দুবলহাটি রাজবাড়ী
| দুবলহাটি রাজবাড়ী | |
|---|---|
দুবলহাটি রাজবাড়ী | |
![]() | |
| বিকল্প নাম | দুবলহাটি জমিদার বাড়ি |
| সাধারণ তথ্যাবলী | |
| ধরন | বাসস্থান |
| অবস্থান | দুবলহাটি, নওগাঁ সদর উপজেলা,নওগাঁ |
| ঠিকানা | নওগাঁ সদর উপজেলা |
| শহর | নওগাঁ |
| দেশ | বাংলাদেশ |
| স্থানাঙ্ক | ২৪°৪৭′১১.৪″ উত্তর ৮৮°৫২′৫৯.০″ পূর্ব / ২৪.৭৮৬৫০০° উত্তর ৮৮.৮৮৩০৫৬° পূর্ব |
| স্বত্বাধিকারী | বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর |
| কারিগরি বিবরণ | |
| উপাদান | ইট, কাঁদা মাটি |
| আকার | ৫ একর |
| পরিচিতি | বলিহার জমিদারের বাসস্থান |
দুবলহাটী রাজবাড়ী প্রায় দুইশত বছরের প্রাচীন স্থাপনা। নওগাঁ জেলা সদর হতে আনুমানিক সাত কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দুবলহাটি রাজবাড়ি অবস্থিত। দুবলহাটি রাজারা স্বীয় আবাসিকতা ও রাজকার্য পরিচালনার জন্য দুবলহাটিতে নির্মাণ করেন দ্বিতল বিশিষ্ট এক সুদৃশ্য ও সুবিশাল রাজপ্রাসাদ। তৎকালীন জামিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটির জমিদারী ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারত এর কিছু অংশে।[১]
অবকাঠামো
[সম্পাদনা]৫ একর এলাকাজুড়ে বিশাল প্রাসাদ। আর প্রসাদের বাইরে ছিল দীঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, ১৬ চাকার রথসহ বিভিন্ন স্থাপনা।[২] রাজ প্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলার গুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। এছাড়াও দুবলহাটি রাজ প্রাসাদে সাড়ে ৩’শ ঘর ছিল। তার ছিল ৭টি আঙ্গিনা।[১] প্রাসাদের ভিতর কোনটি ৩ তলা আবার কোনটি ছিল ৪ তলা ভবন।[৩] ১টি গোল্ডেন সিলভার ও ১টি আইভরির তৈরি সিংহাসন ছিল। ব্রিটিশরা সিংহাসন দু’টি নিয়ে যায়। ১৮৬৪ সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটি নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। প্রতি বছর স্টেটের খরচে ৫ জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে।[৪][৫]
ভূমিনকশা ও গঠন
[সম্পাদনা]দ্বিতল বিশিষ্ট এই বিশাল প্রাসাদ ভবন ২.৪৫ একর ভূমির উপর নির্মিত। প্রাসাদের চারদিকে চারটি পুকুর, যথা: উত্তরে (সম্মুখাংশে) গোবিন্দজির পুকুর, দক্ষিণে খিরকির পুকুর, পূর্বে দিঘি এবং পশ্চিমে গোপালবাড়ি ও বাবুর পুকুর। দ্বিতল বিশিষ্ট এ প্রাসাদের কোন কোন অংশ তিনতলা বিশিষ্ট। প্রাসাদের পশ্চিম ও পূর্বের কক্ষ সংলগ্ন দক্ষিণ প্রান্তের কিছু অংশ ও সমগ্র দক্ষিণ দিক সুউচ্চ বহিঃপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত।
