশের পত্রাবলী প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে আবদুল মান্নান সৈয়দের সম্পাদনায় জীবনানন্দ দাশের পত্রাবলী প্রকাশিত হয়। ২০১৫ সালে ফয়জুল লতিফ চৌধুরীর সম্পাদনায় জীবনানন্দ দাশের চিঠিপত্র প্রকাশ করা হয়।[৬৭] এছাড়া ২০২২ সালে প্রকাশিত হয় জীবনানন্দ পত্রাবলী।[৬৮][৬৯][৭০]

সমগ্র

[সম্পাদনা]

একবিংশ শতাব্দীর প্রথম ভাগে "ঐতিহ্য প্রকাশনী" জীবনানন্দ দাশের রচনাসমগ্র প্রকাশ করে। “জীবনানন্দ রচনাবলী” নামে এটি ৬ খণ্ডে প্রকাশ করা হয়। এতে কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধসহ জীবনানন্দ দাশের প্রায় সমস্ত লেখা সংকলিত হয়েছে।[৭১]

লিটারারি নোটস

[সম্পাদনা]

১৯২৫ সাল থেকে জীবনানন্দ দাশ বাঁধানো খাতায় ধারাবাহিকভাবে কিছু টুকরো কথা ও টীকা-টিপ্পনী লিখতে শুরু করেন, যা তিনি "লিটারারি নোটস" নামে চিহ্নিত করেন। এগুলো মোট ৫৬টি বাঁধানো খাতায় তারিখ উল্লেখ করে লেখা হয়। উদ্ধারকৃত পাণ্ডুলিপিগুলো কলকাতার জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত থাকলেও দিনলিপির খাতাগুলো তার মৃত্যুর পূর্ব পর্যন্ত জীবনানন্দ-গবেষক ভূমেন্দ্র গুহের কাছে সংরক্ষিত ছিল। এই "লিটারারি নোটসের" খাতাগুলোর মোট পৃষ্ঠা সংখ্যা প্রায় ৪,২৭২টি এবং শব্দ সংখ্যা প্রায় ৬,৬২,১৬০টি।[৭২]
এই দিনলিপিগুলো প্রায় ধাঁধার মতো। এগুলো পাঠোদ্ধারের প্রধান সমস্যা হলো—এগুলো প্রায়ই ছোট ছোট অনুচ্ছেদে অসম্পূর্ণ বাক্যে লেখা এবং এতে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়েছে।[৭৩] যেমন, তিনি লিখতে গিয়ে সময় বাঁচানোর জন্য প্রায়ই 'দ্য' বোঝাতে '1' (ওয়ান) সংখ্যাটি ব্যবহার করতেন। ১৯৩১ সালের ১৪ আগস্টের পাতায় লেখা নিচের অনুচ্ছেদটি এর একটি উদাহরণ:

“A wonder: How 1 ashtmatic Achin & others of 1 type with apparently less means & planks than me stand where they stand”

এছাড়াও তিনি কিছু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতেন। যেমন: Wd = would; Sh/shd = should; Acc = According; Re = Regarding; ? = because ইত্যাদি। এতে পড়া সহজ হলেও লেখার অর্থ পুরোপুরি স্পষ্ট হয় না। জীবনানন্দ দাশ মূলত নিজের জন্যই দিনলিপির খাতায় এই টীকা-টিপ্পনীগুলো লিখেন, প্রকাশের জন্য নয়।[৭৪]

পুরস্কার ও সমালোচনা

[সম্পাদনা]

সমালোচনা

[সম্পাদনা]

জীবদ্দশায় অসাধারণ কবি হিসেবে পরিচিতি থাকলেও দাশ তেমন খ্যাতি অর্জন করতে পারেননি। এর জন্য দায়ী ছিল তার প্রচারবিমুখতা, কারণ তিনি ছিলেন অন্তর্মুখী ও নিভৃতচারী মানুষ। তবে মৃত্যুর পরপরই তিনি বাংলা সাহিত্যে আধুনিক কবিতার অন্যতম প্রধান পথিকৃৎ হিসেবে স্বীকৃতি লাভ করেন। বাংলা ভাষায় জীবনানন্দ দাশের জীবন ও কবিতার ওপর প্রচুর গবেষণামূলক গ্রন্থ রচিত হয়েছে।[১]

