প্রহর
প্রহর হল সময়ের পুরোনো দেশী একক। দিন ও রাতে চার প্রহর করে মোট অষ্টপ্রহর হিসেব করা হতো। অষ্টপ্রহর বলতে একদিন(২৪ঘণ্টা) বুঝায়। অতএব, তিন ঘণ্টায় এক প্রহর হয়। [১]
প্রহর পদ্ধতিতে দিনের গণনা সকাল ছয়টায় (৬ ঘটিকায়) আরম্ভ হতো, আর সন্ধ্যা ছ’টায় সমাপ্ত হতো। অর্থাৎ, প্রথম প্রহর মানে ৬টা থেকে ৯টা, দ্বিতীয় প্রহর মানে ৯টা থেকে ১২টা, তৃতীয় প্রহর মানে ১২টা থেকে ৩টে আর চতুর্থ প্রহর মানে ৩টে থেকে ৬টা হিসেব করা হতো।
রাতের চারটি প্রহর নিয়ে প্রচলিত প্রবাদ:
"প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী।
তৃতীয় প্রহরে তস্কর জাগে, চতুর্থ প্রহরে যোগী।"
| সময়কাল (বাংলা) | সময় (ঘণ্টা) |
|---|---|
| উষালগ্ন | ৪:০০ এএম – ৫:০০ এএম |
| সূর্যোদয় | ৫:০০ এএম – ৬:০০ এএম |
| প্রভাত | ৬:০০ এএম – ৯:০০ এএম |
| পূর্বাহ্ণ | ৯:০০ এএম – ১২:০০ পিএম |
| মধ্যাহ্ণ | ১২:০০ পিএম – ৩:০০ পিএম |
| বিকেল | ৩:০০ পিএম – ৬:০০ পিএম |
| গোধূলি লগ্ন | ৬:০০ পিএম – ৭:০০ পিএম |
| সন্ধ্যা | ৭:০০ পিএম – ৯:০০ পিএম |
| প্রদোষ / রাত | ৯:০০ পিএম – ১২:০০ এএম |
| মধ্যরাত | ১২:০০ এএম – ২:০০ এএম |
| শেষরাত | ২:০০ এএম – ৪:০০ এএম |
প্রহর শেষ হলে সেই প্রহর হল ঘোষণা করা হত বা ঘণ্টা বাজত। অর্থাৎ দিনের দ্বিপ্রহর হয় বেলা ১২টায় (দুপুর ২টায় নয়), যখন সূর্য মধ্যগগনে। দুপুর (উর্দু: দুপ্রহর, হিন্দি: দোপাহর) শব্দটি দ্বিপ্রহর থেকে এসেছে। রবীন্দ্রনাথের শিশু পর্যায়ের প্রশ্ন কবিতার শেষে খোকা যে পশ্ন মাকে করে: "রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন?" এর উত্তরও লুকিয়ে আছে "দুপুর" শব্দের দ্ব্যর্থে। "রাতদুপুর" অর্থাৎ "রাত্রি দ্বিপ্রহর" বা রাত ১২টা। কিন্তু "দুপুরবেলা" মানে "অপরাহ্ন কাল"। সঙ্কীর্ণ অর্থ ছিল "দিবা দ্বিপ্রহর", কিন্ত প্রচলিত বর্তমান অর্থ 'অপর অহ্ন': অহ্নকে দ্বিপ্রহর (মধ্যদিন) দ্বারা কৃত দুটি ভাগের দ্বিতীয়টি।
প্রহরী অর্থাৎ যে শুধু পাহারাই (প্রহরা) দেয় না, প্রহর ঘোষণাও করে। প্রহরের পুর্বে আট যোগ করে গঠিত বাগধারা হল আটপ্রহর যার অর্থ দিন রাত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Monier-Williams Sanskrit-English Dictionary ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জুলাই ২০২১ তারিখে, sv. "prahara."