বিষয়বস্তুতে চলুন

সাঈদ ইবন মানসুর ইবনে কাম্মুনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাঈদ ইবন মানসুর ইবনে কাম্মুনা
عز الدولة سعد بن منصور البغدادي
জন্ম১২১৫ সাল
মৃত্যু১২৮৪ সাল (বয়স প্রায় ৬৯)
জাতীয়তাইরাক
অন্যান্য নামইবনে কাম্মুনা
পেশাদর্শন, ধর্মতত্ত্ব, চিকিৎসাশাস্ত্র

সাঈদ ইবন মানসুর (ইজ্জ আদ-দাওলা) ইবনে কাম্মুনা (আরবি: عز الدولة سعد بن منصور البغدادي; ১২১৫—১২৮৪) ছিলেন ১৩শ শতাব্দীর একজন ইহুদি চিকিৎসক ও দার্শনিক। তার প্রধান রচনাগুলোর মধ্যে রয়েছে তিনটি ইব্রাহামীয় ধর্ম নিয়ে একটি তুলনামূলক প্রবন্ধ, যেখানে ইসলাম সম্বন্ধে সুপরিচিত ও সমালোচনামূলক বিশ্লেষণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও তিনি ইবনে সিনা ও সুহরাওয়ার্দীর উপর টীকা রচনা করেছেন।[১]

উল্লেখযোগ্য কাজ

[সম্পাদনা]

তিনি তিনটি একেশ্বরবাদী ধর্ম—খ্রিষ্টধর্ম, ইহুদিধর্ম ও ইসলাম—এর ওপর একটি তুলনামূলক প্রবন্ধ রচনা করেন, যার শিরোনাম ছিল তিন ধর্মের পর্যালোচনা (Examination of the Three Faiths)। এই গ্রন্থে তিনি ইসলামের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং যুক্তি দেন যে, শরিয়তের ন্যায়বিচারের নীতির সঙ্গে অসামঞ্জস্য নবী মুহাম্মদ (সা.)-এর "পরিপূর্ণ মানুষ" হওয়ার দাবিকে দুর্বল করে দেয়। এছাড়াও তিনি মত দেন যে, মানুষ প্রায়ই ভিন্ন উদ্দেশ্য বা স্বার্থে ইসলাম গ্রহণ করে থাকে।[২][৩]

আজ পর্যন্ত এমন কোনো উদাহরণ পাওয়া যায়নি যেখানে কেউ নিছক সত্য ও ন্যায়ের অন্বেষণে ইসলাম গ্রহণ করেছে। সাধারণত মানুষ ইসলাম গ্রহণ করে ভয়, ক্ষমতার লালসা, অতিরিক্ত করের বোঝা থেকে মুক্তি, অপমান এড়ানোর আকাঙ্ক্ষা, বন্দিত্ব, কোনো মুসলিম নারীর প্রতি আকর্ষণ, কিংবা অনুরূপ পার্থিব প্রেরণার কারণে। আমরা কখনোই এমন কোনো সম্মানিত, সমৃদ্ধ, ধার্মিক ও দুই ধর্মেই পারদর্শী অমুসলিমকে দেখি না, যে কেবল আধ্যাত্মিক বা বৌদ্ধিক উপলব্ধির কারণে ইসলাম গ্রহণ করেছে; বরং প্রতিবারই এর পেছনে উপরে উল্লিখিত বা অনুরূপ কোনো স্বার্থপ্রণোদিত কারণই কাজ করে থাকে।[২][৪]

তিনি আরও বলেন

আমরা এই মত পোষণ করি না যে, মুহাম্মদ (সা.) আল্লাহ সম্পর্কে জ্ঞান বা তাঁর আনুগত্যের ক্ষেত্রে এমন কোনো নতুন দিক উপস্থাপন করেছেন, যা পূর্ববর্তী ধর্মসমূহে বিদ্যমান ছিল না।[৩][৫]

এমন কোনো প্রমাণ উপস্থাপিত হয়নি যা দেখায় যে, মুহাম্মদ (সা.) নিজে পরিপূর্ণতা অর্জন করেছিলেন এবং অন্যদের সেই পরিপূর্ণতার পথে পরিচালিত করার সক্ষমতা রাখতেন—যেমনটি দাবি করা হয়ে থাকে।[২][৩]

গ্রন্থটির প্রকাশনা বাগদাদে ব্যাপক জনঅস্থিরতার সৃষ্টি করে। এর ফলে ইবন কাম্মুনাকে গোপনে শহর ত্যাগ করতে হয়। ঘটনাটির বিশদ বিবরণ ত্রয়োদশ শতকের ইতিহাসবিদ ইবনে আল-ফুয়াতি তাঁর বর্ণনায় লিপিবদ্ধ করেছেন।

"১২৮৪ সালে বাগদাদে জানা যায় যে, ইহুদি দার্শনিক ইবন কাম্মুনা একটি গ্রন্থ রচনা করেছেন, যেখানে তিনি নবুওয়তের বিষয় নিয়ে ধৃষ্টতাপূর্ণ আলোচনা করেছেন। (আল্লাহ আমাদের রক্ষা করুন তাঁর উক্তিগুলো পুনরাবৃত্তি করা থেকে।) এতে ক্ষুব্ধ জনতা দাঙ্গা শুরু করে এবং তাঁর বাড়ি আক্রমণ ও তাঁকে হত্যার উদ্দেশ্যে সমবেত হয়।

