হুসাইন ইবনে জামিল
হুসাইন ইবনে জামিল الحسين بن جميل | |
|---|---|
| মিশরের আব্বাসীয় গভর্নর | |
| কাজের মেয়াদ ৮০৬ – ৮০৮ | |
| সার্বভৌম শাসক | হারুনুর রশিদ |
| পূর্বসূরী | আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে ইবরাহি |
| উত্তরসূরী | মালিক ইবনে দালহাম আল-কিলাবি |
| ব্যক্তিগত বিবরণ | |
| পিতা | জামিল |
হুসাইন ইবনে জামিল ( আরবি: الحسين بن جميل) ছিলেন একজন আব্বাসীয় কর্মকর্তা ও প্রাদেশিক গভর্নর, যিনি ৮০৬ থেকে ৮০৮ সাল পর্যন্ত আব্বাসীয় খিলাফতের অধীনে মিশরে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]হুসাইন সম্ভবত আব্বাসীয় খলিফা আল মনসুরের একজন মাওলা (অনুগত বা মুক্ত দাস)।[১] তাঁর এই পরিচয় থেকে বুঝা যায় যে, তিনি আব্বাসীয় শাসকদের ঘনিষ্ঠ ছিলেন। খলিফা হারুনুর রশিদের শাসনামলে (৭৮৬–৮০৯ খ্রিষ্টাব্দ) হুসাইনকে কোনো এক অজানা সময়ে বসরার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানা যায়। বসরা তখন বাণিজ্য, জ্ঞানচর্চা ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।[২] এরপর ৮০৬ খ্রিষ্টাব্দে হুসাইনকে মিশরের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সেই বছরের জুলাই মাসে মিশরে এসে তিনি দায়িত্ব গ্রহণ করেন। মিশরে তিনি আস্কার শহরে বসবাস করতেন। প্রথমদিকে তাঁর দায়িত্ব মূলত ধর্মীয় কার্যক্রম (নামাজের তত্ত্বাবধান) ও নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ ছিল। তিনি প্রদেশের শৃঙ্খলা বজায় রাখা ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে নিযুক্ত ছিলেন। তবে কিছুদিন পর তাকে আরো গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রদান করা হয়। তাকে প্রদেশের “খরাজ” (ভূমি কর) সংগ্রহের দায়িত্বও দেওয়া হয়।[৩]
হুসাইনের শাসনামলে মিশরে একটি বড় ধরনের বিদ্রোহ দেখা দেয়। মিসরের হাওফ অঞ্চলের অধিবাসীরা কর দিতে অস্বীকৃতি জানায় এবং বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ দ্রুতই সহিংস রূপ নেয়। আবুল নিদা নামের এক নেতার অধীনে প্রায় এক হাজার লোক আইলা (বর্তমান আকাবা অঞ্চলের নিকটবর্তী একটি পথ) যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং তারা সিরিয়ার দিকে অগ্রসর হয়। সেখানে তারা লুটপাট ও হত্যাকাণ্ড চালাতে থাকে; ফলে পরিস্থিতি অত্যন্ত অস্থির হয়ে ওঠে। এই সংকট এতটাই গুরুতর হয়ে ওঠে যে, খলিফা সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হন। তিনি বিদ্রোহ দমন করার জন্য ইয়াহিয়া ইবন মুযাজ ইবনে মুসলিমের নেতৃত্বে একটি সেনাবাহিনী পাঠান। ইয়াহিয়া ফিলিস্তিনে পৌঁছানোর পর হুসাইনের পক্ষ থেকে পাঠানো অতিরিক্ত সৈন্য সহায়তা পান। এরপর উভয় বাহিনী একত্র হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালায় এবং শেষ পর্যন্ত যুদ্ধে তাদের পরাজিত করতে সক্ষম হয়। এতে আবুল নিদাকেও আটক করা হয়। এরপর ইয়াহিয়া হাওফ অঞ্চলে অগ্রসর হন এবং বিলবাইস নামক স্থানে অবস্থান গ্রহণ করেন। সেখানে তিনি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেন এবং জনগণের নিয়মিত কর প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।[৪]
তবে এই ঘটনার কিছুদিন পর ৮০৮ খ্রিষ্টাব্দে (১২ রবিউল আউয়াল, ১৮২ হি.) হুসাইনকে তার গভর্নরের পদ থেকে অপসারণ করা হয়। এরপর মালিক ইবনে দালহাম আল-কালবিকে তার স্থলাভিষিক্ত করা হয়। মিশরে হুসাইনের শাসনকাল মোট এক বছর সাত মাসের মতো স্থায়ী হয়। [৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Crone 1980, পৃ. 191; Ibn Taghribirdi 1930, পৃ. 134; Khalifah ibn Khayyat 1985, পৃ. 462.
- ↑ Khalifah ibn Khayyat 1985, পৃ. 462; Bosworth 1989, পৃ. 305 (where he appears as "al-Hasan ibn Jamil."
- ↑ Al-Kindi 1912, পৃ. 142; Ibn Taghribirdi 1930, পৃ. 134–35; Khalifah ibn Khayyat 1985, পৃ. 464.
- ↑ Al-Kindi 1912, পৃ. 143–44; Ibn Taghribirdi 1930, পৃ. 135; Kennedy 1998, পৃ. 79–80; Morimoto 1981, পৃ. 155; Bosworth 1989, পৃ. 266. Abu al-Nida was later brought to the caliph and executed; Bosworth 1989, পৃ. 295.
- ↑ Al-Kindi 1912, পৃ. 144; Ibn Taghribirdi 1930, পৃ. 135.
উৎস
[সম্পাদনা]- Bosworth, C.E., সম্পাদক (১৯৮৯)। The History of al-Ṭabarī, Volume XXX: The ʿAbbāsid Caliphate in Equilibrium: The Caliphates of Mūsā al-Hādī and Hārūn al-Rashīd, A.D. 785–809/A.H. 169–192। SUNY Series in Near Eastern Studies.। Albany, New York: State University of New York Press। আইএসবিএন ৯৭৮-০-৮৮৭০৬-৫৬৪-৪।
- Crone, Patricia (১৯৮০)। Slaves on Horses: The Evolution of the Islamic Polity। Cambridge: Cambridge University Press। আইএসবিএন ০-৫২১-৫২৯৪০-৯।
- Ibn Taghribirdi, Jamal al-Din Abu al-Mahasin Yusuf (১৯৩০)। Nujum al-zahira fi muluk Misr wa'l-Qahira, Volume II (আরবি ভাষায়)। Cairo: Dar al-Kutub al-Misriyya।
- Kennedy, Hugh (১৯৯৮)। "Egypt as a province in the Islamic caliphate, 641-868"। Petry, Carl F. (সম্পাদক)। Cambridge History of Egypt, Volume One: Islamic Egypt, 640–1517। Cambridge: Cambridge University Press। পৃ. ৬২–৮৫। আইএসবিএন ০-৫২১-৪৭১৩৭-০।
- Khalifah ibn Khayyat (১৯৮৫)। al-Umari, Akram Diya' (সম্পাদক)। Tarikh Khalifah ibn Khayyat, 3rd ed (আরবি ভাষায়)। Al-Riyadh: Dar Taybah।
- Al-Kindi, Muhammad ibn Yusuf (১৯১২)। Guest, Rhuvon (সম্পাদক)। The Governors and Judges of Egypt (আরবি ভাষায়)। Leyden and London: E. J. Brill।
- Morimoto, Kosei (১৯৮১)। The Fiscal Administration of Egypt in the Early Islamic Period। Kyoto: Dohosha।