রবার্ট মুসিল
এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই নিবন্ধ বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ৪৫ দিন আগে Sàádî (আলাপ | অবদান) এই নিবন্ধটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
রবার্ট মুসিল | |
|---|---|
| জন্ম | রবার্ট মাথিয়াস মুসিল ৬ নভেম্বর ১৮৮০ ক্লাগেনফুর্ট, অস্ট্রিয়া-হাঙ্গেরি |
| মৃত্যু | ১৫ এপ্রিল ১৯৪২ (বয়স ৬১) জেনেভা, সুইজারল্যান্ড |
| পেশা | ঔপন্যাসিক, ছোটগল্প লেখক, নাট্যকার |
| শিক্ষা | ব্রুন/ব্রনোর জার্মান কারিগরি বিশ্ববিদ্যালয় হুমবোল্ট বিশ্ববিদ্যালয়, বার্লিন |
| সময়কাল | ১৯০৫–১৯৪২ |
| সাহিত্য আন্দোলন | আধুনিকতা |
| উল্লেখযোগ্য রচনা | দ্য কনফিউশনস অফ ইয়াং টোরলেস দ্য ম্যান উইদাউট কোয়ালিটিজ |
| স্বাক্ষর | |
রবার্ট মুসিল (৬ নভেম্বর ১৮৮০ – ১৫ এপ্রিল ১৯৪২) একজন অস্ট্রীয় দার্শনিক ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং নাট্যকার। তার পুরো নাম রবার্ট ম্যাথিয়াস মুসিল। তাঁর প্রথম উপন্যাস তরুণ টরলেসের বিভ্রান্তি (জার্মান: Die Verwirrungen des Zöglings Törleß) ১৯০৬ সালে প্রকাশিত হয়। তার অসমাপ্ত উপন্যাস, গুণহীন মানুষ (জার্মান: Der Mann ohne Eigenschaften) সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী আধুনিকতাবাদী উপন্যাসগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়।
তিনি বিরল প্রতিভার মানুষ ছিলেনঃ তিনি একাধারে প্রকৌশলী, গণিতবিদ, দার্শনিক এবং সাহিত্যিক ছিলেন। তার সাহিত্য সাধারণ গল্প-উপন্যাস নয়, বরং তা ছিল আক্ষরিক অর্থেই "উপন্যাসের মোড়কে দর্শনচর্চা"। বিজ্ঞানের যুক্তি এবং সাহিত্যের মানবিক আবেগকে তিনি যেভাবে মিলিয়েছেন, তা বিশ্বসাহিত্যে অনন্যসাধারণ।
তিনি বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও মনোবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার মূল বিষয় ছিল বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও দার্শনিক আর্নস্ট মাখ (Ernst Mach)-এর দর্শন। প্রাতিষ্ঠানিক দর্শনে চমৎকার ক্যারিয়ার গড়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি শিক্ষায়তন পরিত্যাগ করেন। তিনি বিশ্বাস ছিল, স্বীয় গভীর দার্শনিক ভাবনাগুলো প্রকাশ করার জন্য সাধারণ প্রবন্ধের চেয়ে উপন্যাস বা কথাসাহিত্য অনেক বেশি শক্তিশালী মাধ্যম। তার লেখা দ্য ম্যান উইদাউট কোয়ালিটিজ বিশ্বসাহিত্যের একটি মাস্টারপিস হিসেবে পরিগণিত।
জীবদ্দশায় চরম অর্থকষ্টে ভুগলেও জার্মানী ও অস্ট্রিয়ার সাহিত্যিক মহলে তিনি অতিশয় সম্মানিত ছিলেন এবং বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছিলেন। তাকে মার্সেল প্রুস্ত বা জেমস জয়েসের সমকক্ষ বিংশ শতাব্দীর অন্যতম সেরা আধুনিকতাবাদী বা মডার্নিস্ট লেখক হিসেবে গণ্য করা হয়।
দার্শনিক দিগদর্শন
[সম্পাদনা]মুসিলের দর্শনের সবচেয়ে আকর্ষণীয় ধারণাকে বলা হয় "দ্য সেন্স অব পসিবিলিটি"। তিনি মনে করতেন, সাধারণ মানুষ শুধু তা-ই দেখে যা বাস্তবে ঘটছে (The Sense of Reality)। কিন্তু একজন প্রকৃত চিন্তাবিদ বা দার্শনিককে দেখতে হবে যা "হতে পারত" বা যা "ঘটা সম্ভব"। তাঁর মতে, বাস্তব পৃথিবীটা যেমন আছে, তা কোনো পরম সত্য নয়। একে চাইলেই পরিবর্তন করা যায় এবং মানুষের চিন্তার সীমানা নির্দিষ্ট কোনো গণ্ডিতে আটকে থাকা উচিত নয়।এই দর্শন মানুষকে কট্টরপন্থী বা অন্ধবিশ্বাসী হওয়া থেকে বিরত রাখে এবং চারপাশের জগতকে একটি উন্মুক্ত গবেষণাগার হিসেবে দেখতে শেখায়।
তার সাহিত্যচর্চার মূল অভিলক্ষ্য ছিল মানুষের মনস্তত্ত্ব এবং সমাজের নৈতিক অবক্ষয়কে ব্যবচ্ছেদ করা। উপন্যাসের একটি নতুন রূপবন্ধ নির্মাণ করেছিলেন মুসিল। এক এসেইস্টিক নভেল" (Essayistic Novel) বলে অভিহিত করা হয়ে থাকে। তার উপন্যাসের চরিত্ররা কেবল গল্প এগিয়ে নিয়ে যায় না, বরং তারা দীর্ঘ সংলাপে বা নিজস্ব ভাবনায় জীবন, সমাজ, প্রেম, বিজ্ঞান এবং ঈশ্বর নিয়ে গভীর দার্শনিক প্রবন্ধের মতো যুক্তি-তর্ক উপস্থাপন করে। গল্পের কাহিনীর চেয়ে চরিত্রেসমূহের "ভাবনা প্রক্রিয়া" মুসিলের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।
