বিষয়বস্তুতে চলুন

যানান্তরীকরণ (পরিবহন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিঙ্গাপুর বন্দর বর্তমানে বিশ্বের বৃহত্তম যানান্তরীকরণ বন্দর। []

মালামাল পরিবহনের আলোচনায় যানান্তরীকরণ বা যান পরিবর্তন বলতে কোনও প্রেরিত পণ্য বা মালকে একটি অন্তর্বর্তী গন্তব্যস্থল পর্যন্ত পরিবহন করার পর সেখানে মালবাহী যান পরিবর্তন করে তারপরে সেটিকে অন্তিম গন্তব্যস্থলে প্রেরণ করাকে বোঝায়।

যানান্তরীকরণের একটি সম্ভাব্য কারণ হল যাত্রাপথে পরিবহনের মাধ্যম পরিবর্তন (যেমন, জাহাজে করে জলপথে পরিবহনের পরিবর্তে স্থলপথে তথা সড়কপথে পরিবহন)। এর আরেকটি কারণ হল ছোট চালানগুলিকে একটি বৃহৎ চালানে একত্রিত করা (চালান একত্রীকরণ) , অথবা এর বিপরীত: একটি বৃহৎ চালানকে ছোট ছোট চালানে ভাগ করা (চালান বি-একত্রীকরণ)। যানান্তরীকরণ সাধারণত পরিবহন কেন্দ্রগুলিতে সম্পাদিত হয়। অনেক আন্তর্জাতিক যানান্তরীকরণ নির্ধারিত শুল্ক নিয়ন্ত্রণ এলাকাতেও ঘটতে পারে, ফলে শুল্ক নিয়ন্ত্রণের প্রয়োজন এড়ানো যায়। অন্যথায় এগুলি দক্ষ পরিবহনের জন্য একটি বড় বাধা হতে পারে।

তবে মাল প্রেরণকারীর দৃষ্টিকোণ থেকে একক যাত্রার মাধ্যমে প্রেরিত হিসেবে গণ্য কোনও মালকে সাধারণত যানান্তরিত বলে মনে করা হয় না, এমনকি যদি মালটিকে একাধিক স্থানে এক পরিবহন মাধ্যম থেকে অন্য পরিবহন মাধ্যমে স্থানান্তরিত করা হয়। অতীতে যানান্তরীকরণকে প্রায়শই পরিবহনের মাধ্যম পরিবর্তন থেকে স্বতন্ত্র হিসেবে গণ্য করা হত না, কারণ এই ধরনের যাত্রার প্রতিটি ধাপ সাধারণত ভিন্ন ভিন্ন মালপ্রেরক দ্বারা পরিচালিত হত।

যানান্তরীকরণ সাধারণত আইনগতভাবে সম্পূর্ণ বৈধ এবং বিশ্ব বাণিজ্যের একটি দৈনন্দিন অংশ। তবে এটি মালপ্রেরণের উদ্দেশ্য লুকানোর জন্য পদ্ধতি হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন অবৈধ গাছ কাটা, চোরাচালান, বা ধূসর-বাজারের পণ্যের ক্ষেত্রে এমনটি ঘটতে পারে।

মালবাক্সের (কন্টেইনার) বন্দর বা পরিবহন কেন্দ্রে যানান্তরীকরণ

[সম্পাদনা]
প্রমিত মালবাক্সের (কন্টেইনার) সাথে সম্পর্কিত যান্ত্রিকীকরণ রেল, স্থল (সড়ক) এবং সামুদ্রিক মাল পরিবহন পরিচালনা ব্যবস্থায় বিপ্লব সাধন করেছে।
একটি মালবাক্স (কন্টেইনার) বন্দরে সম্ভাব্য মালবাক্স প্রবাহ বর্ণনাকারী রেখাচিত্র

একটি মালবাক্স (কন্টেইনার) বন্দর বা পরিবহন কেন্দ্রে (টার্মিনালে) আন্তঃমাধ্যম মালবাক্স (ইন্টারমোডাল কন্টেইনার) যানান্তরীকরণকে বন্দর বা মালবাক্স পরিবহন কেন্দ্রে প্রক্রিয়াজাত মোট মালবাক্স প্রবাহের মধ্যে সেইসব মালবাক্সের সংখ্যা (বা অনুপাত) - যেগুলিকে কুড়ি-ফুট সমতুল্য এককেপ্রকাশ করা যেতে পারে - হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যেগুলিকে মালামাল স্তূপে অস্থায়ীভাবে সংরক্ষণের পরে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অন্য জাহাজে স্থানান্তরিত করা হয়। যানান্তরীকরণের সঠিক সংজ্ঞা বন্দরভেদে ভিন্ন হতে পারে। ব্যাপারটি মূলত অভ্যন্তরীণ নৌপরিবহনের (খাল এবং নদীর উপর দিয়ে পশ্চাৎভূমি অভিমুখে চলাচলকারী বজরাগুলি) অন্তর্ভুক্তির উপর নির্ভর করে। যানান্তরীকরণের সংজ্ঞাতে নিচেরগুলিও অন্তর্ভুক্ত থাকতে পারে :

  • শুধুমাত্র সমুদ্রপথে মাল যানান্তরীকরণ (অন্য একটি আন্তর্জাতিক গভীর সমুদ্রের মালবাক্স জাহাজ পরিবর্তন); অথবা
  • সামুদ্রিক এবং অভ্যন্তরীণ উভয় জলপথে জাহাজ পরিবর্তন (কখনও কখনও জল থেকে জলে যানান্তরীকরণ বলা হয়)। যেমন চীনের বেশিরভাগ উপকূলীয় কন্টেইনার বন্দরে নদীর ধারে "যানান্তরীকরণ"-এর ব্যবস্থা থাকে, যেগুলির একটি বড় অংশ পশ্চাৎভূমি অঞ্চলে মাল প্রেরণ করে।

