বিষয়বস্তুতে চলুন

লৌহ পর্দা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউরোপের মানচিত্রে লৌহ পর্দাকে কালো রঙের রেখা দ্বারা দেখানো হয়েছে।
  ওয়ারশ' চুক্তিতে স্বাক্ষরকারী দেশ
  ন্যাটো সদস্য[]

কালো বিন্দুটি পশ্চিম বার্লিনের চারপাশে বার্লিন প্রাচীরের প্রতিনিধিত্ব করে। সোভিয়েত-আলবেনীয় বিভক্তির কারণে আলবেনিয়া ১৯৬১ সালে ওয়ারশ' চুক্তির প্রতি সমর্থন স্থগিত করে এবং ১৯৬৮ সালে সেটি থেকে নিজেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়।

১৯৪৮ সালে টিটো-স্তালিন বিভেদের আগ পর্যন্ত যুগোস্লাভিয়া দুই বছর পূর্ব রাষ্ট্রজোটের অংশ হিসেবে বিবেচিত হয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে এটি স্বাধীন ছিল।[] এটি ধীরে ধীরে পশ্চিমে সীমান্ত খুলে দেয় এবং পূর্ব দিকের সীমান্তে পাহারা বসায়।[] ১৯৪৫-১৯৫৫ সালে অস্ট্রিয়ায় মিত্রশক্তির অবস্থানের সময় অস্ট্রিয়ার উত্তর-পূর্ব অংশ সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল। অস্ট্রিয়া কখনই ওয়ারশ' চুক্তির অংশীদার পক্ষ ছিল না।

স্নায়ুযুদ্ধের সময় লৌহ পর্দা ছিল একটি রাজনৈতিক রূপক, যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে শুরু হয়ে ১৯৯১ সালে স্নায়ুযুদ্ধের সমাপ্তি পর্যন্ত ইউরোপ মহাদেশকে দুইটি পৃথক অঞ্চলে বিভক্তকারী রাজনৈতিক ও ভৌত সীমানাটিকে বর্ণনা করতে ব্যবহৃত হত। এই পরিভাষাটি সোভিয়েত ইউনিয়ন কর্তৃক পশ্চিমা রাষ্ট্রজোট, তাদের মিত্র এবং নিরপেক্ষ রাষ্ট্রগুলির সাথে উন্মুক্ত যোগাযোগ থেকে নিজেকে এবং তার অনুগামী রাষ্ট্রগুলিকে অবরুদ্ধ করার প্রচেষ্টার একটি প্রতীকী উপস্থাপন। লৌহ পর্দার পূর্ব দিকে ছিল সেই দেশগুলি, যারা সোভিয়েত ইউনিয়নের সাথে সংযুক্ত ছিল বা তার দ্বারা প্রভাবিত ছিল, অন্যদিকে পর্দার পশ্চিম দিকে ছিল সেই দেশগুলি, যারা ন্যাটো সামরিক জোটের সদস্য ছিল, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত ছিল বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন ছিল; অথবা নামমাত্র নিরপেক্ষ ছিল । লৌহ পর্দার দুই পার্শ্বে পৃথক আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামরিক জোট গড়ে তোলা হয়েছিল। পরবর্তীতে এটি ক্ষুরধার তার, বেড়া, দেয়াল, মাইনক্ষেত্র এবং প্রহরা-বুরুজের মতো ভৌত প্রতিবন্ধকতাগুলিকেও প্রতিনিধিত্বকারী একটি পারিভাষিক শব্দ হয়ে ওঠে, যা রূপক লৌহ পর্দার কিছু অংশ বরাবর নির্মিত হয়েছিল। এই ভৌত প্রতিবন্ধকতাগুলির মধ্যে বার্লিন প্রাচীর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।[]

