কোথাও কেউ নেই
| কোথাও কেউ নেই | |
|---|---|
| ধরন | নাট্যধর্মী, হাস্যরসাত্মক |
| লেখক | হুমায়ূন আহমেদ |
| পরিচালক | বরকত উল্লাহ |
| শ্রেষ্ঠাংশে | সুবর্ণা মোস্তফা, আসাদুজ্জামান নূর, আব্দুল কাদের, লুৎফর রহমান জর্জ, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, হুমায়ুন ফরীদি, মোজাম্মেল হোসেন, লাকী এনাম, সালেহ আহমেদ, আবুল খায়ের, নাজমা আনোয়ার, শহীদুজ্জামান সেলিম |
| সুরকার | মকসুদ জামিল মিন্টু |
| দেশ | বাংলাদেশ |
| মূল ভাষা | বাংলা |
| নির্মাণ | |
| প্রযোজক | বরকত উল্লাহ |
| মুক্তি | |
| নেটওয়ার্ক | বিটিভি |
| মুক্তি | ১৯৯২–১৯৯৩ খ্রিস্টাব্দ – সেপ্টেম্বর ১৯৯৩ |
| সম্পর্কিত অনুষ্ঠান | |
| বাকের ভাইয়ের ফেরা (২০১০) | |
কোথাও কেউ নেই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও বরকত উল্লাহ পরিচালিত একটি টেলিভিশন ধারাবাহিক। একই নামে লেখকের একটি উপন্যাসও রয়েছে; মূলত সেই উপন্যাসের কাহিনীর ওপর ভিত্তি করেই ধারাবাহিকটি নির্মিত হয়।[১] এর আবহ সংগীতের কাজ করেন মকসুদ জামিল মিন্টু। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র "বাকের ভাই" বাংলাদেশের টেলিভিশন-ইতিহাসের সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একটি; তাঁর ফাঁসির সম্ভাবনায় দর্শকদের রাস্তায় নেমে প্রতিবাদ করার ঘটনাও বহুল আলোচিত।
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র "বাকের ভাই"। বাকের ভাই গুন্ডা প্রকৃতির লোক এবং তার সঙ্গী "বদি" আর "মজনু"; তারা তিনজনই মোটরসাইকেলে করে চলাফেরা করতো। অধিকাংশ সময় মোটরসাইকেল চালাতো মজনু, বদি বসতো পিছনে, বাকের ভাই বসতো মাঝে। বাকের ভাইয়ের একটা মুদ্রাদোষ ছিল, সে একটা চেইন হাতের তর্জনিতে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচাতো, আবার উল্টোদিকে ঘুরিয়ে প্যাঁচ খুলে আবার প্যাঁচাতো। সক্রিয় ডায়লগ না থাকলে প্রায়ই তাকে এরকম করতে দেখা যেত।
বাকের ভাই 'মুনা'কে পছন্দ করতো। মুনা এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে চাকরি করে এবং তার মামা-মামি ও মামাতো ভাই-বোনদের দেখাশোনা করে। মামুন নামে এক চাকুরি সন্ধানী বেকার যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল।[১] বাকের ভাই এলাকার মাস্তান হলেও অধিকাংশ মানুষ তাকে ভালোবাসতো, কারণ সে ছিল সত্যের পূজারী—নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে যেমন কুণ্ঠিত হতো না, তেমনি সমাজের অন্যায়কেও মুখ বুজে মেনে নিত না, নিজের গুন্ডাদের দিয়ে তা কঠোর হস্তে দমন করতো।
