সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা
| সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা | |
|---|---|
![]() | |
| প্রাক্তন নাম | রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট |
| সাধারণ তথ্যাবলী | |
| অবস্থা | চালু |
| ধরন | রিসোর্ট |
| স্থাপত্যশৈলী | স্পেনীয় |
| ঠিকানা | মেরিন ড্রাইভ সড়ক, জালিয়াপালং, উখিয়া, কক্সবাজার |
| দেশ | বাংলাদেশ |
| স্থানাঙ্ক | ২১°১২′৫৬″ উত্তর ৯২°০২′৫৬″ পূর্ব / ২১.২১৫৬৪৯৫° উত্তর ৯২.০৪৮৮৯৪° পূর্ব |
| কার্যারম্ভ | ১৭ সেপ্টেম্বর ২০১৫ |
| স্বত্বাধিকারী | সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড |
| ব্যবস্থাপক | আমিনুল হক শামীম |
| কারিগরি বিবরণ | |
| তলার সংখ্যা | ১০ |
| পদক ও সম্মাননা |
|
| উপাধি | পাঁচ তারকা |
| অন্যান্য তথ্য | |
| কক্ষসংখ্যা | ৪৯৩ |
| ওয়েবসাইট | |
| seapearlcoxsbazar | |
সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত একটি রিসোর্ট যেটি ইনানী সমুদ্র সৈকতের নিকটে অবস্থিত। রিসোর্টের জন্য একটি ব্যক্তিগত সমুদ্র সৈকত সংরক্ষিত রয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]
কক্সবাজারের সি ক্রাউন হোটেলের মালিক আমিনুল হক শামীম ২০১০ সালে ২০০ কোটি টাকা ঋণ সহ মোট প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার থেকে ২০ কিলোমিটার দূরে ইনানী সমুদ্র সৈকতের নিকটে একটি রিসোর্ট নির্মাণ করা শুরু করে। ২০১৪ সালের জুলাইয়ে নির্মিতব্য রিসোর্টটি পরিচালনার জন্য নির্মাণকারীর সাথে লোভার হোটেল গ্রুপের একটি চুক্তি হয়। ১১ ফেব্রুয়ারি ২০১৫ সালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিন মাস পর দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম রিসোর্ট চালু করার ঘোষণা দেওয়া হয়।[১][২] ১৭ সেপ্টেম্বর ২০১৫ সালে তৎকালীন সরকারি ব্যক্তিদের উপস্থিতিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রিসোর্টটি উদ্বোধন করেন।[৩] ২৯ আগস্ট ২০১৭ সালে রিসোর্টকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বন্ড বিলি করার জন্য অনুমোদন প্রদান করে এবং একই বছরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর ৩২৫ কোটি টাকার বন্ড কিনে নেয়।[৪] ২০১৯ সালে রিসোর্টের কোম্পানি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।[৫] ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর কারণে রিসোর্টের ব্যবসায় মন্দাভাব দেখা দেয়।[৬] ২০২৩ সালে সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট কোম্পানির ৪০% শেয়ার কিনে নেয়।[৫] একই বছরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগ ফার্ম জেম গ্লোবাল ইল্ড এলএলসি এসসিএস কর্তৃক রিসোর্টের ৩৫০ কোটি টাকার শেয়ার ক্রয়ের চুক্তির অনুমোদন দেয়।[৭] যদিও পরবর্তীতে ফার্মটি চুক্তি অনুযায়ী শেয়ার ক্রয় করেনি।[৮] ২০২২-২০২৩ সালের আর্থিক বিবরণী অনুযায়ী রিসোর্টটি রুম ভাড়ার চাইতে খাবার বিক্রি করে অধিক আয় করেছিল। এর কোম্পানি সচিবের মতে বিশেষ অফারের মাধ্যমে বেশি খাবার বিক্রির সম্ভাবনা বিবেচনা করে বাস্তবে কর্তৃপক্ষ প্রয়োগ করছে।[৯] ২০২৪ সালে সারা বাংলাদেশের হোটেল শিল্পে ধ্বস নামে। সেই সময়ে পূর্ববর্তী বছরের জুলাই-সেপ্টেম্বরের মুনাফার বিপরীতে এই বছরের জুলাই-সেপ্টেম্বরে রিসোর্টটি লোকসানের শিকার হয়।[১০] একই বছরের ডিসেম্বর পর্যন্ত লোকসানের এই প্রবণতা দেখা যায়, ফলে ১৬ কোটি টাকার ক্ষতি হয়।[১১] ২০২৫ সালে রিসোর্টের কোম্পানিকে শেয়ারবাজারে জেড থেকে বি ক্যাটাগরিতে উন্নীত করা হয়।[১২]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]পাঁচ তারকা মানের এই রিসোর্ট থেকে সরাসরি সমুদ্র দেখা যায়।[১৩] রিসোর্টটি স্পেনীয় স্থাপত্যরীতিতে নির্মাণ করা হয়েছে।[১৪] এই রিসোর্টের রয়েছে ব্যক্তিগত সংরক্ষিত সমুদ্র সৈকত।