বিষয়বস্তুতে চলুন

জগৎজ্যোতি দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জগৎজ্যোতি দাস
জন্ম২৬ এপ্রিল ১৯৪৯
হবিগঞ্জ, সিলেট, পূর্ববঙ্গ
মৃত্যু১৬ নভেম্বর ১৯৭১(1971-11-16) (বয়স ২২)
হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ
মাতৃশিক্ষায়তনসুনামগঞ্জ সরকারি কলেজ
পরিচিতির কারণবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
উপাধি বীর বিক্রম

জগৎজ্যোতি দাস (২৬ এপ্রিল ১৯৪৯ — ১৬ নভেম্বর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন শহীদ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকার জন্য তাঁকে মরণোত্তর বীরত্বের তৃতীয় সর্বোচ্চ পুরষ্কার বীর বিক্রম প্রদান করা হয়।[]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

১৯৪৯ সালে জগৎ জ্যোতি দাস হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জিতেন্দ্র দাস। জগৎ জ্যোতি স্কুলে থাকাকালীন আইয়ুব খান জান্তার বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন। ১৯৬৮ সালে ম্যাট্রিক পাস করার পর সুনামগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয়ে ছাত্র ইউনিয়নে (মেনন গ্রুপ) যোগ দেন। ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে অংশ নিয়ে বিশেষ দায়িত্ব পালনে ভারতের গৌহাটির নওপং কলেজে ভর্তি হন। সেখানে অবস্থানকালে অনেকগুলো অঞ্চলের ভাষা আয়ত্ত করেন এবং ধীরে ধীরে নকশালপন্থীদের সঙ্গে জড়িত হন। এখানে এবং গেরিলা যুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করেন।

স্বাধীনতা যুদ্ধ যোগদান

[সম্পাদনা]

জগৎজ্যোতি ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনীর হামলা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে রূখে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নেন। যোগ দেন ভারতের মেঘালয় রাজ্যের ইকো-১ ট্রেনিং ক্যাম্পে। বাংলার ভাটি অঞ্চলের সুনামগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোণা এবং হবিগঞ্জের হাওরাঞ্চল নিয়ে গঠিত হয় মুক্তিযুদ্ধের ৫ নং সেক্টর। এ সেক্টরের কমান্ডারের দায়িত্ব পান তৎকালীন মেজর শওকত আলী। ৫ নং সেক্টরকে কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত করা হয়। এর মধ্যে টেকেরঘাট সাব-সেক্টরের দায়িত্ব প্রাপ্ত সুরঞ্জিত সেনগুপ্তের অধীনে প্রথমত জগৎজ্যোতি বিভিন্ন আক্রমণে অংশগ্রহণ করেন। তার নেতৃত্বে প্রশিক্ষিত যোদ্ধাদের নিয়ে গঠিত হয় গেরিলা দল, যার নাম দেওয়া হয় ফায়ারিং স্কোয়াড ‘দাস পার্টি’। জগৎজ্যোতির শেষ যুদ্ধের অন্যতম সঙ্গী আবদুল কাইয়ুমের বয়ানে জানা যায়, দাস পার্টি নামটি জনগনের দেওয়া নাম নয়, দাস পার্টির অফিসিয়াল দলিল ছিল এবং পার্টি কমান্ডার হিসেবে জগৎজ্যোতি স্বীকৃতি পেয়েছিলেন।[]

কয়েকটি সফল অপারেশন

[সম্পাদনা]

জগৎজ্যোতি ইংরেজি, হিন্দি, গৌহাটির আঞ্চলিক ভাষায় পারদর্শী হওয়ার সুবাদে ভারতীয় মিত্র বাহিনীর সঙ্গে তার যোগাযোগ সহজতর হয়। এর ফলে দাস পার্টির জন্য ভারতীয় মিত্র বাহিনীর জগৎজ্যোতি আধুনিক অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে সমর্থ হন। দাস পার্টির উল্লেখযোগ্য একটি অপারেশন ছিল পাকবাহিনীর বার্জ আক্রমণ। ১৯৭১-এর ১৬ অক্টোবর পাকবাহিনীর সেই বার্জটিতে আক্রমণ চালিয়ে বার্জটি নিমজ্জিত করে। দাস বাহিনীর গেরিলা অভিযানের মাধ্যমে পাকিস্তানি শত্রু ঘাঁটি ধ্বংস শুরু করে। পরবর্তীতে পাহাড়পুর অপারেশন, বানিয়াচংয়ে কার্গো বিধ্বস্ত করা, বানিয়াচং থানা অপারেশনসহ বেশ ক’টি ছোট বড় অপারেশন দাস পার্টির যোদ্ধারা সফল ভাবে সম্পন্ন করে।