এছাড়াও ক্লিনটন বি. সিলি ইংরেজিতে তার ওপর আ পোয়েট আপার্ট নামে একটি চমৎকার জীবনীগ্রন্থ রচনা করেন।[৪৮] ইংরেজি ছাড়াও ফরাসি এবং বেশ কয়েকটি ভাষায় জীবনানন্দের কবিতা অনূদিত হয়। তিনি কবি হিসেবেই সমধিক পরিচিত হলেও মৃত্যুর পর থেকে ২০০৯ সাল পর্যন্ত তার যে বিপুল পরিমাণ পাণ্ডুলিপি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে উপন্যাসের সংখ্যা ১৪টি এবং গল্পের সংখ্যা শতাধিক।[৭৫]

পুরস্কার ও স্বীকৃতি

[সম্পাদনা]

নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলন ১৯৫২ সালে সিগনেট প্রেস থেকে প্রকাশিত পরিবর্ধিত বনলতা সেন কাব্যগ্রন্থটিকে ১৩৫৯ বঙ্গাব্দের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে পুরস্কৃত করে।[১০] কবির মৃত্যুর পর ১৯৫৫ সালের ফেব্রুয়ারিতে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪) কাব্যগ্রন্থটি মরণোত্তরভাবে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করে।[৭৬]