সামগ্রিকভাবে দক্ষিণমুখী এই প্রাসাদটির ভূমিনকশা চারটি অঙ্গনে বিভক্ত যথা-নাটমহল বা রঙমহল অঙ্গন, কাছারি অঙ্গন, অন্দরমহল বা অন্দর অঙ্গন ও রন্ধনশালা অঙ্গন। এই অঙ্গনসমূহকে কেন্দ্র করেই প্রাসাদের বিভিন্ন কক্ষগুলো নির্মিত হয়েছে। উত্তরমুখী এই প্রাসাদ ভবনের সম্মুখাংশের মধ্যস্থলে অর্ধবৃত্তাকার খিলান বিশিষ্ট একটি সুউচ্চ প্রবেশতোরণ এবং পূর্ব ও পশ্চিম মাথায় খিলানসারি বেষ্টিত দুটি অভিক্ষিপ্ত বা বর্ধিত বারান্দা বিদ্যমান। এছাড়া প্রবেশতোরণের পশ্চিমে এবং পূর্বে আয়তনের দুটি টানা বারান্দা রয়েছে।
পশ্চিমের বারান্দাটির শেষ প্রান্তে রয়েছে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠ। প্রকোষ্ঠটির পূর্ব ও পশ্চিমে দুটি প্রবেশপথ এবং উত্তর দেয়ালে একটি বায়ুরন্ধ্র (ভেন্টিলেটর) বিদ্যমান। এই প্রকোষ্ঠের পরেই রয়েছে পশ্চিমের অভিক্ষিপ্ত বারান্দা। বারান্দাটি দুই প্রান্তের পোস্তা ব্যতীত গোলায়িত ও করিন্থীয় শীর্ষ সংবলিত ছয়টি যুগল তুশকান স্তম্ভের (বারটি স্তম্ভ) উপর ন্যস্ত সাতটি অর্ধবৃত্তাকার খিলানে উন্মুক্ত। কিন্তু দ্বিতলে একটু ব্যতিক্রম ঘটিয়ে একই আকৃতির বারান্দার দুই কোণায় দুই সেট যুগল ও বাকিগুলো এককভাবে স্থাপিত স্তম্ভসারির উপর বারান্দার সম্মুখস্থ অর্ধবৃত্তাকার খিলানগুলো স্থাপিত হয়েছে। ঠিক একইভাবে প্রবেশতোরণের পূর্ব দিকের টানা বারান্দার পরে অবস্থিত অভিক্ষিপ্ত বারান্দার নীচের ও দ্বিতলের খিলানগুলো নির্মিত। প্রবেশতোরণ দিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমে নাটমহল অঙ্গন এবং এর পূর্ব দিকে কাছারি অঙ্গন পরিলক্ষিত হয়। নাটমহল অঙ্গনের মধ্য দিয়ে দক্ষিণে গেলে দক্ষিণ-পূর্ব কোণায় রয়েছে একটি সরু গলিপথ। গলিপথ পেরিয়ে হাতের বামে অর্থাৎ পূর্ব দিকে রন্ধনশালা অঙ্গন এবং আরেকটু সামনে গিয়ে হাতের ডানে অর্থাৎ পশ্চিমে অন্দর অঙ্গন অবস্থিত।
নিচ তলার নাটমহল অঙ্গন
[সম্পাদনা]উত্তর ও পূর্ব দিকে সাড়ে তিন ফুট প্রস্থবিশিষ্ট বারান্দা বেষ্টিত এই অঙ্গনের উত্তরে অর্থাৎ প্রবেশতোরণের পশ্চিম ও পূর্ব পার্শ্বে বাইরের টানা বারান্দামুখী এবং ভিতরে অঙ্গনমুখী চারটি করে মোট আটটি কক্ষ রয়েছে। পশ্চিম পার্শ্বের বারান্দামুখী কক্ষ দুটির প্রথমটি ৯ ফুট ১০ ইঞ্চি দৈর্ঘ ও ৮ ফুট ৯ ইঞ্চি প্রস্থবিশিষ্ট এবং দ্বিতীয়টি ১৪ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ ও ৮ ফুট ৯ ইঞ্চি প্রস্থবিশিষ্ট। কক্ষ দুটির প্রথমটির তোরণপথমুখী একটি অর্ধবৃত্তাকার বৃহদাকারের উন্মুক্ত খিলানপথ, বারান্দামুখী একটি ছোট প্রবেশপথ ও পশ্চিম দেয়ালে একটি জানালা এবং দ্বিতীয় কক্ষটির বারান্দামুখী দুটি প্রবেশপথ রয়েছে। অঙ্গনমুখী কক্ষ দুটির প্রথমটি ৯ ফুট ১০ ইঞ্চি দৈর্ঘ ও ৬ ফুট প্রস্থ এবং দ্বিতীয়টি ১৪ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ ও ৬ ফুট প্রস্থ বিশিষ্ট। প্রথম কক্ষটির তোরণপথমুখী ও অঙ্গনমুখী একটি করে প্রবেশপথ এবং দ্বিতীয় কক্ষটির অঙ্গনমুখী দুটি ও উভয় কক্ষের মধ্যে যাতায়াতের জন্য মধ্যবর্তী দেয়ালে একটি প্রবেশপথ বিদ্যমান।
