মুহাম্মাদের সাংস্কৃতিক চিত্রায়ণ
ইসলামে মুহাম্মাদ একজন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও কেন্দ্রীয় ব্যক্তিত্ব। ধর্মীয় অনুশাসন অনুযায়ী, প্রাণীর চিত্রায়ণ, বিশেষত নবী-রাসূলদের চিত্র উপস্থাপন কঠোরভাবে নিষিদ্ধ।[১] এই অনিচ্ছাপূর্ণ দৃষ্টিভঙ্গি (প্রতিকৃতিহীনতা নীতি) অনুসরণে মুহাম্মাদের চিত্রায়ণ সাধারণত সাহিত্য, কবিতা, নাটক ও চলচ্চিত্রের কাহিনি এবং পরোক্ষ উপস্থাপনার মাধ্যমে প্রকাশ পেয়েছে।[১]
সাহিত্য ও কাব্যে
[সম্পাদনা]ইসলামী সভ্যতায় মুহাম্মাদের প্রশংসা ও স্মরণে এক বিস্তৃত সাহিত্যধারা গড়ে উঠেছে। নবীর প্রশংসায় রচিত কবিতা- আরবিতে মদীহ, ফারসিতে ও উর্দুতে নাত, সমগ্র মুসলিম বিশ্বে ভক্তি ও ভালবাসার এক প্রচলিত রূপ হিসেবে গৃহীত।[২] প্রাথমিক যুগ থেকেই সাহাবি কবি হাসসান ইবনে সাবিত ইসলামের পক্ষে কবিতা রচনা করেন। ইসলামের বিজয়ের পর নবীর প্রশংসায় কা'ব ইবনে যুহাইর বানাত সুআদ নামে একটি প্রসিদ্ধ কাসিদা রচনা করেন।[৩] এই ধারাবাহিকতায় মধ্যযুগে শারাফুদ্দীন আল-বুসিরি (১৩শ শতক) কাসিদা আল-বুরদা রচনা করেন, যা নবীপ্রশস্তি কাব্যের ধারায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।[৩] এই কাব্য পরবর্তীতে বিভিন্ন ভাষায় অনুবাদ ও অনুকরণে অনুপ্রাণিত হয়েছে এবং মুসলিম সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে।[৩]
ফারসি সাহিত্যেও মুহাম্মাদকে নিবেদিত ভক্তিমূলক কবিতার একটি শক্তিশালী ঐতিহ্য বিদ্যমান। দ্বাদশ শতকের সুফি কবি হাকিম সানাই তার হাদীকাতুল হাকীকাহ গ্রন্থের ভূমিকায় ও পৃথক কাসিদায় নবীর প্রশংসা করেছেন।[২] সানাই এবং পরবর্তী সুফি কবি ফরিদ উদ্দিন আত্তার প্রমুখ মুহাম্মাদের আধ্যাত্মিক মর্যাদাকে বিভিন্ন রূপকে উপস্থাপন করেছেন, যেমন তাকে সৃষ্টিজগতের প্রথম সত্তা, ঐশী জ্যোতি (নূর), এবং সমগ্র সৃষ্টির কল্যাণ ও সৌন্দর্যের উৎস হিসেবে চিত্রিত করা হয়েছে।[২] পরবর্তীকালে জালালুদ্দিন রুমি, শেখ সাদি ও নূরুদ্দীন জামির মতো কবিরাও নিজেদের কাব্যে মুহাম্মাদের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রেম প্রকাশ করেছেন।
উর্দু ভাষার সাহিত্যেও নবীপ্রশস্তি বিশেষ গুরুত্ব বহন করে। এখানে নাত নামে পরিচিত কবিতাগুলোতে নবীকে সরাসরি সম্বোধন করে ভক্তিভাব প্রকাশ করা হয়। উর্দু সাহিত্যের প্রায় প্রতিটি বিশিষ্ট কবিই অন্তত একটি নাত রচনা করেছেন বলে বলা হয়। দক্ষিণ এশিয়ার বাংলা ভাষাসহ অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভাষায়ও নাত ও হামদ (স্রষ্টার প্রশংসাগীতি) রচনার ঐতিহ্য রয়েছে।[৪] এসব গীতিকাব্যে মুহাম্মাদের ব্যক্তিত্বকে ইনসান-এ কামিল (পরিপূর্ণ মানুষ) ও বিশ্বমানবতার ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা হয়।[৫] সাধারণ মুসলিম থেকে শুরু করে সুফি দরবেশ পর্যন্ত সকল শ্রেণির মানুষ এই সাহিত্যধারার মাধ্যমে নবীর প্রতি তাদের ভক্তি ও প্রেম প্রকাশ করেছে।[২] ইসলামী কবিতা ও গদ্যসাহিত্যের গুরুত্বপূর্ণ নিদর্শনের মধ্যে রয়েছে ইমাম তিরমিজির আশ-শামায়েল মুহাম্মাদিয়া, যেখানে মুহাম্মাদের চরিত্র ও শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এবং ইমাম বায়হাকীর দালায়েলু’ন নুবুওয়াহ, যেখানে তার মুজিজা ও অলৌকিক ঘটনার বিবরণ রয়েছে। গবেষক আনেমারি শিমেল ইঙ্গিত করেছেন যে এসব সাহিত্যকর্ম মুসলিম সমাজে নবীপ্রেম ও নৈতিক চেতনাবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।[৬]