  • কবি জীবনানন্দ দাশের স্মরণে কলকাতা কবিতা সঙ্গম এবং ভাষা সংসদের যৌথ উদ্যোগে কবিতা অনুবাদের জন্য জীবনানন্দ দাশ পুরস্কার প্রবর্তন করা হয়।[৭৭] এই অনুবাদ পুরস্কারটি দশটি ভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদের জন্য প্রদান করা হয়।[৭৮]
  • বাংলাদেশে তার স্মরণে জীবনানন্দ পুরস্কার নামে একটি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়।[৭৯] এটি প্রতিবছর বাংলাদেশী লেখকদের কবিতা ও গদ্যে সেরা কাজের জন্য প্রদান করা হয়।
  • কবি জীবনানন্দ দাশের ব্যক্তিগত ও সাহিত্যিক জীবন এবং তার সাহিত্যকর্মের পর্যালোচনা ও গবেষণার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে "জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার" এবং "জীবনানন্দ দাশ কনফারেন্স হল" স্থাপিত হয়েছে।[৮০]
  • ঝালকাঠির রাজাপুরে "কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা" নির্মাণ করা হয়েছে।[৮১]
  • বরিশালের ব্রজমোহন কলেজের একটি ছাত্রাবাসের নাম রাখা হয়েছে "কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাস"।[৮২]
  • ২০২৫ সালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রাখে। বাংলা সাহিত্যের বিশিষ্ট এই কবির জন্ম বরিশালে এবং জীবনের দীর্ঘ সময় তিনি এই শহরেই কাটান। বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্টেডিয়ামটির নাম পরিবর্তন করা হয়।[৮৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 ইসলাম, সিরাজুল, সম্পাদক (২০১২)। "দাশ, জীবনানন্দ"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (দ্বিতীয় সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
  2. 1 2 3 4 সংসদ বাঙালি চরিতাভিধান, সম্পাদনা: সুবোধচন্দ্র সেনগুপ্ত এবং অঞ্জলি বসু, ১ম খণ্ড, সংশোধিত পঞ্চম সংস্করণ, সাহিত্য সংসদ, ২০১০, কলকাতা
  3. ↑ "বাংলার মুখ আমি দেখিয়াছি"। প্রথম আলো। ঢাকা: ট্রান্সকম গ্রুপ। ২৩ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮।
  4. ↑ সৈয়দ, আবদুল মান্নান (২০১১) [প্রথমপ্রকাশ ১৯৭২]। শুদ্ধতম কবি। ঢাকা: পাঠক সমাবেশ। পৃ. ৩৩। আইএসবিএন ৯৭৮৯৮৪৮৮৬৬২২১।
  5. ↑ বসু, বুদ্ধদেব. "অ্যান একর অব গ্রিন গ্রাস": আ রিভিউ অব মডার্ন বেঙ্গলি লিটারেচার। কলকাতা: প্যাপিরাস, ১৯৪৮।
  6. ↑ সালেকীন, সিরাজ (ফেব্রুয়ারি ২০১৮)। জীবনানন্দ দাশ। জীবনী গ্রন্থমালা। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৭। আমৃত্যু নির্জন, অথচ মৃত্যুপরবর্তী কিছুকালের মধ্যে সমকালীন বাংলা কবিতার অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হন জীবনানন্দ দাশ।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  7. ↑ রহমান, মতিউর, সম্পাদক (৬ ডিসেম্বর ২০১৫)। "বরিশালে জীবনানন্দ মেলা"। প্রথম আলো। ঢাকা: ট্রান্সকম গ্রুপ। ৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের পর শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। নতুন প্রজন্ম জীবনানন্দ দাশকে ভুলতে বসেছে। জীবনানন্দের প্রকৃতি প্রেম ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বাড়াতে হবে জীবনানন্দচর্চা।... বলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার।
  8. ↑ "জীবনানন্দ দাশ সারাবিশ্বেই গুরুত্বপূর্ণ"। সমকাল। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬।
  9. 1 2 "জীবনানন্দ চর্চায় গুরুত্বপূর্ণ সংযোজন"। দেশ রূপান্তর। ৭ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
  10. 1 2 3 "রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন"। প্রথম আলো নিউ ইয়র্ক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
  11. ↑ [দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়: জীবনানন্দ দাশ — বিকাশ প্রতিষ্ঠার ইতিবৃত্ত, কলকাতা। দে'জ পাবলিশিং, ১৯৮৬]
  12. 1 2 দাশ, প্রভাতকুমার ২০০৩, পৃ. ১
  13. ↑ দাশ, প্রভাতকুমার ২০০৩, পৃ. ৬
  14. ↑ দাশ, প্রভাতকুমার ২০০৩, পৃ. ২
  15. ↑ দাশ, প্রভাতকুমার ২০০৩, পৃ. ৫–৮
  16. ↑ "সব পাখি ঘরে আসে, সব নদী, আসেন না জীবনানন্দ!"। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
  17. 1 2 দাশ, প্রভাতকুমার ২০০৩, পৃ. ২৮–২৯
  18. 1 2 3 প্রতিবেদক, নিজস্ব (২৩ অক্টোবর ২০১৯)। "জীবনানন্দ দাশ: চেনা-অচেনার গণ্ডি পেরিয়ে"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  19. 1 2 3 "Das, Jibanananda - Banglapedia" [দাশ, জীবনানন্দ - বাংলাপিডিয়া]। বাংলাপিডিয়া (ইংরেজি ভাষায়)। ১০ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  20. ↑ ইভা, তানজিনা। "পৃথিবীর পথে হাজার বছর ধরে হেঁটে চলা কবি"। রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  21. ↑ "জীবনানন্দের জীবন ও কবিতা"। এনটিভি। ২২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  22. ↑ "In remembrance of Jibanananda Das | The Daily Star" [জীবনানন্দ দাশের স্মরণে - দ্য ডেইলি স্টার]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  23. 1 2 আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের পরিশিষ্ট অংশের জীবনপঞ্জি আইএসবিএন ৯৮৪-৪১৫-০৫৪-X
