লিব্রেটো

লিব্রেটো (ইতালীয় শব্দ libretto থেকে আগত, যার আক্ষরিক অর্থ আক্ষ. 'পুস্তিকা') হলো এমন একটি পাঠ্য যা অপেরা, অপারেটা, মাস্ক, ওরাটোরিও, ক্যান্টাটা বা মিউজিক্যালের মতো দীর্ঘ কোনো সংগীতকর্মে ব্যবহৃত হয় বা ব্যবহারের উদ্দেশ্যে রচিত হয়। লিব্রেটো শব্দটি কখনো কখনো ব্যালের কাহিনি বা গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সংক্রান্ত কাজ যেমন: মাস, রিকুইয়েম বা পবিত্র ক্যান্টাটার পাঠ্য নির্দেশ করতেও ব্যবহৃত হয়।
ইতালীয় শব্দ libretto (উচ্চারণ [liˈbretto], বহুবচনে libretti [liˈbretti]) হলো libro ("বই") শব্দের একটি ক্ষুদ্রার্থবাচক রূপ। লিব্রেটোর ক্ষেত্রে মাঝেমধ্যে অন্যান্য ভাষার সমার্থবোধক শব্দও ব্যবহৃত হয়; যেমন: ফরাসি কাজের জন্য livret, জার্মানের জন্য Textbuch এবং স্প্যানিশের জন্য libreto। একটি লিব্রেটো কোনো কাহিনীর সারসংক্ষেপ বা চিত্রনাট্য থেকে আলাদা, কারণ লিব্রেটোতে সমস্ত শব্দ এবং মঞ্চ নির্দেশাবলী থাকে, যেখানে সারসংক্ষেপে কেবল মূল কাহিনীটি সংক্ষেপে বর্ণনা করা হয়। কিছু ব্যালে ইতিহাসবিদ ১৫ থেকে ৪০ পৃষ্ঠার বইগুলোকেও 'লিব্রেটো' বলে অভিহিত করেন, যা ১৯ শতকের প্যারিসে ব্যালের দর্শকদের কাছে বিক্রি করা হতো এবং যাতে ব্যালের গল্পের দৃশ্যভিত্তিক বিস্তারিত বর্ণনা থাকত।[১]
একটি সংগীতকর্ম তৈরির ক্ষেত্রে লিব্রেটো রচয়িতা বা লিব্রেটিস্টের সাথে সুরকারের সম্পর্ক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে, ঠিক যেমনটি হয়েছে তাদের ব্যবহৃত উৎস এবং লিখনশৈলীর ক্ষেত্রে।
আধুনিক ইংরেজি ভাষার মিউজিক্যাল থিয়েটারের প্রেক্ষাপটে, লিব্রেটো বলতে ওই কাজের বুক (অর্থাৎ সংলাপ) এবং গানের কথা (লিরিক্স) উভয়কেই বোঝানো হয়।
সুরকার এবং লিব্রেটিস্টের সম্পর্ক
[সম্পাদনা]
১৭ ও ১৮ শতাব্দীতে অপেরা, ওরাটোরিও এবং ক্যান্টাটার লিব্রেটো সাধারণত সুরকার ব্যতীত অন্য কেউ লিখতেন, যারা প্রায়শই ছিলেন সে সময়ের নামকরা কবি।
পিয়েত্রো ট্রাপাসি, যিনি মেটাস্টাসিও (১৬৯৮–১৭৮২) নামে পরিচিত ছিলেন, তিনি ছিলেন ইউরোপের অন্যতম সম্মানিত লিব্রেটিস্ট। তার লিব্রেটোতে অনেক সুরকার বারবার সুরারোপ করেছেন। ১৮ শতাব্দীর আরেকজন উল্লেখযোগ্য লিব্রেটিস্ট ছিলেন লোরেঞ্জো দা পোন্তে। তিনি মোৎসার্টের তিনটি শ্রেষ্ঠ অপেরার পাশাপাশি আরও অনেক সুরকারের জন্য লিব্রেটো লিখেছিলেন। ১৯ শতাব্দীর অন্যতম উর্বর লিব্রেটিস্ট ছিলেন ইউজেন স্ক্রাইব; তিনি মেয়ারবেয়ার (যার সাথে তার দীর্ঘস্থায়ী সহযোগিতা ছিল), আউবার, বেলিনি, দোনিজেত্তি, রসিনি এবং ভের্দির কাজের জন্য লিব্রেটো সরবরাহ করেছিলেন। ফরাসি লেখক জুটি হেনরি মেইলহ্যাক এবং লুদোভিক হ্যালেভি মিলে জ্যাক অফেনবাখ, জুল মাসেনে এবং জর্জেস বিজের মতো ব্যক্তিত্বদের জন্য অনেক অপেরা ও অপারেটার লিব্রেটো লিখেছিলেন। আরিগো বোইতো, যিনি অন্যান্যদের মধ্যে জুসেপ্পে ভের্দি এবং আমিলকারে পনকিয়েল্লির জন্য লিব্রেটো লিখেছিলেন, নিজেও দুটি অপেরা রচনা করেছিলেন।
লিব্রেটো যে সবসময় সংগীতের আগে লেখা হয়, তা নয়। কিছু সুরকার, যেমন: মিখাইল গ্লিনকা, আলেকজান্ডার সেরভ, রিমস্কি-কোরসাকভ, পুচ্চিনি এবং মাসকানি কোনো পাঠ্য ছাড়াই সংগীতের অংশ রচনা করতেন এবং পরবর্তীতে লিব্রেটিস্ট সেই সুরের সাথে শব্দ যোগ করতেন (২০ শতাব্দীতে আমেরিকান জনপ্রিয় গান এবং মিউজিয়ালের ক্ষেত্রেও প্রায়শই এমনটা ঘটেছে, যেমন: রিচার্ড রজার্স এবং লোরেঞ্জ হার্টের যৌথ কাজ; যদিও পরবর্তী দল রজার্স ও হ্যামারস্টাইনের ক্ষেত্রে সাধারণত আগে লিরিক্স লেখা হতো, যা রজার্সের পছন্দের পদ্ধতি ছিল)।
কিছু সুরকার নিজেরাই নিজেদের লিব্রেটো লিখেছেন। এ ক্ষেত্রে রিচার্ড ভাগনার সম্ভবত সবচেয়ে বিখ্যাত, যিনি জার্মান কিংবদন্তি এবং ঐতিহাসিক ঘটনাগুলোকে তার অপেরা ও মিউজিক ড্রামার মহাকাব্যিক বিষয়ে রূপান্তর করেছিলেন। হেক্টর বার্লিওজ নিজেও তার দুটি বিখ্যাত কাজ লা দামনেশন ডি ফাউস্ট এবং লে ট্রোয়েনসের লিব্রেটো লিখেছিলেন। আলবান বার্গ তার ওয়াজেক অপেরার লিব্রেটোর জন্য গেয়র্গ বুখনারের নাটক ওয়াজেক-কে গ্রহণ করেছিলেন।

কখনও কখনও লিব্রেটো সুরকারের সাথে নিবিড় সহযোগিতার মাধ্যমে লেখা হয়; এর মধ্যে অভিযোজন (যেমনটি ছিল রিমস্কি-কোরসাকভ এবং তার লিব্রেটিস্ট ভ্লাদিমির বেলস্কির ক্ষেত্রে) বা সম্পূর্ণ মৌলিক কাজও থাকতে পারে। মিউজিক্যালের ক্ষেত্রে সংগীত, লিরিক্স এবং "বুক" (অর্থাৎ সংলাপ ও মঞ্চ নির্দেশাবলী) প্রতিটির আলাদা আলাদা লেখক থাকতে পারেন। উদাহরণস্বরূপ, ফিডলার অন দ্য রুফ মিউজিক্যালের একজন সুরকার (জেরি বক), একজন গীতিকার (শেলডন হার্নিক) এবং "বুক" লেখক (জোসেফ স্টেইন) ছিলেন। বিরল ক্ষেত্রে, সুরকার নাচের অংশটুকু বাদে বাকি সবকিছু সংগীত, লিরিক্স এবং লিব্রেটো নিজেই লেখেন; যেমনটি লিওনেল বার্ট অলিভার! এর জন্য করেছিলেন।