সীরাত ও ইতিহাসগ্রন্থে
[সম্পাদনা]মুহাম্মাদের জীবনচরিত বা সীরাত সাহিত্য ইসলামী ইতিহাসের প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ ধারাগুলোর একটি। নবীজীবনী সম্পর্কিত উপাখ্যান প্রাথমিকভাবে মৌখিকভাবে সংরক্ষিত থাকলেও, ৮ম শতকে ইবনে ইসহাক সর্বপ্রথম একটি লিখিত সীরাত গ্রন্থ রচনা করেন।[৭] তার সীরাতে রাসূলুল্লাহ পরবর্তীতে ইবনে হিশাম সম্পাদনা করে সংরক্ষণ করেন, যা মুহাম্মাদের জীবনের একটি মৌলিক তথ্যসূত্র হিসেবে স্বীকৃত।[৮] এই গ্রন্থে মুহাম্মাদের জন্ম, নবুয়তের ঘোষণা, হিজরত ও গাজওয়াসহ (যুদ্ধসমূহ) জীবনের বিভিন্ন পর্যায়ের বর্ণনা পাওয়া যায়। পরবর্তীকালে ঐতিহাসিক আল-ওয়াকিদি (মৃত্যু ৮২২) মুহাম্মাদের যুদ্ধসমূহ নিয়ে কিতাব আল-মাগাজি রচনা করেন এবং ইবনে সা'দ (মৃত্যু ৮৪৫) তার তাবাকাত আল-কুবরা গ্রন্থে মুহাম্মাদসহ প্রথম যুগের বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সংকলন করেন। বিখ্যাত ঐতিহাসিক আল তাবারী (৯ম–১০ম শতক) তার বিশ্বইতিহাস তারীখ আল-রসূল ওয়াল-মুলুকে মুহাম্মাদের সীরাত বিশদভাবে অন্তর্ভুক্ত করেন, যেখানে পূর্ববর্তী সীরাতকারদের বর্ণনা সনদসহ উদ্ধৃত হয়েছে। এসব গ্রন্থে মুহাম্মাদের চরিত্র কেবল ঐতিহাসিক বিবরণ নয়, বরং মুসলিমদের জন্য একটি আদর্শ ও অনুসরণীয় জীবনের দলিল হিসেবেও উপস্থাপিত হয়েছে। অনেক ক্ষেত্রে অলৌকিক ঘটনা ও মুজিযার বর্ণনা অন্তর্ভুক্ত হয়েছে, যা তাকে আল্লাহর প্রেরিত বিশেষ রাসূল হিসেবে চিত্রিত করে।
ইসলামী ঐতিহ্যে সীরাতগ্রন্থের পাশাপাশি হাদিস সংকলনসমূহেও মুহাম্মাদের বাণী ও কর্মের বিবরণ সংরক্ষিত আছে, যা তার সাংস্কৃতিক চিত্রায়ণের অংশ হিসেবে বিবেচিত হয়। ইমাম তিরমিজির শামায়েল মুহাম্মাদিয়া গ্রন্থে মুহাম্মাদের শারীরিক বর্ণনা, আচার-আচরণ ও দৈনন্দিন জীবনের সূক্ষ্ম বিষয়াবলী অন্তর্ভুক্ত হয়েছে, যা পাঠকের কাছে তার একটি বিবরণচিত্র উপস্থাপন করে। ১৫শ শতকে রচিত আল জাজুলির দালাইলুল খাইরাত গ্রন্থে মুহাম্মাদের প্রতি দুরুদ ও সালামের সংকলন করা হয়েছে; এর ভূমিকায় তার রওজা এবং তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ চিত্রিত হয়েছে। বিভিন্ন ভাষায় অসংখ্য মাওলিদনামা (নবীর জন্মবৃত্তান্ত) রচিত হয়েছে, যেমন ফারসিতে নূরুদ্দীন জামি রচিত ইয়াউলদন রাসূল, উর্দুতে শিবলী নোমানী রচিত সীরাতুন্নবী ইত্যাদি। ঐতিহাসিকভাবে মুসলিম সমাজে সীরাত পাঠ ও রচনা একটি ধর্মীয় ও পুণ্যকর্ম হিসেবে বিবেচিত হয়েছে। এর মাধ্যমে মুহাম্মাদের স্মৃতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত হয়েছে।[৯]
উপন্যাস, নাটক ও চলচ্চিত্রে
[সম্পাদনা]মুসলিম সমাজে ধর্মীয় অনুভূতিকে গুরুত্ব দিয়ে মুহাম্মাদের চরিত্রে সরাসরি চিত্রায়ণ বা অভিনেতা নিয়োগ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও অসম্মানজনক হিসেবে বিবেচিত হয়েছে।[১] ফলে উপন্যাস, নাটক বা চলচ্চিত্রে সাধারণত তাকে সরাসরি চরিত্র হিসেবে উপস্থাপন না করে পরোক্ষ উল্লেখ বা রূপকের মাধ্যমে চিত্রিত করা হয়েছে। তবুও কিছু সাহিত্যিক ও নির্মাতা এই সীমারেখার মধ্যে থেকে কিংবা তা অতিক্রম করে চিত্রায়নের প্রচেষ্টা করেছেন, যা বিতর্ক ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