নিচতলার কাছারি অঙ্গন
[সম্পাদনা]অঙ্গনটি চারিদিকে একটি টানা বারান্দা দ্বারা পরিবেষ্টিত। বারান্দার সম্মুখে প্রতিদিকে ৬টি করে মোট ২৪টি আইওনিক শীর্ষ সংবলিত তুশকান স্তম্ভ রয়েছে। ভবনটির প্রধান প্রবেশতোরণের পূর্ব দিকের সিঁড়িপথের পরে এবং এই অঙ্গনের উত্তরাংশ একটি বারান্দা ও তিনটি কক্ষে বিভক্ত। পূর্ব-পশ্চিমে বিস্তৃত আয়তাকার কক্ষ দুটির সামনে অর্থাৎ উত্তরে রয়েছে ইমারতের পূর্ব দিকের অভিক্ষিপ্ত বারান্দা। পূর্ব-পশ্চিমে বিস্তৃত প্রথম কক্ষটির অঙ্গন বা বারান্দামুখী তিনটি, পূর্বের কক্ষে যাতায়াতের জন্য পূর্ব দেয়ালে একটি প্রবেশপথ ও পশ্চিম দেয়ালে সিঁড়িঘরমুখী একটি জানালা, দ্বিতীয় কক্ষটির উত্তরে অভিক্ষিপ্ত বারান্দামুখী তিনটি, পূর্ব দিকের কক্ষের সাথে একটি ও উভয় কক্ষের মধ্যবর্তী দেয়ালে তিনটি প্রবেশপথ রয়েছে। অন্যদিকে এই কক্ষ দুটির পূর্ব দিকের কক্ষটির পূর্ব দেয়াল সংলগ্ন মধ্যস্থলে একটি পেঁচানো সিঁড়িপথ এবং সিঁড়িপথকে ঘিরে পূর্ব দিকে বাইরে একটি অর্ধবৃত্তাকার অভিক্ষিপ্ত বারান্দা ও কক্ষের দক্ষিণে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠ বিদ্যমান। কক্ষটির উত্তরে অভিক্ষিপ্ত বারান্দামুখী একটি সাধারণ প্রবেশপথ, পূর্ব দেয়ালে পেঁচানো সিঁড়ির দুই পাশে দুটি ও দক্ষিণ দেয়ালে ক্ষুদ্র কক্ষমুখী একটি আংশিক বৃত্তাকার খিলানপথ রয়েছে। অন্য কক্ষের প্রবেশপথগুলোও আংশিক বৃত্তাকার খিলানে নির্মিত। দক্ষিণের ক্ষুদ্র কক্ষটির পূর্ব দেয়ালে একটি জানালা এবং দক্ষিণে অঙ্গনের পূর্বাংশের কক্ষের সাথে একটি প্রবেশপথ রয়েছে। কক্ষটি মূলত সংযোগপথ হিসেবে ব্যবহৃত হয়।
অঙ্গনের পূর্ব দিকে বৃহদাকারের একটি মাত্র কক্ষ বিদ্যমান। কক্ষটির অঙ্গনমুখী পাঁচটি, উত্তর দেয়ালে ক্ষুদ্র কক্ষ বা সংযোগপথমুখী একটি ও দক্ষিণ দেয়ালে পরবর্তী সিঁড়িঘরে যাওয়ার জন্য একটি আংশিক বৃত্তাকার খিলানপথ এবং পূর্ব দেয়ালে তিনটি জানালা রয়েছে।
অঙ্গনের দক্ষিণাংশ তিনটি কক্ষে বিভক্ত। মধ্যের পূর্ব-পশ্চিমে বিস্তৃত বিশাল আয়তাকার কক্ষটির পূর্ব দিকে সিঁড়িঘর ও পশ্চিম দিকে একটি বর্গাকার ছোট কক্ষ বিদ্যমান। মধ্যের বিশাল কক্ষটির অঙ্গনমুখী চারটি ও পূর্বের সিঁড়িঘরের সাথে একটি প্রবেশপথ এবং অঙ্গনমুখী দেয়ালের পূর্ব কোণায় একটি জানালা রয়েছে। পশ্চিমের বর্গাকার কক্ষটির সম্মুখস্থ সংযোগপথমুখী একটি ও পশ্চিম দেয়ালে একটি এবং পূর্বের সিঁড়িঘরের দক্ষিণ দেয়ালে পরবর্তী অঙ্গনে যাওয়ার জন্য একটি ও বারান্দামুখী একটি প্রবেশপথ বিদ্যমান। প্রবেশপথগুলো সবই আংশিক বৃত্তাকার খিলানে নির্মিত।
নিচতলার অন্দরমহল