ঘটনাপ্রবাহে বাকের ভাই রেবেকা হক নামের এলাকার প্রভাবশালী এক নারীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ঐ নারী তার বাড়িতে অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিলেন, বাকের ভাই তা জানতে পেরে প্রতিবাদ করে। এই প্রভাবশালী নারী তার বাড়িতে কুকুর পালন করতেন বলে বাকের ভাই তাকে 'কুত্তাওয়ালী' বলেন। এরই মধ্যে রাতের অন্ধকারে 'কুত্তাওয়ালীর' দারোয়ান তার বাড়িতে খুন হয়। ফাঁসানোর জন্য এই খুনের দায় দেয়া হয় বাকের ভাইকে; সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয় 'কুত্তাওয়ালী'র সাজানো সাক্ষী, এলাকার নব্য ছিনতাইকারী মতি। যদিও পদে পদে মতির মিথ্যা সাক্ষ্য বাকের ভাইয়ের উকিল ধরিয়ে দিচ্ছিলেন আদালতের কাছে, কিন্তু এদিকে কুত্তাওয়ালী লোভ দেখিয়ে বাকের ভাইয়েরই সাগরেদ বদিকে হাত করে নেয়। বদি নিরুপায় হয়ে আদালতে শপথ করে মিথ্যা সাক্ষ্য দিয়ে বাকের ভাইকে পাকাপোক্তভাবে ফাঁসিয়ে দেয়। আদালত ঐ খুনের দায়ে নির্দোষ বাকের ভাইকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেন। উকিল শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।[২]
আদালতের এই সিদ্ধান্তে যেন মরে যায় মুনার মন। এদিকে মুনার ঘরের সবাইও বিভিন্ন জায়গায় পাড়ি জমান। এই একাকিত্বের দিনে এক ভোরে, আধো অন্ধকারে, চারদিকে যখন ফজরের আযান হচ্ছিল, জেল গেট দিয়ে বাকের ভাইয়ের লাশ বের করে দেয়া হয়। মুনা ছাড়া সেই লাশ গ্রহণ করার মতো কেউ ছিল না। সৎকারের পর মুনা বড় একা হয়ে যায়; তার যেন আর কেউ রইলো না কোথাও। নাটকের নামকে সার্থক করে মুনা ধারাবাহিকের শেষ দৃশ্যে ভোরের আলো-অন্ধকারে ছায়া হয়ে একা প্রান্তরে দাঁড়িয়ে থাকে।
কুশিলব
[সম্পাদনা]নাটকের বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন:
- সুবর্ণা মোস্তফা – মুনা
- আসাদুজ্জামান নূর – বাকের ভাই
- আব্দুল কাদের – বদি
- লুৎফর রহমান জর্জ – মজনু
- মাহফুজ আহমেদ – মতি
- আফসানা মিমি – বকুল[১]
- হুমায়ুন ফরীদি – উকিল
- মোজাম্মেল হোসেন – মুনার মামা
- লাকী এনাম – মুনার মামি[১]
- খায়রুল আলম সবুজ – মামুন[৩]
- তমালিকা কর্মকার – সোমা[১]
- সালেহ আহমেদ – দারোয়ান
- শহীদুজ্জামান সেলিম – ডাক্তার, বকুলের স্বামী
- আবুল খায়ের
- নাজমা আনোয়ার
নির্মাণ
[সম্পাদনা]প্রযোজক ও নির্দেশক বরকত উল্লাহর বর্ণনা অনুযায়ী, এর আগে হুমায়ূন আহমেদের তিনটি ধারাবাহিক (এইসব দিনরাত্রি, বহুব্রীহি ও অয়োময়) অন্যদের প্রযোজনায় প্রচারিত হয়েছিল। একদিন হুমায়ূন আহমেদ তাঁর প্রযোজনায় নাটক করার ইচ্ছা প্রকাশ করেন; তখন তাঁর মাথায় ছিল ভূতের নাটকের ভাবনা। বরকত উল্লাহ নিজের ঘরানা তুলনামূলক গম্ভীর বলে লেখকের কিছু উপন্যাস চেয়ে নেন এবং সেখান থেকে কোথাও কেউ নেই বেছে নেন।[৪]
আসাদুজ্জামান নূরের বর্ণনা অনুযায়ী, হুমায়ূন আহমেদ তাঁকে মামুন ও বাকের ভাই—এই দুই চরিত্রের একটি বেছে নিতে বলেছিলেন। চ্যালেঞ্জ নিতে চেয়ে তিনি বাকের ভাইকেই বেছে নেন। তখন এক খ্যাতিমান প্রযোজক তাঁকে বলেছিলেন, পর্দায় তাঁর চেহারা নরম ও নিষ্পাপ, তাই গুন্ডার চরিত্রে ব্যর্থ হওয়ার ঝুঁকি বেশি। নূর জানান, রংপুরে কলেজজীবনে দেখা এক প্রবীণ, দরিদ্রবান্ধব পরিচিত "গুন্ডা"র আদলে তিনি বাকের ভাইকে গড়ার চেষ্টা করেছিলেন। শুটিংয়ে অন্তত তিনবার রিহার্সাল বাধ্যতামূলক ছিল।[৩] আফসানা মিমি এই ধারাবাহিকের মাধ্যমেই টেলিভিশনে অভিনয় শুরু করেন।[১]
