বিষয়বস্তুতে চলুন

ব্যাকবোর্ড (বাস্কেটবল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যাকবোর্ড সহ আদর্শ পেশাদার হুপ
ব্যাকবোর্ডসহ বেসরকারি মালিকানাধীন একটি সাধারণ বাস্কেটবল হুপ

ব্যাকবোর্ড হলো বাস্কেটবল খেলার একটি সরঞ্জাম। এটি একটি উঁচু উল্লম্ব বোর্ড, যার সাথে একটি বাস্কেট সংযুক্ত থাকে। বাস্কেটের বলয় (রিং) থেকে জাল ঝোলানো থাকে। এটি প্রায়শই প্লেক্সিগ্লাস বা টেম্পার্ড গ্লাস দিয়ে সমতলভাবে তৈরি করা হয়ে থাকে। দুর্ঘটনাবশত ভেঙে গেলে এটি নিরাপদ গ্লাসের বৈশিষ্ট্যও প্রদর্শন করে। এনবিএ, এনসিএএ এবং আন্তর্জাতিক বাস্কেটবলে আয়তাকার ব্যাকবোর্ড ব্যবহৃত হয়। অপেশাদার খেলাগুলোতে ডিম্বাকৃতি বা পাখার মতো আকৃতির ব্যাকবোর্ডও দেখা যায়।

হুপটির উপরের অংশ মাটি থেকে ১০ ফুট (৩.০৫ মিটার) উচ্চতায় অবস্থিত হয়। নিয়মানুযায়ী ব্যাকবোর্ডগুলোর দৈর্ঘ্য ৩.৫ ফুট (১.০৭ মিটার) এবং প্রস্থ ৬ ফুট (১.৮৩ মিটার) হয়। সব বাস্কেটবল রিমের (হুপ) ব্যাস ১৮ ইঞ্চি (৪৬ সেন্টিমিটার) হয়। ব্যাকবোর্ডের ভিতরের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ১৮ ইঞ্চি (৪৬ সেন্টিমিটার) এবং প্রস্থ ২৪ ইঞ্চি (৬১ সেন্টিমিটার) হয়। এটি একজন শুটারকে লে-আপ বা দূরপাল্লার শটের জন্য সঠিক লক্ষ্য এবং ব্যাঙ্কিং নির্ধারণ করতে সাহায্য করে।[][]

উপরের চিহ্নসমূহ এবং এর প্রস্তুতকারকের চিহ্ন ছাড়াও, লীগ ও নিয়ন্ত্রক সংস্থাগুলো প্রায়শই ব্যাকবোর্ডের কিনারায় গ্লাসের উপর অন্যান্য ডিকাল লাগিয়ে থাকে। এগুলোর মধ্যে লীগ বা সংস্থার লোগো এবং জাতীয় পতাকা অন্তর্ভুক্ত। ব্যাকবোর্ডের উপরে একটি লীগ বা দলের ওয়েব ঠিকানা অথবা স্পনসরের লোগোও লাগানো হয়। এতে করে স্ল্যাম ডাঙ্ক এবং রিমের উপরের অন্যান্য শটের তাৎক্ষণিক রিপ্লের সময় ব্যবহৃত উঁচু টেলিভিশন ক্যামেরা অ্যাঙ্গেলের সুবিধা নেওয়া যায়।

পেশাদার এবং বেশিরভাগ উচ্চতর কলেজ পর্যায়ে, ব্যাকবোর্ডটি একটি বহনযোগ্য চাকাযুক্ত স্তম্ভের সাথে যুক্ত থাকে। যা সহজে আনা-নেয়া এবং সংরক্ষণ করা যায়। ফলে ভেন্যুটিতে অন্যান্য খেলাধুলা ও অনুষ্ঠান আয়োজন করা যায়। যদিও বেশিরভাগ হাই স্কুল এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ম্যাপলস প্যাভিলিয়ন ও ডিউক ইউনিভার্সিটির ক্যামেরন ইনডোর স্টেডিয়ামের ব্যাকবোর্ডগুলো ঝুলন্ত অবস্থায় থাকে। এই ব্যবস্থায় ভেন্যুর ছাদের কড়িকাঠ ব্যবহার করা হয়। খেলার পরে কপিকলের মাধ্যমে সেগুলোকে ছাদের সাপোর্ট সিস্টেমে সরিয়ে রাখা যায়। এর পাশাপাশি দেয়ালে-লাগানো ব্যবস্থাও প্রচলিত রয়েছে। অনুশীলন বা জিম ক্লাসে ব্যবহৃত সাইডলাইনের ব্যাকবোর্ডগুলো সাধারণত স্থায়ীভাবে দেয়ালে-লাগানো থাকে এবং বেশিরভাগ মিউনিসিপ্যাল পার্কের বোর্ডের মতোই এগুলোতে সাধারণত অস্বচ্ছ ফাইবারগ্লাস বা পুরু ধাতব বোর্ড থাকে।

নিয়ন বাজার লাইট সংযুক্ত একটি পেশাদার বাস্কেটবল ব্যাকবোর্ড।

বিগত বছরগুলোতে, ব্যাকবোর্ড ধারণকারী খুটির মূল অংশে ক্যাবলিং এবং সেন্সরও যুক্ত করা হয়েছে। এর সাথে ব্যাকবোর্ডের উপরে একটি গেম ক্লক এবং শট ক্লকের কাঠামোও যোগ করা হয়েছে। ফলে এটি একটি এরিনার বাস্কেটবল ফ্লোরের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে; এতটাই যে, যদি এটি এবং/অথবা রিম কখনো বিচ্যুত বা ভেঙে যায়, তবে একটি প্রতিস্থাপন ব্যাকবোর্ড প্রস্তুত রাখার প্রয়োজন হয়।[]

আগের পেশাদার কাচের ব্যাকবোর্ডগুলো ৬২৫ পাউন্ড (২৮৩ কিলোগ্রাম) ওজন বা তার বেশি ভারে ভেঙে যেত। বর্তমানে পেশাদার ও উচ্চপর্যায়ের কলেজ প্রতিযোগিতায় ব্যবহৃত ব্যাকবোর্ডগুলোর কাঠামো এমনভাবে নির্মিত হয় যে কাচ কোনো ভার বহন করে না; এতে কাচ এবং সমগ্র ব্যাকবোর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা হ্রাস পায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rule No. 1, Court Dimensions, Equipment"NBA। ১৫ অক্টোবর ২০১৮।
  2. Harriman, Dan (৫ ডিসেম্বর ২০১৮)। "What Is the Square Behind & Above the Rim on a Basketball Backboard for?"। SportsRec। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০
  3. Ward-Henninger, Colin (৪ ফেব্রুয়ারি ২০২২)। "Mavericks-76ers game suffers lengthy delay due to broken basket, despite Boban Marjanovic's attempts to fix it"CBSSports.com। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২
  4. Your Discovery Science (২৪ নভেম্বর ২০১৭), Sports Science puts NBA backboards to the test!, ২৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১{{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)