বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ ইবনে ইয়াকুত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আবু বকর মুহাম্মদ ইবনে ইয়াকুত ( আরবি: أبو بكر محمد بن ياقوت) ছিলেন একজন কর্মকর্তা, যিনি ৯৩০–৯৩৫ সালে আব্বাসীয় খিলাফতের উত্তাল রাজনৈতিক ঘটনাবলিতে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি বিশেষ করে খলিফা আল-কাহিরের (৯৩২–৯৩৪ খ্রি) শাসনামল জুড়ে ও খলিফা আর-রাদির শাসনের প্রথম মাসগুলিতে তিনি প্রধান ভূমিকা পালন করেন। তখন তিনি খিলাফতের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তার প্রতিদ্বন্দ্বীরা ৯৩৫ সালের এপ্রিলে তাকে বরখাস্ত ও কারারুদ্ধ করে এবং এর কিছুদিন পরেই তিনি কারাগারে মারা যান।

আল-মুক্তাদিরের শাসনামলে

[সম্পাদনা]

মুহাম্মাদের পিতা ইয়াকুত খাজিব বা প্রধান সচিব হিসেবে খলিফা আল-মুক্তাদিরের (শা. ৯০৮–৯৩২) দরবারে কর্মরত ছিলেন। ৯৩০ খ্রিস্টাব্দে মুহাম্মাদকে বাগদাদের নিরাপত্তা বাহিনীর প্রধান (সাহিব আল-শুর্তা) হিসেবে নিয়োগ করা হয়। তখন বাগদাদ নগরী সেনাবাহিনীর বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে বিপর্যস্ত ছিল। ফেব্রুয়ারি মাসে এক সংঘর্ষের সময় তিনি হুজারিয়া ঘোড়সওয়ার বাহিনীর মধ্যে হস্তক্ষেপ করে প্রতিদ্বন্দ্বীদের নগরী ত্যাগ করতে বাধ্য করেন। তবে সেখানে থাকা কিছু আফ্রিকীয় (কালো) সৈন্য শহরে থেকে যায় এবং তারা আত্মসমর্পণ করে।[] কয়েক মাস পর বেতন বকেয়া থাকার কারণে আফ্রিকীয় সৈন্যরা বিদ্রোহ ছড়ায়। পরে তাদেরও বাগদাদ থেকে বিতাড়িত করা হয় এবং আব্বাসীয় সেনাপ্রধান মু'নিস আল-মুজাফফর ওয়াসিতের কাছে তাদের উপর আক্রমণ করে বিধ্বস্ত করে করেন।[]

কিছুদিন পরেই মুহাম্মদ ও মু'নিসের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। ৯৩১ সালের জুন/জুলাই মাসে মুহাম্মদকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মু'নিস তাকে নির্বাসনের দাবি জানান এবং প্রাথমিক অনিচ্ছা সত্ত্বেও আল-মুকতাদির তার চাপে সমর্থন দেন। ৯৩১ সালের জুলাই মাসে মুহাম্মদকে দূরবর্তী সিজিস্তান প্রদেশে পাঠানো হয়। কিন্তু যখন আল-মুক্তাদির ও মু'নিসের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, তখন মুহাম্মদকে পুনরায় আহ্বান জানানো হয়। তিনি ৯৩১ সালের জানুয়ারি মাসে বাগদাদে ফেরেন। তখন তাকে একটি বাহিনীর প্রধান হিসেবে তিকরিতের দিকে পাঠানো হয়। কিন্তু মু'নিস যখন মসুল থেকে বাগদাদের দিকে এগোয়, তখন মুহাম্মদ ও তার সহকর্মী কমান্ডার সাঈদ ইবনে হামাদান যুদ্ধ না করেই সরে যান।[]

আল-কাহির ও আর-রাজির শাসনামলে

[সম্পাদনা]

