ওয়েটিং ফর গোডো
ওয়েটিং ফর গোডো (ইংরেজি: Waiting for Godot) আইরিশ নাট্যকার এবং লেখক স্যামুয়েল বেকিটের লেখা একটি ট্রাজিকমেডি নাটক। এই নাটকে ভ্লাদিমির এবং এস্ট্রাগন নামের প্রধান দুই চরিত্র অবিরত এবং নিস্ফলভাবে গোডো নামের একজনের জন্য অপেক্ষা করতে থাকে। ১৯৫৩ সালে প্রথম প্রদর্শন থেকে নাটকে গোডোর অনুপস্থিতি এবং আরও অসংখ্য প্রেক্ষিত বিভিন্ন ব্যাখ্যার জন্ম দিয়েছে। এটি "বিংশ শতাব্দীর ইংরেজি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক" হিসেবে সমাদৃত হয়। বেকিটের ওয়েটিং ফর গডোর মূল ফরাসি সংস্করণের নাম হচ্ছে En attendant Godot, এবং এটির ইংরেজি উপশিরোনাম ছিলো "A tragicomedy in two acts"[১]।
| ওয়েটিং ফর গোডো | |
|---|---|
অ্যাভিগনন উৎসবে ওটোমার ক্রেজকা পরিচালিত "ওয়েটিং ফর গোডো" (১৯৭৮) | |
| রচয়িতা | স্যামুয়েল বেকিট |
| চরিত্র | ভ্লাদিমির এস্ট্রাগন পোজ্জো লাকি একটি বালক |
| নিঃশব্দ | গোডো |
| উদ্বোধনের তারিখ | ৫ জানুয়ারি ১৯৫৩ |
| উদ্বোধনের স্থান | ব্যাবিলন থিয়েটার, প্যারিস |
| মূল ভাষা | ফরাসি |
| বর্গ | ট্র্যাজিকমেডি (নাটক) |
নাটকটির মূল ফরাসি সংস্করণের রচনাকাল ১৯৪৮ সালের ৯ অক্টোবর থেকে ১৯৪৯ সালের ২৯ জানুয়ারির মধ্যে। নাটকটি প্রথম প্রদর্শিত হয় ১৯৫৩ সালের ৫ জানুয়ারি প্যারিসের থিয়েটার ডি ব্যবিলনে। নাটকটি পরিচালনা করেন রজার ব্লিনে যিনি এই নাটকে পোজ্জোর ভূমিকায় অভিনয় করেন।
"ওয়েটিং ফর গোডো" নাটকে প্রধান দুই চরিত্র ভ্লাদিমির এবং এস্ট্রাগন গোডো নামে একজনের অপেক্ষায় দিন কাটায়, তাদের বিশ্বাস গোডো তাদের মুক্তির পথ দেখাবেন। তারা কথোপকথন এবং দার্শনিক চিন্তাভাবনা করে সময় কাটায়, কিন্তু গোডো কখনই না আসায় তাদের আশা ম্লান হয়ে যায়। তাদের মুখোমুখি হয় আরও দুই চরিত্র, পোজ্জো এবং তার ভৃত্য লাকি, যারা মানব অস্তিত্বের অযৌক্তিকতা এবং এর মধ্যে শক্তির গতিশীলতার উদাহরণ হিসেবে কাজ করে। নাটকটি উন্মোচিত হওয়ার সাথে সাথে, কর্ম এবং সংলাপের পুনরাবৃত্তি তাদের জীবনের চক্রাকার প্রকৃতির ইঙ্গিত দেয়। যদিও, গোডোর আগমন "আগামীকালের" জন্য প্রতিশ্রুত ছিল কিন্তু তিনি কখনও উপস্থিত হন না। ফলে, চরিত্রগুলি অস্তিত্বগত অনিশ্চয়তার অবস্থায় পরে যায়। সমালোচকরা মনে করেন যে, যেহেতু নাটকটি তার মূল বিষয়গুলিতে সীমাবদ্ধ, তাই এটি সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় ব্যাখ্যার বিস্তৃত পরিসরকে আমন্ত্রণ জানায়। নাটকটিতে যুদ্ধকালীন প্রেক্ষাপটেরও বেশ কিছু উল্লেখ রয়েছে এবং কিছু আলোচক মনে করেন, বেকিট