দর্শক জনপ্রিয়তা
[সম্পাদনা]বাংলাদেশ টেলিভিশনে প্রদর্শিত এই ধারাবাহিক এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে, দর্শকরা প্রতিটি পর্ব প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করতেন। ধারাবাহিকের অগ্রগতির সাথে সাথে দর্শকরা বাকের ভাইকে পছন্দ করে ফেলেন এবং তাঁর পক্ষে জনমত গড়ে ওঠে। আসাদুজ্জামান নূর মনে করেন, তৎকালীন স্বৈরশাসনবিরোধী গণতন্ত্রকামী মনোভাব ধারাবাহিকটির জনপ্রিয়তার একটি কারণ হতে পারে; তাঁর ভাষ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে নাটকটি ছিল "এক ঝলক টাটকা বাতাস"।[৩] বাকের ভাইয়ের প্রিয় গান "হাওয়া মে উড়তা যায়ে" এবং মুনার চুলের স্টাইলও তখন জনপ্রিয় হয়ে ওঠে।[১]
বাকের ভাইয়ের ফাঁসির বিরুদ্ধে প্রতিবাদ
[সম্পাদনা]একপর্যায়ে বাকের ভাইয়ের ফাঁসির সম্ভাবনা প্রবল হয়ে ওঠে এবং তাঁর উকিল (চরিত্রে হুমায়ুন ফরীদি) শত চেষ্টা সত্ত্বেও মামলায় কোণঠাসা হয়ে পড়েন। তখন দর্শকরা প্রতিবাদমুখর হয়ে রাস্তায় নেমে আসে। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মিছিল, দেয়াল লিখন ও সমাবেশ হয়,[৫][৬] এবং লোকজন স্লোগান দিতে থাকে:
বাকের ভাইয়ের ফাঁসি কেন, কুত্তাওয়ালী জবাব চাই
কিংবা,
ভোরের কাগজের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবাদকারীদের হাতে ব্যানার ও পোস্টার ছিল।[৮] যমুনা টিভির এক প্রতিবেদন অনুযায়ী, হুমায়ূন আহমেদের বাসায় প্রায় আটশ চিঠি আসে এবং ফোনে হুমকিও দেওয়া হয়।[৯] নাট্যকার ও প্রযোজককে রমনা থানায় নিরাপত্তা চাইতে হয়েছিল।[৪] ফাঁসি বন্ধের জন্য উপরের মহল থেকেও একাধিক অনুরোধ আসে বলে জানা যায়।[১০]
এসব খবর সমসাময়িক পত্র-পত্রিকায় গুরুত্বের সাথে প্রকাশিত হয়। শেষ পর্ব প্রচারের আগের দিন একটি সংবাদমাধ্যমে "আজ বাকেরের ফাঁসি" শিরোনামে প্রতিবেদন ছাপা হয়; তাতে বলা হয়, রাজধানীর কিছু জায়গায় গুজব ছড়িয়েছে যে শেষ পর্যন্ত ফাঁসি হবে না, কিন্তু রাতে সম্পাদনায় ব্যস্ত প্রযোজক বরকত উল্লাহ ফোনে বলেছেন, ফাঁসি হবেই—তবে শেষ পর্বে চমক থাকবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, নাট্যকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।[২] অনেকেই ভেবেছিলেন, জনমতের চাপে লেখক হয়তো গল্পের মোড় ঘুরিয়ে দেবেন। কিন্তু হুমায়ূন আহমেদ তা করেননি; তিনি ধারাবাহিকটিকে তার যথাবিহিত পরিণতিতেই পৌঁছে দেন, এবং দর্শকদের তুমুল আবেগ ও সমর্থন সত্ত্বেও বাকের ভাইয়ের ফাঁসি হয়।
