বিষয়বস্তুতে চলুন

হাসান কামাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাসান কামাল
জন্ম(১৯৪৩-০১-০১)১ জানুয়ারি ১৯৪৩
মাতৃশিক্ষায়তনলখনউ বিশ্ববিদ্যালয়
পেশাকবি, গীতিকার, সাংবাদিক
কর্মজীবন১৯৮২-২০০৮
পুরস্কারপূর্ণ তালিকা

হাসান কামাল (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৩) একজন ভারতীয় কবি, গীতিকার, সাংবাদিক ও সম্পাদকীয় লেখক।[] তিনি সিলসিলা (১৯৮১) চলচ্চিত্রের "সর সে সরকে" গান লেখার মধ্য দিয়ে গীতিকার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। আজ কি আওয়াজ (১৯৮৪) চলচ্চিত্রের "আজ কি আওয়াজ" গানের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি নিকাহ (১৯৮২)-এর "দিল কি ইয়ে আরজু থি" ও "দিল কে আরমাঁ" এবং তবায়েফ (১৯৮৫)-এর "বহুত দের সে" গানের জন্য আরও তিনটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। গীতিকার হিসেবে তার রচিত সর্বশেষ গান হল আনোয়ার (২০০৭)-এর "তোসে ন্যায়না লাগে"।

গীত রচনার পাশাপাশি তিনি মহাভারত কথা, বিষ্ণু পুরাণ, আকবর দ্য গ্রেটমহারাণা প্রতাপ টেলিভিশন ধারাবাহিকের সংলাপ লিখেন। তিনি দীর্ঘ ১৫ বছর উর্দু ব্লিট্‌জ-এর সম্পাদক ছিলেন এবং ইনকিলাব, রোজনামা রাষ্ট্রীয় সাহারা, ইমতাদআল-বাগ-এ নিয়মিত সম্পাদকীয় লিখতেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কামাল ১৯৪৩ সালের ১লা জানুয়ারি তদানীন্তন ব্রিটিশ ভারতের (বর্তমান ভারত) লখনউয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা লখনউয়ের অদূরে দেবা গ্রামের বাসিন্দা ছিলেন। ব্রিটিশ রাজের সময় তার পিতা একটি সমবায় সমিতির পরিদর্শক ছিলেন। এরপর তিনি সুন্নি ওয়াক্‌ফ বোর্ডের হিসাব নিরীক্ষক হন। কামাল মমতাজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি আমিনাবাদ ইন্টার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরে লখনউ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।[]

১৯৬৫ সালে তিনি ব্লিট্‌জ উইকলি-এর উপ-সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর তিনি ১৯৭৪ সালে উর্দু ব্লিট্‌জ-এর সম্পাদক হন[] এবং দীর্ঘ ১৫ বছর এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।[] তার সময়ে এই পত্রিকার প্রচলন প্রতি সপ্তাহে ১৩,০০০ কপি থেকে ১,০০,০০০ কপিতে উত্তীর্ণ হয়। তিনি ইনকিলাব, রোজনামা রাষ্ট্রীয় সাহারা, ইমতাদআল-বাগ-এ নিয়মিত সম্পাদকীয় লিখতেন। তার সম্পাদকীয়গুলো প্রায়ই তামিল, তেলুগু, মারাঠিইংরেজি ভাষায় অনূদিত হত।[]

কর্মজীবন

[সম্পাদনা]

