শাহ চেরাগ
| শাহ-এ-চেরাগ | |
|---|---|
شاه چراغ | |
শাহ চেরাগ | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | বারো ইমামি শিয়া ইসলাম |
| অবস্থান | |
| অবস্থান | শিরাজ, ফার্স প্রদেশ, ইরান |
| স্থাপত্য | |
| ধরন | সমাধি, মসজিদ |
| স্থাপত্য শৈলী | পারসিয়ান, সাফাভিদ, কাজার |
| সম্পূর্ণ হয় | ১৩শ শতাব্দী |
| বিনির্দেশ | |
| গম্বুজসমূহ | ১ |
| মিনার | ২ |
শাহ চেরাগ ( ফার্সি: شاه چراغ ) হল ইরানের শিরাজে অবস্থিত দ্বাদশ শতাব্দীর একটি সমাধিস্তম্ভ এবং ধর্মীয় কমপ্লেক্স। এটি মুসা আল-কাজিমের পুত্র সাইয়্যিদ আহমদের সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি স্থানীয়ভাবে শাহ চেরাগ (আলোর রাজা) নামে পরিচিত। তাই ভবনটির এই নামকরণ করা হয়েছে। এটি ইরানের ৩৬৩তম জাতীয় স্মৃতিস্তম্ভ।[১][২][৩]
শাহ চেরাগের ইতিহাস
[সম্পাদনা]সাইয়েদ আহমদ ইবনে মুসার সমাধির উপর প্রথম কাঠামোটি ১৩শ শতাব্দীতে সালঘুরিদ শাসনামলে নির্মিত হয়েছিল। এটি একজন মন্ত্রী নির্মাণ করেছিলেন। তিনি পূর্বে বুয়িদ রাজপুত্র ছিলেন। তিনি সমাধির উপর একটি গম্বুজ এবং একটি বারান্দা তৈরি করেন। স্থানীয় লোককথায় বলা হয়, সমাধিটি আবিষ্কৃত হয় যখন তার উপরে একটি আলো দেখা যায়। এ আলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা মন্ত্রীকে এ বিষয়ে জানায়। [১] ইনজুইদের শাসনামলের আগ পর্যন্ত বেশ কয়েক বছর ধরে সমাধিসৌধটি একই অবস্থায় ছিল। [১] সেই সময়ে, ইনজুইদ রানী তাশ খাতুন এই কাঠামোটির আরও সম্প্রসারণ করেন। [১]
১৬শ শতাব্দীতে সাফাভি যুগে, ভবনটি ব্যাপকভাবে সংস্কার করা হয়েছিল। [১] তারপর ১৮ শতকে, নাদের শাহ একটি সোনার ঝাড়বাতি দান করেন, যা গম্বুজের নীচে ঝুলানো ছিল। [৩] কিন্তু কয়েক বছর পর শিরাজে একটি ভূমিকম্প আঘাত হানে। ফলে শাহ চেরাগ কমপ্লেক্সটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সময়ে সোনার ঝাড়বাতিটি হারিয়ে যায়। ভূমিকম্পের এক বছর পরে, কান্দিল নামে এক ব্যক্তি দান করা সোনার কিছু অংশ খুঁজে পান। তা দিয়ে শাহ চেরাগের পুনর্নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করেন। [২]
কাজার যুগে, ভবনটির বেশ কিছু অংশ মেরামত করা হয়েছিল। [৩] কবরের চারপাশে একটি রূপার জারিহও তৈরি করা হয়েছিল।[৩]
স্থাপত্য
[সম্পাদনা]ধর্মীয় কমপ্লেক্সটিতে একটি মসজিদ এবং সাইয়্যিদ আহমদের সমাধি রয়েছে। [১][৩] এছাড়া এখানে প্রাচীন শিল্পকর্ম দেখার জন্য একটি জাদুঘরও রয়েছে।

সাইয়্যিদ আহমদের সমাধিসৌধের উপরে একটি বিশাল গম্বুজ রয়েছে।সমাধিটি প্লাস্টার এবং পাথর দিয়ে তৈরি। সমাধির চারপাশে একটি রূপার জারিহ দৃশ্যমান।[৩]

সমাধিসৌধের উপরের গম্বুজের অভ্যন্তরে প্রচুর আয়নার কাজ রয়েছে। [৩] এটি কাজার যুগের নির্মাণ এবং ভূমিকম্পে ধ্বংস হওয়া সাফাভিদ যুগের মূল গম্বুজের স্থানে তৈরি করা হয়েছে। এর ধাতব কাঠামো রয়েছে। এবং গম্বুজের গোড়ায় পারসিক ক্যালিগ্রাফি দ্বারা সাজানো হয়েছে। [৩]
জাদুঘর
[সম্পাদনা]