বিবিসির মৃত্যু-প্রতিবেদনে বলা হয়, চিঠি ও আবেদনের মাধ্যমে লেখককে বাকের ভাইকে না মারার অনুরোধ জানানো হয়েছিল। এই জনউন্মাদনায় হুমায়ূন আহমেদ নিজেও বিস্মিত হয়েছিলেন; তিনি বিবিসিকে বলেছিলেন, বাস্তবে বহু মানুষ বিনা কারণে ফাঁসিতে ঝোলে বা পথের ধারে মরে, তা নিয়ে তেমন মাথাব্যথা নেই, অথচ একটি কাল্পনিক চরিত্রের ফাঁসিতে জনতা ক্ষেপে উঠেছে।[১১]
শেষ পর্ব ১৯৯৩ সালের সেপ্টেম্বরে প্রচারিত হয়। সূত্রভেদে তারিখ ভিন্ন: প্রথম আলো হুমায়ূন আহমেদের একটি আত্মজৈবনিক বইয়ের বরাতে ২৪ সেপ্টেম্বর,[২] যুগান্তর ২১ সেপ্টেম্বর,[১২] এবং যমুনা টিভি ২২ সেপ্টেম্বর উল্লেখ করেছে।[১৩]
প্রভাব
[সম্পাদনা]ধারাবাহিকটির তুমুল জনপ্রিয়তার ছায়া পড়ে বাকের ভাই চরিত্রের অভিনেতা আসাদুজ্জামান নূর-এর জীবনেও; এর পর থেকে তিনি "বাকের ভাই" হিসেবেই সমাদৃত হন। তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হলে নীলফামারীতে বাকের ভাইয়ের নাম ধরেই তাঁর জন্য ভোট চাওয়া হয়েছিল।[৫] নূর নিজে বলেছেন, ভক্তরা ভালোবেসে তাঁকে "বাকের ভাই" ডাকেন এবং এটি তাঁর জীবনের অংশ হয়ে গেছে।[৩] ধারাবাহিকটির আবহ সংগীতও দর্শকমহলে বিশেষ জনপ্রিয়তা পায় এবং আলাদা ক্যাসেটে বিক্রি হয়।টেমপ্লেট:উৎস প্রয়োজন
প্রচার শেষ হওয়ার তিন দশকেরও বেশি পর আজও নাটকটির বিভিন্ন দৃশ্য ও সংলাপ ছোট ভিডিওর মাধ্যমে বারবার ফিরে আসে। বিটিভির ইউটিউব চ্যানেলে এর সব পর্ব রয়েছে।[২] ২০১৭ সালের ডিসেম্বরে বিটিভি ইউটিউব চ্যানেল চালুর সময় প্রাথমিকভাবে যেসব ধারাবাহিক যুক্ত হচ্ছিল, তার মধ্যে এটি ছিল।[৪]
পুনঃপ্রচার
[সম্পাদনা]দর্শক জনপ্রিয়তার কথা বিবেচনায় ধারাবাহিকটি বিটিভিতে পুনঃপ্রচারের উদ্যোগ নেওয়া হয়।[১৪] তবে নাটকটির ক্যাসেট খুঁজে পাওয়া না যাওয়ায় ২০১৩ সাল পর্যন্ত এটি প্রচার করা যায়নি। ২০১৩ সালে বিটিভির মহাপরিচালক ম. হামিদের উদ্যোগে হারিয়ে যাওয়া সেই ইউম্যাটিক ক্যাসেট খুঁজে বের করে তা ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করা হয়। ৮ এপ্রিল সোমবার থেকে বিটিভিতে নব্বইয়ের দশকের এই জনপ্রিয় ধারাবাহিকটি আবার প্রচারিত হতে থাকে।
কোভিড-১৯ অতিমারির সময় ২০২০ সালের ৬ এপ্রিল থেকে বিটিভি ধারাবাহিকটি আবার প্রচার শুরু করে। পুনঃপ্রচারের পর বাকের ভাইয়ের নাম আবার মানুষের মুখে মুখে ফেরে এবং নাটকের বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।[১]
বাকের ভাইয়ের ফেরা
[সম্পাদনা]নাটকটির তুমুল জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে নির্মাতা রেদোয়ান রনি সাত পর্বের একটি মিনি-ধারাবাহিক নির্মাণ করেন। এর কাহিনী কোথাও কেউ নেই-এর পর থেকেই শুরু বলা যায়। এখানে হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র হিমু মুনাকে কথা দেয় সে বাকের ভাইকে খুঁজে বের করবে। ঘটনাপ্রবাহে একদিন সত্যি সত্যিই বাকের ভাইয়ের সাথে হিমুর দেখা হয়, আর বাকের ভাই তখন তার সব কষ্ট উজাড় করে দেন। এতে হিমু চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম, এবং মুনা ও বাকের ভাই চরিত্রে যথাক্রমে সুবর্ণা মোস্তফা ও আসাদুজ্জামান নূর। ২০১০ খ্রিষ্টাব্দের ঈদুল ফিতরে ধারাবাহিকটি দেশ টিভিতে প্রচারিত হয়।[১৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 8 Rahman, Afnan (২৪ জুন ২০২০)। "Kothao Keu Nei remains ageless"। নিউ এজ। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- 1 2 3 4 "সেদিন 'কোথাও কেউ নেই'–এর শেষ পর্বকে ঘিরে কী হয়েছিল"। প্রথম আলো। ২৪ সেপ্টেম্বর ২০২৬। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- 1 2 3 4 Adnin, Nazia (৩০ অক্টোবর ২০১৯)। "Asaduzzaman Noor: When we made Kothao Keu Nei, we didn't realize it would be so widely accepted"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- 1 2 3 আহমেদ, হাসান (২৩ ডিসেম্বর ২০১৭)। "'হুমায়ূনের 'কোথাও কেউ নেই' আমি বাছাই করেছিলাম'"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- 1 2 3 বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে : এই ইতিহাসের জনক হুমায়ূন আহমেদ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], মোঃ শাহ পরান ছিদ্দিকী (তারেক), VNewsBD.com। প্রকাশকাল: জুলাই ২২, ২০১২ খ্রিস্টাব্দ। সংগ্রহের তারিখ: ২৫ জুলাই ২০১২ খ্রিস্টাব্দ।
- ↑ "৭১তম জন্মদিনে হুমায়ূন আহমেদ"। দ্য ডেইলি স্টার (বাংলা)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- ↑ "যেভাবে বাকের ভাই হয়ে উঠেন আসাদুজ্জামান নূর"। ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- ↑ "যেভাবে বাকের ভাই হয়ে উঠেন আসাদুজ্জামান নূর"। ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- ↑ "আজ বাকের ভাইয়ের ফাঁসি"। যমুনা টেলিভিশন। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- ↑ দত্ত, বিনয়। "হুমায়ূন আহমেদের নাটকের দ্যোতক রূপ"। দ্য ডেইলি স্টার (বাংলা)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- ↑ "Bangladesh's most enduring storyteller"। বিবিসি নিউজ। জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- ↑ "আসাদুজ্জামান নূর যেভাবে বাকের ভাই হয়ে উঠেন!"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- ↑ "আজ বাকের ভাইয়ের ফাঁসি"। যমুনা টেলিভিশন। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৬।
- ↑ বিনোদন: বিটিভিতে আবার ‘বাকের ভাই’ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ এপ্রিল ২০১৩ তারিখে, বিনোদন প্রতিবেদক, আমাদের বরিশাল, AmaderBarisal.com। প্রকাশকাল: এপ্রিল ৭, ২০১৩ খ্রিস্টাব্দ।
- ↑ বিনোদন: বাকের ভাই-হিমু মুখোমুখি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০৩-২৬ তারিখে, বিনোদন প্রতিবেদক, দৈনিক প্রথম আলো। প্রকাশকাল: ৩০ জুলাই ২০১০ খ্রিস্টাব্দ। সংগ্রহের তারিখ: ২৫ জুলাই ২০১২ খ্রিস্টাব্দ।