সংসদ সদস্য (যুক্তরাজ্য)
| সংসদ সদস্য | |
|---|---|
কমন্সসভার লোগো | |
| যুক্তরাজ্যের সংসদ | |
| সম্বোধনরীতি |
|
| সংক্ষেপে | এমপি |
| এর সদস্য | কমন্সসভা |
| নিয়োগকর্তা | যুক্তরাজ্যের নির্বাচনী জনগণ |
| মেয়াদকাল | এক সংসদকাল; নবায়নযোগ্য |
| গঠনের দলিল | যুক্তরাজ্যের সংবিধান |
| বেতন | £৯১,৩৪৬ প্রতি বছর, তবে এতে ব্যক্তিগত খরচ যেমন বাসস্থান, ইউটিলিটি বিল, খাবার, যাতায়াত খরচ এবং ব্যক্তিগত অফিসের বাজেট অন্তর্ভুক্ত নয়।[১] |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
যুক্তরাজ্যের সংসদ সদস্য বা এমপি হলেন যুক্তরাজ্যের সংসদের নিম্নকক্ষ কমন্সসভার একজন নির্বাচিত সদস্য।[২]
নির্বাচন পদ্ধতি
[সম্পাদনা]যুক্তরাজ্যের কমন্সসভার ৬৫০ জন সদস্যই পুরো যুক্তরাজ্য জুড়ে একক সদস্য নির্বাচনী এলাকায় ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট ভোটদান পদ্ধতি ব্যবহার করে নির্বাচিত হন, যেখানে প্রতিটি নির্বাচনী এলাকার নিজস্ব একক প্রতিনিধি থাকে।[৩][৪]
নির্বাচন
[সম্পাদনা]পাঁচ বছর মেয়াদী নির্বাচনের জন্য অথবা আগাম নির্বাচনের সময় সকল এমপি পদ একসাথে শূন্য হয়ে যায়। ডিসোলিউশন অ্যান্ড কলিং অব পার্লামেন্ট অ্যাক্ট ২০২২ অনুযায়ী, নির্বাচনের পর প্রথম বৈঠকের পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।
যদি অন্য কোন সময় মৃত্যু বা পদত্যাগের কারণে কোন আসন শূন্য হয়, তাহলে উপ-নির্বাচনের মাধ্যমে একটি আসনের শূন্যস্থান পূরণ করা যেতে পারে। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট ১৯৮১-এর অধীনে, এক বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত যেকোনো সংসদ সদস্য স্বয়ংক্রিয়ভাবে তাদের আসন ত্যাগ করেন। কিছু ধরণের ছোটখাটো অন্যায় কাজের জন্য, রিকল অব এমপিস অ্যাক্ট ২০১৫ অনুসারে একটি রিকল নির্বাচন খোলার নির্দেশ দেওয়া হয়েছে; যদি নির্বাচনী এলাকার মধ্যে নিবন্ধিত ভোটারদের ১০% এর বেশি স্বাক্ষর করেন, তাহলে আসনটি খালি হয়ে যাবে।
যোগ্যতা
[সম্পাদনা]আগে শুধু প্রাপ্তবয়স্ক পুরুষ সম্পত্তির মালিকরাই সংসদ নির্বাচনে দাঁড়াতে পারতেন। ১৯১৮ সালে, নারীরাও সংসদে দাঁড়ানোর এবং ভোট দেওয়ার অধিকার পান।
সংসদ সদস্য পদে নির্বাচনে দাঁড়াতে চাইলে একজন ব্যক্তির অন্তত ১৮ বছর বয়স হতে হবে এবং তিনি যুক্তরাজ্য, কমনওয়েলথভুক্ত কোনো দেশ বা আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে। ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক নয়, এবং প্রার্থী কোথায় থাকেন, তা নিয়েও কোনো বাধা নেই।[৫] [৬]
হাউস অব কমন্স ডিসকোয়ালিফিকেশন অ্যাক্ট ১৯৭৫ অনুযায়ী, কিছু পদের অধিকারীরা ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) হতে পারেন না। এর মধ্যে আছেন: সরকারি কর্মচারী, নিয়মিত পুলিশ সদস্য (তবে বিশেষ কনস্টেবল নন), নিয়মিত সেনাবাহিনীর সদস্য (তবে রিজার্ভ সদস্য নন), এবং কিছু বিচারক। হাউস অব লর্ডস-এর সদস্যরা আগে কমন্সে (সংসদের নিম্নকক্ষ) নির্বাচনে দাঁড়াতে পারতেন না। কিন্তু হাউস অব লর্ডস রিফর্ম অ্যাক্ট ২০১৪-এর পর অবসরপ্রাপ্ত বা পদত্যাগকারী লর্ডরা এমপি পদে দাঁড়াতে পারেন। কমনওয়েলথের বাইরের দেশের আইনসভা সদস্যরা সাধারণভাবে ব্রিটিশ এমপি হতে পারেন না,[৫] তবে আয়ারল্যান্ডের আইনসভার সদস্যরা এর বাইরে।