শাহ চেরাগ কমপ্লেক্সের মধ্যে অবস্থিত জাদুঘরটি ১৯২৫ সালে মাজারের এক কোণে প্রতিষ্ঠিত হয়েছিল। [৩] এই জাদুঘরে কমপক্ষে ৬০০টি মৃৎশিল্প এবং মাটির শিল্পকর্ম সংরক্ষিত আছে। সেই সাথে পার্থিয়ান এবং সাসানীয় যুগের বেশ কিছু মুদ্রাও এখানে আছে।[৩] জাদুঘরের ভেতরে সাফাভীয় যুগ এবং কাজার যুগের অস্ত্র (যেমন তলোয়ার) রয়েছে।[৩] পাণ্ডুলিপি এবং নথিপত্রের বেশ কিছু উদাহরণও সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে।[৩]
২০২২ সালে বন্দুকের গুলিতে গণহত্যা
[সম্পাদনা]২৬ অক্টোবর ২০২২ তারিখে শাহ চেরাগ কমপ্লেক্সে এক গণহত্যায় কমপক্ষে ১৫ জন নিহত হন।[৪] ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম তিনজন আক্রমণকারীকে তাকফিরি সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেছে। দুজন আক্রমণকারী গ্রেপ্তার হয়। অন্যজন পলাতক ছিল। একই দিনে ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে।[৫] ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে যে আক্রমণকারীরা ইরানি নাগরিক ছিল না।[৬] ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে যে নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।[৬] জাতিসংঘ ধর্মীয় স্থানে এই হামলার নিন্দা জানিয়েছে।[৭]
গ্যালারি
[সম্পাদনা]- রাতে শাহ চেরাগ
- শাহ চেরাগের গম্বুজ
- শাহ চেরাগ কমপ্লেক্সের মসজিদের নামাজ কক্ষ
- সমাধিসৌধে মীর মুহাম্মদের সমাধি
- কমপ্লেক্সের দক্ষিণ দিকে রানী তাশ খাতুনের সমাধি
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 "چرا به امامزاده احمدبن موسی شاهچراغ در شیراز، شاه چراغ می گویند؟"। beytoote.com। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৩।
- 1 2 "حرم شاهچراغ (ع): معرفی حرم امامزاده احمد بن موسی + تاریخچه و آدرس"। ایرانگرد (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৩।
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 "آرامگاه شاه چراغ در شهر شعر و ادب شیراز"। ২৬ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "Fifteen killed in attack on Shia mausoleum in southern Iran" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। BBC News। ২৭ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২।
- ↑ "Attack on Shiraz shrine kills 15: Iranian state media" (ইংরেজি ভাষায়)। Al Jazeera। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২।
- 1 2 "Iran: gunmen kill at least 15 people at Shia shrine in Shiraz"। The Guardian (ইংরেজি ভাষায়)। ২৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২।
- ↑ "UN condemns Shiraz terrorist attack" (ইংরেজি ভাষায়)। ২৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- গ্রে, মার্টিন। "শিরাজ, ইরান"। শান্তি ও শক্তির স্থান: মার্টিন গ্রে-এর পবিত্র স্থান তীর্থযাত্রা। ২৭ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০০৪।
- "শাহ চেরাগ" (ছবি)। blogfa.com।
- "শাহ-এ-চেরাগের সমাধি"। শিরাজ শহর। ১৮ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ভিতরের ভিডিও। ইউটিউব।