হাজী ইল বেগ
হাজী ইল বেগ বা হাজী ইলবে (হাজী বে নামেও পরিচিত; আনু. ১৩০৫ – ১৩৬৫ বা ১৩৭১) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রাথমিক যুগের একজন যোদ্ধা ও সেনাপতি।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তিনি আনু. ১৩০৫ খ্রিস্টাব্দের দিকে আনাতোলিয়ার বালিকশির শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দার্দানেলেস প্রণালীর আনাতোলিয়ায় অবস্থিত কারাসি বেয়লিকের সেনাপতি ছিলেন। তবে ১৩৪০ খ্রিস্টাব্দের পরে কারাসি বেয়লিক দুর্বল হয়ে পড়লে তিনি কারাসি অঞ্চল ছেড়ে চলে যান। কারেসি অঞ্চল ছেড়ে তিনি কারাসি অঞ্চলের উত্তরে অবস্থিত উসমানীয় বেয়লিক সাম্রাজ্যে যোগদান করেন।[১] ১৩৬১ খ্রিস্টাব্দে প্রথম ওরহানের রাজত্বকালে উসমানীয়রা কারেসিদের সমস্ত অঞ্চল দখল করে নেয়। এই সময়েই উসমানীয়দের রাজধানী বুরসা থেকে এদির্নে স্থানান্তর করা হয়েছিল।
উসমানীয় সেনাপতি
[সম্পাদনা]হাজী ইল বেগকে কারেসি অঞ্চল বিজয়ের পর রুমেলিয়াতে (তুরস্কের ইউরোপীয় অংশ) দায়িত্ব দেওয়া হয়েছিল। রুমেলিয়াতে উসমানীয় বেয়লিকের দ্বিতীয় শাসক প্রথম ওরহানের পুত্র সুলাইমান পাশার অধীনে তুর্কিরা ১৩৫৪ সালে পা রেখেছিল। রুমেলিয়াতে হাজী ইল বেগ নিজেকে একজন দক্ষ সেনাপতি হিসাবে প্রমাণ করেছিলেন। তিনি লুলেবুর্গাজ (মধ্যযুগীয় আর্কেদিয়াপোল) এবং সম্ভবত এদির্নে (মধ্যযুগীয় আদ্রিয়ানোপোল) দখল করেছিলেন। যা সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে।[২]
মারিৎজার যুদ্ধ
[সম্পাদনা]সুলতান প্রথম মুরাদ যখন আনাতোলিয়ায় বিগা শহর দখলে ব্যস্ত ছিলেন, তখন রুমেলিয়ার মারিৎসা নদীর কাছে একটি ক্রুসেডার সেনাবাহিনী উপস্থিত হয়েছিল। হাজী ইল বেগকে তুলনামূলকভাবে ছোট অভিযাত্রী বাহিনী নিয়ে ক্রুসেডারদের কাছে প্রেরণ করা হয়েছিল। তিনি এক রাতের অতর্কিত আক্রমণে ক্রুসেডারদের পরাজিত করেন। এই ঘটনার তারিখ নিয়ে কোনও ঐকমত্য নেই। উসমানীয় ইতিহাস অনুযায়ী যুদ্ধটি ১৩৬৪ সালে এবং পশ্চিমা সূত্র অনুযায়ী ১৩৭১ সালে সংঘটিত হয়েছিল।
মৃত্যু
[সম্পাদনা]মারিৎজার যুদ্ধের অল্প সময়ের মধ্যেই হাজী ইল বেগ মারা যান। অনেক ইতিহাসবিদদের মতে, হাজী ইল বেগের প্রতিদ্বন্দ্বী এবং তার খ্যাতি নিয়ে উদ্বিগ্ন উসমানীয় সেনাপতি লালা শাহিন পাশা তাকে বিষ প্রয়োগ করেছিলেন।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ On line history
- ↑ Nicolae Jorga: Geschichte des Osmanichen, (trans.: Nilüfer Epçeli) Vol 1,Yeditepe yayınları İstanbul, 2009, ISBN 975-6480- 18-1 p 201
- ↑ "The page of a school named after Hacı İlbey {{in lang|tr}}"। ৫ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১১।
- ↑ Joseph von Hammer: Osmanlı Tarihi cilt I (condensation: Abdülkadir Karahan), Milliyet yayınları, İstanbul. p.17