সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা
| সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা | |
|---|---|
| অবস্থান | |
![]() | |
| তথ্য | |
| ধরন | স্বায়ত্তশাসিত |
| নীতিবাক্য | শিক্ষাই আলো জ্ঞানই শক্তি |
| প্রতিষ্ঠাকাল | ১৯৭৮ |
| বিদ্যালয় বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড |
| বিদ্যালয় জেলা | ঢাকা |
| কর্তৃপক্ষ | বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ |
| ইআইআইএন | ১০৮৫৪৩ |
| অধ্যক্ষ | উইং কমান্ডার মো: আবদুল হান্নান |
| ভর্তি | ৩৪০০+ |
| ভাষা | বাংলা ও ইংরেজি |
| শিক্ষায়তন | ৩ একর |
| প্রকাশনা | দুর্বার |
| ওয়েবসাইট | casckurmitola |
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা (সংক্ষেপে সিএএসসিকে) ঢাকার কুর্মিটোলায় (বেবিচক আবাসিক এলাকায়) অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপরদিকে এটির অবস্থান। সিএএসসিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৭৮ সালের ২২ জানুয়ারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের লেখাপড়ার নিমিত্তে ‘সিভিল এভিয়েশন প্রাথমিক বিদ্যালয়’ নামে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রথমে ৩ জন শিক্ষক ও মোট ১২২ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়। ১৯৮৩ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়’ করা হয়। সে বছরেই প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য লাভ করে। ১৯৯৪ সালে স্কুলের একজন ছাত্রী ঢাকা বোর্ডে ১৮তম এবং ১৯৯৫ সালে একজন ছাত্রী ১৮তম ও আরেকজন ছাত্র ২০তম স্থান অধিকার করে। এরপর দীর্ঘ ২২ বছর এ প্রতিষ্ঠান নানা উত্থান-পতনের মধ্য দিয়ে পার করে। ২০২১ সালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন উইং কমান্ডার মো. মনিরুজ্জামান, পিএসসি। তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই পুরো প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ২০২২ সালের ৫ এপ্রিল প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিকে পাঠদানের অনুমোদন পায়। এজন্য প্রতিষ্ঠানটি ‘সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা’ নামে নতুন আঙ্গিকে পরিচিতি লাভ করে। সময়ের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে ২০২২ সালে মাধ্যমিক শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সনে পাঠদান কার্যক্রম শুরু হয় এবং ২০২৪ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে কলেজ শাখায় ইংরেজি ভার্সনে পাঠদানের কার্যক্রম শুরু হয়।[২]
অবকাঠামো ও নিয়মাবলী
[সম্পাদনা]সিএএসসিকে’র অবকাঠামো ইংরেজি অক্ষর এইচের (H) মতো। বর্তমানে এটি ৩ একর জমির উপর নির্মিত আছে। রয়েছে দোতলা প্রশস্ত স্কুল ভবন। তবে নবনির্মিত ভবন তিন তলা। কলেজ ভবন পাঁচ তলা। এর সামনে আছে বৃহদাকার সবুজ খেলার মাঠ। এছাড়াও, প্রাত্যহিক সমাবেশের জন্য ভেতরেও আছে পর্যাপ্ত জায়গা। রয়েছে একটি মানসম্মত ক্যান্টিন। ক্লাস সম্পন্ন হয় দুই শিফটে; প্রভাতি ও দিবা। সাধারণত এখানে ভর্তি ফি’র সাথে প্রতিষ্ঠান ইউনিফর্ম ফি যুক্ত থাকে; তাই পোশাকের সেট ভর্তির সাথেই প্রদান করা হয়।
শিক্ষা
[সম্পাদনা]বর্তমানে কেজি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৩টি বিভাগে পাঠদান চালু রয়েছে; বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ। একুশ শতকের প্রযুক্তিনির্ভর নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বাগ্রে প্রয়োজন শৃঙ্খলাপূর্ণ ও উন্নত শিক্ষাব্যবস্থার। একইসাথে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিকতাবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন যথাযথ পরিচর্যা ও মূল্যবোধের শিক্ষা। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির রয়েছে বিস্তৃত ক্যাম্পাস, সবুজ খেলার মাঠ, শিশুপার্ক, শীতাতপ নিয়ন্ত্রিত গ্রন্থাগার, উন্নত ও সমৃদ্ধ বিজ্ঞানাগার; পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান, কোরিয়ার তত্ত্বাবধানে নির্মিত আইসিটি ল্যাব ইত্যাদি। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী— যাঁরা স্বীয় মেধা-মনন, অভিজ্ঞতা ও সৃজনশীলতার আলোকে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সর্বদা সচেষ্ট। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি বা ক্যাব) পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মধ্যে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃত। দেশের একমাত্র এমপিওভুক্ত কলেজ হিসেবে ইংরেজি ভার্সনে পাঠদান করছে প্রতিষ্ঠানটি। অধিকন্তু, সিএএবি’র কলেজের মধ্যে বর্তমানে শুধু সিএএসসিকে উচ্চমাধ্যমিকে ইংরেজি ভার্সনে পাঠদান করছে। সর্বশেষ তথ্যানুযায়ী, ৩৪০০+ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে।[৩]
সহ-শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে ডিবেট ক্লাব (সিএএসসিডিসি, বর্তমান নাম: সিএএসসিকেডিসি), সাইন্স ক্লাব, কালচারাল ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইনফরমেশন ক্লাব, ফটোগ্রাফি ক্লাবসহ আরও বিভিন্ন ক্লাব, যেগুলোর সাফল্য সুপ্রসিদ্ধ ও সমাদৃত। শিক্ষার্থীরাই সরাসরি এ ক্লাবগুলো পরিচালনা করে থাকে। এখানে আছে রোভার স্কাউট, স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি ইত্যাদি। পাশাপাশি ‘মার্শাল আর্ট’ ট্রেনিংয়ের ব্যবস্থাও রয়েছে। আউটডোর খেলার মাঠ ছাড়াও আছে আলাদা বাস্কেটবল ফিল্ড। ইনডোর গেমসের মধ্যে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, লুডো ইত্যাদি উল্লেখযোগ্য।[৪]
উৎসব-অনুষ্ঠান ও প্রতিযোগিতা
[সম্পাদনা]সিএএসসিকে নানা ইভেন্টে অনন্যসব উৎসব-অনুষ্ঠান পালন করে থাকে। নবীনবরণ, বর্ষবরণ, মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, নজরুল-রবীদ্র জয়ন্তী ইত্যাদি উপলক্ষ্যে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ প্রতিষ্ঠানে।[৫][৬] বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা[৭][৮][৯], বিতর্ক প্রতিযোগিতা, রমজান-মিলাদুন্নবী উপলক্ষ্যে প্রতিযোগিতা ইত্যাদিসহ আরও অনেক প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে। ২০২৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশে ‘ইংলিশ কোয়েস্ট’ অনুষ্ঠিত হয়, যার সহ-আয়োজক হিসেবে ছিলো সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা। সারাদেশ থেকে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অংশ নেয়।
ভর্তি
[সম্পাদনা]স্কুল শাখায় ভর্তির জন্য শিক্ষার্থীদেরকে প্রথমে একটি লিখিত পরীক্ষায় এবং উত্তীর্ণ হওয়া সাপেক্ষে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে মনোনীত হতে হয়। এবং কলেজ শাখায় সরকারি নিয়মানুসারে এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনলাইনে আবেদনের মাধ্যমে ভর্তি নেওয়া হয়ে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Civil Aviation School and College, Kurmitola"। www.casckurmitola.edu.bd।
- ↑ "Civil Aviation School and College, Kurmitola"। www.casckurmitola.edu.bd।
- ↑ "Civil Aviation School and College, Kurmitola"। www.casckurmitola.edu.bd।
- ↑ "Civil Aviation School and College, Kurmitola"। www.casckurmitola.edu.bd।
- ↑ https://www.ajkerpatrika.com/education/ajpovjmacpdsu
- ↑ https://www.dainikshiksha.com/bn/news/annual-sports-competition-started-at-civil-aviation-school-and-college-292931
- ↑ https://www.channel24bd.tv/24pressrelease/article/250562/!
- ↑ https://www.ajkerpatrika.com/education/ajpovjmacpdsu
- ↑ https://www.dainikshiksha.com/bn/news/annual-sports-competition-started-at-civil-aviation-school-and-college-292931