[সম্পাদনা]নাটমহল অঙ্গনের দক্ষিণ-পূর্ব কোণার উন্মুক্ত গলিপথ দিয়ে (নাটমহল অঙ্গন ও অন্দর অঙ্গনের মধ্যবর্তী ব্লক এবং রন্ধনশালা অঙ্গনের মধ্যস্থলের গলিপথ) সরাসরি দক্ষিণে গেলে একটি ক্ষুদ্র আয়তাকার কক্ষ পরিলক্ষিত হয়। উত্তর ও পশ্চিমে প্রবেশপথ বিশিষ্ট এই কক্ষটি মূলত অঙ্গনসমূহের মধ্যে সংযোগপথ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই কক্ষের ভিতর দিয়ে অন্দর অঙ্গনে প্রবেশ করা যায়। এই অঙ্গনের চারদিক বারান্দা দ্বারা পরিবেষ্টিত। এই টানা বারান্দার প্রতিদিকে ৬টি করে মোট ২৪টি করিন্থীয় শীর্ষযুক্ত গোলায়িত লোহার স্তম্ভ স্থাপিত। ২৪টি স্তম্ভের মধ্যে ১৬টি বর্তমান আছে এবং বাকি ৮টি চুরি হয়েছে। ঠিক একইভাবে দ্বিতলের চারদিকের বারান্দাতেও সমসংখ্যক লোহার স্তম্ভের উপর ছাদ নির্মিত রয়েছে। উঁচু বারান্দা থেকে নীচের অঙ্গনে নামার জন্য বারান্দার চারদিকে চারটি কয়েক ধাপ বিশিষ্ট সোপান বিদ্যমান।
অঙ্গনের পশ্চিমাংশ মোট পাঁচটি কক্ষে বিভক্ত। এদের উত্তর-দক্ষিণে বিস্তৃত পাশাপাশি দুটি বড় কক্ষ এবং বড় দুটি কক্ষের দক্ষিণে পূর্ব-পশ্চিমে লম্বা একটি ও উত্তরে দুটি ছোট কক্ষ রয়েছে। বড় কক্ষ দুটির প্রথমটির অঙ্গনমুখী তিনটি প্রবেশপথ ও প্রবেশপথের দুই প্রান্তে দুটি জানালা এবং উত্তরের ছোট কক্ষটির সাথে সংযুক্ত একটি প্রবেশপথ ও দক্ষিণ দেয়ালে পাশাপাশি দুটি কুলঙ্গি রয়েছে। দ্বিতীয় বড় কক্ষটির উত্তরের ছোট কক্ষ ও দক্ষিণের কক্ষটির সাথে সংযুক্ত একটি করে প্রবেশপথ, পশ্চিম দেয়ালের উত্তর ও দক্ষিণ কোণায় পাশাপাশি অবস্থিত দুটি করে চারটি এবং পূর্ব দেয়ালের দুই প্রান্তে একটি করে দুটি কুলঙ্গি বিদ্যমান। এছাড়া কক্ষ দুটির মধ্যবর্তী দেয়ালেও রয়েছে তিনটি প্রবেশপথ। উত্তরের ছোট কক্ষ দুটির প্রথমটির অঙ্গনমুখী একটি ও উভয় কক্ষের মধ্যবর্তী দেয়ালে একটি প্রবেশপথ এবং দক্ষিণের কক্ষের দক্ষিণ দেয়ালে তিনটি, পূর্বের অঙ্গনমুখী একটি ও পশ্চিম দেয়ালে একটি প্রবেশপথ রয়েছে। প্রবেশপথসমূহ ক্ষুদ্র বা আংশিক বৃত্তাকার খিলানে নির্মিত। দক্ষিণের কক্ষটির পূর্ব দেয়ালের দক্ষিণ কোণায় একটি, দক্ষিণ দেয়ালের পূর্ব কোণায় একটি, পশ্চিম দেয়ালের প্রবেশপথের দুই পাশে দুটি এবং উত্তর দেয়ালের প্রবেশপথের দুই পাশে পাশাপাশি অবস্থিত দুটি করে চারটি কুলঙ্গি বিদ্যমান। মূলত দক্ষিণের এই কক্ষটি সংযোগপথ হিসেবেই ব্যবহৃত হয়। এই কক্ষ ও অঙ্গনের উত্তর সংযোগপথের পশ্চিম প্রান্তে নির্মিত রয়েছে দুটি শৌচাগার। বড় কক্ষ দুটির উপরের সমতলছাদ লোহার তীর কাঠের বর্গা এবং অন্য কক্ষগুলোর ছাদ কাঠের তীর-বর্গা ও টালির সমন্বয়ে নির্মিত। এই কক্ষগুলো ও এর উপরে দ্বিতল অংশের কক্ষসমূহ মালখানা হিসেবে ব্যবহৃত হতো।
অঙ্গনের দক্ষিণাংশ মোট পাঁচটি কক্ষে বিভক্ত। মধ্যস্থলের বড় কক্ষ দুটির প্রথমটির অঙ্গনমুখী তিনটি, পশ্চিমের সিঁড়িঘরের সাথে একটি ও পূর্বের কক্ষের সাথে একটি প্রবেশপথ রয়েছে। দ্বিতীয় কক্ষটির পশ্চিমের ছোট কক্ষের সাথে একটি ও পূর্বের কক্ষের সাথে একটি প্রবেশপথ এবং দক্ষিণ দেয়ালে তিনটি জানালা বিদ্যমান। এছাড়া উভয় কক্ষের মধ্যবর্তী দেয়ালে রয়েছে (প্রথম কক্ষের অঙ্গনমুখী প্রবেশপথ বরাবর) তিনটি প্রবেশপথ। পশ্চিমের প্রায় বর্গাকার কক্ষটির দক্ষিণ দেয়ালে একটি এবং পশ্চিম দেয়ালে একটি প্রবেশপথ ও একটি জানালা বিদ্যমান। পূর্ব দিকের আয়তাকার কক্ষটির অঙ্গনমুখী একটি ও পূর্ব দেয়ালে তিনটি প্রবেশপথ এবং দক্ষিণ দেয়ালে একটি জানালা ও পশ্চিম দেয়ালে একটি দেয়াল আলমারি রয়েছে। কক্ষগুলোর ছাদ নির্মাণে লোহার তীর-বর্গা ও টালি ব্যবহৃত হয়েছে।
অঙ্গনের পূর্বাংশ অর্থাৎ অন্দর অঙ্গন ও রন্ধনশালা অঙ্গনের মধ্যবর্তী ব্লক চারটি কক্ষে বিভক্ত। এদের উত্তর-দক্ষিণে বিস্তৃত পাশাপাশি অবস্থিত দুটি আয়তাকার বড় কক্ষ এবং এই কক্ষ দুটির দক্ষিণে পাশাপাশি (পূর্ব-পশ্চিমে) দুটি ছোট কক্ষ। পশ্চিমের ছোট কক্ষটি মূলত সিঁড়িঘর। বড় কক্ষ দুটির প্রথমটির অঙ্গনমুখী চারটি, উত্তরে অঙ্গনে প্রবেশের ক্ষুদ্র কক্ষ বা সংযোগপথের সাথে ও দক্ষিণে সিঁড়িঘরের সাথে একটি করে প্রবেশপথ এবং পূর্ব দেয়ালের উত্তর কোণায় একটি দেয়াল আলমারি ও দুই প্রান্তে দুটি কুলঙ্গি রয়েছে।
তাছাড়া দক্ষিণ দেয়ালের প্রবেশপথের দুই পাশে দুটি ও পশ্চিম দেয়ালেও অনুরূপ দুটি কুলঙ্গি পরিলক্ষিত হয়। দ্বিতীয় বড় কক্ষটির উত্তরে রন্ধনশালা অঙ্গনের কক্ষের সাথে একটি, দক্ষিণের কক্ষটির সাথে একটি ও পূর্ব দেয়ালে রন্ধনশালা অঙ্গনের দুটি কক্ষের সাথে দুটি প্রবেশপথ এবং উভয় বড় দুটি কক্ষের মধ্যবর্তী দেয়ালে তিনটি প্রবেশপথ বিদ্যমান। দক্ষিণের সিঁড়িঘরের অঙ্গনমুখী একটি এবং তার পূর্বের কক্ষটির পূর্ব দেয়ালে একটি, দক্ষিণ দেয়ালে দুটি ও উভয় কক্ষের মধ্যবর্তী দেয়ালে একটি প্রবেশপথ ও উত্তর দেয়ালের পূর্ব কোণায় একটি দেয়াল আলমারি রয়েছে। অঙ্গনের দক্ষিণ বারান্দার পূর্ব প্রান্তে একটি প্রবেশপথ বিদ্যমান। প্রবেশপথসমূহ সবই আংশিক বৃত্তাকার খিলান বিশিষ্ট। বড় কক্ষ দুটির প্রথমটি ও অন্য কক্ষগুলোর ছাদ নির্মাণে শালকাঠের তীর-বর্গা এবং দ্বিতীয় বড় কক্ষটির ছাদ নির্মাণে লোহার তীর-বর্গা ব্যবহৃত হয়েছে।
রন্ধনশালা
[সম্পাদনা]২য় তলার নাটমহল অঙ্গন
[সম্পাদনা]২য় তলার কাছারি অঙ্গন
[সম্পাদনা]২য় তলার অন্দরমহল
[সম্পাদনা]২য় তলার রন্ধনশালা অঙ্গন
[সম্পাদনা]অলঙ্করণ
[সম্পাদনা]অবস্থান
[সম্পাদনা]নওগাঁ শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ীর অবস্থান। বালুডাঙ্গা থেকে হাপানিয়া। হাপানিয়া থেকে ভ্যান বা অটো রিক্সায় দুবলহাটী রাজবাড়ী যাওয়া যায়। অথবা নওগাঁ গোস্তহাটীর মোড় হতে অটোরিক্সা যোগে দুবলহাটী রাজবাড়ী যাওয়া যায়।[৪][৬]
ইতিহাস
