আলফ্রেদ নোবেল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| Alfred Nobel | |
|---|---|
| জন্ম | অক্টোবর ২১, ১৮৩৩ স্টকহোম, সুইডেন |
| মৃত্যু | ডিসেম্বর ১০, ১৮৯৬ সানরেমো, ইতালি |
| কাজ | কেমিস্ট, ইঞ্জিনিয়ার, ইনোভেটর, আর্নামেন্ট প্রস্তুতকারক এবং ডায়নামাইটের ইনভেন্টর। |
আলফ্রেড বের্নহার্ড নোবেল (সুয়েডীয় Alfred Nobel আল্ফ্রেএদ্ বের্ন্হাড্ নোবেল্) একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়ও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান Bofors এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫৫ টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদাণ করা।
[সম্পাদনা] জীবনপঞ্জি
- ১৮৩৩ - সুইডেনের রাজধানী স্টকহোমে আলফ্রেদ নোবেল জন্মগ্রহণ করেন। সে বছরই তার বাবা ইমানুয়েল নোবেল দেউলিয়া হন।
- ১৮৩৭ - ইমানুয়েল নোবেল স্টকহোমে তার পরিবার রেখে প্রথমে ফিনল্যান্ড এবং পরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যান ভাগ্যের সন্ধানে। সেন্ট পিটার্সবার্গে একটি মেকানিক্যাল ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন।
- ১৮৪২ - পরিবারের সবাইকে সেন্ট পিটার্সবার্গে নিয়ে আসেন ইমানুয়েল।
- ১৮৫০-১৮৫২ - আলফ্রেদ নোবেল ফ্রান্সের পারি গিয়ে T. Jules Pelouze গবেষণাগারে কাজ করেন কিছুদিন। জার্মানি, ইতালি এবং যুক্তরাষ্ট্রেও ভ্রমণ করেন।
- ১৮৫৩-১৮৫৬ - ক্রিমিয়ার যুদ্ধের সূচনা। যুদ্ধের প্রথম দিকে নোবেল কোম্পানি অনেক সমৃদ্ধি অর্জন করে, কিন্তু যুদ্ধ শেষে যখন রুশ সামরিক বাহিনী অর্ডার উঠিয়ে নেয়া তখন দেউলিয়া হয়ে যায়। আলফ্রেদ নোবেল মরিয়া হয়ে নতুন পণ্য উৎপাদনের চেষ্টা করতে থাকেন। তার রসায়ন শিক্ষক নিকোলাই এন. জিনিন তাকে নাইট্রোগ্লিসারিন এর কথা মনে করিয়ে দেন।
- ১৮৬২ - নোবেল নাইট্রোগ্লিসারিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।
- ১৮৬৩ - নোবেল তার প্রথম নাইট্রোগ্লিসারিন-জাত পণ্যের পেটেন্ট করেন। একে ইংরেজিতে বলা হচ্ছিল "blasting oil", এটি এক ধরণের বিস্ফোরক। এরপর "ব্লাস্টিং ক্যাপ" নামক একটি ব্যবস্থা উদ্ভাবন করেন যা নাইট্রোগ্লিসারিন বিস্ফোরণের ট্রিগার হিসেবে কাজ করবে। এ সময়ই তিনি স্টকহোমে চলে আসেন এবং এখানেই গবেষণা চালিয়ে যান।
- ১৮৬৪ - স্টকহোমের হেলেনেবোর্গে নাইট্রোগ্লিসারিন প্রস্তুতির সময় বিস্ফোরণে আলফ্রেড নোবেলের ভাই এমিল মারা যায়। নোবেল পরীক্ষা চালিয়ে যান এবং স্টকহোমে "নাইট্রোগ্লিসারিন এবি" নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেন।
- ১৮৬৫ - নোবেল তার ব্লাস্টিং ক্যাপ নকশাটির আরও উন্নতি সাধন করেন। সুইডের থেকে জার্মানি চলে এসে হামবুর্গ শহরের নিকটে ক্রুমেল নামক স্থানে "আলফ্রেড নোবেল অ্যান্ড কোম্পানি" কারখানাটি নির্মাণ করেন।
- ১৮৬৬ - নোবেল যুক্তরাষ্ট্রে "ইউনাইটডে স্টেটস ব্লাস্টিং অয়েল কোম্পানি" প্রতিষ্ঠা করেন। একটি ভয়াবহ বিস্ফোরণে ক্রুমেলের কারখানাটি ধ্বংস হয়ে যায়। এলবে নদীতে একটি ভেলা ভাসিয়ে তাতে নোবেল নাইট্রোগ্লিসারিন বিস্ফোরককে আরও নিরাপদ করার চেষ্টা চালিয়ে যান। এ সময়ই তিনি বুঝতে পারেন, নাইট্রোগ্লিসারিনের সাথে kieselguhr (সিলিকনের মত অধঃক্ষেপ, ডায়াটোমেশাস মাটি হিসেবেও পরিচিত) মেশালে তা স্থিত হয়। এই নতুন মিশ্র বিস্ফোরকের নাম দেন ডায়নামাইট।
