সেনেকা
লূকিউস আন্নায়ুস সেনেকা মিনর Lūcius Annaeus Seneca minor | |
|---|---|
সেনেকার পুরনো আবক্ষমূর্তি | |
| জন্ম | আনু. 4 BC কর্দুবা, হিস্পানিয়া বায়তিকা, রোমান সাম্রাজ্য |
| মৃত্যু | ৬৫ (বয়স ৬৭–৬৮) সাধারণাব্দ |
| অন্যান্য নাম | লূকিউস আন্নায়উস |
উল্লেখযোগ্য কর্ম | |
| যুগ | হেল্লেনীয় দর্শন |
| অঞ্চল | পাশ্চাত্য দর্শন |
| ধারা | স্তোয়িকবাদ |
প্রধান আগ্রহ | নীতিশাস্ত্র |
উল্লেখযোগ্য অবদান | অশুভ সংকট |
লূকিউস আন্নায়ুস সেনেকা মিনর[ক] (লাতিন: Lūcius Annaeus Seneca minor, উচ্চারণ [ˈɫuːkiʊs anˈnae̯ʊs ˈsɛnɛka ˈmɪ.nɔr]; ৪ সা.অ.পূ. – ৬৫ সা.অ.),[১] যিনি সচরাচর সেনেকা একশব্দনামে অধিক পরিচিত, ছিলেন একজন প্রাচীন রোমের একজন স্তোয়িক দার্শনিক, রাষ্ট্রনায়ক, নাট্যকার ও ব্যঙ্গকার।
সেনেকা হিস্পানিয়ার কলোনিয়া পাত্রিকিয়া কর্দুবায় জন্মগ্রহণ করেন এবং রোমে অলঙ্কারশাস্ত্র ও দর্শনশাস্ত্রে শিক্ষালাভ করেন। তাঁর বাবা ছিলেন সেনেকা মাইয়র, তাঁর বড়ভাই ছিলেন লূকিউস ইউনিউস গাল্লিও আন্নায়ানুস এবং তাঁর ভ্রাতুষ্পুত্র ছিলেন কবি মার্কুস আন্নায়ুস লূকানুস। ৪১ সাধারণাব্দে সম্রাট ক্লাউদিউসের আমলে সেনেকাকে কর্সিকা দ্বীপে নির্বাসিত করা হয়,[২] তবে ৪৯ সালে তাঁকে ফিরে আসার অনুমতি দেওয়া হয় এবং তিনি নেরোর শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ৫৪ সালে নেরো সম্রাট হলে সেনেকা তাঁর উপদেষ্টা হন এবং প্রায়তোরীয় বৈনয়িক সেক্সতুস আফ্রানিউস বুররুসের সঙ্গে মিলে নেরোর শাসনের প্রথম ৫ বছরে দক্ষ প্রশাসন প্রদান করেন। সময়ের সঙ্গে নেরোর ওপর সেনেকার প্রভাব কমে যায় এবং ৬৫ সালে নেরোকে হত্যা করার লক্ষ্যে কথিত পীসোনীয় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সেনেকাকে জোরপূর্বক আত্মহত্যা করতে বাধ্য করা হয়; যদিও তিনি নির্দোষও হয়ে থাকতে পারেন, এ বিষয়ে এখনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।[৩] তাঁর স্থিতধী ও শান্ত আত্মহত্যা বহু চিত্রকর্মের বিষয়বস্তু হয়েছে।
লেখক হিসেবে সেনেকা তাঁর দার্শনিক রচনাবলি এবং বিয়োগান্ত নাটকগুলোর জন্য পরিচিত। তাঁর গদ্যরচনার মধ্যে রয়েছে ১২টি প্রবন্ধ এবং নৈতিক বিষয়াবলি নিয়ে রচিত ১২৪টি পত্র। এই রচনাগুলি প্রাচীন স্তোয়িক দর্শন সম্পর্কে প্রাথমিক উপাদানের অন্যতম গুরুত্বপূর্ণ সংকলন।[৪] বিয়োগান্ত-নাট্যকার হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত তাঁর মেদেয়া, থিয়েস্তেস ও ফায়দ্রা নাটকগুলোর জন্য। পরবর্তী প্রজন্মের ওপর সেনেকার প্রভাব ছিল বিপুল—র্যনেসঁস যুগে তিনি ছিলেন “এমন এক প্রাজ্ঞ ব্যক্তি, যাকে নৈতিক এমনকি খ্রীষ্টীয় শিক্ষার বাণীবাহক, সাহিত্যিক শৈলীর একজন আচার্য এবং নাট্যকলার এক আদর্শ হিসেবে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দেখা হতো।”[৫]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ এই লাতিন ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় লাতিন শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে। লাতিন: Lūcius Annaeus Seneca minor, লাতিন উচ্চারণ: [ˈɫuːkiʊs anˈnae̯ʊs ˈsɛnɛka ˈmɪ.nɔr]; /ˈsɛnɪkə/ SEN-ik-ə।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Encyclopædia Britannica, s.v. Seneca.
- ↑ Fitch, John (২০০৮)। Seneca। New York: Oxford University Press। পৃ. ৩২। আইএসবিএন ৯৭৮-০১৯৯২৮২০৮১।
- ↑ Bunson, Matthew (১৯৯১)। A Dictionary of the Roman Empire। Oxford University Press। পৃ. ৩৮২।
- ↑ John Sellars, Stoicism (University of California Press, 2006), p. 12: "the largest collection of surviving text for any Stoic" and "by far the most important Stoic author whose works survive."
- ↑ Watling, E. F. (১৯৬৬)। "Introduction"। Four Tragedies and Octavia। Penguin Books। পৃ. ৯।