সবুজ বালিহাঁস
| সবুজ বালিহাঁস | |
|---|---|
| সংরক্ষণ অবস্থা | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Anseriformes |
| পরিবার: | Anatidae |
| গণ: | Nettapus |
| প্রজাতি: | N. pulchellus |
| দ্বিপদী নাম | |
| Nettapus pulchellus Gould, 1842 |
|
সবুজ বালিহাঁস (বৈজ্ঞানিক নাম: Nettapus pulchellus) (ইংরেজি: Cotton Pygmy Goose) Anatidae (অ্যানাটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Nettapus (নেট্টাপাস) গণের এক প্রজাতির অতি পরিচিত ছোট আকারের হাঁস। পাখিটি উত্তর অস্ট্রেলিয়া ও তার আশেপাশের অঞ্চলে দেখা যায়। সবুজ বালিহাঁসের বৈজ্ঞানিক নামের অর্থ শোরগোল করা সুন্দরী হাঁস (গ্রিক netta = হাঁস, ops = ডাকাডাকি; ল্যাটিন pulcher = সুন্দর)।[১] সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ১৯ লাখ বর্গ কিলোমিটার।[২] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থিতিশীল রয়েছে, বাড়েনি আবার আশংকাজনক হারে কমেও যায়নি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[৩]
পরিচ্ছেদসমূহ |
বিস্তৃতি [সম্পাদনা]
সবুজ বালিহাঁস উত্তর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর ও পাপুয়া নিউগিনির স্থানীয় পাখি।[৩]
দৈহিক বিবরণ ও স্বভাব [সম্পাদনা]
সবুজ বালিহাঁস বেশ ছোট আকারের হাঁস। এর দৈর্ঘ্য ৩০ থেকে ৩৬ সেন্টিমিটার। ডানার বিস্তৃতি ৪৮ থেকে ৬০ সেন্টিমিটার। ঠোঁট সূঁচালো ও ছোট। পুরুষ হাঁসের প্রজননকালীন চেহারা একরকম, প্রজনন পরবর্তী চেহারা আরেক রকম। প্রজননকালীন পুরুষ হাঁসের পিঠ উজ্জ্বল গাঢ় সবুজ। ঘাড় ও চাঁদিও সবুজ। গাল সাদাটে। দেহতল সাদা, তবে আঁশের মত কালো রেখাযুক্ত। ডানার প্রাথমিক উড্ডয়ন-পালক ও ডানা-ঢাকনি কালো, তবে মাধ্যমিক পালকগুলো কালচে-সবুজ। প্রজনন পরবর্তীকালে এ উজ্জ্বলতা থাকে না। ঠোঁট এমনিতে গাঢ় বাদামি, তবে ঠোঁটের দু'পাশ ও ডগা গোলাপি। পা সবজে-ধূসর। স্ত্রী হাঁসের ঘাড় সবুজ নয়। আর বাকিসব পুরুষ হাঁসের মত। অপ্রাপ্তবয়স্ক হাঁসের দেহ পুরুষ হাঁসের মতোই, কেবল চাঁদি বাদামি ও দেহের বর্ণ অনুজ্জ্বল।[৪]
সবুজ বালিহাঁস জলজ উদ্ভিদবহুল হ্রদ, বড় পুকুর ও অগভীর লেগুনে বিচরণ করে। সাধারণত ৫-১৫টি হাঁসের ছোট দলে দেখা যায়। তবে কখনও কখনও একই জায়গায় সারা বছর এক জোড়া হাঁসের দেখা মেলে। তার কারণ এরা সে জায়গার স্থান-কেন্দ্রিক প্রাণী।[৪] যে এলাকায় এরা থাকে সেখানকার জলাভূমি থেকে খাবার সংগ্রহ করে এবং পরিচিত একটি বা দু'টি গাছের খোঁড়লে বছরের পর বছর বাসা করে। ৮ থেকে ১২টি ডিম পাড়ে। ২৬ দিন পর ডিম ফুটে ছানা বের হয়।[৫]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Simpson DP (1979). Cassell's Latin Dictionary (5 ed.). London: Cassell Ltd.. আইএসবিএন 0-304-52257-0.
- ↑ Nettapus pulchellus, BirdLife International এ সবুজ বালিহাঁস বিষয়ক পাতা।
- ↑ ৩.০ ৩.১ Nettapus pulchellus, The IUCN Red List of Threatened Species এ সবুজ বালিহাঁস বিষয়ক পাতা।
- ↑ ৪.০ ৪.১ Ogilvie, Malcolm Alexander; Young, Steve (2003). Wildfowl of the world. Sydney, NSW: New Holland Publishers. পৃ: 72. আইএসবিএন 1-84330-328-0.
- ↑ "Green Pygmy Goose"। Perth Zoo website। South Perth, WA: Perth Zoo। 18 March 2009। সংগৃহীত 22 February 2010।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Nettapus pulchellus, Oriental Bird Images.