এতে মুনিস বিজয়ী হন এবং ৯৩১ সালের অক্টোবর মাসে বাগদাদে আল-মুকতাদিরকে হত্যা করে আল-কাহিরকে সিংহাসনে বসান। মুহাম্মদ, আল-মুকতাদিরের পুত্র আব্দুল ওয়াহিদ ও আল-মুক্তাদিরের অনুগামী অন্যান্য নেতারা শহর ত্যাগ করে আল-মাদাইন হয়ে পরে ওয়াসিতে আশ্রয় নেন। সেখানে তাদের কয়েকজন দলে দলে বিদ্রোহ করায় নতুন খলিফা সেনাপতি ইয়ালবাকের নেতৃত্ব বাহিনী প্রেরণ করেন। খলিফার বাহিনী যখন তাদের কাছে পৌঁছায়, তারা তুস্তুরে পলায়ন করেন। মুহাম্মাদের অহংকারী ও স্বার্থপর আচরণ তার সমর্থকদের মাঝে দ্রুত দূরত্ব সৃষ্টি করে এবং তারা একে একে তাকে ছেড়ে চলে যায়। অবশেষে আব্দুল ওয়াহিদও আত্মসমর্পণ করলে মুহাম্মদ সেনাপতি ইয়ালবাকের কাছে আত্মসমর্পণ করেন এবং ক্ষমার চুক্তি করেন।[]

বাগদাদে ফিরে এসে মুহাম্মদ দ্রুত আল-কাহিরের বিশ্বস্ততা অর্জন করেন এবং তার সংক্ষিপ্ত শাসনকালে প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হন। এরপর যখন আল-কাহিরকে অপসারণ করা হয় এবং ৯৩৪ সালের এপ্রিলে আর-রাদিকে (শা. ৯৩৪–৯৪০) খলিফা হিসেবে বসানো হয়, মুহাম্মদকে সচিব ও সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এভাবে তিনি উজির ইবনে মুকলার থেকেও বেশি ক্ষমতায় পৌঁছে যান এবং প্রকৃতপক্ষে রাষ্ট্রের কার্যনির্বাহী ক্ষমতার অধিকারী হন। এই অবস্থান থেকে তিনি হারুন ইবনে গারিবের বিরুদ্ধে অভিযান চালান, যিনি আল-মুকতাদিরের চাচাতো ভাই ও কুফার গভর্নর ছিলেন। তিনি আর-রাদির বিরুদ্ধে বিদ্রোহ করেন। ৯৩৪ সালের মে মাসে মুহাম্মদ হারুনের বাহিনীর সঙ্গে যুদ্ধে পরাজিত হন। কিন্তু পরবর্তীতে মুহাম্মদের এক দাস হারুনকে হত্যা করেন এবং তার বিদ্রোহ ভেস্তে যায়।[]

মুহাম্মদের অসীম ক্ষমতার ফলে খিলাফতে তাঁর অনেক শত্রু তৈরি হয়, বিশেষ করে ইবন মুকলা। তিনি আর-রাদিকে প্রভাবিত করে মুহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সক্ষম হন। ৯৩৫ সালের ১২ এপ্রিল মুহাম্মদ, তার ভাই আবু ফাস আল মুজাফফর ও তার সচিব আবু ইসহাক আল-কারারাতি আটক হন। এর কিছুদিন পরেই মুহাম্মাদ কারাগারে মারা যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Zetterstéen 1993, পৃ. 413–414।
  2. 1 2 3 4 5 Zetterstéen 1993, পৃ. 414।

সূত্র

[সম্পাদনা]
  • Zetterstéen, K. V. (১৯৯৩)। "Muḥammad b. Yāḳūt"। Bosworth, C. E.; van Donzel, E.; Heinrichs, W. P.; Pellat, Ch. (সম্পাদকগণ)। The Encyclopaedia of Islam, New Edition, Volume VII: Mif–Naz। Leiden: E. J. Brill। পৃ. ৪১৩–৪১৪। ডিওআই:10.1163/1573-3912_islam_SIM_5374আইএসবিএন ৯০-০৪-০৯৪১৯-৯ {{বিশ্বকোষ উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |lastauthoramp= উপেক্ষা করা হয়েছে (|name-list-style= প্রস্তাবিত) (সাহায্য); অবৈধ |ref=harv (সাহায্য)