লে ন্হান তুং
| লে ন্হান তুং 黎仁宗 | |||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| দাই ভিয়েতের সম্রাট | |||||||||||||||||
| লে রাজবংশের সম্রাট | |||||||||||||||||
| রাজত্ব | ১৫ সেপ্টেম্বর, ১৪৪২–২৫ অক্টোবর, ১৪৫৯ | ||||||||||||||||
| পূর্বসূরি | লে থাই তুং | ||||||||||||||||
| উত্তরসূরি | লে ঙ্ঘি দেঁ | ||||||||||||||||
| জন্ম | ২৮ মে, ১৪৪১, দাই ভিয়েত | ||||||||||||||||
| মৃত্যু | ২৫ অক্টোবর, ১৪৫৯; দাই ভিয়েত (বয়স ১৮) | ||||||||||||||||
| |||||||||||||||||
| পিতা | লে থাই তং | ||||||||||||||||
| মাতা | রাণী তুয়েন তুং | ||||||||||||||||
লে নহান তং (চীনা: 黎仁宗; ২৮ মে, ১৪৪১– ২৫ অক্টোবর, ১৪৫৯ খ্রি.; জন্ম নাম: লে বাং কং; চীনা 黎邦基) ছিলেন ভিয়েতনামের লে রাজবংশের তৃতীয় সম্রাট।[ক] তিনি ১৪৪২ থেকে ১৪৫৯ সালে এক অভ্যুত্থানে নিহত হওয়ার পূর্ব পর্যন্ত ১৭ বছর রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন লে রাজবংশের প্রতিষ্ঠাতা মহান সম্রাট লে লোইয়ের নাতি। সম্রাট লে লোই ভিয়েতনামে তৎকালীন চীনা মিং সাম্রাজ্যের বিরুদ্ধে এক দীর্ঘ লড়াইয়ের পর দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করেন এবং লে রাজবংশের ভিত্তি স্থাপিত করেন। লে নহান খুবই অল্প বয়সে রাজসিংহাসনে আরোহন করেন এবং তিনি একজন শিশু-রাজা ছিলেন। তাই রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার কোনো অভিজ্ঞতা, রাজনৈতিক পটুতা বা সামরিক দক্ষতা ছিল না। ফলে শুরু থেকেই রাজত্বের প্রকৃত শাসনক্ষমতা অন্যের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ে। বিশেষ করে তাঁর মাতা রাণী ডাউয়ার তুয়েন তুং রাজত্বের প্রকৃত ক্ষমতার অধিকারী ছিলেন। ১৪৫৯ সালে মাত্র আঠারো বছর বয়সে একটি সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন।
জীবনী
[সম্পাদনা]তার পিতা লে থাই তংয়ের হঠাৎ মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে লে নহানকে মনোনীত করা হয়। অথচ তখন তিনি একজন ছোট্ট শিশু ছিলেন। তার মাতা ছিলেন রাণী ন্গুয়েন থি আন্হ, যিনি রাণী "তুয়েন তং" নামেই অধিক পরিচিত ছিলেন। নহান তুং তার পিতার তৃতীয় ছেলে হলেও সম্রাটের বড় ছেলে লে নঘি দেনকে আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকারী হিসেবে এড়ানো হয়েছিল। কারণ তার মায়ের সামাজিক অবস্থান নিম্ন ছিল।[১]
নহান তুং শিশুবয়সী হওয়ার কারণে রাজ্য কার্যত নিয়ন্ত্রণ করতেন তাঁর পিতার দীর্ঘদিনের সহকারী, বন্ধু ও উপদেষ্টা ত্রিনহ খা। ১৪৪২ সালের দিকে ত্রিনহ তাঁর পিতার জীবিত সহকারীদের মধ্যে প্রথম স্থানে চলে আসেন। কারণ বাকিরা হয়তো নিহত হয়েছিল অথবা দ্বিতীয় পর্যায়ের নেতা ছিলেন। তবে একজন শিশু হিসেবে নহান তুংকে সিংহাসনে বসানো বিপজ্জনক হলেও রাজকীয় কার্যক্রম তেমন কোনো বড় সমস্যার মুখোমুখি হয়নি। কারণ তাঁর মা রাণী তুয়েন তুং তখন প্রায় ২১ বছর বয়সী ছিলেন এবং সময়ের সঙ্গে সঙ্গে তিনি রাজত্বের উপর নিজের কর্তৃত্ব বিস্তৃত করতে থাকেন।[২] নহান তুং শাসক হওয়ার পরবর্তী ১৭ বছর ভিয়েতনামের জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী সময় ছিল। যদিও কনফুসীয় পণ্ডিত ও অভিজাত পরিবারগুলোর মধ্যে কিছুটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল; তবে সাধারণভাবে গোটা রাজ্য শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠেছিল।[২]
চাম্পার রাজা মহা বিজয়া ১৪৪৪ এবং ১৪৪৫ সালে পরপর দুইবার হোয়া-চাউতে আক্রমণ চালিয়েছিল। এর প্রতিউত্তরে ভিয়েতনাম চীনের মিং সাম্রাজ্যের তৎকালীন সম্রাট ঝেংটং বরাবর এসব আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদী বার্তা পাঠায়। বার্তার জবাবে মিং সসম্রাট চাম্পা রাজাকে কেবল তিরস্কার করে সতর্ক করে দেয়। তাই ১৪৪৬ সালে লে খা ও লে থার নেতৃত্বে ভিয়েতনামী সেনাবাহিনী চাম্পা অঞ্চলে অভিযান চালায়। অভিযান সফল হয় এবং চাম্পার রাজধানী বিজয়া দখল করা হয়। রাজা মহা বিজয়া, তার স্ত্রী ও পুত্র-কন্যারা হাতি, ঘোড়া ও অস্ত্রসহ বন্দী হন। তবে এর পরের বছরই ভিয়েতনামীরা সেখানে থেকে বেরিয়ে যায়। এই অভিযানের পরবর্তী বিশ বছরে চাম্পা রাজারা ভিয়েতনামের বিরুদ্ধে আর কোনো আক্রমণ চালায়নি।[৩]
১৪৫১ সালে অজানা কারণে আন্হ ত্রিনহ খা এবং তার বড় ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে দুই বছর পর ত্রিনহ খাসহ লে লোইয়ের নিকটতম কয়েকজন উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে রাজকীয় ক্ষমা পান। তাদের এই ক্ষমা প্রাপ্তি লে নহান তুংয়ের আনুষ্ঠানিক রাজত্বকাল শুরু হওয়ার সময় ঘটে। তখন লে নহান তুং মাত্র ১২ বছর বয়সী একজন বালক ছিল।[৪]
তবে মাত্র ১২ বছর বয়সী একজন ছেলে কিভাবে রাজত্ব পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হলেন তা অজানাই রয়ে গিয়েছে। কারণ প্রাচীন ভিয়েতনামী রীতিতে ক্ষমতা কমপক্ষে ১৬ বছর বয়সে দেওয়া হতো। অনেক ঐতিহাসিক বলেন যে, এটি সম্ভবত রাণী তুয়েন তংকে ক্ষমতা থেকে সরানো বা তাঁর ক্ষমতা সীমিত করার জন্যে করা হয়েছিল। তবে যদি সেই উদ্দেশ্য এটি হয়ে থাকে, তাহলে তা চরমভাবে ব্যর্থ হয়। কারণ লে নহান তুং রাজা থাকলেও তার মা ১৪৫৯ সালের অভ্যুত্থান পর্যন্ত রাজ্যের সবকিছু নিয়ন্ত্রণ করতেন।[৫]
১৪৫৯ সালে তার বড় ভাই লে নঘি দান কিছু কর্মকর্তাকে সাথে নিয়ে নহান তুংকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হন। ২৮ অক্টোবরে ষড়যন্ত্রকারীরা প্রায় ১০০ ঘাতক লোককে সঙ্গে করে রাজপ্রাসাদে প্রবেশ করে রাজাকে হত্যা করে। তখন রাজা মাত্র ১৮ বছর বয়সী একজন কিশোর ছিল। পরের দিন তার মা রাণী তুয়েন তু একজন বিশ্বস্ত সেবকের হাতে নিহত হন এবং এভাবে ভিয়েতনামে নারীশাসিত প্রায় ২০ বছরের একটি দীর্ঘ সময়কাল শেষ হয়। এই সময়কালকে পরবর্তী ভিয়েতনামী ইতিহাসবিদেরা দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা করেছেন। একদল ইতিহাসবিদ বলেন, এটি ছিল একটি সুশাসনের যুগ ছিল, যেখানে রাজপ্রাসাদে সাম্য ও দেশে শান্তি বিরাজ করত। অন্য ইতিহাসবিদরা বলেন, তার শাসনকালে রাজপ্রাসাদে ব্যাপক বিশৃঙ্খলা ছিল এবং একজন নারী কর্তৃক রাষ্ট্র শাসন করা তেমনই অপ্রাকৃত, যেমন "ভোরে কোনো মুরগীর কুকরু কুক আওয়াজ করা" অস্বাভাবিক। তখন ত্রিনহ খার মতো দক্ষ উপদেষ্টাদের পদ থেকে সরানো হয় এবং অযোগ্য মানুষদের উচ্চপদে নিযুক্ত করা হয়, যা ভিয়েতনামের জন্য শোষণ ও দুর্যোগের কারণ হয়।[৬]
লে নুহানলে হত্যা করার পর লে নঘি দানও দীর্ঘকাল শাসন করতে পারেননি। তিনি মাত্র নয় মাস শাসনকার্য পরিচালনা করেন এবং এরপর তাকেও হত্যা করা হয়। লে নঘির পর ভিয়েতনামী রাজা হন লে থাই তংয়ের কনিষ্ঠ সন্তান লে থাং তং।[৬]
আরো দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., আইএসবিএন ৯৭৪৭৫৩৪৯৯১, P. 98
- 1 2 Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., আইএসবিএন ৯৭৪৭৫৩৪৯৯১, p.104
- ↑ Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., আইএসবিএন ৯৭৪৭৫৩৪৯৯১, p. 119
- ↑ Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., আইএসবিএন ৯৭৪৭৫৩৪৯৯১, p. 121
- ↑ Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., আইএসবিএন ৯৭৪৭৫৩৪৯৯১, p. 123
- 1 2 Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., আইএসবিএন ৯৭৪৭৫৩৪৯৯১, p. 125
- ↑ লে থাং তং এর শাসনামল পর্যন্ত লে রাজবংশে “সম্রাট” উপাধিটি দেশীয় বা অভ্যন্তরীণ ব্যবহারে প্রয়োগ করা হয়নি।
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি