বিষয়বস্তুতে চলুন

রমেন্দ্রনাথ চক্রবর্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রমেন্দ্রনাথ চক্রবর্তী
জন্ম(১৯০২-১০-২৫)২৫ অক্টোবর ১৯০২
চাঁদেরচক আগরতলা, ত্রিপুরা, ব্রিটিশ ভারত (বর্তমানে ত্রিপুরা ভারত)
মৃত্যু৬ জুলাই ১৯৫৫(1955-07-06) (বয়স ৫২)
জাতীয়তাভারতীয়
শিক্ষাগভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফট, কলকাতা
কলা ভবন (শান্তিনিকেতন)
পরিচিতির কারণচিত্রাঙ্কন

রমেন্দ্রনাথ চক্রবর্তী ( ২৫ অক্টোবর ১৯০২ - ৬ জুলাই ১৯৫৫ ) [] ছিলেন একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী এবং দক্ষ চিত্রলৈখিক নকশা প্রণেতা[][] এছাড়াও, ভারতীয় শিল্প ঐতিহ্যের সাথে পাশ্চাত্য শিল্পরীতির ধারার মিশেল ঘটান তিনি। []

জীবনী

[সম্পাদনা]

রমেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম ১৯০২ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর ব্রিটিশ ভারতের ত্রিপুরার চাঁদেরচক গ্রামে। পিতা শীতলচন্দ্র বিদ্যানিধি ছিলেন আগরতলার উমাকান্ত উচ্চ বিদ্যালয় অধুনা উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষক। ম্যাট্রিকুলেশন পাশের পর ১৯১৯ খ্রিস্টাব্দে রমেন্দ্রনাথ কলকাতার তৎকালীন গভর্নমেন্ট আর্ট স্কুলে ভর্তি হন। কিন্তু ১৯২১ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে নব প্রতিষ্ঠিত কলা ভবনে যোগদানের জন্য তা ত্যাগ করেন। শান্তিনিকেতনে তিনি নন্দলালের ছাত্র হবার সুযোগ লাভ করেন। সহপাঠী হিসাবে পান রামকিঙ্কর বেইজ, বিনোদ বিহারী মুখোপাধ্যায় প্রমুখকে।[] প্রথমদিকে রমেন্দ্রনাথ পৌরাণিক বিষয়ে ছবি আঁকতেন পরে ১৯২২ খ্রিস্টাব্দে ফরাসি মহিলা শিল্পী আন্দ্রে কার্পেলে শান্তিনিকেতনে এলে রমেন্দ্রনাথ তাঁর কাছ থেকে কাঠে চিত্র খোদাই-এর কাজে পারদর্শিতা অর্জন করেন। উডকাট, রঙিন উড-কাট, লিনোকাট, ড্রাইপয়েন্ট, উড-এনগ্রেভিং ইত্যাদির কৌশলগত বিদ্যায় ভারতীয় শিল্পে রমেন্দ্রনাথ ছিলেন পথিকৃৎ। দৃশ্যপট অঙ্কনেও ছিলেন সিদ্ধহস্ত। ১৯২৬ খ্রিস্টাব্দে কলা ভবন হতে রমেন্দ্রনাথ স্নাতক ডিগ্রি অর্জনের পর প্রথমে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের অন্ধ্র জাতীয় আর্ট গ্যালারির কলাশালায় শিল্প-শিক্ষকতার পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯২৮ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ফিরে আসেন এবং কলা ভবনে যোগ দেন। তবে পরের বছরই ১৯২৯ খ্রিস্টাব্দে গভর্নমেন্ট আর্ট স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন।[] ১৯৪৩-৪৬ খ্রিস্টাব্দে, রমেন্দ্রনাথ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন সময়ে চিত্রলৈখিক নকশা প্রণয়নে গ্রাফিক্স বিভাগ প্রতিষ্ঠা করেন।[][] ১৯৩৭ খ্রিস্টাব্দে ইউরোপ ভ্রমণে গেলে লন্ডন, প্যারিসহল্যান্ডে তার চিত্র প্রদর্শনীর ব্যবস্থা হয়।[] তিনি লন্ডনের বিখ্যাত শ্লেভ স্কুল অফ আর্টে (অধুনা স্কুল অফ আর্ট, আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন) পাশ্চাত্য রীতির শিল্প সম্পর্কে অবহিত হন এবং এরিক গিলের অধীনে কাঠের খোদাইয়ের উপর প্রশিক্ষণ নেন শিক্ষা নেন। [] ফলে তার শিল্পকর্মে আস্তে আস্তে দেশীয় ঐতিহ্যের সাথে পাশ্চাত্য শিল্পরীতির প্রভাব তথা মিশেল লক্ষিত হয়। আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে ভারতীয় শাখার ব্যবস্থাপনার জন্য ভারত সরকার তাঁকে ১৯৪৬ খ্রিস্টাব্দে প্যারিসে ও ১৯৫২ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান। ১৯৪৬ খ্রিস্টাব্দের তিনি দিল্লির পলিটেকনিক প্রতিষ্ঠানের শিল্প বিভাগের প্রধান হন এবং কিছুদিন ভারত সরকারের গ্রন্থন বিভাগেও কাজ করেন। ১৯৪৮ খ্রিস্টাব্দে তিনি কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলের অধ্যক্ষ নিযুক্ত হন এবং তার সময়েই আর্ট স্কুলটি পুরোদস্তুর কলেজে পরিণত হয়। []

শিল্পকর্মের নিদর্শন

[সম্পাদনা]

রমেন্দ্রনাথ চক্রবর্তীর আঁকা রবীন্দ্রনাথের তৈলচিত্র চিনের ন্যাশনাল সেন্ট্রাল লাইব্রেরিতে স্থান করে নেয়। নানা দৃশ্যপট ছাড়াও প্রতিকৃতি এঁকেছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, যামিনী রায় প্রমুখের। [] ১৯৪৪ খ্রিস্টাব্দে তাঁর লন্ডনের প্রদর্শনীতে প্রকাশিত " স্কেচেস অফ ইউরোপ বিফোর দ্য ওয়ার" (Sketches of Europe before the War) সংকলনের বেশিরভাগ শিল্পকর্ম আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী সংগ্রহে সংরক্ষিত আছে।[] শান্তিনিকেতনের পরিমণ্ডলে তাঁর আঁকা অন্যান্য ছবির মধ্যে রয়েছে-

  • গ্রীষ্মাবকাশ
  • আম্রকুঞ্জ
  • তালধ্বজ
  • পিয়ার্সন সাহেবের ক্লাশ ইত্যাদি।[]

১৯৫৫ খ্রিস্টাব্দের ৬ জুলাই রমেন্দ্রনাথ ৫৩ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন। প্রয়াণকালে তিনি গভর্নমেন্ট আর্ট কলেজে কর্মরত ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৬৩০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. 1 2 3 4 "Ramendranath Chakraborty"। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫
  3. 1 2 "Ramendranath Chakravorty"। ২৬ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫
  4. 1 2 3 4 "দেশীয় ঐতিহ্যের সঙ্গে মিলিয়েছিলেন পাশ্চাত্য ধারা : শান্তিনিকেতনের এক বিস্মৃত শিল্পী রমেন্দ্রনাথ চক্রবর্তী"। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৫