বিষয়বস্তুতে চলুন

শফিউল আলম প্রধান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শফিউল আলম প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি
কাজের মেয়াদ
১৯৮০  ২০১৭
পূর্বসূরীপদ স্থাপিত
উত্তরসূরীরেহানা প্রধান
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
কাজের মেয়াদ
১৯৭৩  ১৯৭৪
পূর্বসূরীএম এ রশিদ
উত্তরসূরীমোস্তফা জালাল মহিউদ্দিন
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জানুয়ারি ১৯৪৯
দিনাজপুর জেলা, পূর্ববঙ্গ, পাকিস্তান অধিরাজ্য (বর্তমানে পঞ্চগড় জেলা, বাংলাদেশ)
মৃত্যু২১ মে ২০১৭(2017-05-21) (বয়স ৬৮)
ঢাকা, বাংলাদেশ
সমাধিস্থলবনানী কবরস্থান
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলজাতীয় গণতান্ত্রিক পার্টি
অন্যান্য
রাজনৈতিক দল
জাতীয় পার্টি
দাম্পত্য সঙ্গীরেহানা প্রধান
সন্তানতাসমিয়া প্রধান (কন্যা)
আল রাশেদ প্রধান (পুত্র)
পিতামাতাগমির উদ্দিন প্রধান (পিতা)
শামসুন নাহার প্রধান (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীসিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়

শফিউল আলম প্রধান স্বাধীনতা-পূর্ব যুগের একজন ছাত্রনেতা এবং একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

শফিউল আলম প্রধান ১ জানুয়ারি ১৯৪৯ সালে পাকিস্তান অধিরাজ্যের পূর্ববঙ্গের দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার তোকরাভাষা গ্রামে (বর্তমানে বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে অবস্থিত) জন্মগ্রহণ করেন। তার বাবা গমির উদ্দিন প্রধান একজন রাজনীতিবিদ ছিলেন। শফিউল ঢাকার সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ম্যাট্রিক পর্যন্ত লেখাপড়া করেন।[]

সক্রিয়কর্ম ও রাজনীতি

[সম্পাদনা]

সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার পর তিনি শেখ বোরহানুদ্দীন কলেজ ভর্তি হন এবং সেখানে তিনি ছাত্ররাজনীতি শুরু করেন। সেখানে তিনি ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখানে সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন। স্নাতক অধ্যয়নকালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগে যোগ দেন। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয়কর্মী হিসেবে অংশগ্রহণ করেন এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগ দেন।[][] বাংলাদেশের স্বাধীনতার পর তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের উত্তরসূরি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[] ৩০ মার্চ ১৯৭৪ সালে তিনি ও বাংলাদেশ ছাত্রলীগের উপসভাপতি ইসমত কাদের গামা দুর্নীতিবাজদের নামের একটি তালিকা ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত প্রকাশ্য জনসভায় প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট দাবি করে এবং সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ছাত্রনেতারা ২৯ এপ্রিলে পল্টন ময়দানে আয়োজিত গণবৈঠকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করবে বলে জানানো হয়েছিল।[] কিন্তু তার আগেই ৭ এপ্রিল ১৯৭৪ সালে ঢাবিতে সাত খুনের ঘটনায় শফিউল আলম প্রধানকে অভিযুক্ত করে সাধারণ সম্পাদকের পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয় এবং তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছিল। তবে ১৯৭৭ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় আসার পর তিনি মুক্তি পেয়ে যান।[] তারপর ৬ এপ্রিল ১৯৮০ সালে তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গড়ে তুলেন এবং পরবর্তীতে বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক ইস্যুতে তিনি আন্দোলনের মাধ্যমে সরব ছিলেন।[] সর্বশেষ ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর-৩ আসনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

শফিউল আলম প্রধানের স্ত্রী রেহানা প্রধান শিক্ষাজীবনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরবর্তীতে লালমাটিয়া মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি জাগপার দ্বিতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৮ সালে মৃত্যুবরণ করেন।[] তার কন্যা তাসমিয়া প্রধান জাগপার বর্তমান তথা তৃতীয় সভাপতি ও একজন ব্যারিস্টার এবং তার পুত্র আল রাশেদ প্রধান দলটির বর্তমান সহ-সভাপতি ও পেশায় প্রকৌশলী।[]

মৃত্যু

[সম্পাদনা]

শফিউল আলম প্রধান ২১ মে ২০১৭ সালে ঢাকার আসাদ গেট এলাকায় অবস্থিত বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[] মৃত্যুর পরের দিন তাকে ঢাকার বনানী কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী আজ"দৈনিক ইনকিলাব। ২১ মে ২০২৫।
  2. 1 2 3 4 "শফিউল আলম প্রধানের ইন্তেকাল"। ঢাকা। দৈনিক ইনকিলাব। ২২ মে ২০১৭। ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮
  3. "BCL will fight for Bangobandhu's ideals Movement against Neo-exploiting class"। বাংলাদেশ অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ১৯৭৪। পৃ. ১।
  4. সানি, সোহেল (৫ জানুয়ারি ২০২১)। "ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকরা কে কোথায়"সময়ের আলো
  5. "দিনাজপুর-৩"প্রথম আলো। ৭ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  6. "জাগপা সভানেত্রী রেহানা প্রধানের মৃত্যু"বিডিনিউজ২৪.কম। ২২ অক্টোবর ২০১৮।
  7. ইসলাম, শহীদুল (২৪ ডিসেম্বর ২০১৮)। "পঞ্চগড়ে আলোচনায় হুক্কা"দেশ রূপান্তর
  8. "বনানী কবরস্থানে সমাহিত শফিউল আলম প্রধান"বিডিনিউজ২৪.কম। ২২ মে ২০১৭।

আরও পড়ুন

[সম্পাদনা]