বিষয়বস্তুতে চলুন

রাজা রাও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজা রাও
জন্ম(১৯০৮-১১-০৮)৮ নভেম্বর ১৯০৮
হাসান, মহীশূর রাজ্য, ব্রিটিশ ভারত
(বর্তমান কর্ণাটক, ভারত)
মৃত্যু৮ জুলাই ২০০৬(2006-07-08) (বয়স ৯৭)
অস্টিন, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশালেখক, অধ্যাপক
ভাষাকন্নড়, ফরাসি, ইংরেজি
শিক্ষাপ্রতিষ্ঠানওসমানিয়া বিশ্ববিদ্যালয়
মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, মোঁপেলিয়ে বিশ্ববিদ্যালয়
সোরবোন
সময়কাল১৯৩৮–১৯৯৮
ধরনউপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ
উল্লেখযোগ্য রচনাকান্থাপুরা (১৯৩৮)
দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ (১৯৬০)
উল্লেখযোগ্য পুরস্কার
ওয়েবসাইট
therajaraoendowment.org

 সাহিত্য প্রবেশদ্বার

রাজা রাও (৮ নভেম্বর ১৯০৮ – ৮ জুলাই ২০০৬) ছিলেন একজন ভারতীয় মার্কিন লেখক। তিনি ইংরেজি ভাষায় উপন্যাস এবং ছোটগল্প লিখতেন। তার সাহিত্যকর্মের মূল ভিত্তি ছিল সত্তাতত্ত্ব। তার লেখা দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ (১৯৬০) একটি আত্মজীবনীমূলক উপন্যাস, যেখানে ইউরোপ ও ভারতে আধ্যাত্মিক সত্যের সন্ধানের কাহিনি তুলে ধরা হয়েছে। এই উপন্যাসটি তাকে ভারতীয় সাহিত্যের অন্যতম সেরা গদ্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে এবং ১৯৬৩ সালে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার অর্জন করেন।[১] তার সমগ্র সাহিত্যকর্মের জন্য, ১৯৮৮ সালে তিনি নিউস্ট্যাড আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার লাভ করেন। রাজা রাও বিভিন্ন ধরণের সাহিত্য রচনা করেছেন এবং তার সাহিত্যকর্ম ভারতীয় ইংরেজি সাহিত্য ও বিশ্বসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।[২]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রাজা রাও ১৯০৮ সালের ৮ নভেম্বর দেশীয় রাজ্য মহীশূরের হাসানে, (বর্তমানে কর্ণাটক, ভারত) একটি কন্নড় ভাষী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।[৩][৪] তিনি ছিলেন নয় ভাই-বোনের মধ্যে সর্বজ্যেষ্ঠ। তার সাতজন বোন ও একজন ভাই ছিল, যার নাম ছিল যোগেশ্বর আনন্দ। তার বাবা, এইচ.ভি. কৃষ্ণস্বামী, হায়দ্রাবাদের নিজাম কলেজে কন্নড় ভাষা ও গণিত পড়াতেন। তার মা, গৌরাম্মা, একজন গৃহিণী ছিলেন, কিন্তু রাজা রাও মাত্র চার বছর বয়সে মাকে হারান।[৪]

মাত্র চার বছর বয়সে মায়ের মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলে। মাতৃহীনতা ও অনাথত্ব তার লেখার একটি পুনরাবৃত্ত বিষয় হয়ে ওঠে। তার শৈশবের আরেকটি বড় প্রভাব ছিল তার দাদার কাছ থেকে, যার সঙ্গে তিনি হাসান ও হারিহল্লিতে (বা হারোহল্লি) থাকতেন।[তথ্যসূত্র প্রয়োজন]

রাও হায়দরাবাদের মাদারসা-ই-আলিয়া নামক একটি মুসলিম বিদ্যালয়ে শিক্ষালাভ করেন। ১৯২৭ সালে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করার পর, তিনি নিজাম কলেজ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানেই তার বন্ধুতা হয় লেখক আহমদ আলীর সঙ্গে। সে সময় তিনি ফরাসি ভাষা শেখা শুরু করেন। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও ইতিহাসে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর, ১৯২৯ সালে তিনি হায়দরাবাদ সরকারের এশিয়াটিক স্কলারশিপ অর্জন করেন বিদেশে উচ্চশিক্ষার জন্য।[তথ্যসূত্র প্রয়োজন]

