শ্যামল সেন
শ্যামল সেন | |
|---|---|
| জন্ম | ১৯ মে ১৯৪১ |
| মৃত্যু | ১৩ আগস্ট ১৯৯৩ (বয়স ৫২) |
| পেশা | অভিনেতা |
| কর্মজীবন | ১৯৫৮–১৯৯৩ |
| দাম্পত্য সঙ্গী | চিত্রা সেন (বি.১৯৬৬) |
| সন্তান | কৌশিক সেন |
শ্যামল সেন (ইংরেজি: Shyamal Sen) (১৯৪১ - ১৩ আগস্ট ১৯৯৩) ছিলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা, বিশিষ্ট নাট্যকর্মী ও নাট্যনির্দেশক। আদ্যপ্রান্ত থিয়েটারের ব্যক্তিত্ব তিনি ছিলেন কলকাতার অন্যতম বাংলা থিয়েটার গ্রুপ স্বপ্নসন্ধানীর প্রতিষ্ঠাতা-সদস্য এবং চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যমঞ্চের অভিনেতা কৌশিক সেনের পিতা।[১]
শ্যামল সেনের জন্ম ১৯৪১ খ্রিস্টাব্দের ১৯ মে ( ১৩৪৮ বঙ্গাব্দের ৪ জ্যৈষ্ঠ) ব্রিটিশ ভারতের কলকাতায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হওয়ার পর তিনি 'ঋতু থিয়েটার গ্রুপ'-এ যোগ দেন। উৎপল দত্তের সুযোগ্য ছাত্র ছিলেন তিনি। ১৯৬৬ খ্রিস্টাব্দে তিনি বিবাহ করেন চিত্রা মণ্ডলকে। চিত্রা শ্যামল সেনের পরিচালনায় কাজ করতেন। তারা দুজনেই অভিনয়ের পাশাপাশি সরকারী চাকরিও করতেন। কিন্তু নাটককে ভালবেসে দুজনেই চাকরি ছেড়ে দেন। [২] তার নিজস্ব নাট্যদল ছিল চলাচল। এছাড়াও, থিয়েটার গিল্ডের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। তিনি যাত্রা ও চলচ্চিত্র ও নাটকে নির্দেশনার সাথে নিজেও অভিনয় করতেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত পূর্ণেন্দু পত্রী পরিচালিত নাট্য চলচ্চিত্র ছেঁড়া তমসুক এবং ১৯৭৬ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত রবি ঘোষ পরিচালিত নিধিরাম সর্দার ছবিতে অভিনয় করেছেন। [৩] শ্যামল সেন মঞ্চ ও চলচ্চিত্র ছাড়াও দূরদর্শনেও নির্দেশনা ও অভিনয় করেছেন। ১৯৮৯ খ্রিস্টাব্দে নিউ থিয়েটার্স গ্রুপের বড়কর্তা নাটকটি ছিল শেষ নির্দেশনা।
পারিবারিক জীবন ও জীবনাবসান
[সম্পাদনা]শ্যামল সেন ১৯৬৬ খ্রিস্টাব্দে অভিনেত্রী চিত্রা মণ্ডলকে বিবাহ করেন। চিত্রা শ্যামল সেনের পরিচালনায় কাজ করতেন। তাদের পুত্র কৌশিক সেন বিএফজে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং স্বপ্নসন্ধানী থিয়েটার গ্রুপে যুক্ত।
শ্যামল সেন উত্তরবঙ্গে এক যাত্রানুষ্ঠানে অভিনয় করে কলকাতা ফেরার পথে বড়সড় এক পথ দুর্ঘটনায় পঙ্গু অবস্থায় শয্যাশায়ী হয়ে পড়েন। তার জীবন সংগ্রাম ছায়াসঙ্গী ছিলেন সহধর্মিনী চিত্রা সেন। অবশেষে ১৯৯৩ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট (১৪০০ বঙ্গাব্দের ২৮ শ্রাবণ) পরলোক গমন করেন।[১]
তার স্মৃতির শ্রদ্ধা জানাতে তারই গড়া নাট্যদল স্বপ্নসন্ধানী প্রবর্তন করে শ্যামল সেন স্মৃতি সম্মান।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "মনে মনে কথা, মনের কথা"। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৫।
- ↑ "Family Drama"। India Today। ১৪ জুন ১০১০। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১২।
- ↑ "Shyamal Sen - Actor"। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৫।