[সম্পাদনা]স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এ এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দীঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন (বর্তমানে নদীর অসত্মিত্ব আর নেই)। তিনি প্রায় প্রতিরাতে স্বপ্ন দেখতেন তাঁকে কে যেন বলছে, “তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে। সেখান থেকে তুলে স্থাপন কর।” রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজ রাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদী তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে।
অন্য আরেক ঐতিহাসিকদল মনে করেন, দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবণ ব্যবসায়ী, বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে, এই অঞ্চলে তেমন কোন ফসল উৎপন্ন না হওয়ায় ভুমা মহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র ২২ কাহন কই মাছ কর হিসেবে দিতেন। রঘুনাথের বিত্ত-বৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান, তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল। কোন ফসল হয় না। তবে বড় বড় কৈ মাছ পাওয়া যায়। বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে ২২ কাহন কৈ মাছ প্রদানের নির্দেশ দেন।[৬][৭]
১৮৯২ খ্রিষ্টাব্দ এর দিকে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ী। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়।[৪][৮]
শাসকগন
[সম্পাদনা]- রাজা হরনাথ
চিত্রশালা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "দুবলহাটি রাজবাড়ি ধ্বংসের দ্বারপ্রান্তে"। বাংলাদেশ প্রতিদিন। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
- ↑ "নওগাঁর দুবলহাটি রাজবাড়ি ধ্বংসের দ্বারপ্রান্তে"। সমকাল। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
- ↑ "ধ্বংসের পথে ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি (ভিডিও)"। Ekushey TV। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
- 1 2 3 "দুবলহাটি রাজবাড়ি বাঁচান"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
- ↑ "বিলুপ্তির পথে ২২৪ বছরের দুবলহাটি রাজবাড়ি"। Bangla Tribune। ২৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
- 1 2 "ভেঙে পড়েছে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ীর একাংশ"। NTV Online। ২৮ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
- ↑ "নওগাঁ সদর উপজেলা"। জাতীয় তথ্য বাতায়ন। ২৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
- ↑ "ধ্বংসের মুখে দুবলহাটি রাজবাড়ি"। dbcnews.tv। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- http://www.naogaonsadar.naogaon.gov.bd/site/tourist_spot/94d5cb1d-1ab1-11e7-8120-286ed488c766/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%80%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জুন ২০২০ তারিখে