রাও ফ্রান্সের মোঁপেলিয়ে বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে ফরাসি ভাষা ও সাহিত্য অধ্যয়ন করেন। পরে সোরবোনে, তিনি আইরিশ সাহিত্যে ভারতীয় প্রভাব নিয়ে গবেষণা করেন। ১৯৩১ সালে, তিনি ক্যামিল মৌলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যিনি মঁপেলিয়েতে ফরাসি ভাষা পড়াতেন। তবে এই বিয়ে ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী ছিল। পরে তিনি তার উপন্যাস দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ-এ তাদের বিবাহবিচ্ছেদের কাহিনি তুলে ধরেন। রাও প্রথমে ফরাসি ও ইংরেজি ভাষায় গল্প লেখা শুরু করেন। ১৯৩১-৩২ সালে, তিনি জয়া কর্ণাটক নামক একটি প্রভাবশালী পত্রিকায় কন্নড় ভাষায় চারটি প্রবন্ধ প্রকাশ করেন।[৫]

জাতীয়তাবাদী ঔপন্যাসিক

[সম্পাদনা]

১৯৩৯ সালে ভারতে ফিরে আসার পর, রাজা রাও ইকবাল সিং-এর সঙ্গে যৌথভাবে চেঞ্জিং ইন্ডিয়া সম্পাদনা করেন। এটি ছিল রামমোহন রায় থেকে জওহরলাল নেহেরু পর্যন্ত আধুনিক ভারতীয় চিন্তাধারার একটি সংকলন। তিনি ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৪৩-১৯৪৪ সালে, তিনি বোম্বে থেকে আহমদ আলীর সঙ্গে টুমরো নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। তিনি শ্রী বিদ্যা সমিতি নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সংগঠন প্রাচীন ভারতীয় সভ্যতার মূল্যবোধ পুনর্জাগরণের উদ্দেশ্যে কাজ করত।[তথ্যসূত্র প্রয়োজন]

রাজা রাও-এর জাতীয়তাবাদী চিন্তাধারা তার প্রথম দুটি বইতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তার প্রথম উপন্যাস কাঁথাপুরা (১৯৩৮) ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের প্রভাবের একটি বিবরণ। এই উপন্যাসে তিনি ভারতীয় লোককথা ও মহাকাব্যের শৈলী এবং গঠন অনুসরণ করেছেন। গান্ধীবাদী ভাবনা তিনি আবার উপস্থাপন করেন তার ছোটগল্প সংকলন দ্য কাউ অব দ্যা ব্যারিকেডস্ (১৯৪৭)-এ। দীর্ঘ নীরবতার পর, ১৯৬০ সালে প্রকাশিত দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ ভারতীয় ও পাশ্চাত্য সংস্কৃতির পারস্পরিক সম্পর্ককে নাট্যরূপ দেয়। এই উপন্যাসের শিরোনামে "সাপ" বিভ্রমের প্রতীক, আর "দড়ি" বাস্তবতার প্রতীক।[৬] ১৯৬৫ সালে প্রকাশিত ক্যাট অ্যান্ড শেকসপিয়ার ছিল একটি অধিবিদ্যামূলক হাস্যরসাত্মক উপন্যাস, যা তার আগের উপন্যাসগুলোর দার্শনিক প্রশ্নগুলোর উত্তর খোঁজে। রাজা রাও নারীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি একবার বলেছিলেন, "নারীই পৃথিবী, বায়ু, আকাশ, শব্দ—নারীই মানসের ক্ষুদ্র বিশ্ব।"[৭]

জীবনের শেষ বছরগুলো

[সম্পাদনা]

রাও যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন এবং ১৯৬৬ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে দর্শনের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৬ সালে তিনি এমেরিটাস অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি যে বিষয়গুলো পড়াতেন তার মধ্যে ছিল: মার্কসবাদ থেকে গান্ধীবাদ, মহাযান বৌদ্ধধর্ম, ভারতীয় দর্শন: উপনিষদ, ভারতীয় দর্শন: পুরুষ ও নারীর নীতিশাস্ত্রগত ভিত্তি, এবং রেজ়রস এজ।[৮]

১৯৬৫ সালে তিনি আমেরিকান মঞ্চ অভিনেত্রী ক্যাথরিন জোন্সকে বিয়ে করেন। তাদের একমাত্র ছেলে, ক্রিস্টোফার রামা। ১৯৮৬ সালে ক্যাথরিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, রাও তার তৃতীয় স্ত্রী সুসান ভটকে বিয়ে করেন। ১৯৭০-এর দশকে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের পরিচয় হয়েছিল। ১৯৮৮ সালে তিনি মর্যাদাপূর্ণ নিউস্তাত আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৯৮ সালে তিনি মহাত্মা গান্ধীর জীবনভিত্তিক গ্রন্থ গ্রেট ইন্ডিয়ান ওয়ে: মহাত্মা গান্ধীর জীবনী প্রকাশ করেন।