লৌহ পর্দার পূর্বে অবস্থিত দেশগুলি ছিল পোল্যান্ড, পূর্ব জার্মানি, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, [] এবং সোভিয়েত ইউনিয়ন; তবে, পূর্ব জার্মানি, চেকোস্লোভাকিয়া এবং সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব এখন আর নেই। সোভিয়েত ইউনিয়ন গঠনকারী দেশগুলি হল রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতন্ত্র, বেলারুশীয় এসএসআর, লাটভিয়ান এসএসআর, ইউক্রেনীয় এসএসআর, এস্তোনিয়ান এসএসআর, মোল্দাভিয়ান এসএসআর, আর্মেনিয়ান এসএসআর, আজারবাইজান এসএসআর, জর্জিয়ান এসএসআর, উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, কিরগিজ এসএসআর, তাজিক এসএসআর, লিথুয়ানিয়ান এসএসআর, তুর্কমেন এসএসআর এবং কাজাখ এসএসআর । পোল্যান্ডে শান্তিপূর্ণ বিরোধিতার মাধ্যমে লৌহ পর্দা ভেঙে ফেলার ঘটনাগুলি শুরু হয়,[] এবং হাঙ্গেরি, পূর্ব জার্মানি, বুলগেরিয়া ও চেকোস্লোভাকিয়াতে ছড়িয়ে পড়ে। রোমানিয়া ইউরোপের একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সহিংসতার মাধ্যমে তার সরকারকে উৎখাত করে।[]

কঠোর পৃথকীকরণের রূপক হিসেবে "লৌহপর্দা" পরিভাষাটির ব্যবহার অন্তত ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিক থেকেই প্রচলিত। এটি আদিতে নাট্যমঞ্চের অগ্নিরোধী পর্দাকে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছিল।[] লেখক আলেকজান্ডার ক্যাম্পবেল তার ১৯৪৫ সালের গ্রন্থ "ইটস ইওর এম্পায়ার" -এ রূপকার্থে এই শব্দটি ব্যবহার করেছেন, যেখানে তিনি "১৯৪২ সালের জাপানি বিজয়ের পর থেকে নীরবতা এবং বিবাচনের একটি লৌহ পর্দা"-র বর্ণনা দেন।[] দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরপরই ১৯৪৬ সালের ৫ই মার্চ তারিখে মিজুরির ফুলটন শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তাঁর ভাষণে এই শব্দবন্ধটি ব্যবহার করেন। এর পরপর স্নায়ুযুদ্ধের প্রতীক হিসেবে পরিভাষাটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়।[]

শীতল যুদ্ধের সময় ভৌত সীমান্তের চারপাশে মানুষের কার্যকলাপ হ্রাস পাওয়ার কারণে ঐ স্থানগুলিতে প্রাকৃতিকভাবে একটি জীব-আবাসস্থল গঠিত হয়। বর্তমানে ইউরোপীয় সবুজ বেষ্টনী এরই উত্তরাধিকার বহন করছে।

আরও দেখুন

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]
  • Geographic intelligence report - The European Borders of the USSR (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। Central Intelligence Agency। মে ১৯৫৫। ৭ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)
  1. স্পেন ১৯৮২ সালে ন্যাটোতে যোগ দেয়।
  2. Albania formally withdrew from the Warsaw Pact in 1968

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "False: Croatian President claims she was born behind the Iron Curtain."eufactcheck.eu (মার্কিন ইংরেজি ভাষায়)। University of Zagreb। ২৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২২
  2. "Jugoslavija le pogojno del železne zavese"MMC RTV Slovenija (স্লোভেনীয় ভাষায়)। ১ ফেব্রুয়ারি ২০০৮।
  3. "Fall of Communism in Eastern Europe, 1989"Office of the Historian। ২৩ এপ্রিল ২০১৪। ৮ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  4. Boyes, Roger (৪ জুন ২০০৯)। "World Agenda: 20 years later, Poland can lead eastern Europe once again"The Times। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫
  5. Lucian-Dumitru Dîrdală, The End of the Ceauşescu Regime – A Theoretical Convergence (পিডিএফ), ২৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫
  6. 1 2 Feuerlicht, Ignace (অক্টোবর ১৯৫৫), "A New Look at the Iron Curtain", American Speech, খণ্ড ৩০ নং 3, পৃ. ১৮৬–১৮৯, ডিওআই:10.2307/453937, জেস্টোর 453937
  7. Campbell, Alexander (১৯৪৫)। It's Your Empire (ইংরেজি ভাষায়)। V. Gollancz। পৃ. ৮।

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Secret police of Communist Europe

টেমপ্লেট:Winston Churchill