বদলপুর অপারেশন

[সম্পাদনা]

বদলপুর অপারেশন ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি একটি বড় সাফল্য। জগৎজ্যোতির সঙ্গে ছিল বানিয়াচংয়ের মোহাম্মদ আলী মমিন, আমির হোসেন, খালেক মাস্টার, হায়দারুজ্জামান খান ধন মিয়া, আজমিরীগঞ্জের রাশিদুল হাসান চৌধুরী কাজল, মতিউর রহমান, নিত্যানন্দ দাস, ইলিয়াছ চৌধুরী, আঃ রশীদ, নিপেন্দ্র দাশ, ছাতকের আয়ুব আলী, আঃ মজিদ ও দিরাই উপজেলার আহবাব হোসেন এবং নীলু। জগৎজ্যোতির দল আজিমিরীগঞ্জ, মারকুলি, গুঙ্গিয়ারগাঁও প্রভৃতি অঞ্চলে শত্রু ঘাঁটি ধ্বংস করে দেয়। বদলপুরে শত্রুসেনারা দাস পার্টির প্রতিরোধের মুখে পাকসেনারা শক্তি বৃদ্ধি করতে বাধ্য হয়। গুলি ছোড়ার জন্য হেলিকপ্টারও ব্যবহার করা হয়। রক্তক্ষয়ী যুদ্ধে জগৎজ্যোতির পাশে ছিল ইলিয়াস নামে আরেকজন মুক্তিযোদ্ধা।

সম্মুখযুদ্ধ এবং মৃত্যু

[সম্পাদনা]

পাক ক্যাম্প থেকে ২০০ গজ দূরে রাজাকার/পাক সেনাদের আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ে দাস পার্টি। রণাঙ্গনে পরিস্হিতির ভয়াবহতার কথা চিন্তা করে এক পর্যায়ে জ্যোতি তার দলকে ফিরে যাবার নির্দেশ দিয়ে একটি মাত্র এলএমজি নিয়ে নিজে একাই যুদ্ধ চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এজন্য জ্যোতি সহযোদ্ধা মোহাম্মদ আলী মমিনকে নির্দেশ দেন যাতে অন্যরা তাদের জীবন বাঁচিয়ে নিরাপদ স্থানে সরে যায়। এরপর দল থেকে বিচ্ছিন্ন হয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন মাত্র দুইজন, জ্যোতি ও ইলিয়াছ। হঠাৎ ইলিয়াছ পাঁজরে গুলিবিদ্ধ হন। জ্যোতি পিছু না হটে তার মাথার লাল পাগড়ি খুলে শক্ত করে ইলিয়াসের বুকে‌ এবং পিঠে বেঁধে দেন, যাতে তার রক্তক্ষরণ থেমে যায়। ইলিয়াছ সেই অবস্থায় মেশিনগান নিয়ে ক্রমাগত গুলি ছুড়তে থাকে পাকিস্তানি বাহিনীর ওপর।

যুদ্ধের এক পর্যায়ে ম্যাগজিন লোড করে শত্রুর অবস্থান দেখতে মাথা উঁচু করাতে ১টি গুলি জগৎজ্যোতির চোখে বিদ্ধ করে এবং তিনি মৃত্যুবরণ করেন। পাকবাহিনীর সহযোগী রাজাকার সদস্যরা রাতে জ্যোতির লাশ খুঁজে পেয়ে পাকবাহিনীকে খবর দেয় এবং জ্যোতির মৃতদেহটি আজমিরীগঞ্জ বাজারে নিয়ে যায়। রাজাকাররা জ্যোতি হত্যার ঘটনা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য জ্যোতির মৃতদেহকে আজমিরীগঞ্জ গরুর হাটে একটি খুঁটির সঙ্গে ঝুলিয়ে পেরেক মেরে রাখে। এক সময় কুশিয়ারা নদীতে জ্যোতির দেহ ভাসিয়ে দেওয়া হয়।[][]

পুরষ্কার এবং সম্মাননা

[সম্পাদনা]

১৯৭২ সালে, তিনি প্রথম বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশ বেতার কর্তৃক সর্বোচ্চ বীরত্বপূর্ণ পুরষ্কার "বীর বিক্রম" -এ ভূষিত হন । তবে, বাংলাদেশ সরকার দুই দশক পরেও তাকে পদক প্রদান করেনি।

স্মৃতিকথা

[সম্পাদনা]

কমিউনিস্ট কর্মী ও লেখিকা অঞ্জলি লাহিড়ী জগৎজ্যোতি দাসকে নিয়ে জগৎজ্যোতি উপন্যাসটি লেখেন যা ২০০৩ সালে বাংলাদেশ সাহিত্য প্রকাশ থেকে বের হয়। লেখিকা অঞ্জলির শিলঙের বাড়িতে জগৎ জ্যোতি ও অন্যান্য মুক্তি যোদ্ধারা আশ্রয় পেয়েছেন এর আগে। তাজুল মহম্মদ তাঁর সিলেটের যুদ্ধকথা বইতে দাস পার্টির অভিযানের কথা বর্ণনা করেছেন। হবিগঞ্জের নাট্যকর্মী রুমা মোদক তাকে নিয়ে মঞ্চনাটক নির্মাণ করেন ‘জ্যোতিসংহিতা’,[] যা ঢাকা, সিলেটসহ ভারতে বহুবার প্রদর্শিত হয়।[] লেখক হাসান মোরশেদ জগৎজ্যোতি দাস এর দাস পার্টি নিয়ে লিখেছেন "দাস পার্টির খোঁজে" নামের মুক্তিযুদ্ধ ভিত্তিক বইটি। ২০১৮ সালে প্রকাশিত হয় রনেন্দ্র তালুকদার পিংকু সম্পাদিত মুক্তিযুদ্ধে দাসপার্টি।[] এখানে শহিদ জগৎজ্যোতি দাসের জীবনীর সঙ্গে তারই হাতে লেখা ডায়েরি থেকে মুক্তিযুদ্ধের সংঘটিত বিভিন্ন অপারেশনের বিবরণ দেওয়া হয়েছে। এবং দাসপার্টির সকল সদস্যের যুদ্ধজীবন সংকলিত হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "তোমাদের এ ঋণ শোধ হবে না"প্রথম আলো। ৮ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৫
  2. 1 2 হাসান মোরশেদ (২০১৬)। দাস পার্টির খোঁজে। ঢাকা: মেরিট ফেয়ার প্রকাশন। পৃ. ১২৮, ১৩৮। আইএসবিএন ৯৮৪-৭০১৩১-০৪২৯-৩{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: আইএসবিএন ত্রুটি উপেক্ষা করা হয়েছে (লিঙ্ক)
  3. "জগৎজ্যোতি দাস ও 'বীরশ্রেষ্ঠ' থেকে তার 'বীর বিক্রম' হওয়ার গল্প"যমুনা টিভি। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫
  4. ইশতিয়াক, আহমাদ (১৬ নভেম্বর ২০২২)। "দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন জগৎজ্যোতি দাস বীর বিক্রম"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫
  5. "'জ্যোতিসংহিতা'য় মুগ্ধ সুনামগঞ্জের দর্শক"। প্রথম আলো। ৩১ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭
  6. "মুক্তিযুদ্ধে দাসপার্টি"rokomari.com। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • "অনন্য মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি", অপূর্ব শর্মা, প্রকাশক সাহিত্য প্রকাশ। প্রকাশকাল, একুশে বইমেলা ২০০৯।
  • ভাটি অঞ্চলে মুক্তিযুদ্ধ এবং দাস পার্টি, রাশেদ আহমেদ খান, দৈনিক সমকাল, ৮ ডিসেম্বর ২০০৬।