  24. ↑ "রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ"। বাংলাদেশ প্রতিদিন। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  25. 1 2 3 4 "জীবনানন্দ দাশ"। টিচার্স পোর্টাল। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
  26. ↑ সৈয়দ, আবদুল মান্নান (১ ডিসেম্বর ১৯৮১)। "জীবনানন্দ-চৰ্চা"। সাহিত্য পত্রিকা। ২৫ (১): ১৪০–১৭৪। ডিওআই:10.62328/sp.v25i1.8। আইএসএসএন 3006-886X।
  27. ↑ ইসলাম, আমিনুল (১৫ জুলাই ২০২১)। "জীবনানন্দ দাশের কবিতায় ধর্মনিরপেক্ষতা – বিশ্লেষণ ও পর্যালোচনা"। নবজাগরণ। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২২।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  28. 1 2 "জীবনানন্দ দাশের ৬৭তম মৃত্যুবার্ষিকী আজ"। কালের কণ্ঠ। ২২ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  29. 1 2 3 4 5 6 প্রতিবেদক, নিজস্ব (১৭ ফেব্রুয়ারি ২০১৯)। "'পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  30. ↑ "জীবনানন্দের 'ক্যাম্পে'"। আজকের পত্রিকা। ২ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  31. ↑ "সিগনেট প্রেসের রূপসী বাংলা বনাম জীবনানন্দ দাশের পান্ড‍ুলিপি – কালি ও কলম"। কালি ও কলম। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  32. ↑ "'বনলতা সেন'-এর পাণ্ডুলিপি"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ২১ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  33. ↑ হোসেন, কাজী মোজাম্মেল (১ জুন ১৯৯০)। "ধূসর পাণ্ডুলিপি-র বর্ণবৈচিত্র্য : চিত্রশিল্পের দৃষ্টিতে"। সাহিত্য পত্রিকা। ৩৩ (৩): ১৫৭–১৭৬। ডিওআই:10.62328/sp.v33i3.6। আইএসএসএন 3006-886X।
  34. 1 2 প্রতিবেদক, নিজস্ব (৯ মে ২০২০)। "জীবনানন্দের রবীন্দ্রনাথ…"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  35. ↑ "আর্টস ই-বুক জীবনানন্দ দাশের বনলতা সেন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  36. ↑ চৌধুরী, ফয়জুল লতিফ (১০ ফেব্রুয়ারি ২০২৩)। "দৈনিক স্বরাজের রবিবাসরীয় সম্পাদক জীবনানন্দ দাশ"। প্রতিদিনের বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  37. ↑ "দ্য স্পিরিট অব বেঙ্গল"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  38. ↑ "সাহিত্য অকাদেমি পুরস্কার"। সাহিত্য অকাদেমি (ভারত)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  39. ↑ "বাগেরহাট কলেজে জীবনানন্দ: কেউ কি মনে রেখেছে?"। দ্য বিজনেস স্ট্যান্টার্ড। ১০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  40. ↑ "কালের প্রয়োজনে জীবনানন্দ দাশ"। ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।
  41. ↑ "জীবনানন্দের পত্রালাপ : কবি ও ব্যক্তিমানুষের টানাপোড়েন"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।
  42. ↑ প্রকাশিত-অপ্রকাশিত কবিতাসমগ্র (জীবনানন্দ দাশ), পরিশেষ ১, ৩: সংসারজীবন, সম্পাদনা: আবদুল মান্নান সৈয়দ, ফেব্রুয়ারি ১৯৯৪, অবসর প্রকাশনা সংস্থা, ঢাকা। পৃ. ৬০৭, আইএসবিএন ৯৮৪-৪৪৬-০০৮-৫
  43. ↑ "অপর্না সেনের জীবনকাহিনি ও নানান অজানা দিক"। westbengalguide.com। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।
  44. ↑ মুখোপাধ্যায়, সঞ্জয়। "জনতাগভীর নির্জনতা"। আনন্দবাজার। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  45. ↑ "জীবনানন্দ দাশ"। কালের কণ্ঠ। ৬ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  46. ↑ হোসেন, তানজিনা। "জীবনানন্দ ট্রামের তলায় চাপা পড়লেন কেন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  47. 1 2 গোপাল চন্দ্র রায়: জীবনানন্দ, কলকাতা, ১ম সংস্করণ ১৯৭১। পারুল সংস্করণ ২০১২, পৃ. ৯১-৯৭।
  48. 1 2 সিলি, ক্লিনটন বি. (১৯৯০)। A Poet Apart: A Literary Biography of the Bengali Poet Jibanananda Das, (1899-1954) [একজন স্বতন্ত্র কবি: বাঙালি কবি জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী (১৮৯৯–১৯৫৪)] (ইংরেজি ভাষায়)। ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় প্রেস। আইএসবিএন ৯৭৮-০-৮৭৪১৩-৩৫৬-১।
  49. ↑ লেখা (২২ অক্টোবর ২০২০)। "জীবনানন্দের মৃত্যুর পর কী ঘটেছিল?"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  50. ↑ "Jibanananda Das: Defining 20th century Bengali poetry"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  51. ↑ হুমায়ুন আজাদ সম্পাদিত আধুনিক বাঙলা কবিতা আইএসবিএন ৯৮৪-৯০১-২০৫-১ {{আইএসবিএন}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম
  52. ↑ তৌহিদা, নীলিমা রশীদ। "জীবনানন্দ দাশ ও তাঁর চিঠিপত্র"। বিডিনিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
