বিষয়বস্তুতে চলুন

পণ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অর্থনীতিতে পণ্য (ইংরেজি: goods) বলতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এমন 'ভালো' কোনও কিছুকে বোঝায়, যা কোনও ব্যক্তিকে কল্যাণ বা উপযোগিতা প্রদান করে।[][] পণ্যের বিপরীত ধারণাটি হলো "অপপণ্য" ("bads"), অর্থাৎ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এমন কোনও ‘খারাপ’ বস্তু বা কার্য যা ব্যবহারকারীর জন্য ঋণাত্মক মূল্য সৃষ্টি করে, যেমন গৃহস্থালি কাজ বা বর্জ্য। অপপণ্য ভোক্তার সামগ্রিক কল্যাণ হ্রাস করে।[]

অর্থনীতিতে মূলত অর্থনৈতিক পণ্য নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সেইসব পণ্য যা দুষ্প্রাপ্য; অন্যভাবে বললে, যেসব পণ্য উৎপাদনের জন্য শ্রম বা সম্পদ ব্যয় করতে হয়। অর্থনৈতিক পণ্যের বিপরীতে রয়েছে বায়ুর মতো "মুক্ত পণ্য", যার যোগান সীমাহীন।[]

অর্থনৈতিক পণ্যের উৎপাদন প্রক্রিয়াতে অর্থনীতির বিভিন্ন খাত ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করে। প্রথমে অর্থনীতির প্রাথমিক খাতে কাঁচামাল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ উৎপাদন বা আহরণ করা হয়। এসব কাঁচামাল অর্থনীতির দ্বিতীয়-বর্গীয় খাতে তথা শিল্পখাতে প্রক্রিয়াজাত হয়ে অন্তর্বর্তী পণ্যতে পরিণত হতে পারে। অন্তর্বর্তী পণ্য হলো এমন পণ্য, যা অন্য পণ্য উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে ঐ একই খাতে কাঁচামাল ও অন্তর্বর্তী পণ্য আরও প্রক্রিয়াজাত হয়ে শিল্পজাত পণ্য উৎপাদিত হয়।

পণ্যের ধারণাটি অর্থনীতির প্রাথমিক ও দ্বিতীয়-বর্গীয় খাতের সাথে সম্পর্কিত। এর বিপরীতে সেবা বা পরিষেবার ধারণাটি অর্থনীতির তৃতীয়-বর্গীয় খাত তথা সেবাখাতের সাথে সম্পর্কিত। সেবার ধারণার মধ্যে পণ্যের পরিবহন, বিতরণ ও বিক্রয়ের মতো কার্যক্রমের পাশাপাশি এমন বহু কার্যক্রমও অন্তর্ভুক্ত, যা কোনও দৃশ্যমান পণ্য উৎপাদন না করেও ভোক্তার জন্য স্পর্শাতীত উপযোগিতা সৃষ্টি করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Alan V. Deardorff, 2006. Terms Of Trade: Glossary of International Economics, World Scientific. Online version: Deardorffs' Glossary of International Economics, "good" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-০৩-১৮ তারিখে and "service". ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৭-০১ তারিখে
  2. Harper, Douglas। "goods"Online Etymology Dictionary
  3. Dwivedi, D. N. (২০১৬)। Microeconomics: Theory and Applications। Vikas Publishing House PVT LTD। পৃ. ১৩৩। আইএসবিএন ৯৭৮-৯৩২৫৯-৮৬৭০-১
  4. Samuelson, P. Anthony., Samuelson, W. (1980). Economics. 11th ed. / New York: McGraw-Hill.