বিষয়বস্তুতে চলুন

মাহ প্রসাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নামঘরে ভক্তদের দেওয়া এক ধরনের ‘মাহ-প্রসাদ’। প্রচলিতভাবে কলাপাতা বা কলার দোন ব্যবহার করে এই প্রসাদ পরিবেশন করা হয়। ছবিতে কলাপাতার এমন একটি পাত্র দেখা যাচ্ছে।

মাহ-প্রসাদ (মাস-প্রসাদ) হলো আসামের মহাপুরুষীয়া নামধর্মের নামঘর ও অন্যান্য কীর্তন-অনুষ্ঠানে ভগবানকে নিবেদন করা এক প্রকার নৈবেদ্য। ‘প্রসাদ’ শব্দের অর্থ অনুগ্রহ, কৃপা, বা প্রসন্নতা। বিষ্ণুকে নিবেদিত দ্রব্য বা গুরুজনের ভক্ষণান্তে অবশিষ্ট অংশকে প্রসাদ বলা হয়। ভগবানের প্রীতির উদ্দেশ্যে তাঁর গ্রহণযোগ্য ফল-মূল বা স্থানীয়ভাবে উৎপন্ন উপকরণ অর্পণ করা হলে তাই প্রসাদে পরিণত হয়। আসামের সত্ৰগুলোতে স্থানীয়ভাবে উৎপন্ন মগু ডাল, চাল, বুট ডাল, নারিকেল, আদা, কলা প্রভৃতি একত্র করে যখন নিবেদন করা হয়, তখন সেটিই নৈবেদ্য বা প্রসাদ হিসেবে গণ্য হয়। ভারতর অন্যান্য অঞ্চলে নৈবেদ্যের উপকরণ ভিন্নরকম হলেও অসমে মগু ডাল সহজলভ্য হওয়ায় এটি প্রসাদের মুখ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তাই এর নাম ‘মাহ-প্রসাদ’ বা অঞ্চলভেদে ‘মাহ-চাউল’।[১] শ্রীমন্ত শংকরদেব প্রতিষ্ঠিত সত্ৰসমূহে স্থানীয় উপাদান—মগু ডাল, কলা ইত্যাদি—শিষ্যদের পুষ্টিকর খাদ্যরূপে প্রসাদ হিসেবে প্রদান করা হতো।[২] ফলা (অর্থাৎ গোটা) মগু ডাল পানি দিয়ে ভিজিয়ে নরম করে, ভালো করে ধুয়ে, কাঁচা ভেজানো বুট ডালের সঙ্গে মিশিয়ে মাহ-প্রসাদ প্রস্তুত করা হয়। নৈবেদ্যরূপে উৎসর্গ করার সময় ভিজানো সামান্য চাল পাশে দেওয়া হয়, তবে লবণ মেশানো হয় না। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের সময় স্বাদ বৃদ্ধির জন্য লবণ, ছোট ছোট আদা কুচি ও নারিকেল কুচি মিশিয়ে দেওয়া হয়। সাধারণত কলাপাতায় এই মাহ-প্রসাদের সঙ্গে কলা, আখ, জাম্বুরা, আপেল, কমলা ইত্যাদি মৌসুমি ফল পরিবেশন করা হয়।

পুষ্টিগুণ

[সম্পাদনা]

মাহ-প্রসাদে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এর প্রধান উপাদান—ছোলা, মুগ ও নারিকেল—শরীরে প্রোটিন, ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস ও ভিটামিন ‘এ’ সরবরাহ করে। এসব উপাদান শরীর সুস্থ রাখতে সহায়ক।

অন্য উপাদান—যেমন কলা, শশা, পেয়ারা, জাম্বুরা ইত্যাদিতে থাকা পানি ও ভিটামিন ‘সি’ শরীরে লৌহ–শোষণে সাহায্য করে এবং ‘কোলাজেন’ উৎপাদনে উপকারী। প্রসাদের সব উপাদানেই বিভিন্ন মাত্রার ভিটামিন ‘বি’ থাকে, যা শরীর খাদ্য থেকে সংগ্রহ করে। ফলমূলের উপস্থিতি প্রসাদকে আরও পুষ্টিকর করে তোলে। এমনকি ব্যবহৃত লবণও মানুষের শরীরের জন্য অপরিহার্য উপাদান।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ দেৱগোস্বামী, নাৰায়ণ চন্দ্ৰ (২০০৫)। সত্ৰীয়া সংস্কৃতিৰ স্বৰ্ণৰেখা। লয়াৰ্ছ বুক ষ্টল। পৃ. ৫৫২।
  2. ↑ পাটবাউসী, শ্ৰীশ্ৰীশঙ্কৰদেৱ থান (১৯৯৯)। বাউসী বিলায়েত। অসম সাহিত্য সভা। পৃ. গ–২১।
  3. ↑ শইকীয়া, ডা° শিল্পী (২০১৬)। "মাহ-প্ৰসাদ আৰু আমাৰ স্বাস্থ্য"। শিলালিপি।