লিব্রেটো তৈরির প্রক্রিয়ার অন্যান্য বিষয়গুলো মঞ্চ বা চলচ্চিত্রের নাটকের মতোই। এর প্রাথমিক ধাপগুলোর মধ্যে রয়েছে একটি বিষয় নির্বাচন বা প্রস্তাব করা এবং একটি সিনারিওর আকারে কাহিনীর রূপরেখা তৈরি করা। এছাড়া প্রযোজনা চলাকালীনও বিভিন্ন সংশোধন আসতে পারে, যেমন: ব্রডওয়ে মিউজিক্যালের জন্য 'আউট-অফ-টাউন' ট্রায়াল বা নির্দিষ্ট কোনো স্থানীয় দর্শকদের জন্য পরিবর্তন। পরবর্তী ঘটনার একটি বিখ্যাত উদাহরণ হলো ১৮৬১ সালে ভাগনার কর্তৃক তার ১৮৪৫ সালের ড্রেসডেন সংস্করণের অপেরা ট্যানহাউজারকে প্যারিসের দর্শকদের জন্য সংশোধন করা।
সাহিত্যিক বৈশিষ্ট্য
[সম্পাদনা]যাত্রালগ্ন (আনু. ১৬০০) থেকেই অপেরার লিব্রেটো পদ্যে লেখা হতো এবং ১৯ শতাব্দী পর্যন্ত এই ধারাটি বজায় ছিল; যদিও যেসব সংগীতধর্মী থিয়েটারে সংলাপ থাকত, সেখানে সাধারণত সংগীতের অংশগুলোতে পদ্য এবং সংলাপের ক্ষেত্রে গদ্যের পর্যায়ক্রমিক ব্যবহার দেখা যেত। ১৯ শতাব্দীর শেষভাগ থেকে কিছু অপেরা সুরকার গদ্য বা মুক্তছন্দের লিব্রেটোতে সুরারোপ করা শুরু করেন। উদাহরণস্বরূপ, জর্জ গার্শউইনের অপেরা পর্গি অ্যান্ড বেস-এর অধিকাংশ আবৃত্তিধর্মী অংশ মূলত ডুবোস এবং ডরোথি হেওয়ার্ডের নাটক পর্গি থেকে হুবহু নেওয়া যা গদ্যে রচিত যেখানে কেবল আরিয়া, ডুয়েট, ট্রিও এবং কোরাসের কথাগুলো পদ্যে লেখা হয়েছে।
অন্যদিকে, মিউজিক্যালের লিব্রেটো গানের কথা ব্যতীত প্রায় সবসময়ই গদ্যে লেখা হয়। যদি কোনো মিউজিক্যাল কোনো নাটক বা উপন্যাস থেকে গৃহীত হয়, তবে তার লিব্রেটোতে মূল উৎসের সংলাপগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে। যেমন: ওকলাহোমা! মিউজিক্যালে লিন রিগসের গ্রিন গ্রো দ্য লাইলাকসের সংলাপ ব্যবহৃত হয়েছে, ক্যারোজেলে ফেরেনক মোলনারের লিলিওমের সংলাপ নেওয়া হয়েছে এবং মাই ফেয়ার লেডির অধিকাংশ সংলাপই জর্জ বার্নার্ড শের পিগম্যালিয়ন থেকে শব্দে শব্দে বা হুবহু নেওয়া হয়েছে। আবার ম্যান অফ লা মাঞ্চা ১৯৫৯ সালের টেলিভিশন নাটক আই, ডন কিহোতে থেকে অভিযোজিত হয়েছে যা এর অধিকাংশ সংলাপের যোগান দিয়েছে এবং ১৯৫৪ সালের পিটার প্যানের সংগীতধর্মী সংস্করণে জে. এম. ব্যারির সংলাপ ব্যবহৃত হয়েছে। এমনকি শো বোট মিউজিক্যালটি যে এডনা ফারবারের উপন্যাস থেকে গৃহীত, তার থেকে অনেকটা আলাদা হওয়া সত্ত্বেও এতে ফারবারের মূল কিছু সংলাপ ব্যবহার করা হয়েছে, বিশেষ করে বর্ণসংকর সংক্রান্ত দৃশ্যটিতে। এছাড়া লিওনেল বার্টের অলিভার! এ চার্লস ডিকেন্সের উপন্যাস অলিভার টুইস্ট থেকে বেশ কিছু সংলাপের অংশবিশেষ ব্যবহার করা হয়েছে, যদিও এটি উপন্যাসের একটি "মুক্ত রূপান্তর" হিসেবে পরিচিত।