৮ জুলাই ২০০৬ সালে, ৯৭ বছর বয়সে, তিনি টেক্সাসের অস্টিনে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।[৪][৯][১০]

রাজা রাও সাহিত্য পুরস্কার

[সম্পাদনা]

'রাজা রাও সাহিত্য পুরস্কার' রাও-এর সম্মানে এবং তার অনুমতিতে ২০০০ সালে প্রবর্তিত হয়। এই পুরস্কার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল "দক্ষিণ এশীয় প্রবাসীদের সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখা লেখক ও গবেষকদের স্বীকৃতি প্রদান করা।"[১১][১২] এই পুরস্কার পরিচালনা করত 'সম্বাদ ইন্ডিয়া ফাউন্ডেশন' নামে একটি অলাভজনক সংস্থা। এই সংস্থার নাম সংস্কৃত শব্দ 'সম্বাদ' (সংলাপ) থেকে নেওয়া হয়েছে। এটি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে্য অধ্যাপক মকরন্দ পরাঞ্জপে প্রতিষ্ঠা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল পুরস্কার প্রদান এবং ভারত ও দক্ষিণ এশীয় প্রবাসীদের শিক্ষার প্রসার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা।[১১] পুরস্কারের সাথে কোনো আর্থিক সম্মানী সংযুক্ত ছিল না।[১১] এটি ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে মোট সাতবার প্রদান করা হয়েছিল।

প্রথমবার এই পুরস্কার লাভ করেন মালয়েশিয়ার লেখক কে. এস. মানিয়াম। তিনি ২০০০ সালে এই স্বীকৃতি পান।[১৩][১৪] পরবর্তী বিজয়ীদের মধ্যে ছিলেন: শ্রীলঙ্কার ইয়াসমিন গুনারাতনে[১৫][১৬], সিঙ্গাপুরের এডউইন থাম্বু[১৭][১৮][১৯], কানাডার হার্ষা ভি. দেহেজিয়া[১১][২০], গায়ানার ডেভিড ডাবিডিন[২১][২২], যুক্তরাষ্ট্রের ভারদারাজা ভি. রামান[২৩][২৪][২৫], ফিজির বিজয় মিশ্রা[২৬][২৭] ২০০৯ সালে, পুরস্কার নির্বাচনের চূড়ান্ত জুরির চেয়ারপার্সন মীনাক্ষী মুখোপাধ্যায় মারা যান। সেই বছরেই পুরস্কার প্রদান বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে আর দেওয়া হয়নি।[২৭]

পুরস্কার বিজয়ী নির্বাচনকারী বিচারকদের মধ্যে ছিলেন: মীনাক্ষী মুখোপাধ্যায় (চেয়ারপার্সন)[২৮], ব্রজ কচরু[১৬], ভিক্টর রামরাজ[২৮][২৯], মকরন্দ পরাঞ্জপে[২৮]

কাঁথাপুরা

[সম্পাদনা]

রাজা রাও-এর প্রথম এবং সর্বাধিক পরিচিত উপন্যাস কাঁথাপুরা (১৯৩৮) দক্ষিণ ভারতের একটি গ্রাম, কাঁথাপুরার গল্প। উপন্যাসটি এক বৃদ্ধা গ্রামবাসী, আচাক্কার বর্ণনায় স্থল পুরাণ আকারে রচিত হয়েছে। গ্রামে ব্রাহ্মণদের মতো উচ্চ বর্ণের লোকেরা সেরা অঞ্চলে বসবাসের সুযোগ পায়, আর পারিাহদের মতো নিম্ন বর্ণের লোকেরা প্রান্তিক অবস্থায় থাকে। তবে এই শ্রেণি বৈষম্যের মধ্যেও, গ্রামটি দীর্ঘদিন ধরে পালন করে আসা উৎসবের ঐতিহ্য ধরে রেখেছে, যেখানে সব জাতির মানুষ একসঙ্গে অংশগ্রহণ করে। গ্রামের মানুষের বিশ্বাস, স্থানীয় দেবী কেনচাম্মা তাদের রক্ষা করেন।