উপন্যাসের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো সালমান রুশদি রচিত দ্য স্যাটানিক ভার্সেস (The Satanic Verses, ১৯৮৮), যেখানে তিনি রূপক ও কাল্পনিক চরিত্রের মাধ্যমে মুহাম্মাদের জীবনের কিছু বিতর্কিত ঐতিহাসিক উপাখ্যান, যেমন তথাকথিত "শয়তানের বাণী" ঘটনা উপস্থাপন করেছেন। অনেক মুসলিম এই উপন্যাসকে ধর্মদ্রোহমূলক মনে করেন, কারণ এতে মুহাম্মাদকে (ইঙ্গিতপূর্ণভাবে মাহাউন্ড বা Mahound নামে) বিতর্কিতভাবে চিত্রিত করা হয়েছে এবং তার স্ত্রীদের অনুরূপ কিছু অবমাননাকর চরিত্র সৃষ্টি করা হয়েছে।[৫] এর প্রতিক্রিয়ায় ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি রুশদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন, যা বৈশ্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করে।[১০] বিভিন্ন দেশে বইটি নিষিদ্ধ হয়, প্রতিবাদ, সহিংসতা ও বই পোড়ানোর ঘটনা ঘটে এবং রুশদি দীর্ঘদিন আত্মগোপনে থাকতে বাধ্য হন। এই ঘটনা সাহিত্যিক স্বাধীনতা বনাম ধর্মীয় অনুভূতির দ্বন্দ্বের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।[৫]
আরেকটি বিতর্কিত উপন্যাস হলো শেরি জোন্স রচিত দ্য জুয়েল অব মাদিনা (The Jewel of Medina, ২০০৮), যেখানে মুহাম্মাদের স্ত্রী আয়েশার জীবনীমূলক কল্পকাহিনি উপস্থাপন করা হয়েছে। প্রকাশের আগেই বইটির বিষয়বস্তু নিয়ে আপত্তি ওঠে, প্রকাশক বইটি প্রত্যাহার করে এবং পরবর্তীতে এটি কিছু দেশে নিষিদ্ধ বা সীমিতভাবে প্রকাশিত হয়। মিশরীয় লেখক ও নোবেল বিজয়ী নাগিব মাহফুজ তার আওলাদ হারাতিনা (Awlad Haratina, ১৯৫৯) উপন্যাসে একটি রূপক পাড়ার চরিত্রের মাধ্যমে স্রষ্টা ও নবী-রাসূলদের প্রতীকী উপস্থাপনা করেন, যেখানে শেষের নবীসুলভ চরিত্রটিকে মুহাম্মাদের প্রতিরূপ বলে অনেকে মনে করেন। বইটি মিশরে তীব্র সমালোচনার মুখে পড়ে এবং দীর্ঘদিন নিষিদ্ধ থাকে। ১৯৯৪ সালে মাহফুজ এক উগ্রপন্থীর হামলায় আহত হন, যাকে বইটির কথিত ধর্মদ্রোহী বিষয় দ্বারা প্ররোচিত করা হয়েছিল।[১১]
নাটকের ক্ষেত্রে, ১৭৪১ সালে ফরাসি দার্শনিক ভলতেয়ার রচিত লা ফানাতিসম ও মাহোমে ল্য প্রফেত (Le Fanatisme, ou Mahomet le Prophète) নাটকে মুহাম্মাদকে এক ধর্মীয় প্রতারক হিসেবে উপস্থাপন করা হয়। ফ্রান্সে এটি মঞ্চস্থ হওয়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং পরবর্তীতে এটি সেন্সরের মাধ্যমে নিষিদ্ধ করা হয়।[১২] আধুনিক কালে, ২০০৫ সালে ফ্রান্সের সেন্ট-জেনিস-পুইলি শহরে নাটকটি মঞ্চস্থের উদ্যোগ নেওয়া হলে মুসলিম সংগঠনগুলোর তীব্র আপত্তির কারণে তা বাতিল করা হয়।[১৩]
চলচ্চিত্রের ক্ষেত্রেও মুহাম্মাদের জীবন ও ইসলামের প্রাথমিক ইতিহাস নিয়ে কিছু উল্লেখযোগ্য উদ্যোগ দেখা যায়। তবে এসব চিত্রায়নে তার মুখাবয়ব বা কণ্ঠ প্রতিকৃতি এড়ানো হয়েছে। এর একটি সুপরিচিত উদাহরণ হলো মুস্তফা আক্কাদ পরিচালিত দ্য মেসেজ (The Message, ১৯৭৬)। এই চলচ্চিত্রে ক্যামেরার দৃষ্টিকোণ, শব্দ এবং অন্যান্য চরিত্রের সংলাপের মাধ্যমে কাহিনি উপস্থাপন করা হয়েছে, যাতে মুহাম্মাদ সরাসরি দৃশ্যে আসেন না। চলচ্চিত্রটির নির্মাণকালে সৌদি আরবসহ কিছু মুসলিম দেশ আপত্তি তোলে এবং ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে ভুল বোঝাবুঝির কারণে "হানাফি অবরোধ" নামে একটি সহিংস ঘটনার জন্ম হয়।[১৪] পরে স্পষ্ট করা হয় যে, চলচ্চিত্রে মুহাম্মাদকে দেখানো হয়নি এবং এটি ইসলামী বিধিনিষেধ মেনে নির্মিত হয়েছে। পরবর্তীতে চলচ্চিত্রটি অনেক মুসলিম দেশে জনপ্রিয়তা পায় এবং ইসলামি ইতিহাসভিত্তিক ধ্রুপদী চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।[১৪]