  53. ↑ রহমান, তানভীর (১৯ ডিসেম্বর ২০১৯)। "জীবনানন্দ দাশের তিনটি উপন্যাস পরিবেশ ও প্রকৃতি"। দৈনিক পূর্বকোণ। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
  54. ↑ "জীবনানন্দের উপন্যাস : আত্মজৈবনিক উপাদান ও তার সামাজিক মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ"। সাম্প্রতিক দেশকাল। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
  55. 1 2 3 লেখা (২১ ফেব্রুয়ারি ২০২৬)। "প্রাবন্ধিক জীবনানন্দ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
  56. ↑ "স্টালিনের শক্তি"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
  57. ↑ লেখা (২২ অক্টোবর ২০২৫)। "জীবনানন্দ দাশ, কবিদের কবি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
  58. ↑ ফয়জুল লতিফ চৌধুরী: জীবনানন্দ দাশ : জীবন ও কীর্তি। ২০২৬, পাঠক সমাবেশ, ঢাকা।
  59. ↑ দাশ, জীবনানন্দ (১৯৯৮) [১৯৯৪]। সৈয়দ, আবদুল মান্নান (সম্পাদক)। প্রকাশিত–অপ্রকাশিত কবিতাসমগ্র (ইংরেজি ভাষায়)। ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা। আইএসবিএন ৯৮৪৪৪৬০০৮৫। ওসিএলসি 417202031।
  60. ↑ আবদুল মান্নান সৈয়দ, সম্পাদক (ফেব্রুয়ারি ১৯৯৮)। "পরিশেষ ২"। প্রকাশিত–অপ্রকাশিত কবিতাসমগ্র। ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা। পৃ. ৬১৯। আইএসবিএন ৯৮৪-৪৪৬-০০৮-৫।
  61. ↑ "জীবনানন্দ দাশের বনলতা সেন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৪।
  62. 1 2 3 4 পাঠ্যক্রম, স্নাতক (২০২১)। ঐচ্ছিক বাংলা (পিডিএফ)। কলকাতা, ভারত: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। পৃ. ৪৩০। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
  63. ↑ চৌধুরী, ফয়জুল লতিফ। "'যাদের ক্ষমা অক্ষমা সাধ'"। সমকাল। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬।
  64. ↑ প্রতিবেদক, নিজস্ব (২৩ অক্টোবর ২০১৫)। "'এখনো জীবনানন্দের অনেক কবিতা আছে, যা কোথাও ছাপা হয়নি'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬।
  65. ↑ "জীবনানন্দ দাশের 'সূর্য-অসূর্যলোক'"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
  66. ↑ প্রতিবেদক, নিজস্ব (৯ জানুয়ারি ২০১৬)। "জীবনানন্দ দাশের মূলানুগ পাঠ গ্রন্থমালার প্রকাশনা অনুষ্ঠান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  67. ↑ প্রতিবেদক, নিজস্ব (১১ ডিসেম্বর ২০১৫)। "জীবনানন্দ দাশের চিঠিপত্র"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
  68. ↑ "জীবনানন্দ পত্রাবলি ফয়জুল লতিফ চৌধুরী-এর কলাম সংগ্রহ/সংকলন বই"। পিবিএস। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
  69. ↑ দাশ, জীবনানন্দ (২০২২)। জীবনানন্দ পত্রাবলি। পাঠক সমাবেশ। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৯৫৯০৭-৯-৮।
  70. ↑ ফয়জুল লতিফ চৌধুরী সম্পাদিত: জীবনানন্দ দাশের চিঠিপত্র। ২০১৫: অন্যপ্রকাশ, ঢাকা।
  71. ↑ বন্দোপাধ্যায়, দেবীপ্রসাদ। জীবনানন্দ রচনাবলী খন্ড. ১।
  72. ↑ দিলরুবা, লীনা। "ডায়েরির জীবনানন্দ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
  73. ↑ দিলরুবা, লীনা। "সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয় !"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
  74. ↑ "জীবনানন্দের লিটের‌্যারি নোটস"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪।
  75. ↑ দাশ, জীবনানন্দ (১ সেপ্টেম্বর ২০১৪)। বনলতা সেন। এডিশননেক্সট ডটকম। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
  76. ↑ "সাহিত্য অকাদেমী পুরস্কার তালিকা"। ১৬ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০০৯।
  77. ↑ "কলকাতা কবিতা সঙ্গম - বহুভাষিক কবিতা অনুবাদ পুরস্কার"। দি অ্যান্টোনিম ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২।
  78. ↑ "কলকাতা কবিতা সঙ্গম - অনুবাদ পুরস্কার ঘোষণা"। কলকাতা কবিতা সঙ্গম। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  79. ↑ সুশান্ত ঘোষ (১২ অক্টোবর ২০১৪)। "জীবনানন্দ পুরস্কার বিতরণের উৎসব"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।
  80. ↑ "কবি জীবনানন্দ দাশের প্রয়াণতিথি উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত"। বরিশাল বিশ্ববিদ্যালয়। ২২ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  81. ↑ "অভিভাবকহীন জীবনানন্দ দাশ সংগ্রহশালা"। jagonews24.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
  82. ↑ প্রতিবেদক, নিজস্ব। "ছাত্রাবাসের প্রতি আসনে দুজন, তবু সংকট"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
  83. ↑ "জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়াস্থাপনার নামকরণ প্রসঙ্গে"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২০ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৬ – ইন্টারনেট আর্কাইভ এর মাধ্যমে।