আমির ও একদল উচ্চপদস্থ কর্মকর্তা মুস্তানসিরিয়া মাদ্রাসা উপস্থিত হন এবং প্রধান বিচারপতি ও আইনশিক্ষকদের ডেকে ঘটনাটির বিচার-বিবেচনার জন্য বৈঠক আহ্বান করেন। তারা ইবন কাম্মুনাকে খুঁজতে থাকেন, কিন্তু তিনি তখন গোপনে আত্মগোপন করেছিলেন। সেদিন ছিল শুক্রবার। প্রধান বিচারপতি নামাজের উদ্দেশ্যে বের হলেও জনতার বাধার মুখে ফিরে আসেন। আমির জনতাকে শান্ত করতে বের হলে, তারা তাঁকে ইবন কাম্মুনার পক্ষ নেওয়ার অভিযোগে গালিগালাজ করে। অবশেষে আমিরের নির্দেশে ঘোষণা করা হয় যে, পরদিন সকালে শহরের প্রাচীরের বাইরে ইবন কাম্মুনাকে দগ্ধ করা হবে। এতে জনতার রোষ প্রশমিত হয় এবং এরপর আর কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। পরে ইবন কাম্মুনাকে একটি চামড়া-আবৃত বাক্সে করে হিল্লা শহরে পাঠানো হয়, যেখানে তাঁর পুত্র তখন সরকারি পদে নিযুক্ত ছিলেন। সেখানেই তিনি কিছুদিন অবস্থান করে মৃত্যুবরণ করেন।"[৩][৬]

কিছু পণ্ডিতের ধারণা, জীবনের শেষ দিকে ইবন কাম্মুনা ইসলাম গ্রহণ করেছিলেন এবং সম্ভবত তিনি বারো ইমামী শিয়া মতবাদে দীক্ষিত হন, যেমনটি মাতালিব গ্রন্থের লেখক ইঙ্গিত করেছেন।[৭][৮]

রচনাবলি

[সম্পাদনা]

তিন ধর্মের পর্যালোচনা (تنقيح الأبحاث للملل الثلاث) — এই গ্রন্থে ইসলাম, খ্রিষ্টধর্ম ও ইহুদি ধর্মের মৌলিক বিশ্বাসসমূহ বিশ্লেষণ করা হয়েছে।

আল-জাদীদ ফি আল-হিকমা — দর্শন ও নীতিশাস্ত্রভিত্তিক একটি গ্রন্থ।

শরহ আল-ইশারাত — ইবন সিনার ‘‘আল-ইশারাত ওয়াত-তানবিহাত’’-এর ব্যাখ্যা।

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • আত্মার অমরত্ব বিষয়ে আরবি প্রবন্ধ — সাঈদ ইবন মানসুর ইবন কাম্মুনা
  • তিন ধর্মের মতবাদসমূহের পর্যালোচনার একটি সারসংক্ষেপ
  • ইবন সিনার আল-ইশারাত ওয়া আত-তানবিহাত-এর উপর টীকা
  • রাব্বানীয় ও কারায়ী ইহুদিদের পার্থক্য নিয়ে ইবন কাম্মুনার প্রবন্ধ
  • রেজা পোরজাভাদি, একজন বাগদাদি ইহুদি দার্শনিক: ইজ্জ আদ-দাওলা ইবন কাম্মুনা (মৃ. ৬৮৩/১২৮৪) ও তাঁর রচনাসমূহ (ব্রিল একাডেমিক পাবলিশার্স, ২০০৬)
  • স্ট্যানফোর্ড দর্শন বিশ্বকোষে ইবন কাম্মুনা সম্পর্কিত প্রবন্ধ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Saʿd ibn Manṣūr Ibn Kammūnaẗ (1215?-1285?)"। data.bnf.fr (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৫।
  2. 1 2 3 Pourjavady ও Schmidtke 2006, পৃ. 18
  3. 1 2 3 4 ইবন ওয়াররাক. Why I Am Not a Muslim, পৃ. ৩। প্রোমিথিউস বুকস, ১৯৯৫। আইএসবিএন ০-৮৭৯৭৫-৯৮৪-৪
  4. ↑ ইবন কাম্মুনা, Examination of the Three Faiths, অনুবাদক মোশে পার্লম্যান (বার্কলি ও লস অ্যাঞ্জেলেস, ১৯৭১), পৃ. ১৪৮–১৪৯।
  5. ↑ "Judaism and World Religions: Encountering Christianity, Islam, and Eastern Traditions", লেখক অ্যালান ব্রিল, পৃ. ১৬৫।
  6. ↑ Pourjavady ও Schmidtke 2006, পৃ. 16
  7. ↑ Pourjavady ও Schmidtke 2006, পৃ. 18–23
  8. ↑ ইবন কাম্মুনা, Examination of the Three Faiths, অনুবাদক মোশে পার্লম্যান (বার্কলি ও লস অ্যাঞ্জেলেস, ১৯৭১), পৃ. ১৪৮–১৪৯।