কামাল যশ চোপড়ার সিলসিলা (১৯৮১) চলচ্চিত্রের "সর সে সরকে" গান লেখার মধ্য দিয়ে গীতিকার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সাধারণত সাহির লুধিয়ানবি চোপড়ার চলচ্চিত্রের গান লিখতেন, কিন্তু ১৯৮০ সালে তিনি মৃত্যুবরণ করার পর চোপড়া একজন নতুন গীতিকারের খোঁজ করছিলেন। এই সময়ে তিনি এই চলচ্চিত্রের গান লেখার সুযোগ পান। একই সময়ে বি. আর. চোপড়া চাণক্য চন্দ্রগুপ্ত চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছিলেন। সঙ্গীত পরিচালক নওশাদ তাকে বি. আর. চোপড়ার সাথে পরিচয় করিয়ে দেন। চলচ্চিত্রটি নির্মিত না হলেও তিনি নিকাহ (১৯৮২) চলচ্চিত্রে কাজের সুযোগ পান, যা তাকে বলিউডে গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত করে। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে ষাটের দশকের প্রখ্যাত সুরকার রবির প্রত্যাবর্তন ঘটে এবং এটি অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী সালমা আগার অভিষেক চলচ্চিত্র ছিল। কামাল এই চলচ্চিত্রের জন্য পাঁচটি গান লিখেন, তন্মধ্যে "দিল কে আরমাঁ" ও "দিল কি কে ইয়ে আরজু থি" গান দুটি সুপারহিট হয়। এই দুটি গানের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে দুটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[]

তিনি আজ কি আওয়াজ (১৯৮৪) চলচ্চিত্রের শিরোনাম গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি তবায়েফ (১৯৮৫)-এর "বহুত দের সে" গানের জন্য আরও একটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এরপর তিনি বিবি হো তো অ্যায়সি, ঘর এক মন্দির, সালমা, বাটওয়ারা, হাতিয়ার, ও ইয়াতিম চলচ্চিত্রের গীত লিখেন। গীতিকার হিসেবে তার রচিত সর্বশেষ গান হল আনোয়ার (২০০৭)-এর "তোসে ন্যায়না লাগে"।[]

টেলিভিশনে তিনি বি. আর. চোপড়ার সওদা এবং রবি চোপড়ার মহাভারত কথা, বিষ্ণু পুরাণ, আকবর দ্য গ্রেট, মহারাণা প্রতাপ, কানুন, ঝাঁসি কি রানী-সহ অসংখ্য টেলিভিশন ধারাবাহিকের সংলাপ লিখেন।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
সাহিত্য পুরস্কার
  • ১৯৭৬: নেহরু কালচারাল অ্যাসোসিয়েশন অব ইউপি পুরস্কার
  • ১৯৮৮: উত্তরপ্রদেশের হিন্দি উর্দু সাহিত্য পুরস্কার
  • ১৯৯০: বছরের সবচেয়ে জনপ্রিয় কবি হিসেবে অরুণ-আমিন পুরস্কার
  • ১৯৯৬: সাহিত্যকর্মের জন্য মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার[]
  • ২০১২: দ্য প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া পুরস্কার[]
চলচ্চিত্র পুরস্কার
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৮৩ সুর শিঙ্গার ড. ভি.ডি. অরোড়া পুরস্কার নিকাহ বিজয়ী
৩০তম ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ গীতিকার "দিল কি ইয়ে আরজু থি" (নিকাহ) মনোনীত []
"দিল কে আরমাঁ" (নিকাহ) মনোনীত
১৯৮৫ ৩২তম ফিল্মফেয়ার পুরস্কার "আজ কি আওয়াজ" (আজ কি আওয়াজ) বিজয়ী []
১৯৮৬ ৩৩তম ফিল্মফেয়ার পুরস্কার "বহুত দের সে" (তবায়েফ) মনোনীত []
ফিল্ম পুরস্কার আশীর্বাদ বিজয়ী []
১৯৮৭ সুর শিঙ্গার ড. ভি.ডি. অরোড়া পুরস্কার আওয়াম বিজয়ী
১৯৯২ তেরি পায়ল মেরি গীত বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 সাক্সেনা, দীপ (২১ সেপ্টেম্বর ২০১৯)। "Kamaal hai, sahab!"হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪
  2. 1 2 3 4 "Hasan Kamal"Samanvay Indian Languages Festival। ১২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪
  3. "Awards"The Milli Gazette — Indian Muslims Leading News Source (ইংরেজি ভাষায়)। ২৮ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪
  4. "The Filmfare Awards Nominations – 1982"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪
  5. "The Filmfare Awards Winners – 1984"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪
  6. "The Filmfare Awards Nominations – 1985"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]