আরও পড়ুন

[সম্পাদনা]

জীবনী

[সম্পাদনা]
  • ভট্টাচার্য, বিতশোক (২০০১), জীবনানন্দ, বাণীশিল্প প্রকাশন, কলকাতা।
  • বন্দ্যোপাধ্যায়, দেবীপ্রসাদ (১৯৮৬), জীবনানন্দ দাশ – বিকাশ প্রতিষ্ঠার ইতিবৃত্ত, ভারত বুক এজেন্সি, কলকাতা।
  • সিলি, ক্লিনটন বি. : এ পোয়েট অ্যাপার্ট (জীবনানন্দ দাশের একটি বিস্তৃত সাহিত্যিক জীবনী), ১৯৯০, অ্যাসোসিয়েটেড বিশ্ববিদ্যালয় প্রেস লিমিটেড, যুক্তরাষ্ট্র।
  • রায়, গোপাল (১৯৭১), জীবনানন্দ, সাহিত্য সদন, কলকাতা।
  • দাশ, প্রভাতকুমার (২০০৩), জীবনানন্দ দাশ (২য় সংস্করণ), পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা।
  • দাশশর্মা, প্রদীপ (২০০৯), নীল হাওয়ার সমুদ্রে: জীবনানন্দ দাশকে নিয়ে একটি জীবনীমূলক উপন্যাস, প্রতিভাস প্রকাশন, কলকাতা।