[৬] ২০১৪ সালে পাশ হওয়া ওয়েলস অ্যাক্ট এবং নর্দার্ন আয়ারল্যান্ড (মিসেলেনিয়াস প্রভিশনস) অ্যাক্ট অনুযায়ী, ওয়েলসের সেনেদ এবং নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাসেম্বলির সদস্যরা যুক্তরাজ্যের হাউস অব কমন্সে এমপি পদে দাঁড়াতে পারেন না। তবে স্কটিশ পার্লামেন্ট-এর সদস্যরা এমপি পদে নির্বাচনে দাঁড়াতে পারেন।
দেউলিয়া ব্যক্তিরা এমপি হতে পারবেন না।[৫] রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট ১৯৮১ অনুযায়ী, যেসব ব্যক্তি এক বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড ভোগ করছেন, তারা এমপি পদে নির্বাচনে দাঁড়াতে পারেন না।[৭] যেসব ব্যক্তির বিরুদ্ধে দেউলিয়াত্ব সীমাবদ্ধতার আদেশ কার্যকর রয়েছে, তারা হাউস অব কমন্সের (বিদ্যমান) সদস্য হতে পারেন না। বিভিন্ন দেশে এই নিয়মের ব্যাখ্যা কিছুটা ভিন্ন হতে পারে।[৮]
সংসদ সদস্যরা (এমপি) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন না। কিন্তু বাস্তবে তারা সবসময়ই পদ ছাড়তে পারেন। কেউ হাউস অব কমন্স থেকে পদত্যাগ করতে চাইলে, তাকে ব্রিটিশ ক্রাউন-এর দুটি আনুষ্ঠানিক পদে নিয়োগ চাওয়ার সুযোগ দেওয়া হয়: চিলটার্ন হানড্রেডস-এর ক্রাউন স্টুয়ার্ড ও বেইলিফ অথবা ম্যানর অব নর্থস্টেড-এর ক্রাউন স্টুয়ার্ড ও বেইলিফ। এই পদগুলো নিছক আনুষ্ঠানিকতা (যাকে বলে sinecure, অর্থাৎ যার কোনো বাস্তব দায়িত্ব নেই)। এগুলোর মূল উদ্দেশ্যই হলো সংসদ সদস্যদের পদত্যাগের সুযোগ করে দেওয়া। এ নিয়োগের দায়িত্বে থাকেন চ্যান্সেলর অব দ্য এক্সচেকার (কোষাধ্যক্ষ), যিনি প্রথা অনুযায়ী কখনও এমন কোনো অনুরোধ প্রত্যাখ্যান করেন না।
শিরোনাম
[সম্পাদনা]সংসদ সদস্যরা নিজেদের নামের শেষে এমপি (MP) ব্যবহার করতে পারেন। সংসদ অধিবেশনের সময় সদস্যদের ভদ্রতা প্রকাশের জন্য "অনারেবল"(honourable) বলা হয় (যেমন: "the honourable member for...")—এটি শুধুই একটি সৌজন্যসূচক সম্বোধন। তবে যদি কোনো সংসদ সদস্য "মারকুইস" (marquess) পদমর্যাদার নিচের কোনো পিয়ারের সন্তান হন, তাহলে তারা "দ্য অনারেবল" (the honourable) [নাম] [পদবী]" হিসেবে পরিচিত হতে পারেন—এক্ষেত্রে এটি আনুষ্ঠানিক উপাধি। প্রিভি কাউন্সিলের সদস্যরা "দ্য রাইট অনারেবল" ( "The Rught Honourable") [নাম] এমপি শিরোনাম ব্যবহার করেন।[৯]
দায়িত্ব
[সম্পাদনা]একজন সংসদ সদস্যের প্রথম কর্তব্য হলো নিজের আন্তরিক ও পক্ষপাতহীন বিবেচনায় যা যুক্তরাজ্যের সম্মান ও নিরাপত্তার জন্য সঠিক ও প্রয়োজনীয় বলে মনে করেন, সেটাই করা। দ্বিতীয় কর্তব্য হলো নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রতি, যাদের তিনি প্রতিনিধি হলেও সরাসরি দূত নন। এ বিষয়ে বার্কের বিখ্যাত বক্তব্য খুবই পরিচিত (যা trustee model of representation নামে পরিচিত)। তৃতীয় পর্যায়ে আসে দল বা রাজনৈতিক কর্মসূচির প্রতি দায়িত্ব। এই তিনটি দায়িত্বই পালন করা উচিত, তবে সুস্থ গণতন্ত্রে এই দায়িত্বগুলোর গুরুত্বের যে ক্রম, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
