উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধ/৬
বাংলা ভাষা আন্দোলন ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত পাকিস্তানের তৎকালীন প্রদেশ পূর্ববঙ্গে (১৯৫৬ সালের পর পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে মাতৃভাষা বাংলাকে ঘিরে প্রদেশে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে দেশটির অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ শাসিত ভারত বিভাজিত হয়ে পাকিস্তান অধিরাজ্য ও ভারত অধিরাজ্যের উদ্ভব হয়। পাকিস্তানের ছিল দুটি অঞ্চল: পূর্ব পাকিস্তান তথা পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান। ১৯৪৮ সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘটনার প্রেক্ষাপটে পূর্ব বাংলায় অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয় ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কার্যত পূর্ববঙ্গের বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ মাতৃভাষা বাংলার সম-মর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। (বাকি অংশ পড়ুন...)