[১৫] হিমছড়ির নিকটে অবস্থিত ১৫ একর আয়তনের এই রিসোর্ট ৫০ বিঘা জমি জুড়ে নির্মিত। ৪৯৩ কক্ষ বিশিষ্ট এই রিসোর্টে রয়েছে ৫টি রেস্তোরাঁ, ৩টি সুইমিংপুল, ফিটনেস সেন্টার, থ্রিডি ভিডিও গেম কর্নার, লবি জুস বার, মুক্তমঞ্চ ও ক্যাফে। এতে রয়েছে ১০ হাজার বর্গফুটের মিলনায়তন, দুটি সেমিনার কক্ষ ও একটি বলরুম।[১৬] এতে রয়েছে টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট, থ্রিডি মুভি হল, বিলিয়ার্ড, ব্যায়ামাগার এবং স্পা'র পাশাপাশি প্যারাসেইলিং, স্নোরকেলিং, ডিপ সি ফিশিং ও স্পিডবোট রাইড সুবিধা। এখানে কক্ষগুলো সুপেরিয়র, প্যানারমিক সি ভিউ স্টুডিও স্যুইট, রয়েল ফ্যামিলি স্যুইট ও লাক্সারি হানিমুন স্যুইট সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত।[১৭] এখানে রয়েছে ৯ একর জুড়ে অবস্থিত একটি ওয়াটারপার্ক যেটি কক্সবাজার জেলায় নির্মিত প্রথম ওয়াটারপার্ক।[১৮]
বিতর্ক
[সম্পাদনা]২০১৯ সালে রিসোর্টের কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিকট একটি প্রসপেক্টাস জমা দেয়, যার ভিত্তিতে তারা রিসোর্টের আইপিও অনুমোদন করে। জাগো নিউজ অনুযায়ী প্রসপেক্টাসের তথ্য পর্যালোচনা করে একাধিক স্থানে বিভ্রান্তিকর ও ভুল তথ্য পাওয়া যায়।[১৯] ২০২২ সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রিসোর্টের প্রতিশ্রুত সেবার প্রতি গ্রাহকরা হতাশ হয়ে মুখ ফিরিয়ে নেওয়ায় লোভার হোটেল গ্রুপ রিসোর্টের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করে দিয়েছে, যদিও রিসোর্টের একাধিক নথিপত্রে এর পূর্ববর্তী নাম ব্যবহার করা হয়ে থাকে।[২০] শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ২০২২ সালে হঠাৎ করে রিসোর্টের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। দৈনিক যুগান্তরের অনুসন্ধান অনুযায়ী কৃত্রিম সংকট, মূল্য সংবেদনশীল তথ্য ও গুজবের মাধ্যমে শেয়ারের মূল্য কারসাজি করা হয়েছে।[২১] ২০২৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায় যে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামীম সহ সম্পর্কিত ব্যক্তিবর্গ কারসাজির সাথে জড়িত, যারা রিভিউ পিরিয়ডের সময় শেয়ার বিক্রি না করে মুনাফার অধিকাংশ রেখে দিয়েছিল এবং প্লেসমেন্ট শেয়ারহোল্ডারগণ নিজেদের মাঝে বারবার শেয়ার কেনা-বেচা করে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করে।[২২] রিসোর্টের উল্লেখযোগ্য পদে থাকা ব্যক্তিরা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বলে জানা গেছে। কক্সবাজারের এক স্থানীয় সাংবাদিক দাবি করেছিলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা আওয়ামী লীগ নেতাদের নামে এই রিসোর্ট বানিয়েছেন এবং এর নাম তার মেয়ে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের নামে রেখেছিলেন। রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করে জানানো হয় যে রিসোর্টের পূর্ববর্তী নামে "টিউলিপ" শব্দটি অন্তর্ভুক্ত থাকায় এই গুঞ্জন ছড়িয়েছে।[২৩]
পুরস্কার
[সম্পাদনা]২০২২ সালে সেরা বিচ সাইড লাক্সারি হোটেল, সেরা লাক্সারি স্পা অ্যাওয়ার্ড ও সেরা জেনারেল ম্যানেজার অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে রিসোর্টটিকে দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস পুরস্কার দেওয়া হয়।[১৪] ২০২৪ সালে এটি সেরা সমুদ্র সৈকত হোটেল ক্যাটাগরিতে বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড জিতে।[২৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "A luxury resort opens in Cox's Bazar"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১২ ফেব্রুয়ারি ২০১৫। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ দাশ গুপ্ত, রমেন; ইরশাদ, শাহেদ আলী (১৭ সেপ্টেম্বর ২০১৫)। "ইনানীর বুকে নতুন ঠিকানা 'হোটেল সি পার্ল'"। বাংলানিউজ২৪.কম। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "ইনানীতে পাঁচ তারকা হোটেল সী পার্লের যাত্রা শুরু"। বিডিনিউজ২৪.কম। ১৮ সেপ্টেম্বর ২০১৫। ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ রাহাত, মেহেদী হাসান (১৪ জানুয়ারি ২০২১)। "রয়েল টিউলিপে বিনিয়োগ করে বিপাকে আইসিবি"। বণিক বার্তা। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 "সি পার্লের মালিকানায় এলো সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট"। ঢাকা পোস্ট। ১৫ ফেব্রুয়ারি ২০২৩। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগে থাকা "পোস্ট" বৈধ প্যারামিটার নয়। সমর্থিত প্যারামিটারগুলি হল: details, dir, follow, group, name। - ↑ "ইউনিক হোটেল ও সি পার্লের ব্যবসায় ধস"। ঢাকাটাইমস২৪.কম। ৭ সেপ্টেম্বর ২০২১। ১৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ মাসুদ, আলতাফ (২১ অক্টোবর ২০২৩)। "সি পার্লের ৩৫০ কোটি টাকার শেয়ার কিনবে বিদেশি প্রতিষ্ঠান"। দেশ রূপান্তর।
- ↑ হাবিব, আহসান (১৫ সেপ্টেম্বর ২০২৪)। "সি পার্লের শেয়ারে সিটি ব্যাংকের ৮৫ কোটি টাকার প্রশ্নবিদ্ধ বিনিয়োগ"। দ্য ডেইলি স্টার। ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ হাবিব, আহসান (২০ ডিসেম্বর ২০২৩)। "বিলাসবহুল হোটেলগুলোর মূল আয় রুম ভাড়া থেকে নয়"। দ্য ডেইলি স্টার। ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ মহাজন, সুজয় (২৫ নভেম্বর ২০২৪)। "ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচ হোটেলের ব্যবসা কমেছে ১৪৪ কোটি টাকার"। প্রথম আলো। ২৬ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "ছয় মাসে সাড়ে ১৬ কোটি টাকা লোকসান সি পার্ল রিসোর্টের"। প্রথম আলো। ৩১ জানুয়ারি ২০২৫। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "'বি' ক্যাটাগরিতে উন্নীত সি পার্ল বিচ রিসোর্ট"। রাইজিংবিডি.কম। ৩ জুন ২০২৫। ৪ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ আক্তার, নওরিন (৯ জানুয়ারি ২০২৪)। "কক্সবাজারের এই ৪ হোটেল থেকে দেখা যায় সমুদ্র"। বাংলা ট্রিবিউন। ৯ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 ইসলাম, মো. নজরুল (২৪ ডিসেম্বর ২০২২)। "বিশ্বের সেরা বিচ সাইড লাক্সারি রিসোর্টের স্বীকৃতি পেল রয়েল টিউলিপ"। বহুমাত্রিক.কম। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ আলম, সৈয়দা সুবাহ (১২ নভেম্বর ২০২৩)। "কক্সবাজারের চমৎকার ৯ হোটেল ও রিসোর্ট"। দ্য ডেইলি স্টার। ১৫ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "সমুদ্র বিলাসে রয়েল টিউলিপ"। বাংলানিউজ২৪.কম। ৩০ মে ২০১৬। ১০ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ তুষার, তৌহিদুল ইসলাম (২৫ এপ্রিল ২০১৬)। "সমুদ্র বিলাসে রাজকীয়তা 'হোটেল রয়েল টিউলিপ'"। বাংলা ট্রিবিউন। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "ছুটিতে ঘুরে আসুন কক্সবাজার সী পার্ল ওয়াটার পার্কে"। প্রথম আলো। ১৪ ডিসেম্বর ২০১৯। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ শিপন, সাঈদ (২১ মে ২০১৯)। "সি পার্ল বিচ রিসোর্টের প্রসপেক্টাসে 'ভুতুড়ে' তথ্য"। জাগো নিউজ। ২১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ সিরাজ, সেরাজুল ইসলাম (১৭ জানুয়ারি ২০২২)। "রয়েল টিউলিপের সার্ভিস 'জাস্ট ফালতু'"। বার্তা২৪। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ হোসেন, মনির (২০ আগস্ট ২০২৩)। "রয়েল টিউলিপের শেয়ারে ভয়াবহ কারসাজি"। যুগান্তর। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ ইসলাম, রফিকুল (২৯ সেপ্টেম্বর ২০২৪)। "সি পার্লের কয়েকশ কোটি টাকার শেয়ার কারসাজি: ভর্ৎসনাতেই ক্ষান্ত ছিল বিএসইসি!"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ৭ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ কামরুল, আহসান (৬ আগস্ট ২০২৫)। "এনসিপির জন্য আলোচিত সী পার্ল রিসোর্টই সাবেক রয়্যাল টিউলিপ"। চ্যানেল আই। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "কক্সবাজারে সেরা সমুদ্র সৈকত হোটেল পুরস্কার পেল সি পার্ল"। বণিক বার্তা। ৮ অক্টোবর ২০২৪। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
