আফ্রিকান শামুকখোল (বৈজ্ঞানিক নাম: Anastomus lamelligerus) (ইংরেজি: African Openbill) বা কালো শামুকখোল Ciconiidae (সাইকোনিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Anastomus (অ্যানাস্টোমাস) গণের অন্তর্গত এক প্রজাতির কৃষ্ণকায় বৃহদাকৃতির পাখি। অদ্ভুত ঠোঁটের জন্য খুব সহজে অন্যান্য পাখি থেকে কালো বর্ণের এ পাখিটিকে আলাদা করা যায়। ঠোঁটের নিচের অংশের সাথে উপরের অংশের বেশ বড় ফাঁক থাকে। পাখিটি আফ্রিকার উত্তরাংশ এবং দক্ষিণাংশ ছাড়া বাকি অংশের বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ১ কোটি ৩৭ লাখ বর্গ কিলোমিটার।[২] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে, তবে আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] আফ্রিকান শামুকখোলের উপপ্রজাতি দুইটি। উপযুক্ত আবহাওয়া, পরিমিত খাবারের যোগান আর নিরাপত্তা থাকলে এরা সাধারণত কোন এক জায়গা থেকে নড়ে না।