লিয়ন ম্যাক্স লেডারম্যান
লিয়ন ম্যাক্স লেডারম্যান (জন্ম: ১৫ই জুলাই, ১৯২২) মার্কিন পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী। তিনি নিউট্রিনো নিয়ে উল্লেখযোগ্য গবেষণার জন্য ১৯৮৮ সালে মেলভিন শোয়ার্জ ও জ্যাক স্টাইনবার্গারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি এক সময় ইলিনয়ের বাটাভিয়াতে অবস্থিত ফার্মি ন্যাশনাল এক্সিলারেটর ল্যাবরেটরিতে এমিরেটাস অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
জীবন ও কর্ম [সম্পাদনা]
লেডারম্যান সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে ১৯৪৩ সালে বিএস পাশ করেছেন। পদার্থবিজ্ঞানে পিএইচডি করেছেন নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে, ১৯৫১ সালে। এই বছরই কলাম্বিয়া ইউনিভার্সিটির অনুষদে যোগ দেন এবং ১৯৫৮ সালে পূর্ণ অধ্যাপক হন। ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ফার্মিল্যাবের পরিচালকের দায়িত্ব পালন করেন।
১৯৬০ থেকে ১৯৬২, এই তিন বছর লেডারম্যান কলাম্বিয়াতে তার সহ গবেষক শোয়ার্জ ও স্টাইনবার্গারকে সাথে নিয়ে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত "ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরিতে" একটি গুরুত্ব পূর্ণ গবেষণা করেন। সেখানে একটি ত্বরক যন্ত্র ব্যবহার করে তারা ইতিহাসে প্রথমবারের মত গবেষণাগারে কৃত্রিমভাবে নিউট্রিনো রশ্মি উৎপাদন করেছিলেন। নিউট্রিরো এক ধরণের অতিআণবিক কণা যার কোন নির্ণয়যোগ্য ভর ও আধান নেই এবং যা আলোর বেগে চলাচল করে। তাদের নিউট্রিনো রশ্মি উদ্ভাবনের সময় সবাই জানতেন, নিউট্রিনো কোন পদার্থের সাথে মিথস্ক্রিয়া করে তখন হয় ইলেকট্রন নয়তো মিউয়ন নামক ইলেকট্রনের মত অন্য একটি কণা উৎপন্ন হয়। এ থেকে অনেকে ধারণা করেছিলেন দুই ধরণের নিউট্রিনো আছে যদিও তা তখন পর্যন্ত প্রমাণিত হয়নি। ব্রুকহ্যাভেনে এই তিন বিজ্ঞানী মিলে আবিষ্কার করলেন, যে নিউট্রিনোর আঘাতে পদার্থ থেকে মিউয়ন নির্গত হওয়া তা আসলেই ভিন্ন ধরণের। তারা এই নিউট্রিনোর নাম দেন "মিউয়ন নিউট্রিনো"।
এই আবিষ্কারটি যুগান্তকারী ছিল। কারণ এর পরই অতিআণবিক কণার অনেকগুলো পরিবার সনাক্ত করা হয় এবং তাদের মধ্যে শ্রেণীবিন্যাস করা সম্ভব হয়। আর এর ফলশ্রুতিতেই এক সময় প্রমিত মডেলের বিকাশ ঘটে যা দিয়ে সকল ধরণের মৌলিক কণার শ্রেণীবিন্যাস করা হয়।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: লিয়ন ম্যাক্স লেডারম্যান |