মঞ্জুষা কানওয়ার (জন্ম ২০শে মার্চ ১৯৭১, জন্ম নাম মঞ্জুষা পাভাঙ্গদকর ) হলেন একজন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি নতুন দিল্লিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের[১] ক্রীড়া বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিনি দিল্লি দলের কোচ হিসেবে ২০১৮ - ২০ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের অংশ ছিলেন। একজন খেলোয়াড় হিসেবে তাঁর কৃতিত্ব এবং খেলাধুলার প্রচারের জন্য তাঁর কাজ, উভয়ের জন্য তাঁকে ২০২০ সালে ফিকি (এফআই সিসিআই) আজীবন সম্মাননা পুরস্কার[২] (লাইফ টাইম অ্যাচিভমেন্ট) দিয়ে সম্মানিত করা হয়েছিল।
মঞ্জুষা কানওয়ার ১৯৯১ সালে প্রথমবারের মতো ভারতে জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০২২ সাল পর্যন্ত আরও নয়টি শিরোপা এরপরে তিনি পেয়েছেন। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে দলগত বিভাগে ব্রোঞ্জ পদক বিজয়ী,[৩] তিনি সেখানে একক এবং দ্বৈত উভয় বিভাগেই খেলেছিলেন। ২০০৪ সালের দক্ষিণ এশিয়ান গেমসে তিনি একক বিভাগে স্বর্ণপদক পেয়েছিলেন এবং মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতে রৌপ্য পদক বিজয়ী হয়েছিলেন। তিনি ১২ বছর ধরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
মঞ্জুষা কানওয়ার লখনউতে স্পোর্টস্টার নর্থ স্পোর্টস কনক্লেভে বক্তৃতা করতে গিয়ে বলেছেন, সরকারকে অবশ্যই ক্রীড়াবিদদের সাথে পর্দার আড়ালে কাজ করা প্রত্যেকের জন্য একটি ভাল পুরস্কারমূলক পরিকল্পনা নিয়ে আসতে হবে।[৪]
তিনি এবং তাঁর স্বামী, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় অজয় কানওয়ার, যমুনা স্পোর্টস কমপ্লেক্সে তাঁদের প্রশিক্ষণ একাডেমি চালান এবং তাঁরা নয়ডায় একটি নতুন একাডেমিও চালু করেছেন।[৫]