- ১৮৬৭ - ডায়নামাইটের জন্য পেটেন্ট অর্জন করেন।
- ১৮৭১ - নোবেল স্কটল্যান্ডের আর্ডিয়ারে "ব্রিটিশ ডায়নামাইট কোম্পানি" প্রতিষ্ঠা করেন। ১৮৭৭ সালে এই কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল "নোবেল'স এক্সপ্লোসিভ কোম্পানি"।
- ১৮৭২ - আলফ্রেড নোবেলের বাবা ইমানুয়েল মৃত্যুবরণ করেন।
- ১৮৭৩ - ৪০ বছর বয়সে নোবেল প্রভূত সম্পত্তির অধিকারী হন। পারি (প্যারিস) গিয়ে Malakoff এভিনিউ এ থিতু হন। একই বছর আর্ডিয়ারের কারখানায় নাইট্রোগ্লিসারিন ও ডায়নামাইট উৎপাদন শুরু হয়।
- ১৮৭৫ - নোবেল "blasting gelatine" উদ্ভাবন করে পরের বছর পেটেন্ট করেন। ফ্রান্সের পারিতে "Société Générale pour la Fabrication de la Dynamite" প্রতিষ্ঠা করেন।
- ১৮৭৬ - জার্মানির হামবুর্গে আলফ্রেড নোবেল অ্যান্ড কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় Dynamitaktiengesellschaft (DAG). নোবেল একজন ব্যক্তিগত সচিব ও গৃহপরিচারিকা খুঁজতে শুরু করেন। এ সময় তার সাথে Bertha Kinsky von Chinic und Tettau এর পরিচয় হয় এবং তাকেই ব্যক্তিগত সচিব হিসেবে পছন্দ করেন। কিন্তু কিছুদিন পরেই তিনি নোবেলের চাকরি ছেড়ে দিয়ে শান্তি আন্দোলন শুরু করেন। এই নারীকেই আমরা বের্থা ফন সুটনার নামে চিনি যিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
- ১৮৮০ - নোবেলের ইতালীয় এবং সুইজারল্যান্ডীয় কোম্পানি একত্রিত করে "ডায়নামাইট নোবেল" গঠন করা হয়।
- ১৮৮১ - পারি-র বাইরে Sevran-এ নোবেল জমি ও একটি গবেষণাগার ক্রয় করেন।
- ১৮৮৫ - DAG এবং জার্মানির আরও কিছু ডায়নামাইট কোম্পানি একত্রিত করে "জার্মান ইউনিয়ন" প্রতিষ্ঠা করা হয়।
- ১৮৮৬ - DAG এবং নোবেল'স এক্সপ্লোসিভ কোম্পানি একত্রিত করে যুক্তরাজ্যের লন্ডনে "নোবেল-ডায়নামাইট ট্রাস্ট কোম্পানি" প্রতিষ্ঠিত হয়।
- ১৮৮৭ - বিস্ফোরক পাউডার "ballistite" উদ্ভাবনের জন্য ফ্রান্সে পেটেন্ট লাভ করেন নোবেল।
- ১৮৮৯ - নোবেলের মা Andriette মৃত্যুবরণ করেন।
- ১৮৯১ - ব্যালিস্টাইট নিয়ে ফরাসি সরকারের সাথে বিতর্কের পর আলফ্রেদ নোবেল পারি ত্যাগ করে ইতালির সান রেমো-তে বসবাস শুরু করেন।
- ১৮৯৩ - নোবেল Ragnar Sohlman কে নিয়োগ করেন যাকে পরবর্তীতে তিনি তার উইল এবং টেস্টামেন্ট এর প্রয়োগকর্তা হিসেবে আখ্যায়িত করেছিলেন।
- ১৮৯৪ - আলফ্রেড নোবেল সুইডেনের Karlskoga-তে একটি ছোট মেশিন-ওয়ার্কস এবং একটি বাড়ি ক্রয় করেন।
- ১৮৯৫ - পারি-র সুয়েডীয়-নরওয়েজীয় ক্লাবে নোবেলের তৃতীয় এবং শেষ উইল স্বাক্ষরিত হয়।
- ১৮৯৬ - ১০ ডিসেম্বর নোবেল তার সান রেমো-র বাড়িতে মৃত্যুবরণ করেন।[১]
[সম্পাদনা] আরো দেখুন
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Alfred Nobel Timeline - nobelprize.org
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |