বিষয়বস্তুতে চলুন

রেজা কিবরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেজা কিবরিয়া
২০২০ সালে রেজা
হবিগঞ্জ-১ আসনের
বাংলাদেশ সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ ফেব্রুয়ারি ২০২৬
নেতাতারেক রহমান
পূর্বসূরীআমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী
দলীয় দায়িত্ব
১৯ জুন ২০২৩ – ৩১ ডিসেম্বর ২০২৩আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক
২৬ অক্টোবর ২০২১ – ১৯ জুন ২০২৩গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক
৫ মে ২০১৯ – ৭ ফেব্রুয়ারি ২০২১গণফোরামের সাধারণ সম্পাদক
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-03-06) ৬ মার্চ ১৯৫৭ (বয়স ৬৯)
সিলেট জেলা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
অন্যান্য
রাজনৈতিক দল
দাম্পত্য সঙ্গী
সম্পর্কনাজলী কিবরিয়া (বোন)
পিতামাতা
বাসস্থানমালঞ্চ গ্রিন, রোড ৩/এ, ধানমন্ডি, ঢাকা
শিক্ষাডক্টর অব ফিলোসফি (অর্থনীতি)
প্রাক্তন শিক্ষার্থী
পেশাঅধ্যাপক, অর্থনীতিবিদ, লেখক, রাজনীতিবিদ

রেজা কিবরিয়া (জন্ম ৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ। তিনি দীর্ঘসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করেছেন। রাজনৈতিক পরিচয় হিসাবে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর থেকে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। এবং কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) অংশগ্রহণ করে আওয়ামীলীগ প্রার্থীর নিকট পরাজিত হন।২০২৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রেজা কিবরিয়া ৬ মার্চ ১৯৫৭ সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তানে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমায় অবস্থিত জালালসাপ গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমান নবীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ জেলা, বাংলাদেশ)।[১] কিবরিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, দর্শন ও অর্থনীতিতে স্নাতক, কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর অর্জন করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমফিল ও ডিফিল অর্জন করেন। এরপর তিনি ১৯৮৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন এবং ১৯৯৩ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক হয়েছিলেন। এরপর ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। এরপর ৮ বছরের জন্য তিনি পিডিপি অস্ট্রেলিয়ার প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্ব-আফ্রিকা আঞ্চলিক কারিগরি সহায়তা কেন্দ্রের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।[২] তিনি গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেছেন।[৩] ২০১৬ সাল থেকে ২ বছরের জন্য তিনি কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন।[২] ২০১৫ সাল থেকে তিনি ইন্টিগ্রো হোল্ডিংসের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।[৪]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]
২০১৮ সালে হবিগঞ্জে রাজনৈতিক প্রচারণায় রেজা কিবরিয়া

কিবরিয়া প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ২০০৭ সালে নাগরিক শক্তি দলে যোগ দিতে তিনি মুহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেছিলেন।[৫] ২০১৮ সালে[৬] চাকরি ছেড়ে দেশে ফিরে গণফোরামে যোগ দেওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়।[৭] যোগদানের পর তাকে এর সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়েছিল।[৮] নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি হবিগঞ্জ-১ আসনের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন।[৯] ২৬ ডিসেম্বর ২০১৮ সালে রেজার বাড়িতে ওয়ারেন্টভুক্ত আসামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা মুজিবুর রহমান সেফু অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালানোর সময় মসজিদের মাইকে রেজার বাড়িতে পুলিশ আক্রমণ করছে এমন ঘোষণা দিলে গ্রামবাসী পুলিশের কাজে বাধা দেয় ও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেজা দাবি করেছিলেন যে পুলিশকে অভিযানের জন্য ওয়ারেন্ট দেখাতে বলা হলে তারা তা দেখাতে পারেনি এবং পুলিশ তার নির্বাচনের জন্য ছাপানো পোস্টার ছিঁড়ে ফেলে ও কাগজপত্র জব্দ করে নিয়ে যায়।[১০] ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি পরাজিত হয়েছিলেন।[১১] এরপর তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হলে তা নিয়ে দলে বিতর্ক ও সংঘর্ষ সৃষ্টি হয়। ফেব্রুয়ারি ২০২১ সালে তিনি গণফোরাম ত্যাগ করেন।[১২] তবে দল ত্যাগ করলেও জানিয়েছিলেন যে তিনি রাজনৈতিক জীবন ত্যাগ করেননি। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সহানুভূতি আছে জানালেও দলটির সুনির্দিষ্ট অবস্থান না থাকার কারণ দেখিয়ে তিনি দলটিতে যোগ দিবেন না বলে জানান।[১৩]