সাম্প্রতিক একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা হলো ইরানি পরিচালক মাজিদ মাজিদির মুহাম্মাদ: মেসেঞ্জার অফ গড (Muhammad: Messenger of God, ২০১৫), যা নবীর শৈশব নিয়ে নির্মিত একটি পরিকল্পিত ত্রয়ীর প্রথম পর্ব। এই চলচ্চিত্রেও মুহাম্মাদের মুখাবয়ব দেখানো হয়নি; বরং পেছন দিক বা ছায়ার মাধ্যমে চরিত্রটি উপস্থাপন করা হয়েছে।[১৫] চলচ্চিত্রটি মুক্তির আগেই সুন্নি বিশ্বের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান আল-আজহার এর বিরোধিতা করে বিবৃতি দেয়, যেখানে বলা হয় নবীর যেকোনো প্রতিকৃতি মুসলিমদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।[১৫] ভারতের কিছু আলেম ও বিশ্বের অন্যান্য অঞ্চলের ইসলামি নেতারাও এর বিরুদ্ধে ফতোয়া জারি করেন, ফলে এটি অনেক স্থানে প্রদর্শিত হয়নি।[১৫] পরিচালক মাজিদি অবশ্য যুক্তি দেন যে ইসলামের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে উচ্চমানের চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম হতে পারে।[১৫] চলচ্চিত্রটি শিয়া অধ্যুষিত ইরানসহ কয়েকটি দেশে প্রদর্শিত হলেও সুন্নি-প্রধান দেশগুলোতে তা নিষিদ্ধ বা সীমিতভাবে মুক্তি পেয়েছে।[১৬] এই উদাহরণগুলো থেকে বোঝা যায়, সাহিত্যে, নাটকে বা চলচ্চিত্রে মুহাম্মাদকে উপস্থাপন করার যেকোনো প্রচেষ্টা মুসলিম সমাজে সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ধর্মীয় কর্তৃপক্ষের কড়া অবস্থানের মুখে পড়ে।
পাশ্চাত্য সাহিত্য ও চিন্তায়
[সম্পাদনা]মধ্যযুগ থেকে আধুনিক কাল পর্যন্ত পাশ্চাত্য সাহিত্য ও দর্শনে মুহাম্মাদের উপস্থাপনায় নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রাথমিকভাবে ইউরোপীয় খ্রিস্টান সমাজে তাকে মহমেট (Mahomet) নামে এক বিভ্রান্ত ধর্মপ্রবর্তক হিসেবে দেখা হতো। এই দৃষ্টিভঙ্গির একটি উল্লেখযোগ্য নিদর্শন হলো দান্তে আলিগিয়েরি রচিত মহাকাব্য ডিভাইন কমেডি (Divine Comedy, ১৩২০ খ্রিষ্টাব্দ)। এর ইনফার্নো (Inferno) অংশের ২৮তম সর্গে দান্তে মুহাম্মাদ এবং তার জামাতা আলিকে নরকের গভীরে অবস্থানরত ও চিরশাস্তি ভোগরত অবস্থায় দেখান। তাদের শরীর বিদীর্ণ ও ক্ষতবিক্ষত অবস্থায় উপস্থাপন করা হয়েছে, যা মধ্যযুগীয় বিশ্বাস অনুযায়ী “বিভেদ সৃষ্টির পাপ”-এর প্রতীকী শাস্তি।[১৭] এই সময়ে ইউরোপীয় সাহিত্যে ও লোককথায় মুহাম্মাদকে বিকৃত ও কাল্পনিক চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। অনেক কাহিনিতে তাকে একজন প্রাক্তন খ্রিস্টান যাজক হিসেবে দেখানো হয়, যিনি পরে বিভ্রান্তিকর ধর্ম প্রতিষ্ঠা করেন।[১৭] সামগ্রিকভাবে এই সময়ে পশ্চিমা সাহিত্য ও সংস্কৃতিতে মুহাম্মাদের ভাবমূর্তি ছিল নেতিবাচক ও পৌরাণিক।