সাহিত্য বিশ্লেষণ

[সম্পাদনা]
  • বসু, অম্বুজ (১৯৬৫), একটি নক্ষত্র আসে, মৌসুমি, কলকাতা।
  • চৌধুরী, ফয়জুল লতিফ (সম্পাদক) (১৯৯৪), জীবনানন্দ দাশের "আট বছর আগের একদিন", দিব্য প্রকাশ, ঢাকা।
  • চৌধুরী, ফয়জুল লতিফ (সম্পাদক) (১৯৯৫), জীবনানন্দ দাশের "গোধূলি-সন্ধির নৃত্য", দিব্য প্রকাশ, ঢাকা।
  • চৌধুরী, ফয়জুল লতিফ (সম্পাদক) (১৯৯৯), জীবনানন্দ দাশের "মৃত্যুর আগে", দিব্য প্রকাশ, ঢাকা।
  • চৌধুরী, ফয়জুল লতিফ (সম্পাদক) (১৯৯৯), জীবনানন্দ বিবেচনা, অন্য প্রকাশ, ঢাকা।
  • চৌধুরী, ফয়জুল লতিফ (সম্পাদক) (২০০০), প্রসঙ্গ জীবনানন্দ, দিব্য প্রকাশ, ঢাকা।
  • চৌধুরী, প্রণব (সম্পাদক) (২০০১), জীবনানন্দ নিয়ে প্রবন্ধ, জাতীয় গ্রন্থ প্রকাশন, ঢাকা।
  • দাশ, প্রভাতকুমার (১৯৯৯), জীবনানন্দ দাশ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা।
  • দত্ত, বীরেন্দ্র (২০০৫), জীবনানন্দ: কবি গল্পকার, পুস্তক বিপণি, কলকাতা।
  • গুপ্ত, ড. ক্ষেত্র (২০০০), জীবনানন্দ: কবিতার শরীর, সাহিত্য প্রকাশ, কলকাতা।
  • মুখোপাধ্যায়, কমল (সম্পাদক) (১৯৯৯), জীবনানন্দ অন্বেষণ, শিলীন্ধ্র প্রকাশন, কলকাতা।
  • রায়চৌধুরী, সমীর (সম্পাদক) (২০০১), পোস্টমডার্ন বাংলা পোয়েট্রি, হাওয়া#৪৯ প্রকাশন, কলকাতা।
  • রুদ্র, সুব্রত (১৯৮৫), প্রবন্ধকার জীবনানন্দ, নাথ প্রকাশন, কলকাতা।
  • রায়চৌধুরী, মলয় (২০০২), পোস্টমডার্ন জীবনানন্দ, গ্রাফিতি প্রকাশন, কলকাতা।
  • শাহরিয়ার, আবু হাসান (সম্পাদক) (২০০৩), জীবনানন্দ দাশ: মূল্যায়ন ও পাঠোদ্ধার, সাহিত্য বিকাশ, ঢাকা।
  • সৈয়দ, আবদুল মান্নান (সম্পাদক) এবং হাছনাত, আবুল (সম্পাদক) (২০০১), জীবনানন্দ দাশ: জন্ম-শতবার্ষিকী স্মারকগ্রন্থ, অবসর প্রকাশনা সংস্থা, ঢাকা।
  • সিনহা, রাজীব (২০১৪), জীবনানন্দের অন্ধকারে, উবুদাশ, কলকাতা-১২।আইএসবিএন ৯৭৮-৯৩-৮২৯৮২-১০-৪
  • চৌধুরী, ফয়জুল লতিফ (সম্পাদক) (২০২২), জীবনানন্দ পত্রাবলি (জীবনানন্দ দাশের চিঠিপত্র), পাঠক সমাবেশ, ঢাকা।

সংগৃহীত গ্রন্থ

[সম্পাদনা]
  • বন্দ্যোপাধ্যায়, দেবীপ্রসাদ : কাব্য সংগ্রহ − জীবনানন্দ দাশ, ১৯৯৩, ভারতী, ১৩/১ বঙ্কিম চট্টোপাধ্যায় স্ট্রিট, কলকাতা-৭৩।
  • বন্দ্যোপাধ্যায়, দেবীপ্রসাদ : কাব্য সংগ্রহ − জীবনানন্দ দাশ, ১৯৯৯, গতিধারা, ৩৮/২-ক/এ বাংলাবাজার, ঢাকা-১১০০, বাংলাদেশ।
  • বন্দ্যোপাধ্যায়, দেবীপ্রসাদ : জীবনানন্দ দাশ উত্তরপর্ব (১৯৫৪–১৯৬৫), ২০০০, পুস্তক বিপণি, কলকাতা।
  • চৌধুরী, ফয়জুল লতিফ (সম্পাদক) (১৯৯০), জীবনানন্দ দাশের প্রবন্ধ সমগ্র, প্রথম সংস্করণ : দেশ প্রকাশন, ঢাকা।
  • চৌধুরী, ফয়জুল লতিফ (সম্পাদক) (১৯৯৫), জীবনানন্দ দাশের প্রবন্ধ সমগ্র, দ্বিতীয় সংস্করণ : মওলা ব্রাদার্স, ঢাকা।
  • চৌধুরী, ফয়জুল লতিফ (সম্পাদক) : অপ্রকাশিত ৫১, ১৯৯৯, মওলা ব্রাদার্স, ঢাকা।
  • শাহরিয়ার, আবু হাসান : জীবনানন্দ দাশের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতা সমগ্র, ২০০৪, আগামী প্রকাশনী, ঢাকা।

বহিঃসংযোগ

[সম্পাদনা]