উপন্যাসের প্রধান চরিত্র মূর্তি, একজন তরুণ ব্রাহ্মণ, যে শহরে পড়াশোনা করতে যায়। সেখানে সে গান্ধীবাদী দর্শনের সাথে পরিচিত হয়। মূর্তি গান্ধীর আদর্শ অনুসরণ করতে শুরু করে—দেশি খাদির কাপড় পরে, বিদেশি পোশাক বর্জন করে এবং জাতিভেদের বিরুদ্ধে কথা বলে। তার এই পরিবর্তনে গ্রামের পুরোহিত তার বিরুদ্ধে চলে যায় এবং তাকে সমাজচ্যুত করে। এই খবর শুনে মূর্তির মা, নারাসাম্মা, গভীর কষ্টে মারা যান। এরপর মূর্তি শিক্ষিত বিধবা রঙ্গম্মার সাথে থাকতে শুরু করে, যে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ছিল।

এরপর ব্রাহ্মণ কেরানিরা মূর্তিকে স্কেফিংটন কফি এস্টেটে নিম্নবর্ণের কুলিদের মধ্যে গান্ধীবাদী মতবাদ প্রচারের জন্য আমন্ত্রণ জানায়। সেখানে গেলে পুলিশ কর্মকর্তা বাদে খান মূর্তিকে মারধর করে, কিন্তু শ্রমিকরা তার পক্ষ নিয়ে বাদে খানকে আঘাত করে। এর ফলে শ্রমিকদের এস্টেট থেকে বের করে দেওয়া হয়। মূর্তি অন্যায় ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় এবং গান্ধীর ঘনিষ্ঠ সমর্থক হয়ে ওঠে। যদিও এস্টেটে ঘটে যাওয়া সহিংসতায় সে মানসিকভাবে ভেঙে পড়ে, তবে সে এর দায় নিজের কাঁধে নিয়ে তিনদিনের উপবাস করে এবং নৈতিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে। এরপর কান্তহপুরায় স্বাধীনতা কমিটির একটি শাখা গঠিত হয় এবং মূর্তির নেতৃত্বে কমিটির সদস্যরা গান্ধীর আদর্শ অনুসরণের শপথ নেয়।

ব্রিটিশ সরকার মূর্তির বিরুদ্ধে জনগণকে সহিংসতার জন্য উসকে দেওয়ার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করে। কমিটি তার জামিনের টাকা দিতে চাইলেও মূর্তি তা প্রত্যাখ্যান করে। পরবর্তী তিন মাস সে কারাগারে কাটায়। এ সময় কান্তহপুরার নারীরা রঙ্গম্মার নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করে। রঙ্গম্মা ভারতীয় ইতিহাসের বিখ্যাত নারীদের গল্প শুনিয়ে গ্রামবাসী নারীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে। পুলিশ গ্রামে হামলা চালিয়ে তাদের ওপর অকথ্য নির্যাতন চালায়, এমনকি ধর্ষণের ঘটনাও ঘটে। গ্রাম পুড়িয়ে দেওয়া হয়। মূর্তি যখন জেল থেকে মুক্তি পায়, তখন সে দেখে তার গ্রাম আগের মতো নেই। গ্রামের অধিকাংশ জমি বিক্রি হয়ে গেছে এবং শহরের ধনী লোকেরা সেগুলো কিনে নিয়েছে। এই পরিবর্তন দেখে মূর্তির গান্ধীবাদী আদর্শে বিশ্বাস নড়বড়ে হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে গ্রামটি আর কখনো আগের মতো হবে না।

গ্রন্থসমূহ

[সম্পাদনা]
কল্পকাহিনি
উপন্যাস
কল্পকাহিনি
ছোটগল্প সংকলন
  • দ্য কাউ অব দ্য ব্যারিকেডস (১৯৪৭)
  • দ্য পুলিশম্যান অ্যান্ড দ্য রোজ (১৯৭৮)
  • অন দ্য গঙ্গা ঘাট (১৯৮৯), ওরিয়েন্ট পেপারব্যাকস (ভিশন বুকস) আইএসবিএন ৯৭৮-৮১-৭০৯৪০৫-০-০
গদ্য
প্রবন্ধ ও জীবনী
  • চেঞ্জিং ইন্ডিয়া: অ্যান অ্যান্থোলজি (১৯৩৯)
  • টুমরো (১৯৪৩–৪৪)
  • হুইদার ইন্ডিয়া? (১৯৪৮)
  • দ্য মিনিং অব ইন্ডিয়া, প্রবন্ধ (১৯৯৬), পেঙ্গুইন বুক্‌স
  • দ্য গ্রেট ইন্ডিয়ান ওয়ে: অ্যা লাইফ অব মহাত্মা গান্ধী, জীবনী (১৯৯৮), ওরিয়েন্ট পেপারব্যাকস আইএসবিএন ৯৭৮-৮১-৭০৯৪৩০-৮-২
সংকলন