২৬ অক্টোবর ২০২১ সালে তিনি গণঅধিকার পরিষদের আহ্বায়ক হোন।[৮] ২০২২ সালে আয়কর নথিতে আয়ের একাধিক উৎস উল্লেখ না করে গোপন করা, মানি লন্ডারিং ও আয়কর ফাঁকির অভিযোগ তুলে জাতীয় রাজস্ব বোর্ড তার বিরুদ্ধে নোটিশ জারি করে।[৪] একই বছরে জানা যায় যে সংগঠনে সক্রিয়তার অভাবে গণঅধিকার পরিষদের তরুণ কর্মীদের একটি অংশ রেজাকে দলের সদস্য হিসেবে দেখতে চাইছেন না। ফলে দলটির সাথে রেজার দূরত্ব সৃষ্টি হয়েছে।[১৪] জুন ২০২৩ সালে গণঅধিকার পরিষদের দুই অংশের বিরোধে দলটি দুটি অংশে বিভক্ত হয়ে যায় এবং তিনি একটি অংশের আহ্বায়ক থাকেন।[১৫] গণঅধিকার পরিষদ (রেজা) ত্যাগের ৩ দিন পর ৩ জানুয়ারি ২০২৪ সালে তিনি দলটি থেকে বেরিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। দলত্যাগের কারণ তিনি জানান নি।[১৬][১৭] এরপর মে ২০২৪ সালে তাকে দলটির প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়,[১৮] যদিও তিনি কার্যত দলটিতে নিষ্ক্রিয় ছিলেন।[৬] আগস্ট ২০২৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তিনি জানিয়েছিলেন যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে হবিগঞ্জ-১ আসনে দাঁড়াবেন।[১৯] ২৭ জানুয়ারি ২০২৫ সালে একটি ভিডিও বার্তায় বাবা শাহ এ এম এস কিবরিয়ার হত্যাকাণ্ডের বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করে দাবি করেন যে হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সংসদ সদস্য ও ব্যবসায়ী সালমান এফ রহমান আর্থিক সহায়তা দান করেছেন।[২০] ৫ নভেম্বর ২০২৫ সালে তিনি গণমাধ্যমের নিকট নিশ্চিত করেন যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিবেন৷ জানা গিয়েছিল যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসনের প্রার্থী হতে পারেন।[২১]

১ ডিসেম্বর ২০২৫ সালে রেজা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন।[২২] ৪ ডিসেম্বর ২০২৫ সালে দলটি তাকে হবিগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, যদিও মনোনয়ন দেওয়ার ঘোষণায় দলটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।[২৩] ৭ জানুয়ারি ২০২৬ সালে নির্বাচন তদন্ত ও বিচার বিভাগীয় কমিটি পাঁচ দিন আগে নির্বাচনী প্রতীক বরাদ্দের পূর্বে নবীগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।[২৪] ২০২৬ সালের জানুয়ারিতে রেজা বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিজের হলফনামা পেশ করেন। তার হলফনামা অনুযায়ী তিনি বর্তমানে বাড়িভাড়া থেকে আয় করে থাকেন এবং তার ব্যাংকে কোনো টাকা জমা নেই। তার স্ত্রী বাড়ি ভাড়া, ব্যবসা ও ব্যাংক আমানত থেকে বছরে আনুমানিক ২৪ লাখ টাকা আয় করেন। এছাড়া হলফনামা অনুযায়ী রেজার চেয়ে তার স্ত্রীর আয় বেশি।[২৫] অন্যদিকে রেজার জন্য আসন ছেড়ে দিতে অস্বীকৃতি জানানোর ফলে দল থেকে বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়াকে বহিস্কৃত করা হয় এবং সুজাত তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় দাড়ান।[২৬] ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরীর চেয়ে ৬২,৭০৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।[২৭] এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্মসচিব হুমায়ুন কবির একটি রাজনৈতিক সমাবেশে জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে জয়লাভ করলে দল ক্ষমতায় আসা সাপেক্ষে রেজাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।[২৮] নির্বাচনের পর বিভিন্ন দলীয় সূত্রগুলো থেকে জানা যায় যে তার দল মন্ত্রিসভা গঠন করার সময় তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারে, যা অতীতে তার বাবা পেয়েছিলেন।[২৯] যদিও অবশেষে তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় সদস্যপদ পাননি, যার ফলে তার নির্বাচনী এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েন।[৩০]

বিতর্ক

[সম্পাদনা]

২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ বাহিনীর কিছু সদস্যদের উপর নিষেধাজ্ঞা প্রদান করায় প্রতিক্রিয়া হিসেবে কিবরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে দাবি করেছিলেন যে নিষেধাজ্ঞার পর দেশে এই বাহিনীগুলোর নির্যাতন প্রায় থেমে গেছে।[৩১] তার উক্ত বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছিল।[৫]

২০২৩ সালে গণঅধিকার পরিষদের তৎকালীন সদস্যসচিব নুরুল হক নুর রেজার বিরুদ্ধে দলীয় কর্মকাণ্ডে অমনোযোগিতার পাশাপাশি ইনসাফ কায়েম কমিটির কর্মসূচিতে অংশগ্রহণ করার বিনিময়ে অর্থ পাচ্ছেন এবং গোয়েন্দাদের সাথে বৈঠক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙ্গার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেন। অন্যদিকে রেজা নুরের বিরুদ্ধে মোসাদ সদস্য ও অন্যান্য শত্রু দেশের গোয়েন্দা সংস্থার সাথে গোপন বৈঠকের পালটা অভিযোগ তুলেছিলেন।[১৫] নুর ও রেজার মধ্যকার দ্বন্দ্বের প্রতিক্রিয়ায় আসিফ নজরুল রেজাকে দলীয় পদের জন্য অনুপযুক্ত আখ্যা দিয়ে বলেছিলেন যে রেজাকে যে উদ্দেশ্য নিয়ে দলের আহবায়ক করা হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছেন।[৩২]

সেপ্টেম্বর ২০২৪ সালে কিবরিয়া দাবি করেন যে এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান এবং আওয়ামী লীগ নেতা মুশফিক হোসেন চৌধুরী জড়িত ছিল এবং আবু জাহিরের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ও হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র জি কে গউছের মাদক ব্যবসার অংশীদার ছিল বিধায় এদের জিজ্ঞাসাবাদ করা উচিত।[৩৩] এমন দাবির প্রতিক্রিয়ায় জি কে গউছ নিজেকে নির্দোষ দাবি করে বলেন যে কিবরিয়া অন্যের দ্বারা প্রভাবিত হয়ে তার নাম বলেছে।[৩৪] অন্যদিকে ব্যাপারটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর কিবরিয়া নিজের বক্তব্য অস্বীকার করে বলেন যে তারা যে নিশ্চিতভাবে দোষী তা তিনি জানেন না।[৩৩] ২৮ সেপ্টেম্বর ২০২৪ সালে কিবরিয়ার দাবির প্রতিবাদে হবিগঞ্জে ঝাড়ু মিছিল করা হয়।[৩৫]

১৩ সেপ্টেম্বর ২০২৫ সালে সন্দেহজনক গতিবিধির কারণে বিদেশী গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে খ্যাত বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে গ্রেফতার করার পর গোয়েন্দা শাখার জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছিলেন যে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রযন্ত্রে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে তার পৃষ্ঠপোষকতায় ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন জনতা পার্টি বাংলাদেশ গঠিত হয় এবং করিম রেজা কিবরিয়াকে উপদেষ্টা বানানোর প্রস্তাব দিলে তিনি রাজি হন। তবে কিবরিয়া এই দাবি অস্বীকার করে দলটির সাথে তার প্রত্যক্ষ সম্পর্ক নেই জানান।[৩৬]

২০২৬ সালের জানুয়ারিতে রেজা একটি টেলিভিশন চ্যানেলের টক শো'তে আবার গণঅধিকার পরিষদের প্রসঙ্গে কথা বলেন এবং দাবি করেন যে ইসরায়েল সরকারের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তিনি দলটি ত্যাগ করেছিলেন।[৩৭] জবাবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার দাবি অপপ্রচার আখ্যা দেন।[৩৮] একই বছরে নির্বাচনের জন্য গণসংযোগ পরিচালনাকালে 'সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ' ব্যানারে একদল মানুষ হবিগঞ্জ-১ আসনের প্রাক্তন সকল সংসদ সদস্যদের "অপদার্থ" বলার অভিযোগ এনে রেজার বিরুদ্ধে মানববন্ধন করে।[৩৯]

নির্বাচনী ইতিহাস

[সম্পাদনা]
বছর নির্বাচনী এলাকা দল ভোট % ফলাফল
২০১৮ হবিগঞ্জ-১ গণফোরাম ৮৫,৮৮৫ ৩৪.৯০ পরাজিত
২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১,১০,৬৬৮ ২৩.৭০ বিজয়ী

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কিবরিয়ার বাবা জালালসাপ নিবাসী শাহ এ এম এস কিবরিয়া ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশের ১৮তম অর্থমন্ত্রী।[২] শাহ এ এম এস কিবরিয়া ২০০৫ সালে হবিগঞ্জ জেলায় গ্রেনেড হামলায় নিহত হয়েছিলেন।[৪০] তার মা আসমা কিবরিয়া চিত্রশিল্পী ছিলেন। ২০১৫ সালে আসমা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।[২][৪১] তার বোন নাজলী কিবরিয়া একজন অধ্যাপক, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি সাংবাদিক মোজাম্মেল হকের মেয়ে অভিনয়শিল্পী রিনা সুলতানা কিবরিয়াকে বিয়ে করেছিলেন।[৪২][৪৩][৪৪] তার বর্তমান স্ত্রীর নাম সিমি কিবরিয়া।[৪৫]

রচনাবলী

[সম্পাদনা]
  • "The political economy of reform: designing, initiating and sustaining public sector reform in developing countries"। জার্নাল অফ ইন্টারন্যাশনাল এফেয়ার্স (ইংরেজি ভাষায়)। ৬ (৩)। ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ২০০২।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "আলোচনায় কিবরিয়াপুত্র রেজা"। সিলেট টুডে ২৪। ১৭ নভেম্বর ২০১৮। ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. 1 2 3 4 "গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার সংক্ষিপ্ত জীবনী"। ইউএসএনিউজঅনলাইন.কম। ১৪ মে ২০১৯। ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  3. ↑ "Probe not proper: Kibria family to PM"। বিডিনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। ৩ আগস্ট ২০১১। ২১ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৫।
  4. 1 2 "কত সম্পদ আছে রেজা কিবরিয়ার?"। বাংলানিউজ২৪.কম। ১১ ফেব্রুয়ারি ২০২২। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  5. 1 2 শান্তনু, হাসান (২ ফেব্রুয়ারি ২০২২)। "ড. রেজা কি সত্যই আন্তর্জাতিক অঙ্গনে 'প্রভাবশালী'?"। মত ও পথ। ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  6. 1 2 "৭ বছরে ৪ 'ডিগবাজি', কে এই রেজা কিবরিয়া?"। দ্য রিপোর্ট। ৩ ডিসেম্বর ২০২৫।
  7. ↑ "রেজা কিবরিয়ার দুই কূলই গেল"। মানবজমিন। ২ জুলাই ২০২৩।
  8. 1 2 "নুরের দলের আহবায়ক কে এই রেজা কিবরিয়া?"। নিউজ ২৪। ২৬ অক্টোবর ২০২১। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  9. ↑ মোহাম্মদ ফরিয়াদ, চৌধুরী (৬ ডিসেম্বর ২০১৮)। "সবচেয়ে ধনাঢ্য ড. রেজা কিবরিয়া"। বাংলাদেশ প্রতিদিন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. ↑ "মানুষ আমার পক্ষে আছে: রেজা কিবরিয়া"। দ্য ডেইলি স্টার। ২৭ ডিসেম্বর ২০১৮। ১৯ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  11. ↑ "হঠাৎ কেন রাজনীতি থেকে বিদায়, কারণ জানালেন ড. রেজা কিবরিয়া"। যুগান্তর। ২৮ মার্চ ২০২৪। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  12. ↑ "রেজা কিবরিয়া আর গণফোরামে নেই"। বিডিনিউজ২৪.কম। ৭ ফেব্রুয়ারি ২০২১। ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  13. ↑ বসু, সৌগত (১৫ ফেব্রুয়ারি ২০২১)। "বিএনপি নিয়ে সিমপ্যাথি আছে: রেজা কিবরিয়া"। নিউজবাংলা২৪.কম।
  14. ↑ শাকিল, সালমান তারেক (১৪ নভেম্বর ২০২২)। "নুরদের সঙ্গে রেজা কিবরিয়ার দূরত্ব"। বাংলা ট্রিবিউন। ২২ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৫।
  15. 1 2 "গণ অধিকার পরিষদ অস্থির, পালটা বহিষ্কার"। দৈনিক ইত্তেফাক। ২১ জুন ২০২৩। ৭ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  16. ↑ "গণঅধিকার পরিষদ ছাড়লেন রেজা কিবরিয়া"। বাংলানিউজ২৪.কম। ৪ জানুয়ারি ২০২৪। ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  17. ↑ ইমরান, অসীম আল (৪ জানুয়ারি ২০২৪)। "পদত্যাগের ৩ দিন পর কেন প্রকাশ করলেন ড. রেজা কিবরিয়া!"। নয়া দিগন্ত। ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  18. ↑ "রেজা কিবরিয়াকে এবার গণঅধিকারের প্রধান উপদেষ্টা ঘোষণা"। আজকের পত্রিকা। ৯ মে ২০২৪। ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  19. ↑ "নিজের রাজনৈতিক পরিকল্পনা জানালেন রেজা কিবরিয়া"। যুগান্তর। ১৭ আগস্ট ২০২৪। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  20. ↑ "সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডে আর্থিক সহায়তা দেন সালমান এফ রহমান, দাবি ছেলে রেজা কিবরিয়ার"। প্রথম আলো। ২৭ জানুয়ারি ২০২৫।
  21. ↑ "বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া"। কালের কণ্ঠ। ৬ নভেম্বর ২০২৫।
  22. ↑ "বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া"। দৈনিক ইত্তেফাক। ১ ডিসেম্বর ২০২৫। ৫ জানুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৬।
  23. ↑ "রেজা কিবরিয়া মনোনয়ন পাওয়ায় খুশি বিএনপির একাংশ, অসন্তুষ্ট 'বঞ্চিত' নেতারা"। প্রথম আলো। ৪ ডিসেম্বর ২০২৫। ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৬।
  24. ↑ "প্রতীক বরাদ্দের আগে প্রচারণা, বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ"। দ্য ডেইলি স্টার। ৭ জানুয়ারি ২০২৬।
  25. ↑ "পেশা থেকে আয় নেই অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার"। আমাদের সময়। ১২ জানুয়ারি ২০২৬।
  26. ↑ "যে কারণে রেজা কিবরিয়াকে ছাড় দেননি শেখ সুজাত"। দেশ রূপান্তর। ২৮ জানুয়ারি ২০২৬।
  27. ↑ "হবিগঞ্জ-১: অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার জয়"। ঢাকা টাইমস। ১২ ফেব্রুয়ারি ২০২৬।
  28. ↑ "রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রিত্ব পাবেন: হুমায়ুন কবির"। জাগো নিউজ। ৯ ফেব্রুয়ারি ২০২৬।
  29. ↑ "হবিগঞ্জ-১: ড. রেজা কিবরিয়ার বড় জয়, আলোচনায় 'অর্থমন্ত্রী' হওয়ার দৌড়"। দৈনিক ইনকিলাব। ১৩ ফেব্রুয়ারি ২০২৬।
  30. ↑ শিকদার, মো. সরওয়ার (১৯ ফেব্রুয়ারি ২০২৬)। "মন্ত্রিসভায় ঠাঁই হয়নি ড. রেজা কিবরিয়ার, নবীগঞ্জ-বাহুবলবাসী হতাশ"। যুগান্তর।
  31. ↑ "ড. রেজা কিবরিয়া: র‍্যাবকে নিষেধাজ্ঞা দেয়ায় আমেরিকার প্রতি 'প্লিজড' গণঅধিকার পরিষদের আহবায়ক"। বিবিসি। ২ ফেব্রুয়ারি ২০২২। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  32. ↑ "রেজা কিবরিয়ার তুমুল সমালোচনা করে যা বললেন আসিফ নজরুল"। চ্যানেল টুয়েন্টিফোর। ২০ জুন ২০২৩। ১৬ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৫।
  33. 1 2 "জিকে গউছকে নিয়ে 'বক্তব্য ঘুরালেন' রেজা কিবরিয়া"। হবিগঞ্জ২৪.কম। ২৭ সেপ্টেম্বর ২০২৪। ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  34. ↑ "রেজা কিবরিয়ার বক্তব্যের রহস্য জানালেন জিকে গউছ"। হবিগঞ্জ২৪.কম। ২৭ সেপ্টেম্বর ২০২৪। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  35. ↑ "ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে হবিগঞ্জে ঝাড়ু মিছিল"। ঢাকা প্রকাশ। ২৯ সেপ্টেম্বর ২০২৪। ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।
  36. ↑ সাগর, নাজমুল হাসান (২৩ সেপ্টেম্বর ২০২৫)। "রেজা কিবরিয়ার কাঁধে সওয়ার হতে চেয়েছিলেন এনায়েত"। দৈনিক কালবেলা।
  37. ↑ "ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না : রেজা কিবরিয়া"। বাংলানিউজ২৪.কম। ১৪ জানুয়ারি ২০২৬।
  38. ↑ "রেজা কিবরিয়ার সেই বিস্ফোরক মন্তব্যের জবাবে যা বললেন নুর"। যুগান্তর। ১৭ জানুয়ারি ২০২৬।
  39. ↑ "সাবেক এমপিদের 'অপদার্থ' বলায় রেজা কিবরিয়ার বিরুদ্ধে মানববন্ধন"। বাংলা ট্রিবিউন। ৯ ফেব্রুয়ারি ২০২৬।
  40. ↑ "কিবরিয়া হত্যাকাণ্ডের ১৯ বছর আজ"। ঢাকা পোস্ট। ২৭ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৫।
  41. ↑ "চলে গেলেন আসমা কিবরিয়া"। বিডিনিউজ২৪.কম। ৯ নভেম্বর ২০১৫। ২১ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৫।
  42. ↑ "Hundreds line up in spontaneous protest Agitation to continue, says Asma Kibria"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০০৫।
  43. ↑ "Qulkhwani of Saniya Haq Friday"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০১৮। ১৬ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৫।
  44. ↑ "বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ বিভাগীয় প্রধান হলেন নাজলী কিবরিয়া"। প্রথম আলো। ৯ মে ২০১৪। ২১ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৫।
  45. ↑ "'বিদ্রোহী'র চাপে বিএনপির রেজা কিবরিয়া, ভোটের মাঠে পাশে আছেন স্ত্রী"। প্রথম আলো। ৯ ফেব্রুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]