সেলিম আল-বিশরি
সেলিম আল-বিশরি | |
|---|---|
আরবি: سَلِيم ٱلْبِشْرِي | |
| উপাধি | আল-আজহারের গ্র্যান্ড ইমাম |
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | ১৮৩২ |
| মৃত্যু | ১৯১৬ |
| ধর্ম | সুন্নি |
| শিক্ষালয় | মালিকী |
সেলিম আল-বিশরি, ( আরবি: سَلِيم ٱلْبِشْرِي ) সালিম আল-বিশরি আল-মালেকি নামেও পরিচিত (১৮৩২ সালে মাহাল্লাত বিশর, বেহিরা - ১৯১৬ সালে কায়রো ) একজন মিশরীয় সুন্নি ধর্মীয় পণ্ডিত এবং আল-আজহারের একজন গ্র্যান্ড ইমাম ছিলেন। তিনি ছয়জন গ্র্যান্ড ইমামের মধ্যে একজন যিনি এই পদে দুইবার দায়িত্ব পালন করেছেন—প্রথমবার ১৮৯৯ থেকে ১৯০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয়বার ১৯০৯ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তার সমসাময়িক ছাত্রদের মধ্যে তিনি একজন উল্লেখযোগ্য মালিকি পণ্ডিত ছিলেন। তিনি পরবর্তীতে গ্র্যান্ড ইমাম হিসেবে নিযুক্ত হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের মালিকি পণ্ডিতদের প্রধান হন। হাদিসের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। আল-আজহারের একজন রক্ষণশীল গ্র্যান্ড ইমাম হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানটিতে আধুনিকীকরণ ও সংস্কার শুরু করেন। যার মধ্যে ১৯১১ সালের উল্লেখযোগ্য সংস্কারেও তিনি অবদান রাখেন। তবে তিনি সালাফি মুসলিম এবং উদারপন্থী মুসলিমদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
আল-আজহারের সংগঠন নিয়ে মিশরীয় সরকারের সাথে মতবিরোধের জেরে তিনি প্রথমবারের মতো তার পদ থেকে পদত্যাগ করেন। তার দ্বিতীয় মেয়াদে তিনি আদানা গণহত্যার সময় খ্রিস্টান ও আর্মেনীয়দের গণহত্যার নিন্দা করে একটি ফতোয়া জারি করেন।
তিনি ১৯১৬ সালে কায়রোতে মারা যান।
নাম
[সম্পাদনা]তার পূর্ণ নাম ছিল সালিম বিন আবি ফাররাজ বিন সালিম বিন আবি ফাররাজ আল-বিশরি।
জীবনী
[সম্পাদনা]সেলিম আল-বিশরি ১৮৩২ সালে মহল্লাত বিশরে ( বেহেরা ) জন্মগ্রহণ করেন। তিনি একটি ধনী পরিবার থেকে এসেছিলেন। মাত্র সাত বছর বয়সে তার বাবার মৃত্যুর পর, তিনি কুরআন মুখস্থ করতে শুরু করেন এবং হাফেজ হন। যখন তিনি নয় বছর বয়সে পৌঁছান, তখন তার পরিবার কায়রোতে চলে আসে। যেখানে তিনি রাতে সাইয়্যেদা জয়নব মসজিদে ঘন ঘন যেতেন এবং দিনের বেলায় আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ক্লাসে যোগ দিতেন। তিনি শেখ আল-আলিশ, আল-খানানি এবং ইব্রাহিম আল-বাজুরির মতো বিভিন্ন শিক্ষকের অধীনে পড়াশোনা করেন। তার চাচা মোহাম্মদ সাইদ পাশার অধীনে মিশরের পক্ষ থেকে হজের একটি কাফেলার নেতৃত্বে নিযুক্ত হন এবং সেই সময় তিনি হজ পালন করেন।
আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে তৎকালীন সমতুল্য ডিগ্রি লাভের পর সালিম আল-বিশরি তাৎক্ষণিকভাবে ইমাম হিসেবে নিযুক্ত হন। প্রথমে তিনি ইনাল মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন, তারপর কায়রোর জয়ন আল-আবেদীন মসজিদে ইমাম ও প্রচারক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সাইয়্যিদাহ জয়নাব মসজিদে তার সেবা অব্যাহত রাখেন এবং পরবর্তীতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মালিকি শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি শেখ মুহাম্মদ আরাফা, শেখ মুহাম্মদ রশিদ এবং শেখ আল-বাসিউনি আল-বায়ানির মতো উল্লেখযোগ্য ছাত্রদের পড়ান। তিনি হাদিসের উপর বিশেষজ্ঞ একজন মুসলিম পণ্ডিত হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
সাইয়্যেদা জয়নব মসজিদের দায়িত্বে থাকাকালীন তিনি সাইয়্যেদা জয়নবের সমাধি স্থানান্তরের জন্য একটি সংস্কার প্রকল্প প্রত্যাখ্যান করেছিলেন। স্থপতির সাথে মুখোমুখি সংঘর্ষের পর তিনি ভবনটিকে তার আগের অবস্থায় নিতে সফল হন। এই সময়ে তিনি একজন সম্মানিত মুফতি ছিলেন।