তবে আলোকিত যুগে কিছু পাশ্চাত্য চিন্তাবিদ মুহাম্মাদের জীবন ও অবদানকে নতুন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে শুরু করেন। ফরাসি দার্শনিক ভলতেয়ার তার নাটক মহমেট ও লা ফানাতিসম (Mahomet ou Le Fanatisme, ১৭৪১) এ মুহাম্মাদকে এক স্বার্থান্বেষী ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী চরিত্র হিসেবে চিত্রিত করেন।[১২] যদিও এই নাটক মূলত ধর্মীয় গোঁড়ামির সমালোচনার উদ্দেশ্যে রচিত, তথাপি এতে ব্যবহৃত রূপায়ণ মুসলিমদের মধ্যে প্রবল আপত্তির সৃষ্টি করে এবং নাটকটি নিষিদ্ধ হয়। অন্যদিকে, জার্মান কবি ইয়োহান ভল্ফগাং ফন গ্যোটে মুহাম্মাদ ও ইসলামের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করেন। মাত্র ২৩ বছর বয়সে তিনি মাহমেট্স গেজাং (Mahomet’s Gesang) নামে একটি কবিতা লেখেন, যেখানে মুহাম্মাদকে এক ক্ষুদ্র ঝর্ণাধারা থেকে বিশাল নদীতে পরিণত হওয়া প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে—এটি তার আধ্যাত্মিক অভিযাত্রা ও বার্তার ব্যাপক প্রভাবের রূপক।[১৮] পরবর্তীতে গ্যোটে তার পশ্চিম-পুর্ব দিবান (West-östlicher Divan, ১৮১৯) কাব্যগ্রন্থে ইসলাম ও পারস্যের সুফি সাহিত্য থেকে অনুপ্রেরণা গ্রহণ করে পূর্ব-পশ্চিমের সাংস্কৃতিক ঐক্যের কথা তুলে ধরেন।[১৮] গ্যোটের এই রচনাগুলো পাশ্চাত্য সাহিত্যে মুহাম্মাদের প্রতি শ্রদ্ধাসূচক মনোভাবের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। ১৯শ শতকে স্কটিশ চিন্তাবিদ টমাস কার্লাইল তার বক্তৃতামালা অন হিরোজ অ্যান্ড হিরো-ওয়ারশিপ (On Heroes and Hero-Worship, ১৮৪০) এ মুহাম্মাদকে “নায়ক-প্রবক্তা” হিসেবে বর্ণনা করেন। তিনি জোর দিয়ে বলেন, মুহাম্মাদ ছিলেন একজন আন্তরিক ও নৈতিকতাপূর্ণ ব্যক্তিত্ব, যিনি বিক্ষিপ্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করে একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করেন।[১৯] কার্লাইল “প্রতারক নবী” ধারণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন এবং মুহাম্মাদের চরিত্র ও আদর্শের প্রশংসা করেন।[২০] এইভাবে, পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে ধীরে ধীরে এক ধরনের রূপান্তর ঘটে। মধ্যযুগ ও ঔপনিবেশিক যুগে বিদ্যমান নেতিবাচক ও বিকৃত প্রতিচিত্রের বিপরীতে আলোকিত যুগ ও আধুনিক কালে কিছু মনীষী মুহাম্মাদের জীবন ও অবদান নিয়ে গভীর গবেষণা ও তুলনামূলকভাবে সম্মানসূচক মূল্যায়ন করেন।
বিশ শতক ও একবিংশ শতকে পাশ্চাত্য একাডেমিক পরিমণ্ডলে মুহাম্মাদের জীবনী ও ঐতিহাসিক অবদান নিয়ে বহু নিরপেক্ষ গবেষণা পরিচালিত হয়েছে। ব্রিটিশ ইতিহাসবিদ উইলিয়াম মুইর প্রাথমিকভাবে সমালোচনামূলক দৃষ্টিকোণ গ্রহণ করলেও, পরবর্তীতে উইলিয়াম মন্টগোমারি ওয়াট, মার্শাল হজসন ও কারেন আর্মস্ট্রং প্রমুখ গবেষক ঐতিহাসিক বিশ্লেষণভিত্তিক পদ্ধতিতে মুহাম্মাদের জীবনচরিত রচনা করেন এবং পশ্চিমা পাঠকদের কাছে একটি প্রামাণ্য ও নিরপেক্ষ চিত্র তুলে ধরার চেষ্টা করেন। জনপ্রিয় সংস্কৃতিতে মুহাম্মাদের প্রভাবের একটি বহুল আলোচিত উদাহরণ হলো মার্কিন অধ্যাপক মাইকেল এইচ. হার্ট রচিত দ্য হানড্রেড: অ্যা র্যাংকিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পারসন্স ইন হিস্ট্রি (The 100: A Ranking of the Most Influential Persons in History, ১৯৭৮)। এই গ্রন্থে তিনি মুহাম্মাদকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রথম স্থানে স্থান দেন। লেখকের মতে, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে মুহাম্মাদের সমন্বিত সাফল্যই তাকে এই অবস্থানে অধিষ্ঠিত করেছে।[২১] সার্বিকভাবে বলা যায়, পাশ্চাত্য সাহিত্য ও চিন্তায় মুহাম্মাদের উপস্থাপন একদিকে ঐতিহাসিক বিদ্বেষ ও ভুল ধারণায় গঠিত নেতিবাচক প্রতিচিত্র এবং অন্যদিকে প্রগতিশীল চিন্তাবিদ ও আধুনিক গবেষকদের দ্বারা গঠিত সম্মানসূচক ও বিশ্লেষণভিত্তিক মূল্যায়নের মধ্যে দোদুল্যমান থেকেছে।