ভাষা এবং অনুবাদ
[সম্পাদনা]অপেরার উৎপত্তিকালীন ভাষা হিসেবে ইতালীয় ভাষা ১৮ শতাব্দী পর্যন্ত ইউরোপে (ফ্রান্স ব্যতীত) এই ধারায় আধিপত্য বিস্তার করেছিল। এমনকি পরের শতাব্দীতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ইতালীয় অপেরা দলগুলো যখন উদীয়মান স্থানীয় রুশ নাট্যতালিকার চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তখনও এই প্রভাব বজায় ছিল। ১৮০০ সালের আগের উল্লেখযোগ্য ব্যতিক্রমগুলোর মধ্যে পারসেলের কাজ, হ্যান্ডেলের প্রথম দিকের অপেরাগুলো এবং ১৮ শতাব্দীর ব্যালাড অপেরা ও সিংস্পিয়েল ইত্যাদি অন্যতম।
সাহিত্য এবং গানের মতোই লিব্রেটোর ক্ষেত্রেও অনুবাদজনিত বেশ কিছু সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। অতীতে (এমনকি আজও) সংলাপযুক্ত বিদেশি সংগীতধর্মী কাজগুলো, বিশেষ করে কমেডিগুলোর ক্ষেত্রে মাঝেমধ্যে গানের অংশগুলো মূল ভাষায় এবং সংলাপগুলো স্থানীয় ভাষায় পরিবেশন করা হতো। গানের কথা অনুবাদ না করে রেখে দেওয়ার প্রভাব মূলত ওই বিশেষ কাজের ওপর নির্ভর করে। লুই ডারডিলির[২] মতো অনুবাদকরা পুরো লিব্রেটো, সংলাপ এবং সুরগুলো ফরাসিতে অনুবাদ করতেন। যেমন: কোসি ফ্যান টুট্টে হয়ে গিয়েছিল Ainsi font toutes, ou la Fidélité des femmes এবং ফেরান্দোর গাওয়া "Un' aura amorosa"-র পরিবর্তে ফরাসিভাষী দর্শকরা ফার্নান্দোর কণ্ঠে "Ma belle est fidèle autant qu'elle est belle" শোনার সুযোগ পেত।[৩]
পুরানো বেটি গ্রেবল – ডন আমেচে – কারমেন মিরান্ডা অভিনীত মিউজিক্যালগুলোর ওপর এই অনুবাদের প্রভাব তেমন না পড়লেও, শো বোট, দ্য উইজার্ড অফ অজ, মাই ফেয়ার লেডি বা ক্যারোজেল-এর মতো মিউজিক্যালগুলোর অনুবাদের ক্ষেত্রে এই পদ্ধতিটি বিভ্রান্তিকর হতে পারে। কারণ এগুলোতে গানের কথা এবং সংলাপগুলো প্রায়শই বা সবসময় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং গানের কথাগুলো কাহিনীকে এগিয়ে নিতে সাহায্য করে। বর্তমানে ছাপানো বা প্রজেক্টরের মাধ্যমে অনুবাদের সহজলভ্যতা মূল ভাষায় গান গাওয়াকে আরও বাস্তবসম্মত করে তুলেছে, যদিও নিজের ভাষায় কোনো গীতি-নাট্য শোনার আকাঙ্ক্ষাকে অস্বীকার করার উপায় নেই।