পেশায় প্রকৌশলী হওয়ার কারণে গদ্যশৈলী ছিল অত্যন্ত নিখুঁত, তীক্ষ্ম এবং বৈজ্ঞানিক। একই সঙ্গে তিনি মানুষের ভেতরের "মরমী চেতনা" (Mysticism) নিয়ে গভীরভাবে ভাবতেন। তিনি একে বলতেন "অন্য অবস্থা" (The Other Condition)। তিনি বলতেন, মানুষ যখন গভীর প্রেমে পড়ে অথবা কোনো মহান শিল্পের মুখোমুখি হয়, তখন সে যুক্তির বাইরের এক পরম আনন্দ বা অনুভূতির জগতে প্রবেশ করে। বিজ্ঞান দিয়ে এই অবস্থাকে পুরোপুরি পরিমাপ করা চলে না। কিন্তু জীবনের সার্বিক পরিপূর্ণতার জন্য এই তীব্র আনন্দানুভূতিটির প্রয়োজন রয়েছে। তিনি দেখিয়েছেন অতি-যান্ত্রিকতা এবং আমলাতান্ত্রিক জটিলতা কীভাবে মানুষের নিজস্ব সত্ত্বাকে ধুয়ে-মুছে সাফ করে দেয়। তার প্রধান চরিত্র 'উলরিখ' যেমন কোনো নির্দিষ্ট পরিচয়ে নিজেকে বাঁধতে চায়নি, আজকের বিশ্বেও মানুষ তেমনি নিজের একক পরিচয় বা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে।
প্রকাশনা
[সম্পাদনা]উপন্যাস ও গল্প
[সম্পাদনা]- দ্য কনফিউশন্স অব ইয়াং টরলেস, (১৯০৬)
- ইউনিয়নস, (১৯১১)
- থ্রি উইমেন, (১৯২৪)
- ম্যান উইদাউট কোয়ালিটিজ (১৯৩০, ১৯৩২-৩৩)
- পোস্টহিউমাস পেপারস অব আ লিভিং অথর (১৯৩৬)
নাটক ও প্রবন্ধ
[সম্পাদনা]- দ্য এনথুসিয়াস্টস (১৯২১)
- ভিনচেনৎস অ্যান্ড দ্য গার্লফ্রেন্ড অব ইম্পর্ট্যান্ট মেন (১৯২৩)
- প্রিসিশন অ্যান্ড সোল
সম্মাননা ও পুরস্কার
[সম্পাদনা]মুসল বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছিলেন:
- ক্লাইস্ট প্রাইজ (Kleist Prize - 1923): তৎকালীন জার্মান ভাষার সাহিত্যের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি তিনি লাভ করেন তাঁর 'দ্য এনথুসিয়াস্টস' নাটকের জন্য।
- আর্ট প্রাইজ অব দ্য সিটি অব ভিয়েনা (Art Prize of the City of Vienna - 1924): সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তার নিজের শহর ভিয়েনা থেকে এই পুরস্কার দেওয়া হয়।
- গেরহার্ট হাউপ্টমান অ্যাওয়ার্ড (Gerhart Hauptmann Award - 1929): নাট্যকার ও লেখক হিসেবে তার কৃতিত্বের জন্য এই পুরস্কার লাভ করেন।
- নোবেল পুরস্কারের জন্য মনোনয়ঃ তিনি আনুষ্ঠানিকভাবে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। যদিও তিনি এই পুরস্কারটি শেষ পর্যন্ত পাননি, তবে এই মনোনয়নই বিশ্বসাহিত্যে তার গভীর প্রভাবের প্রমাণ দেয়।
- সামরিক মেডেল (প্রথম বিশ্বযুদ্ধ): লেখক জীবনের বাইরে, প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়ান সেনাবাহিনীতে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি 'নাইটস ক্রস' (Knight's Cross)-সহ বেশ কয়েকটি উচ্চ সামরিক পদক ও সম্মাননা লাভ করেছিলেন।
মৃত্যু
[সম্পাদনা]মুসিল তার জীবনের শেষ কুড়ি বছর ধরে হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন, কিন্তু একে শেষ করতে পারেননি। ১৯৪২ সালে সুইজারল্যান্ডে নির্বাসিত ও হতদরিদ্র অবস্থায় স্ট্রোক করে তিনি মারা যান। এ সময় তিনি টেবিলে বসে লিখছিলেন। তার হাতে কলম ধরা অবস্থায় ছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]https://www.ebsco.com/research-starters/history/robert-musil https://en.wikipedia.org/wiki/Robert_Musil https://www.enotes.com/topics/robert-musil https://books.google.com/books/about/Understanding_Robert_Musil.html?id=e7QdTuwWlVgC https://www.penguinrandomhouse.com/authors/21685/robert-musil/ https://academic.oup.com/book/63024 https://encyclopedia.1914-1918-online.net/article/musil-