সমসাময়িক বিতর্ক
[সম্পাদনা]একবিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী গণমাধ্যম ও ডিজিটাল যোগাযোগের দ্রুত বিস্তারের ফলে মুহাম্মাদের যেকোনো ধরনের চিত্রায়ণ বা উপস্থাপন তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে অবমাননাকর বা ব্যঙ্গাত্মক উপস্থাপন মুসলিম সমাজে গভীর সংবেদনশীলতা ও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, যার ফলশ্রুতিতে কখনও প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও, অনেক সময় তা সহিংস রূপও ধারণ করেছে। ২০০৫ সালে ডেনমার্কের দৈনিক জিল্যান্ডস-পোস্টেন (Jyllands-Posten) মুহাম্মাদকে কেন্দ্র করে বারোটি কার্টুনচিত্র প্রকাশ করে। এসবের মধ্যে কয়েকটিতে তাকে সন্ত্রাসী বোমাধারী হিসেবে চিত্রিত করা হয়,[২২] যা বহু মুসলিমের কাছে নবী-অবমাননা হিসেবে বিবেচিত হয়। এর ফলে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে তীব্র বিক্ষোভ, ডেনিশ পণ্যের বয়কট এবং কিছু স্থানে দূতাবাসে হামলার ঘটনা ঘটে।[২২] এ ঘটনা “কার্টুন-কাণ্ড” নামে পরিচিত হয় এবং বৈশ্বিকভাবে বাক-স্বাধীনতা ও ধর্মীয় অনুভূতির মধ্যে সংঘাত নিয়ে বিতর্কের সূচনা করে।[২২] পশ্চিমা বিশ্বে এটি মতপ্রকাশের স্বাধীনতার উদাহরণ হিসেবে উপস্থাপিত হলেও, অনেক মুসলিম একে ঘৃণাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ এবং ইসলামভীতির নিদর্শন হিসেবে দেখেন।[২২]
এই ঘটনার প্রতিক্রিয়ায় ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাপ্তাহিক শার্লি এবদো (Charlie Hebdo) একই কার্টুন পুনঃপ্রকাশ করে এবং পরবর্তীতে নিজস্ব ব্যঙ্গচিত্রও প্রকাশ করতে থাকে। এর জেরে ২০১৫ সালের জানুয়ারিতে প্যারিসে তাদের দপ্তরে সশস্ত্র হামলার ঘটনা ঘটে, যাতে পত্রিকার সম্পাদকসহ ১২ জন নিহত হন।[২৩] বিশ্বজুড়ে এ হামলার নিন্দা জানানো হয়; ফ্রান্সে জ্য সুই শার্লি (Je Suis Charlie) শ্লোগানে বাক-স্বাধীনতার পক্ষে জনসমর্থন দেখা যায়, তবে মুসলিম বিশ্বে একযোগে নবী-অবমাননার প্রতিবাদও চলতে থাকে। ২০২০ সালে এই ব্যঙ্গচিত্রগুলো পুনরায় প্রকাশের ফলে ফ্রান্স ও মুসলিম বিশ্বের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়।[২৩]
২০১২ সালে আরেকটি বিতর্ক সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস (Innocence of Muslims) ঘিরে। ইউটিউবে এর একটি ট্রেলার প্রকাশিত হলে তা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। চলচ্চিত্রটিতে মুহাম্মাদকে ব্যঙ্গাত্মক ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়। তাকে মানসিকভাবে অসুস্থ, লালসাপরায়ণ ও বিভ্রান্ত ব্যক্তিত্ব হিসেবে দেখানো হয়।[৪] এর প্রতিক্রিয়ায় মিশর, লিবিয়া, পাকিস্তান, বাংলাদেশসহ বহু দেশে মার্কিন দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ ও দাঙ্গা হয়। লিবিয়ার বেনগাজিতে এক সহিংস হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন নিহত হন।