তাত্ত্বিকভাবে, সমসাময়িক সংসদ সদস্যদের দুটি দায়িত্ব থাকে অথবা তিনটি, যদি তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হন। তাদের প্রধান দায়িত্ব হলো জাতীয় স্বার্থে কাজ করা। সেইসঙ্গে, তারা তাদের নিজ নিজ এলাকার জনগণের স্বার্থেও কাজ করবেন, তবে সেটা প্রধান দায়িত্বকে অগ্রাহ্য না করে। সর্বশেষে, যদি তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হন, তবে তারা দলের স্বার্থেও কাজ করতে পারেন, তবে তা আগের দুই দায়িত্বের অধীনেই।[১১][১২][১৩][১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Scheme of MPs' Staffing and Business Costs | IPSA"। Independent Parliamentary Standards Authority। IPSA। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "What MPs do"। UK Parliament। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ "Voting Systems in the UK"। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৯।
- ↑ "Parliamentary Constituencies"। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮।
- 1 2 3 "Local elections in England and Wales, Guidance for candidates and agents, Part 1 of 6 – Can you stand for election?" (পিডিএফ)। Electoral Commission। জানুয়ারি ২০২০। ১৯ জুন ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "UK Parliamentary general election – Northern Ireland, Guidance for candidates and agents, Part 1 of 6 – Can you stand for election?" (পিডিএফ)। Electoral Commission। সেপ্টেম্বর ২০১৯। ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)।
- ↑ Gay, Oonagh (১৩ অক্টোবর ২০০৪)। "Disqualification for membership of the House of Commons" (পিডিএফ)। UK Parliament। ২১ মার্চ ২০০৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "Enterprise Act 2002"। 2002-এর আইন নং. c. 40 Part 10 Section 266।
- ↑ "How to Address an MP"। Debrett's। ১৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "House of Commons – Modernisation of the House of Commons – First Report - 2 The role of the Member"। Parliament of the United Kingdom। ২০ জুন ২০০৭। ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Cooper, Jonathan; Williams, Felicity (১ মার্চ ২০১৯)। "Fixing Brexit: How parliament's checks and balances can solve our political crisis"। The Independent। ১২ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Gauja, Anika (২০১৬)। Political Parties and Elections: Legislating for Representative Democracy। Routledge। আইএসবিএন ৯৭৮১৩১৭০৭৮৭২২ – Google Books এর মাধ্যমে।
- ↑ Dimock, Susan (২০১৬)। Classic Readings and Cases in the Philosophy of Law। Routledge। আইএসবিএন ৯৭৮১৩১৫৫০৯৬৩১ – Google Books এর মাধ্যমে।
- ↑ Deacon, Michael (৩ ফেব্রুয়ারি ২০১৭)। "Why Churchill would have defended our 'enemies of democracy'"। The Telegraph। ১১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।