উভয় ক্ষেত্রেই একটি একক, অনন্য, যানান্তরিত কন্টেইনারকে বন্দরের কর্মক্ষমতা নির্ণয়ে দুইবার গণনা করা হয়, কারণ এটি জলপার্শ্বস্থ কন্টেইনার ক্রেন দ্বারা দুইবার পরিচালনা করা হয় (আগত জাহাজ থেকে নামানো, স্তুপে অপেক্ষা করা এবং প্রস্থানকারী জাহাজ -তে বোঝাই করা)।

সমুদ্রে যানান্তরীকরণ

[সম্পাদনা]

সমুদ্রে যানান্তরীকরণ এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের মাধ্যমে করা হয়।

মৎস্য খামার

[সম্পাদনা]

বৈশ্বিক মৎস্য খামারগুলিতে যানান্তরীকরণ ব্যবহার করে শিকার করা মাছগুলিকে মাছ ধরার জাহাজ থেকে একটি হিমায়িত মালবাহী জাহাজে স্থানান্তর করা হয়। ঐ মালবাহী জাহাজটি আবার মাছ ধরার জাহাজগুলিকে জ্বালানি, খাদ্য, সাজসরঞ্জাম এবং কর্মী সরবরাহ করে, যার ফলে মাছ ধরার জাহাজগুলি মাসের পর মাস বা এমনকি বছরের পর বছর ধরে সমুদ্রে থাকতে করে।[] এই প্রক্রিয়াটি মাছের গুণমানের কোনও ক্ষতি না করে দ্রুত বাজারে পৌঁছানো নিশ্চিত করে।

যেহেতু সমুদ্রে যানান্তরীকরণের ঘটনাটি প্রায়শই গভীর সমুদ্রে ঘটে, তাই যেসব অঞ্চলে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ এবং তদারকি দুর্বল, সেসব অঞ্চলে অবৈধ, অপ্রকাশিত এবং অনিয়ন্ত্রিত মৎস্যশিকার, জোরজবস্তিমূলক শ্রম, মানব পাচার এবং মাদক চোরাচালানের মতো অপরাধমূলক কার্যকলাপকে আড়াল করার জন্যও এগুলি ব্যবহার করা হয়।[] তাই বেশ কয়েকটি রাষ্ট্র ও আঞ্চলিক মৎস্য খামার ব্যবস্থাপনা সংস্থা নির্দিষ্ট কিছু ধরনের জাহাজের জন্য যানান্তরীকরণের অনুশীলন নিষিদ্ধ করেছে অথবা তাদের এখতিয়ারভুক্ত অঞ্চলে এ ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে।

বৃহদায়তনিক পণ্য

[সম্পাদনা]

গভীর সমুদ্রে যানান্তরীকরণ বৃহদায়তনিক পণ্যদ্রব্য রপ্তানির ক্ষেত্রেও ঘটে থাকে। এক্ষেত্রে যানান্তরীকরণের সিদ্ধান্ত নিলে বন্দর নির্মাতাদের মূলধন ব্যয় হ্রাস পায় এবং এভাবে তারা গভীর জলে সীমিত প্রবেশাধিকার থেকে উদ্ভূত সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারে। বোঝাইকারী বজরাগুলির (লোডিং বার্জ) জন্য সাধারণত ৪ থেকে ৭ মিটার পর্যন্ত আবশ্যকীয় জল-গভীরতা নির্দিষ্ট করা থাকে। কমপক্ষে ২০১১ সাল থেকে উত্তর অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ড, পশ্চিম অস্ট্রেলিয়া এবং উত্তর অঞ্চলের খনি থেকে বক্সাইট, লৌহ আকরিক এবং পটাশসহ বৃহদায়তনিক খনিজ রপ্তানিতে যানান্তরীকরণ ব্যবহার করা হচ্ছে।[]

গেজ-বিরতিতে যানান্তরীকরণ

[সম্পাদনা]

রেল পরিবহনের আলোচনায় গেজ-বিরতির স্থলে একটি রেললাইনের বাক্সগাড়ি বা আচ্ছাদিত পণ্যবাহী মালগাড়ি থেকে অন্য রেল গেজের অন্য একটি লাইনের মালগাড়িতে পণ্য যানান্তর করা হয়, অথবা অন্যথায় মালবাক্সগুলি একটি রেললাইনের খোলা-মালগাড়ি (ফ্ল্যাটকার) থেকে অন্য গেজের অন্য ট্র্যাকের খোলা-মালগাড়িতে যানান্তর করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Botas, Zoltan (১৯ সেপ্টেম্বর ২০২৩)। "Singapore Port: The World's Largest Transshipment Hub"Silver Runner (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৫
  2. Ewell, Christopher; Cullis-Suzuki, Sarika (২০১৭)। "Potential ecological and social benefits of a moratorium on transshipment on the high seas" (ইংরেজি ভাষায়): ২৯৩। ডিওআই:10.1016/j.marpol.2017.04.004 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  3. Miller, Nathan A.; Roan, Aaron (২৩ জুলাই ২০১৮)। "Identifying Global Patterns of Transshipment Behavior": ১। ডিওআই:10.3389/fmars.2018.00240আইএসএসএন 2296-7745 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  4. "Transhipment Services Australia"TSA (অস্ট্রেলীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০

উৎসপঞ্জি

[সম্পাদনা]
  • E. Rojas. "MCS Observers on board at-sea Transshipment Vessels." In: APO Mail Buoy Vol. 10 (3). pp. 8–9. 2007.