[৪] পরবর্তীতে বিশ্লেষণে জানা যায় যে এই হামলা সরাসরি জনবিক্ষোভ নয়, বরং পূর্বপরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল; তবুও এই ঘটনা বিশ্বমাধ্যমে “মুসলিমদের মারাত্মক প্রতিক্রিয়া” হিসেবে উপস্থাপিত হয়।[৪] এইসব ঘটনাপ্রবাহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন তোলে। বিশেষ করে বাক-স্বাধীনতার সীমারেখা, ঘৃণাত্মক বক্তব্যের সংজ্ঞা এবং ধর্মীয় অনুভূতির প্রতি গণতান্ত্রিক সমাজে কীভাবে সম্মান দেখানো উচিত, এই প্রশ্নগুলো নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।[৪]
মুহাম্মাদের যেকোনো ধরনের উপস্থাপন মুসলিমদের ধর্মীয় আবেগের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সম্মানসূচক, প্রাসঙ্গিক ও সচেতনভাবে উপস্থাপিত হলে তা সাধুবাদ পায় এবং সাহিত্য-সংস্কৃতিতে স্থায়ী স্থান লাভ করে, যেমনটি সীরাত সাহিত্য, নাত কবিতা ও সুফি রচনায় লক্ষ করা যায়। অন্যদিকে, অবমাননাকর বা ব্যঙ্গাত্মক চিত্রায়ণ আধুনিক যুগেও বৈশ্বিক উত্তেজনা, প্রতিবাদ এবং মাঝে মাঝে সহিংসতার জন্ম দিচ্ছে। একবিংশ শতকের বৈচিত্র্যময় সমাজ ক্রমশ উপলব্ধি করছে যে মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা জরুরি। মুহাম্মাদের সাংস্কৃতিক চিত্রায়ণের ইতিহাস নির্দেশ করে যে, তাকে ঘিরে যেকোনো সৃষ্টিশীল উপস্থাপন অত্যন্ত সংবেদনশীল এবং তার গ্রহণযোগ্যতা নির্ভর করে উপস্থাপনাটির ভাষা, প্রেক্ষাপট ও শ্রদ্ধাবোধের মাত্রার উপর।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Charlie Hebdo shooting - Global Outrage, Solidarity, & Mourning | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- 1 2 3 4 "Persian poetry | THE PRESENCE OF THE PROPHET" (ফরাসি ভাষায়)। ২৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- 1 2 3 Ghali, Walid (২০২২)। Gallien, Claire; Bin Tyeer, Sarah R. (সম্পাদকগণ)। Poems in Praise of the Prophet (madīḥ) as a Citizen of the Literary World। Edinburgh University Press। পৃ. ১১৩–১৩৮। আইএসবিএন ৯৭৮-১-৪৭৪৪-৮৪০৮-৪।
- 1 2 3 4 5 "Hate speech or offensive speech: the human rights and wrongs of "Innocence of Muslims""। Monash University (ইংরেজি ভাষায়)। ১৪ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- 1 2 3 "Salman Rushdie attack: the legacy of the decades-old fatwa on the author, explained | The Political Studies Association (PSA)"। Salman Rushdie attack: the legacy of the decades-old fatwa on the author, explained | The Political Studies Association (PSA) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- ↑ Annemarie Schimmel (1985), And Muhammad Is His Messenger: The Veneration of the Prophet in Islamic Piety, University of North Carolina Press।