স্প্যানিশ শব্দ 'libretista' (নাট্যকার বা চিত্রনাট্যকার) এবং 'libreto' (স্ক্রিপ্ট বা চিত্রনাট্য), যা হিস্পানিক টেলিভিশন এবং চলচ্চিত্র শিল্পে ব্যবহৃত হয়, সেগুলো মূলত অপেরার এই আদি ধারণা থেকেই এসেছে।
মর্যাদা
[সম্পাদনা]
ঐতিহাসিকভাবে লিব্রেটিস্টরা সুরকারদের তুলনায় কম গুরুত্ব পেয়ে এসেছেন। ১৭ শতাব্দীর কিছু অপেরা যা আজও পরিবেশিত হয়, সেগুলোর লিব্রেটিস্টের নাম পর্যন্ত নথিভুক্ত করা হয়নি। তবে পরিবেশনার সময় বিক্রির জন্য লিব্রেটো মুদ্রণ সাধারণ হয়ে ওঠায়, পাণ্ডুলিপিতে থাকা সংগীতের চেয়ে এই রেকর্ডগুলো প্রায়ই বেশি টিকে আছে। কিন্তু ১৮ শতাব্দীর শেষের দিকে লন্ডনের পর্যালোচনাগুলোতেও লিব্রেটিস্টের নাম খুব কমই উল্লেখ করা হতো, যা লোরেঞ্জো দা পোন্তে তার স্মৃতিকথায় আক্ষেপের সাথে জানিয়েছেন।
২০ শতাব্দীর মধ্যে কিছু লিব্রেটিস্ট বিখ্যাত যৌথ কাজের অংশ হিসেবে স্বীকৃতি পেতে শুরু করেন, যেমন: গিলবার্ট ও সালিভান বা রজার্স ও হ্যামারস্টাইন। বর্তমানে অপেরা বা অপারেটার সংগীতের সুরকারকে (অতীত বা বর্তমানের) সাধারণত সম্পূর্ণ কাজের জন্য প্রধান কৃতিত্ব দেওয়া হয় এবং গীতিকারকে দ্বিতীয় স্থানে বা পাদটীকায় রাখা হয়। এর একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম ছিলেন গার্ট্রুড স্টেইন, যিনি ফোর সেন্টস ইন থ্রি অ্যাক্টস-এর জন্য প্রধান কৃতিত্ব পেয়েছিলেন। ১৯০৬ সালে আলবার্তো ফ্রাঞ্চেত্তির অপেরা লা ফিগলিয়া দি ইওরিও ছিল আরেকটি ব্যতিক্রম; এটি সে সময়ের বিখ্যাত ইতালীয় কবি, ঔপন্যাসিক ও নাট্যকার এবং এই অপেরার লিব্রেটিস্ট গ্যাব্রিয়েল ডি'আন্নুনজিওর একটি অত্যন্ত সফল নাটকের ঘনিষ্ঠ রূপান্তর ছিল। কোনো কোনো ক্ষেত্রে অপেরা অভিযোজনটি মূল সাহিত্য পাঠের চেয়েও বেশি বিখ্যাত হয়ে উঠেছে, যেমন: মরিস মেটারলিঙ্কর নাটকের ওপর ভিত্তি করে নির্মিত ক্লদ দেবুসির পেলিয়াস এট মেলিসান্ডে।
অপেরার ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ সংগীত নাকি কথা তা নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক চলছে। এই বিতর্কই অন্তত দুটি অপেরার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে: রিচার্ড স্ট্রাউসরের ক্যাপ্রিচ্চিও এবং আন্তোনিও সালিয়েরির প্রিমা লা মিউজিকা ই পোই লে পারোলে।
