বিষয়বস্তুতে চলুন

শার্ল ওগ্যুস্তাঁ দ্য কুলোঁ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শার্ল-ওগ্যুস্ত্যাঁ দ্য কুলোঁ
Charles-Augustin de Coulomb
ইপলিৎ ল্যকঁতের আঁকা কুলোঁর প্রতিকৃতি (১৮৯৪)
জন্ম(১৭৩৬-০৬-১৪)১৪ জুন ১৭৩৬
মৃত্যু২৩ আগস্ট ১৮০৬(1806-08-23) (বয়স ৭০)
জাতীয়তাফরাসি
মাতৃশিক্ষায়তনএকল রোয়াইয়াল দ্যু জেনি দ্য মেজিয়্যার
পরিচিতির কারণব্যাবর্তন ভারসাম্য
কুলোঁর সূত্র
কুলোঁর ঘর্ষণ
কুলোঁর অবমন্দন
মোর–কুলোঁ তত্ত্ব

শার্ল-ওগ্যুস্ত্যাঁ দ্য কুলোঁ[][] (ফরাসি: Charles-Augustin de Coulomb, উচ্চারণ [ʃaʁl o.ɡys.tɛ̃ ku.lɔ̃] ; ১৪ই জুন ১৭৩৬ – ২৩শে আগস্ট ১৮০৬) ছিলেন একজন ফরাসি সেনাকর্মকর্তা, প্রকৌশলীপদার্থবিজ্ঞানী। তিনি মূলত সেই ব্যক্তি হিসেবে সর্বাধিক পরিচিত যার নামানুসারে বর্তমানে কুলম্বের সূত্র পরিচিত—যা স্থিরতড়িৎবিদ্যার আকর্ষণ ও বিকর্ষণ বলের বর্ণনা দেয়। তিনি ঘর্ষণ সম্পর্কেও গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এবং পার্শ্বীয় ভূচাপ বিষয়ক তাঁর গবেষণা পরবর্তীকালে মৃত্তিকা বলবিদ্যার বৃহৎ অংশের বিকাশের ভিত্তি গড়ে তোলে।

বৈদ্যুতিক আধানের এসআই একক কুলম্ব তাঁর সম্মানেই ১৮৮০ সালে নামকরণ করা হয়।[]

জীবনী

[সম্পাদনা]

শার্ল-ওগ্যুস্ত্যাঁ দ্য কুলোঁ জন্মগ্রহণ করেন ফ্রান্স রাজ্যের অঁগুমোয়া কাউন্টির অঁগুল্যাম শহরে। তাঁর বাবা অঁরি কুলোঁ ছিলেন রাজকীয় জমিদারির একজন পরিদর্শক, যিনি মূলত মঁপ্যলিয়ে থেকে এসেছিলেন, এবং তাঁর মা ছিলেন কাত্রিন বাজে। তাঁকে স্যাঁ অঁদ্রে প্যারিশ গির্জায় বাপ্তিস্মায়ন করা হয়। শৈশবের প্রথম দিকেই পরিবারটি প্যারিসে চলে আসে, এবং তিনি সেখানে কলেজ দ্য মাজার‍্যাঁয় অধ্যয়ন করেন। তাঁর শিক্ষার মধ্যে দর্শন, ভাষাসাহিত্য অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়নউদ্ভিদবিদ্যায়ও উন্নত শিক্ষা লাভ করেন। পিতার আর্থিক সংকটের কারণে তিনি প্যারিস ছেড়ে যেতে বাধ্য হন এবং মঁপ্যলিয়েতে চলে যান। এই সময়ে কুলোঁ মঁপ্যলিয়ের বিজ্ঞানসমাজে তাঁর প্রথম গবেষণাপত্র জমা দেন। পরে তিনি আবার প্যারিসে ফিরে এসে ১৭৬০ সালে একল রোয়াইয়াল দ্য জেনি দ্য মেজিয়্যারের পরীক্ষায় উত্তীর্ণ হন।

তিনি ১৭৬১ সালে স্নাতক সম্পন্ন করেন এবং লেফটেন্যান্ট পদমর্যাদায় একজন প্রকৌশলী হিসেবে ফরাসি রাজসিক সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তী বিশ বছর ধরে তিনি বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন এবং কাঠামোগত প্রকৌশল, দুর্গ নির্মাণ, মৃত্তিকা বলবিদ্যাসহ প্রকৌশলের নানা ক্ষেত্রে কাজ করেন। তাঁর প্রথম পোস্টিং ছিল ব্রেস্তে; তবে ১৭৬৪ সালের ফেব্রুয়ারিতে তাঁকে ওয়েস্ট ইন্ডিজের মার্তিনিকে পাঠানো হয়, যেখানে তিনি নতুন বুরবোঁ দুর্গ নির্মাণের দায়িত্বে নিযুক্ত হন। এই কাজটি তাঁকে ১৭৭২ সালের জুন পর্যন্ত ব্যস্ত রাখে। মার্তিনিকে কাটানো তিন বছরে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে, যা তাঁর সারা জীবনের ওপর প্রভাব ফেলে।