- ↑ Sertkaya, Suleyman (২৪ ফেব্রুয়ারি ২০২২)। "A Critical and Historical Overview of the Sīrah Genre from the Classical to the Modern Period"। Religions (ইংরেজি ভাষায়)। ১৩ (3): ১৯৬। ডিওআই:10.3390/rel13030196। আইএসএসএন 2077-1444।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক) - ↑ Donner, Fred McGraw (১৯৯৮)। Narratives of Islamic origins: the beginnings of Islamic historical writing। Darwin Press। পৃ. ১৩২। আইএসবিএন ৯৭৮-০-৮৭৮৫০-১২৭-৪। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ Süleyman Sertkaya (2022). “A Critical and Historical Overview of the Sīrah Genre from the Classical to the Modern Period.” Religions, 13(3):196.
- ↑ “Khomeini’s 1989 fatwa called on all Muslims to kill Rushdie, illustrating a transnational religious edict” – PSA analysis, 2022
- ↑ Haim Gordon (1992), Naguib Mahfouz’s Egypt: Existential Themes in His Writings, Greenwood Press।
- 1 2 "Mahomet | play by Voltaire | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- ↑ Blame It on Voltaire: Muslims Ask French to Cancel 1741 Play, YaleGlobal (2005)
- 1 2 "40 Years On, A Controversial Film On Islam's Origins Is Now A Classic"। KUNC (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- 1 2 3 4 Pulver, Andrew (২৬ মার্চ ২০১৫)। "Iranian big-budget film causes controversy by depicting Muhammad"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- ↑ Andrew Pulver, The Guardian (2015): Iranian film Muhammad, Messenger of God controversy
- 1 2 Augustyn, Hein (২২ জুন ২০২৪)। "Dante's Divine Comedy — Arguably the Greatest Poet's Greatest Work"। Medium (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- 1 2 Heagy), Sa’īd Abdul Latif (Hilarion (১৮ মে ২০২৪)। "Goethe's Embrace of Islam"। Medium (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- ↑ Heagy), Sa’īd Abdul Latif (Hilarion (২২ জুলাই ২০২৪)। "Thomas Carlyle and the Prophet Muhammad (ﷺ)"। Medium (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- ↑ Carlyle, Thomas. On Heroes, Hero-Worship and the Heroic in History (Lecture 2: The Hero as Prophet, 1840)।
- ↑ Michael H. Hart (1978), The 100: A Ranking of the Most Influential Persons in History, New York: Hart Publishing, p. 33.
- 1 2 3 4 Kazkaz, Lana; Bosch, Míriam Díez (১ জুলাই ২০২৩)। "Islamic Caricature Controversy from Jyllands-Posten to Charlie Hebdo from the Perspective of Arab Opinion Leaders"। Religions (ইংরেজি ভাষায়)। ১৪ (7): ৮৬৪। ডিওআই:10.3390/rel14070864। আইএসএসএন 2077-1444।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক) - 1 2 "Charlie Hebdo: Magazine republishes controversial Mohammed cartoons" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৫।
- মুহাম্মাদ
- মুহাম্মাদের জীবনী
- ৫৭০-এ জন্ম
- ৬৩২-এ মৃত্যু
- ইসলামের নবি
- ধর্ম প্রবর্তক
- আরব মুসলিম
- আরব রাজনীতিবিদ
- ইসলাম
- ইসলামি ব্যক্তিত্ব
- কুরাইশ
- মক্কার ব্যক্তি
- মদিনা
- আরব সেনাপতি
- আরব নবি
- কুরআনের নবি
- কূটনীতিবিদ
- ৬ষ্ঠ শতাব্দীর আরব ব্যক্তি
- ৭ম শতাব্দীর আরব ব্যক্তি
- ৭ম শতাব্দীর ইসলাম ধর্মীয় নেতা
- অলৌকিক ক্ষমতাধর
- ৫৭০-এর দশকে জন্ম
- দত্তকপ্রাপ্ত
- স্বর্গে জীবিত প্রবেশকারী
- ৭ম শতাব্দীর এশীয় ব্যক্তি