পুরস্কারসমূহ

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Raja Rao: Biographical Information"। therajaraoendowment.org।
  2. ↑ "টেক্সাস বিশ্ববিদ্যালয় রাজা রাওয়ের আর্কাইভ সংগ্রহ করেছে"। The Hindu। ১৬ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৬।
  3. ↑ "Success stories of a few Indians in America"। India Today। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪।
  4. 1 2 3 Alterno, Letizia (১৭ জুলাই ২০০৬)। "Raja Rao: An Indian writer using mysticism to explore the spiritual unity of cast and west"। The Guardian। London। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৭। Born in Hassan, Mysore (now Karnataka), the Kannada Brahmin proudly belonged to ....
  5. ↑ "Interview with Novelist Hassan K Raja Rao by Prof C D Narasimhaiah (From the Archival of AIR Mysuru) - YouTube"। YouTube। ১১ জুলাই ২০২১।
  6. ↑ Ahmed Ali, "Illusion and Reality": The Art and Philosophy of Raja Rao, Journal of Commonwealth Literature, Leeds, July 1968, No.5.
  7. ↑ "Editing Raja Rao"। The Hindu। ২৯ জুলাই ২০০৬। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৬।
  8. ↑ Prasad, Sanjiv Nandan (২০১৯)। "Raja Rao: Kanthapura"। Contemporary Indian Writing in English (পিডিএফ)। New Delhi: VIKAS Publishing House; Venkateshwara Open University। পৃ. ১৫৮–১৫৯। ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  9. ↑ "Noted author Raja Rao passes away"। The Indian Express। ১১ আগস্ট ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০০৬।
  10. ↑ "Raja Rao passes away"। The Hindu। Chennai, India। ৯ জুলাই ২০০৬। ১৭ জুলাই ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০০৬।
  11. 1 2 3 4 "Preserving a culture under attack," The Ottawa Citizen, Ottawa, Canada, 4 Oct. 2003, P. C3.
  12. ↑ Shalini Dube, Indian diasporic literature: text, context and interpretation, Shree Publishers & Distributors, 2009 p. 114.
  13. ↑ Singh, Khushwant (২৮ অক্টোবর ২০০০)। "The Indo-Malaysian connection"। Tribune of India।
  14. ↑ "Raja Rao Annual Award 2000"। Samvad India Foundation। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. ↑ Nicholas Birns, Rebecca McNeer, A Companion to Australian Literature Since 1900, 2007, page 107.
  16. 1 2 "Raja Rao Annual Award 2001"। Samvad India Foundation। ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
  17. ↑ Jonathan Webster, Understanding Verbal Art: A Functional Linguistic Approach, Springer, 2014, page 125.
  18. ↑ Mallya, Vinutha (২৩ ডিসেম্বর ২০১৮)। "Country Poet"। Pune Mirror। ১৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৫।
  19. ↑ "Raja Rao Annual Award 2002"। Samvad India Foundation। ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
  20. ↑ "Raja Rao Annual Award 2003"। Samvad India Foundation। ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
  21. ↑ Brian Shaffer, editor, The Encyclopedia of Twentieth-Century Fiction, 2011, page 1035.
  22. ↑ "Raja Rao Annual Award 2004"। Samvad India Foundation। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  23. ↑ Makarand Paranjape, Science and Spirituality in Modern India, Samvad India Foundation, in association with Centre for Indic Studies, University of Massachusetts at Dartmouth, 2006, page xiii.
  24. ↑ Gawlowicz, Susan (১০ এপ্রিল ২০১২)। "RIT Lecture Addresses Science and Religion in Today's World"। Rochester Institute of Technology।
  25. ↑ "Raja Rao Annual Award 2006"। Samvad India Foundation। ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
  26. ↑ "Raja Rao Annual Award 2008"। Samvad India। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  27. 1 2 Ulagam, Astro (২৮ এপ্রিল ২০১৯)। "KS Maniam: Malaysia's soil is so accommodative to us; why can't we be the same to each other?"। Astro Awani। ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৫।
  28. 1 2 3 "Jury for the Award"। Samvad India Foundation। ২০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
  29. ↑ McCallum, Pamela (জুলাই ২০১৪)। "In Memoriam: Victor J. Ramraj"। ARIEL: A Review of International English Literature। ৪৫ (3): ১–২। ডিওআই:10.1353/ari.2014.0020। এস২সিআইডি 162783150।
  30. ↑ "Padma Awards" (পিডিএফ)। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫।

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]