ফ্রান্সে ফিরে আসার পর কুলোঁকে বুশ্যাঁয় পাঠানো হয়। সেখানে তিনি প্রয়োগিক বলবিদ্যার ওপর গুরুত্বপূর্ণ রচনা লেখা শুরু করেন এবং ১৭৭৩ সালে প্যারিসে আকাদেমি দে সিয়ঁসে তাঁর প্রথম কাজ উপস্থাপন করেন। ১৭৭৯ সালে তাঁকে রশফরে পাঠানো হয়, যেখানে তিনি মার্ক র‍্যনে, মার্কি দ্য মঁতালঁব্যারের সঙ্গে ইল দ্যাক্সের পাশে সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত একটি দুর্গ নির্মাণে সহযোগিতা করেন। রশফরে অবস্থানকালে তিনি বলবিদ্যা বিষয়ক গবেষণা চালিয়ে যান; বিশেষ করে রশফরের জাহাজ নির্মাণ কারখানাগুলোকে তিনি তাঁর পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেন। একই বছরে তিনি ঘর্ষণের সূত্রাবলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেন—তেওরি দে মাশিন স্যাঁপ্ল, অঁ আয়ঁ র‍্যগার ও ফ্রৎমঁ দ্য ল্যর পার্তিজ এ আ লা রোয়াদ্যর দে কর্দাজ—এবং প্রায় বিশ বছর পরে তরল প্রতিরোধ বিষয়ক একটি স্মৃতিকথা প্রকাশিত হয়।[]

পরবর্তীতে ক্যাপ্টেন পদমর্যাদায় ফ্রান্সে ফিরে তিনি লা রশ্যাল, ইল দ্যাক্সশ্যারবুরে কর্মরত ছিলেন। তিনি প্রথমে বৈদ্যুতিক আধানগুলোর মধ্যকার বল ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের মধ্যে একটি বিপরীতানুপাতিক সম্পর্ক আবিষ্কার করেন; পরে একই ধরনের সম্পর্ক চৌম্বক মেরুগুলোর ক্ষেত্রেও নির্ণয় করেন। পরবর্তীকালে এই সম্পর্কগুলো তাঁর নামানুসারেই কুলম্বের সূত্র নামে পরিচিত হয়।

১৭৮১ সালে তিনি প্যারিসে নিযুক্ত হন। ১৭৮৭ সালে জাক-র‍্যনে ত্যনোঁর সঙ্গে তিনি স্টোনহাউসে রয়াল নেভাল হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে ব্যবহৃত বিপ্লবাত্মক “প্যাভিলিয়ন” নকশায় মুগ্ধ হয়ে সেটি ফরাসি সরকারকে সুপারিশ করেন। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব শুরু হলে তিনি অ্যাঁতঁদঁ দেজ ওজ এ ফঁত্যান নিযুক্তি থেকে পদত্যাগ করেন এবং ব্লোয়ায় তাঁর মালিকানাধীন একটি ছোট ভূসম্পত্তিতে অবসর গ্রহণ করেন।[]

বিপ্লবী সরকারের আদেশে ওজন ও পরিমাপ পদ্ধতির নতুন নির্ধারণের কাজে অংশ নেওয়ার জন্য তাঁকে কিছু সময়ের জন্য আবার প্যারিসে ডাকা হয়। তিনি ফরাসি জাতীয় ইনস্টিটিউটের প্রথম দিককার সদস্যদের একজন হন এবং ১৮০২ সালে গণশিক্ষা পরিদর্শক হিসেবে নিযুক্ত হন। ততদিনে তাঁর স্বাস্থ্য অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল এবং চার বছর পর তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন।[]

ধারক দেয়াল নকশায় তাঁর অবদানের কারণে ভূ-কারিগরি প্রকৌশলের ক্ষেত্রে একজন পথিকৃৎ হিসেবে কুলোঁ একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন। তাঁর নাম আইফেল টাওয়ারে খোদাই করা ৭২টি নামের অন্যতম।

তথ্যসূত্র

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. /ˈklɒm, -lm, kˈlɒm, -ˈlm/ KOO-lom, -lohm, koo-LOM, -LOHM[]

সূত্রতালিকা

[সম্পাদনা]
  1. "Coulomb" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০২-০৪ তারিখে. Random House Webster's Unabridged Dictionary.
  2. The "International Coulomb" was defined in modification of the International System of Electrical and Magnetic Units by the International Conference on Electrical Units and Standards (London, 1908) and adopted into the International System of Units in 1948. The name coulomb had already been used in earlier systems proposed by the British Science Association, hence the qualifier "international".
  3. 1 2 3  One or more of the preceding sentences একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনে: চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Coulomb, Charles Augustin"। ব্রিটিশ বিশ্বকোষ। খণ্ড ৭ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃ. ৩০৮। {{বিশ্বকোষ উদ্ধৃতি}}: অবৈধ |ref=harv (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]