সম্ভবত তার নিজের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কারণ নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লেখা হয়েছিল, যে সময়ে তিনি এবং তার সঙ্গী উভয়কেই ফরাসি প্রতিরোধের সাথে সম্পৃক্ততার কারণে অধিকৃত প্যারিস ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। নাট্যকার মার্টিন এসলিন বলেন যে "ওয়েটিং ফর গোডো" ছিল থিয়েটার অব দ্য অ্যাবসার্ড নামে পরিচিত একটি বৃহত্তর সাহিত্য আন্দোলনের অংশ, যা প্রথম প্রস্তাব করেছিলেন আলবার্ট কামু।
নাটকটি ব্যাপক প্রশংসা পেয়েছে। আধুনিক সাহিত্যে জনপ্রিয়তা, তাৎপর্য এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণে, ওয়েটিং ফর গোডো প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জার্মানি, পোল্যান্ড এবং ফ্রান্সসহ অন্যান্য দেশে মঞ্চ, অপেরা, সঙ্গীত, টেলিভিশন এবং নাট্য পরিবেশনার জন্য রূপান্তরিত হয়েছে। থিয়েটারের অন্যতম মৌলিক কাজ হিসেবে নাটকটি একাডেমিক মহলে ব্যাপকভাবে চর্চিত এবং আলোচিত।
পটভূমি
[সম্পাদনা]প্রথম পর্ব
[সম্পাদনা]নাটকের শুরুতে দেখা যায় দুই ব্যক্তি, ভ্লাদিমির এবং এস্ট্রাগন, একটি পাতাহীন গাছের পাশে দাড়িয়ে আছে। এস্ট্রাগন ভ্লাদিমিরকে তার সাম্প্রতিক সমস্যাগুলির কথা জানায়। সে আগের রাতে একটি খাদে পড়ে ছিল এবং বেশ কয়েকজন অজ্ঞাত আক্রমণকারী তাকে মারধর করেছিলো। তারা বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করে, যে আলোচনার বিশেষ কোনও তাৎপর্য নেই, এবং অবশেষে প্রকাশ পায় যে তারা গোডো নামে একজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে। তবে এটি নিশ্চিত নয় যে তারা কখনো গোডোর সাথে দেখা করেছে কিনা। এমনকি তারা এটাও জানে না যে গোডো কখনো আসবে কিনা।
পর্যায়ক্রমে, পোজ্জো নামে এক রাজকীয় ভ্রমণকারী এবং তার দাস লাকি সেখানে আসে এবং ভ্লাদিমির এবং এস্ট্রাগনের সাথে কথা বলার জন্য থামে। পোজ্জো লাকিকে একটি দড়ি দিয়ে বেঁধে রাখে। সে লাকিকে তার ভারী ব্যাগ বহন করতে বাধ্য করে এবং লাকির চলাফেরা খুব অলস মনে করলে তাকে শারীরিকভাবে শাস্তিও দেয়। পোজ্জো তাদের জানায় যে, সে বাজারে যাচ্ছে যেখানে সে লাভের জন্য লাকিকে বিক্রি করার ইচ্ছা পোষণ করে।[২] এরপর, পোজ্জো ও লাকি চলে যায়। অন্যদিকে বিভ্রান্ত এস্ট্রাগন এবং ভ্লাদিমিরকে অনুপস্থিত গোডোর জন্য অপেক্ষা করতে থাকে।
