মৃত্যুঞ্জয়ী মুজিব
| মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল, ইসলামী বিশ্ববিদ্যালয় | |
|---|---|
মৃত্যুঞ্জয়ী মুজিব | |
![]() | |
| সাধারণ তথ্যাবলী | |
| স্থাপত্যশৈলী | মুজিব ম্যুরাল |
| অবস্থান | ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুষ্টিয়া জেলা |
| দেশ | বাংলাদেশ |
| উদ্বোধন | ৭ জানুয়ারি, ২০১৮ |
| নির্মাণব্যয় | ৩৭ লক্ষ টাকা |
| স্বত্বাধিকারী | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ |
| উচ্চতা | ৫০ ফুট (১৫.২৪ মিটার) |
| কারিগরি বিবরণ | |
| উপাদান | মূল ম্যুরাল: রড, সিমেন্ট, পাথর দেয়াল-বেদী: খোদাই করা পাথর, উন্নত টাইলস |
| তলার সংখ্যা | ৩ টা সিঁড়ি |
| নকশা ও নির্মাণ | |
| স্থপতি | কনক কুমার পাঠক |
| অবকাঠামোবিদ | আলিমুজ্জামান টুটুল , |
| পরিচিতি |
|
মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরনার্থে নির্মিত একটি উল্লেখযোগ্য ম্যুরাল বা প্রতিকৃতি দেয়াল চিত্র।[১][২] ম্যুরালটি ২০১৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রধান ফটকের সামনে নির্মাণ করা হয়।[৩] ২০২০ সালে এই ম্যুরালটির শব্দগুচ্ছ মৃত্যুঞ্জয়ী মুজিব গুগলে সার্চের শীর্ষস্থানে ছিলো।[৪] বর্তমানে এটি কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের অন্যতম পর্যটনস্থল।[১] এটি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সর্ববৃহৎ এবং সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরাল।[৫][৬] ২০২৪ এর অসহযোগ আন্দোলনের ফলে ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাতুড়ি দিয়ে ম্যুরাল ভাঙার চেষ্টা করে এবং পরের দিন বুলডোজার দিয়ে ম্যুরাল ভেঙে ফেলা হয়।[৭][৮]
ইতিহাস
[সম্পাদনা]ম্যুরালটির পরিকল্পনা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারী। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী জালাল উদ্দীন তুহিন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ অর্থায়নে এটি স্থাপন করা হয়। এটি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে নির্মিত প্রথম শেখ মুজিবুর রহমানের মুর্যাল, এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুজিব ম্যুরাল।[১][৯] ম্যুরালটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৩৭ লাখ টাকা।[১০][১১] এই ম্যুরালটির নকশা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল। এবং শৈল্পিক কারুকার্যের রূপ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক কনক কুমার পাঠক। ২০১৮ সালের ৭ জানুয়ারি ম্যুরালটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
ইবি শাখা ছাত্রলীগ ২০২৩ সালে ভাস্কর্যটি পরিস্কার-পরিচ্ছন্ন করে একবার প্রশংসিত হয়েছিলো।[১২] এছাড়াও ক্যাম্পাসের একদল শিক্ষার্থীরা ফ্ল্যাশমব করার সময় ভাস্কর্যের উপরে জুতা পায়ে উঠে সমালোচনার স্বীকার হন।[১৩] ২০২৫ সালের ১৩ এপ্রিল সলিডিটারি উইথ প্যালেস্টাইনের উদ্যোগে মার্চ ফর গাজা প্রোগ্রামের মধ্যে ভাঙ্গা ম্যুরালকে ফিলিস্তিনের পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়।[১৪]
অবস্থান
[সম্পাদনা]মৃত্যুঞ্জয়ী মুজিব কুষ্টিয়া জেলায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ পথেই অবস্থিত।[১৫] প্রধান ফটক দিয়ে প্রবেশ করে ম্যুরালটির ডানপাশে অবস্থিত মুক্তবাংলা ভাস্কর্য এবং বামপাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধ স্থাপনা। ম্যুরালের দুই পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা চলে গিয়েছে, এবং ম্যুরালের পিছনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্তর। ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা অনুসারে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের অবস্থান ২৩.৪৩২১৯° উত্তর ৮৯.০৯১২৩° পূর্ব।[১৬]
আকার
[সম্পাদনা]মৃত্যুঞ্জয়ী মুজিব মূল স্থাপনার দৈর্ঘ্য সিঁড়িসহ ৫০ ফুট এবং প্রস্থ ৩৮ ফুট এবং স্থাপনা বেদির উচ্চতা ৫ ফুট। বেদির ওপর নির্মিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির দৈর্ঘ্য ২৬ ফুট এবং প্রস্থ ১৭ ফুট। মূল প্রতিকৃতিটি রড, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। মূল বেদিতে উঠতে এর তিনটি সিঁড়ি রয়েছে এবং স্থাপনার তিন দিকে চলাফেরার জন্য অতিরিক্ত ১৫ ফুট করে চওড়া জায়গা রয়েছে।
শেখ মুজিবুর রহমানের মূল প্রতিকৃতির ডানপাশে ৪ ফুট চওড়া ও ২০ ফুট উচ্চতার একটি দেয়াল রয়েছে। দেয়াল চিত্রটি খোদাই করা পাথর ও টাইলস দিয়ে তৈরি করা হয়েছে।[৫] এছাড়া বেদিসহ অন্যান্য জায়গাগুলো উন্নতমানের টাইলস স্থাপন করা হয়েছে। দেয়ালে শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরিত একটি ইংরেজি বাণী লিপিবদ্ধ করা। এই বাণীর ঠিক নিচেই রয়েছে বাংলায় অনুবাদ।[৪]
স্থাপত্য তাৎপর্য
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই ভাস্কর্যটি নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রগতিশীলতা চর্চা বৃদ্ধি পাবে।[১৭][১৮] এবং তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে জাতির পিতার আদর্শ সঞ্চারিত করতে ভূমিকা রাখবে এই ভাস্কর্যটি।[১০] এটি সকল শিক্ষার্থীদের মাঝে অসাম্প্রদায়িক চেতনাকে উদ্বুদ্ধ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এই ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে থাকে।[১৯][২০][২১]
