নরকের দরজা
| নরকের দরজা | |
|---|---|
২০১১ সালের দৃশ্য | |
| দেশ | তুর্কমেনিস্তান |
| অঞ্চল | দরওয়াজা, আহেল প্রদেশ |
| সমুদ্রতীরাতিক্রান্ত/ডাঙাবর্তী | উপকূলবর্তী |
| ক্ষেত্রের ইতিহাস | |
| আবিষ্কার | ১৯৭১ |

নরকের দরজা (তুর্কমেনীয়: লাতিন: Jähennem derwezesi, সিরিলীয়: Җәхеннем дервезеси, জ্যাহেন্নেম্ দের্ওয়েজেসি, অনুবাদ: "জাহান্নামের দরজা") তুর্কমেনিস্তানের দরওয়াজা শহরের একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।[১] দীর্ঘদিন ধরে অগ্নিমুখটি অনবরত জ্বলছে বলে একে নরকের দরজা বলা হয়। কারাকুম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস ৬৯ মিটার (২২৬ ফুট) ও গর্ত ৩০ মিটার (৯৮ ফুট)। ভূতত্ত্ববিদগণ মিথেন গ্যাসের বিস্তার প্রতিরোধ করার জন্য জ্বলামুখটিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং এটি ১৯৭১ সাল থেকে ক্রমাগত জ্বলছে।[২]
অগ্নিমুখটি দেখতে প্রতিবছরই পর্যটকরা দরওয়াজা শহরে আসেন। ২০০৯ সাল থেকে এখন (২০১৪ সাল পর্যন্ত হিসাব অনুযায়ী) পর্যন্ত ৫০ হাজার পর্যটক স্থানটি পরিদর্শন করেছেন।[৩] গ্যাসক্ষেত্রেটি ৫৩৫০ বর্গমিটার স্থান পরিবেষ্ঠিত এবং আশেপাশের স্থানও বন্য মরুভূমি ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত।
ইতিহাস
[সম্পাদনা]এটি কোনো প্রাকৃতিক গর্ত নয়। ১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রকৌশলীরা প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ দরওয়াজা এলাকায় অনুসন্ধানের সময় এই ক্ষেত্রটি আবিষ্কার করেন। প্রথমে তাঁরা মনে করেছিলেন এটি একটি তেল ক্ষেত্র, তাই ড্রিলিং মেশিন দিয়ে তেল উত্তোলনের জন্য সেখানে ক্যাম্প স্থাপন করেন।[৪] কিন্তু পরে তাঁরা সেখান থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে দেখেন।
গ্যাস অনুসন্ধানের সময় খননকাজের চাপে একটি ভূগর্ভস্থ গ্যাসীয় গুহার ছাদ ধসে পড়ে এবং ড্রিলিং রিগসহ পুরো কাঠামোটি নিচে তলিয়ে যায়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ভূতত্ত্ববিদরা বিষাক্ত মিথেন গ্যাসের উপস্থিতির ব্যাপারে নিশ্চিত হন। পরিবেশে এই বিষাক্ত গ্যাসের বিস্তার রোধ করার জন্য তাঁরা তখন জ্বলামুখটিতে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের ধারণা ছিল এখানে সীমিত পরিমাণ গ্যাস থাকতে পারে এবং তা কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু তাঁদের সেই ধারণা ভুল প্রমাণ করে এটি ১৯৭১ সাল থেকে অনবরত জ্বলছে।[৫][৬]
ভবিষ্যত গ্যাসের উত্তোলনের উপর প্রভাব
[সম্পাদনা]২০১০ সালের এপ্রিলে তুর্কমেনিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি গ্যাসক্ষেত্রটি পরিদর্শন করে এটি বন্ধ করার নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন যে, এর ফলে ওই এলাকার অন্যান্য প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে তুর্কমেনিস্তান তাদের প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা করছে। তারা বার্ষিক গ্যাস উৎপাদন বর্তমান ৭৫ বিলিয়ন কিউবিক মিটার থেকে আরও বাড়িয়ে পরবর্তী ২০ বছর ভারত, রাশিয়া, চীন, ইরান ও পশ্চিম ইউরোপে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।[৭]
২০২২ সালের জানুয়ারিতে তুর্কমেনিস্তান সরকার পরিবেশ রক্ষা ও গ্যাস অপচয় রোধের উদ্দেশ্যে এই অগ্নিমুখটি সম্পূর্ণ নেভানোর উপায় খুঁজে বের করতে বিশেষজ্ঞদের আবারও নির্দেশ প্রদান করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নরকের দরজা"। ১৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৩।
- ↑ Christina Nunez (১৪ জুলাই ২০১৪)। "Q&A: The First-Ever Expedition to Turkmenistan's "Door to Hell""। National Geographic। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "Turkmenistan hopes 'Door to Hell' will boost tourism"। Relaxnews। ২২ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭ – CTV News এর মাধ্যমে।
- ↑ American Geological Institute (জানুয়ারি ২০১০)। Earth। American Geological Institute। পৃ. ২২।
- ↑ "The Door to Hell: Take a look inside a giant hole in the desert which has been on fire for more than 40 YEARS"। Mail Online। ২৭ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯।
- ↑ "Maximilian Büsser and Friends"। Maximilian Büsser and Friends (ইংরেজি ভাষায়)। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯।
- ↑ "Turkmen president wants to close "Hell's Gate""। Reuters (ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে নরকের দরজা সম্পর্কিত মিডিয়া দেখুন।