অবশেষে, একটি ছেলে এসে ভ্লাদিমির এবং এস্ট্রাগনকে জানায় যে, সে গোডোর বার্তাবাহক এবং গোডো আজ রাতে আসবে না, তবে অবশ্যই আগামীকাল আসবে। ভ্লাদিমির ছেলেটির কাছে গোডোর বর্ণনা জানতে চায়। ছেলেটি খুব সংক্ষিপ্ত বা অস্পষ্ট উত্তর দিয়ে শীঘ্রই সেখান থেকে যায়। ভ্লাদিমির এবং এস্ট্রাগন তারপর ঘোষণা করে যে তারাও চলে যাবে, কিন্তু তারা সেখান থেকে যায় না।
দ্বিতীয় পর্ব
[সম্পাদনা]ভ্লাদিমির এবং এস্ট্রাগন সেই গাছটির কাছেই অপেক্ষা করতেছে। গাছটি প্রথম পর্বে শেষবার যখন দেখা গিয়েছিলো তখন কোনো পাতা ছিল না। তবে, এই পর্বে দেখা যায় গাছটিতে অনেক পাতা গজিয়েছে। দুজনেই এখনও গোডোর জন্য অপেক্ষা করছে। পোজ্জো ও লাকির আবারোও তাদের সাথে দেখা হয়। কিন্তু তারা আর আগের মতো নেই। পোজ্জো অন্ধ হয়ে গেছে এবং লাকি এখন সম্পূর্ণ নির্বাক। পোজ্জো কখনও ভ্লাদিমির এবং এস্ট্রাগনের সাথে দেখা করার কথা মনে করতে পারে না, অন্যদিকে ভ্লাদিমির এবং এস্ট্রাগনও মনে করতে পারে না যে তাদের কখন পোজ্জো বা লাকির সাথে দেখা হয়েছিলো কিনা। লাকি এবং পোজ্জো তাদের সাথে সাক্ষাতের কিছুক্ষণ পরেই চলে যায় এবং ভ্লাদিমির এবং এস্ট্রাগন সেখানেই গোডোর জন্য অপেক্ষা করতে থাকে।
কিছুক্ষণ পরেই সেই ছেলেটি আবার এসে জানায় যে, গোডো আজ রাতে আসবে না, তবে অবশ্যই আগামীকাল আসবে। ভ্লাদিমির ছেলেটিকে জিজ্ঞাস করে যে গতকাল সে বলেছিলে যে গোডো আগামীকাল অর্থাৎ আজকে আসবে। তখন ছেলেটি বলে যে সে ভ্লাদিমির এবং এস্ট্রাগনের সাথে আগে কখনও দেখা করেনি এবং সে সেই ছেলে নয় যে গতকাল ভ্লাদিমিরের সাথে কথা বলেছিল। একথা শুনে ভ্লাদিমির ছেলেটির উপর রেগে যায় এবং বলে যে ছেলেটি যেন পরের দিন তাকে মনে রাখে যাতে এই ঘটনা আর কখনও না ঘটে। ছেলেটি চলে যায়। ভ্লাদিমির এবং এস্ট্রাগন আশাহত হয়ে আত্মহত্যা করার করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাদের কাছে কোনো দড়ি ছিল না। তাই তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরের দিন তারা আত্মহত্যা করার জন্য দড়ি নিয়ে আবার ফিরে আসে। এরপর, দৃশ্য ধীরে ধীরে অন্ধকার হয়ে যায় কিন্তু তাদের দুইজনকে একই যায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ackerley, C. J. and Gontarski, S. E., (Eds.) The Faber Companion to Samuel Beckett (London: Faber and Faber, 2006), p. 620.
- ↑ Lucky's speech, in a cryptic manner, seems to reference the underlying absurdist themes of the play: Atkins, Anselm. "Lucky's Speech in Beckett's Waiting for Godot: A Punctuated Sense-Line Arrangement". The Educational Theater Journal. Vol. 19, No. 4. December 1967. Publisher: Johns Hopkins University. p. 426.