এছাড়াও এই স্থাপনাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়।[২২] বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষ্ঠানগুলো অনেক সময় এখানে অনুষ্ঠিত হয়ে থাকে, শিক্ষার্থীরা অবসর সময়ে এখানে বসে গল্প ও আড্ডা দিয়ে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের দাবী জানানোর জন্যও এই স্থানটি অত্যন্ত জনপ্রিয়।[২৩][২৪] এটি কুষ্টিয়া জেলা ও ঝিনাইদহ জেলার অন্যতম পর্যটনস্থলে পরিণত হয়েছে।
দেয়াল চিত্র
[সম্পাদনা]ম্যুরালটির ডানপাশে একটি দেয়ালচিত্র রয়েছে, যেখানে শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত ইংরেজিতে লেখা একটি বানী দেওয়া আছে, এর নিচেই লেখার বাংলায় অনুবাদ করা আছে, বাংলায় অনুবাদিত বানীটি হচ্ছে,
একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তা আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পত্তির উৎস ভালোবাসা। অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।
ভেঙ্গে ফেলা
[সম্পাদনা]কোটা আন্দোলনকর্মীদের সরকার পদত্যাগের অসহযোগ আন্দোলনের ফলে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে।[২৫] এরপরে ছাত্র জনতা ক্ষিপ্ত শেখ হাসিনার পিতার স্মৃতিচিহ্ন ভেঙ্গে ফেলা হয়।[৭] শেখ হাসিনা পলায়নের পরপরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাতুড়ি দিয়ে ম্যুরাল ভাঙার চেষ্টা করে। এরপরে ৬ আগস্ট ম্যুরালের পাদদেশ, নাম ফলকসহ ম্যুরালের বিভিন্ন অংশ হাতুড়ি ও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।[৮]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইবির অনন্য স্থাপনা 'মৃত্যুঞ্জয়ী মুজিব'"। Odhikar। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ মাথিয়া, ঐশী (৫ নভেম্বর ২০১৯)। "একাত্তরের চেতনায় 'মৃত্যুঞ্জয়ী মুজিব'"। Risingbd Online Bangla News Portal। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "ইবিতে স্থাপিত হলো বঙ্গবন্ধুর ম্যুরাল মৃত্যুঞ্জয়ী মুজিব"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- 1 2 "'মৃত্যুঞ্জয়ী মুজিব' গুগল সার্চে শীর্ষে"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- 1 2 "ইবিতে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল স্থাপিত | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যুরাল 'মৃত্যুঞ্জয়ী মুজিব'"। www.bd24live.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- 1 2 "ভেঙে ফেলা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ ম্যুরাল"। জাগো নিউজ ২৪.কম। ৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- 1 2 "ইবিতে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধুর তিনটিসহ ৫ ম্যুরাল"। Sarabangla (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ও স্মৃতিস্তম্ভ পরিষ্কার কর্মসূচি"। www.scout.org (ইংরেজি ভাষায়)। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- 1 2 "'মৃত্যুঞ্জয়ী মুজিব' | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "নান্দনিক শিল্পকলার অনন্যনিদর্শন ইবির 'মৃত্যুঞ্জয়ী মুজিব`"। agaminews.com। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ মুতাছিম বিল্লাহ, রিয়াদ (৫ মার্চ ২০২৩)। "'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরাল ধুয়ে মুছে পরিষ্কার করলো ইবি ছাত্রলীগ"। Daily Sokaler Somoy। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৬।
- ↑ "ইবির বঙ্গবন্ধু ম্যুরালে জুতা পায়ে শিক্ষার্থীদের উল্লাস"। দ্য ডেইলি ক্যাম্পাস। ৮ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৬।
- ↑ "সংহতি জানাতে ইবিতে মুজিবের ভাঙা ম্যুরালে ফিলিস্তিনের পতাকা"। amarsangbad.com (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "অবমাননকার মন্তব্যের অভিযোগে সাময়িক বহিষ্কার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "23°43'21.9"N 89°09'12.3"E · শান্তিডাঙ্গা - শেখপাড়া সড়ক, বাংলাদেশ"। গুগল ম্যাপস। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "ইবির পরতে পরতে বঙ্গবন্ধু"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "বঙ্গবন্ধুকে মুছে ফেলার দুঃস্বপ্ন কখনোই সফল হবে না: ইবি উপাচার্য"। Amar Sangbad (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের বঙ্গবন্ধু'র ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন"। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে ইবি শাপলা ফোরামের শ্রদ্ধাঞ্জলি"। ABNEWS24। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ টেলিভিশন, Ekushey TV | একুশে। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ পালিত"। Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "মুজিব বর্ষ উদযাপনে মোদিকে চান না ইবি শিক্ষার্থীরা"। RTV Online (ইংরেজি ভাষায়)। ২৯ ফেব্রুয়ারি ২০২০। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "'আমাদেরকে নিয়ে পিলো পাসিং খেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন' : ইবি শিক্ষার্থীরা"। Daily Nayadiganta। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "ইবিতে শিক্ষককে লাঞ্ছনা, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ"। banglanews24.com। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "পালিয়েছেন হাসিনা"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