প্রকাশনা
[সম্পাদনা]লিব্রেটো বিভিন্ন বিন্যাসে বা ফরম্যাটে উপলব্ধ হতে পারে, যার কিছু অন্যান্যগুলোর তুলনায় বেশি পূর্ণাঙ্গ। এর পাঠ্য অংশ অর্থাৎ সংলাপ, গানের কথা এবং প্রযোজ্য ক্ষেত্রে মঞ্চ নির্দেশনা সাধারণত সংগীত থেকে আলাদাভাবে প্রকাশিত হয় (অধিকাংশ অপেরার শব্দ রেকর্ডিং বা অডিওর সাথে সাধারণত এ ধরনের একটি পুস্তিকা অন্তর্ভুক্ত থাকে)। কখনো কখনো (বিশেষ করে পাবলিক ডোমেইনে থাকা অপেরাগুলোর ক্ষেত্রে) এই বিন্যাসের সাথে গুরুত্বপূর্ণ অংশগুলোর সুরলিপিও যুক্ত করে দেওয়া হয়।
অপেরার মুদ্রিত স্কোরগুলোতে স্বাভাবিকভাবেই সম্পূর্ণ লিব্রেটো থাকে, যদিও স্কোরে থাকা পাঠ্য এবং আলাদাভাবে মুদ্রিত পাঠ্যের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, মূল স্কোরে লিব্রেটোর শব্দ বা বাক্যাংশের অতিরিক্ত পুনরাবৃত্তি করা হয়েছে। উদাহরণস্বরূপ, পুচ্চিনির তুরানদত অপেরার "নেসুন দর্মা" আরিয়া অংশে লিব্রেটোর শেষ লাইন দুটি হলো "Tramontate, stelle! All'alba, vincerò!" (নিভে যাও তারকারা! ভোরে আমিই জয়ী হব!)। তবে স্কোরে গায়ক এটি এভাবে গান— "Tramontate, stelle! Tramontate, stelle! All'alba, vincerò! Vincerò! Vincerò!"।
আধুনিক মিউজিক্যালগুলো সাধারণত দুটি পৃথক অথচ আন্তঃসংযুক্ত বিন্যাসে প্রকাশিত হয় (যেমন: সব শব্দসহ 'বুক ও লিরিক্স' এবং কিছু সংলাপের ইশারাসহ পিয়ানো-ভোকাল স্কোর); তাই একটি পুরো পরিবেশনা সম্পর্কে বিস্তারিত জানতে এই দুটিরই প্রয়োজন হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ দেখুন, উদাহরণস্বরূপ Smith, Marian Elizabeth (২০০০)। Ballet and Opera in the Age of Giselle। Princeton University Press। পৃ. ৩। আইএসবিএন ৯৭৮০৬৯১০৪৯৯৪৬।
- ↑ ডারডিলি (৮ নভেম্বর ১৮৪৮ — ১১ অক্টোবর ১৯২৯), 'কম্পটোয়ার জেনারেল ডি মিউজিক ফ্রাঙ্কাইস এট ইট্রাঞ্জেরি' (১৮৭৮)-র প্রতিষ্ঠাতা; তিনি মূলত ডন জিওভান্নি-র নতুন অনুবাদের জন্য (১৮৯৬ সালের নভেম্বরে অপেরা-কমিকে শার্ল গুনো-র সাথে) স্মরণীয় হয়ে আছেন। এছাড়াও তিনি গুনোর সাথে দ্য ম্যাজিক ফ্লুট-এর অনুবাদ করেছিলেন, যা ২০২০ সালের জানুয়ারিতে হার্ভে নিকেট (ইউটিউবে উপলব্ধ) ভার্সাই প্রাসাদের রয়্যাল অপেরায় পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি ভের্দির রিগোলেটো-রও নতুন অনুবাদ করেন (ভিক্টর হুগো এডুয়ার্ড ডুপ্রেজ-এর অনুবাদটি পছন্দ করেননি)। তিনি জার্মান থেকেও অনুবাদ করেছেন (ফাউস্ট, ফিডেলিও, ডার ফ্রাইশুটজ, ওবেরন...।