পরে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মালিকি স্কুলের প্রধান হিসেবে শেখ নিযুক্ত হন এবং তৎকালীন গ্র্যান্ড ইমাম হাসুনাহ আন-নাওয়াওয়ির (১৮৯৫-১৮৯৯) অধীনে আল-আজহারের কাউন্সিলে একটি পদ লাভ করেন। হাসুনাহ আন-নাওয়াওয়ির মৃত্যুর পর এবং একটি সংক্ষিপ্ত অন্তর্বর্তীকালীন সময়ের পর সালিম আল-বিশরি তার স্থলাভিষিক্ত হন এবং আল-আজহারের গ্র্যান্ড ইমাম হন। তিনি ১৭৫ বছরের মধ্যে প্রতিষ্ঠানের প্রথম মালিকি নেতা হন।
সালিম আল-বিশরি মিশরীয় সংস্কারবাদী আন্দোলনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবদুহ এবং প্যান-ইসলামিজমের অন্যতম পথিকৃৎ জামাল আল-দিন আল-আফগানি কর্তৃক ধর্মতাত্ত্বিক অবস্থানের বিপরীত মত পোষণ করতেন। তবে তিনি সঠিকভাবে হাদিস শিক্ষা না দেওয়ার অভিযোগে সালাফিদের সমালোচনার মুখোমুখি হন। এই প্রেক্ষাপটে, তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য মুহাম্মদ আবদুহর প্রস্তাবিত সংস্কারের বিরোধিতা করেছিলেন। তবে তিনি আবদুহর কিছু আইনি প্রস্তাব গ্রহণ করেন যা তিনি বৈধ মনে করেন, যেমন নারীদের জন্য বিবাহবিচ্ছেদ পদ্ধতি সরলীকরণ।
মিশরের দ্বিতীয় আব্বাসের সাথে বিরোধের কারণে তিনি প্রথমবারের মতো তার পদ থেকে পদত্যাগ করেন। [১] পরে তিনি বোত্রোস ঘালির অধীনে শিক্ষকদের বেতন বৃদ্ধির আলোচনার পর তার পদে ফিরে আসেন। [১] তিনি মিশরীয় কর্তৃপক্ষ এবং আল-আজহারের স্বাধীনতার মধ্যে একটি মধ্যপন্থী অবস্থান গ্রহণ করেছিলেন, প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রাখলে সংস্কার বাস্তবায়নে সম্মত হন। [২] ১৯০৯ সালে তিনি খ্রিস্টানদের গণহত্যার বিষয়ে একটি ফতোয়া জারি করেন এবং আদানা গণহত্যার জন্য দায়ীদের নিন্দা করেন। যেখানে তিনি বলেন [৩]
হে মুসলিমগণ, তোমাদের ধর্মের প্রতি বিশ্বস্ত থাকো এবং আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাহ দ্বারা নিষিদ্ধ কাজ করা থেকে সাবধান থাকো, এবং আল্লাহর অবাধ্যতা থেকে সাবধান থাকো, যা তাঁর ক্রোধ ও অসন্তোষ জাগায়। নিশ্চয়ই, আল্লাহ তোমাদের উপর দায়িত্ব আরোপ করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে তোমাদের মাঝে যেসব ইহুদি ও খ্রিস্টান বসবাস করে তাদের প্রতি নির্দিষ্ট অধিকার প্রদান করবে যাদের সাথে তোমাদের চুক্তি আছে, যারা তোমাদের কাছে তাদের নিরাপত্তা সমর্পণ করেছে।এর মধ্যে রয়েছে যে তোমরা তাদের প্রতি ন্যায়বিচার করবে যেমন তারা তোমাদের প্রতি ন্যায়বিচার করেছে, তাদেরকে তা থেকে রক্ষা করবে যা থেকে তোমরা নিজেদের ও তোমাদের আত্মীয়দের রক্ষা করো, তোমাদের শক্তি ও ক্ষমতা দিয়ে তাদের শক্তিশালী করবে, এবং তাদের ঘরবাড়ি, মঠ এবং গির্জাগুলোকে সেইভাবে রক্ষা করবে যেভাবে তোমরা তোমাদের মসজিদ ও উপাসনাস্থল রক্ষা করো। এবং, আল্লাহর কসম, যে কেউ তাদের নারীদের বিরুদ্ধে অত্যাচার করে, তাদের হত্যা করে এবং তাদের উপর অত্যাচার করে সে সত্যিই আল্লাহর প্রতিষ্ঠিত চুক্তি লঙ্ঘন করেছে এবং তাদের ঐশ্বরিকভাবে নির্ধারিত দায়িত্ব লঙ্ঘন করেছে।”
১৯১১ সালে সালিম আল-বিশরি আল-আজহারের মধ্যে একটি উল্লেখযোগ্য সংস্কার বাস্তবায়ন করেন। এ বছর অন্যান্য পরিবর্তনের সাথে আল-আজহারের সুপ্রিম কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। তিনি শিয়া ব্যক্তিত্বদের সাথেও আলোচনায় অংশ নেন, যেমন আবদ আল-হুসায়ন শারাফ আল-দিন আল-মুসাওয়ির সাথে তিনি যোগাযোগ বজায় রাখতেন।
মৃত্যু
[সম্পাদনা]তিনি ১৯১৬ সালে কায়রোতে মারা যান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 الجوادي, د محمد। "الشيخ سليم البشري صاحب الولايتين"। www.aljazeera.net (আরবি ভাষায়)। ৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ Gesink, Indira Falk (২০০৯)। Islamic reform and conservatism: Al-azhar and the evolution of modern Sunni Islam। Library of modern religion। I.B.Tauris। আইএসবিএন ৯৭৮-১-৮৪৫১১-৯৩৬-২।
- ↑ Samaha, Nour (২৪ এপ্রিল ২০১৫)। "How Arabs reached out to Armenians amid 1915 massacre"। Al Jazeera। ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৩।