- ↑ ফরাসিতে লিব্রেটো: পৃ. ১০৭
আরও পড়ুন
[সম্পাদনা]- কেনেডি, মাইকেল (২০০৬), দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ মিউজিক, ৯৮৫ পৃষ্ঠা, আইএসবিএন ০-১৯-৮৬১৪৫৯-৪
- ম্যাকনাট, রিচার্ড (১৯৯২), "লিব্রেটো", দ্য নিউ গ্রোভ ডিকশনারি অফ অপেরা-তে, সম্পাদক: স্ট্যানলি সেডি (লন্ডন) আইএসবিএন ০-৩৩৩-৭৩৪৩২-৭
- নেভিল, ডন (১৯৯০)। ফ্রন্টিয়ার রিসার্চ ইন অপেরা অ্যান্ড মাল্টিমিডিয়া প্রিজারভেশন: এ প্রজেক্ট ইনভলভিং দ্য ডকুমেন্টেশন অ্যান্ড ফুল টেক্সট রিট্রিভাল অফ দ্য লিব্রেটি অফ পিয়েত্রো মেটাস্টাসিও। লন্ডন: ফ্যাকাল্টি অফ মিউজিক, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও। আইএসবিএন বিহীন।
- পর্তিনারি, ফোলকো (১৯৮১)। Pari siamo! Io la lingua, egli ha il pugnale. Storia del melodramma ottocentesco attraverso i suoi libretti। তোরিনো: E.D.T. Edizioni। আইএসবিএন ৮৮-৭০৬৩-০১৭-X।
- স্মিথ, প্যাট্রিক জে. দ্য টেন্থ মিউজ: এ হিস্টোরিক্যাল স্টাডি অফ দ্য অপেরা লিব্রেটো। প্রথম সংস্করণ। নিউ ইয়র্ক: এ.এ. নফ, ১৯৭০। xxii, ৪১৭, xvi পৃ. + [১৬] পৃ. সাদা-কালো ইলাস্ট্রেশন। আইএসবিএন বা এসবিএন বিহীন।
- ওয়ারেক, জন এবং ওয়েস্ট, ইউয়ান (১৯৯২), দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ অপেরা, ৭৮২ পৃষ্ঠা, আইএসবিএন ০-১৯-৮৬৯১৬৪-৫
বহিঃসংযোগ
[সম্পাদনা]- পাবলিক ডোমেইন অপেরা লিব্রেটো এবং অন্যান্য কণ্ঠ্য পাঠ্য
- অপেরা গ্লাস অপেরা ইনডেক্স: সংশ্লিষ্ট লিব্রেটোসহ নির্বাচিত অপেরা
- OperaFolio.com: ১০০০-এর বেশি অপেরা লিব্রেটর তালিকা
- opera-guide.ch: জার্মান অনুবাদ এবং মূল ভাষায় অপেরা লিব্রেটো
- নির্বাচিত অপেরা লিব্রেটো—নাক্সোস-এ
- লিবারেত্তো ভো সনে ই নায়াভু (স্বপ্নে ও বাস্তবে লিব্রেটো): রুশ এবং কিছু পশ্চিমা লিব্রেটো (রুশ ভাষায়, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল হিসেবে); বিশেষত: ধ্রুপদী রুশ অপেরার লিব্রেটো (রুশ ভাষায়)
- ইতালির মোদেনার বিবলিওটেকা এস্টেন্সে-তে থাকা লিব্রেটো ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জুলাই ২০১৩ তারিখে
টেমপ্লেট:সংগীত রচনা টেমপ্লেট:অপেরা পরিভাষা টেমপ্লেট:প্রবেশদ্বার বার