বিষয়বস্তুতে চলুন

মহানির্ব্বাণ মঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহানির্ব্বাণ মঠ
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাকলকাতা
অবস্থান
অবস্থান১১৩ রাসবিহারী অ্যাভিনিউ কলকাতা
রাজ্যপশ্চিমবঙ্গ
দেশভারত
স্থাপত্য
ধরনহিন্দু
সৃষ্টিকারীনিত্যগোপাল বসু
ওয়েবসাইট
https://mahanirbanmathkolkata.org/

মহানির্ব্বাণ মঠ কলকাতা মহানগরীর প্রাণবন্ত কোলাহলের মাঝে ১১৩ রাসবিহারী অ্যাভিনিউ-এ অবস্থিত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত একটি হিন্দু মঠ [১] এবং আধ্যাত্মিক কেন্দ্র ও উপাসনালয়। [২] ধর্মীয় উপাসনার সাথে স্থানীয় মানুষের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের একটি অন্যতম প্রধান কেন্দ্র এটি।

প্রতিষ্ঠা

[সম্পাদনা]

মহানির্ব্বাণ মঠের প্রতিষ্ঠাতা হলেন হিন্দুধর্মের ঋষভপন্থী অবধূত সম্প্রদায়ের নিত‍্যগোপাল বসু বা জ্ঞানানন্দ অবধূত।তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের সমসাময়িক বাঙালি হিন্দু সাধক এবং শ্রীরামকৃষ্ণের স্নেহধন‍্য অন্তরঙ্গ ভক্ত। নিত্যগোপালের আধ্যাত্মিক অবস্থা লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ তাঁর সম্বন্ধে বলেন, বিশেষ সাধন-ভজনাদি ছাড়াই তাঁর আধ্যাত্মিক অনুভূতি লাভ হয় যাকে তিনি 'পরমহংস অবস্থা' হিসাবে বর্ণনা করেন। রামকৃষ্ণের দেহাবসানের পর তাঁর অস্থিভস্ম কাঁকুডগাছির যোগোদ্যানে রাখা হলে নিত‍্যগোপাল সেখানে পাঁচ-ছয় মাস কাল নিত্যপূজা করেন। [৩] পরে অসুস্থতার কারণে পূজার কাজ ত্যাগ করেন এবং নিজস্ব পৃথক ভাবধারায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১৮ জুন ( ১৩০১ বঙ্গাব্দের ৫ আষাঢ় ) প্রথমে ২৯, মনোহরপুকুর রোডে স্থাপন করেন মহানির্ব্বাণ মঠ। সেই সময়ে এলাকাটি আম, বেল, তাল, নারিকেল প্রভৃতি গাছগাছালির জঙ্গলে ভরা ছিল। বর্তমানে যার অবস্থান ১১৩, রাসবিহারী অ্যাভিনিউ-এ[৪] নিত্যগোপাল ১৩১৭ বঙ্গাব্দের ৭ মাঘ (১৯১১ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি) হুগলিতে তাঁরই প্রতিষ্ঠিত নিত্য মঠে প্রয়াত হন। কিন্তু তাঁর ইচ্ছানুসারে কলকাতার মহানির্ব্বাণ মঠে তাঁর দিব্যদেহ তাম্রকণায় ৯ মাঘ তারিখে (তথা ২৩ জানুয়ারি) সমাধিস্থ করা হয়। মঠের মূল মন্দিরটি তাঁর সমাধি স্থলেই নির্মিত হয়েছে এবং সেখানেই বিরাজিত পরম গুপ্তাবতার ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেবের মর্মর মূর্তি।

মহানির্বাণ মঠে সমাধির উপর স্থাপিত শ্রীশ্রী নিত্যগোপাল দেবের মর্মর মূর্তি

শ্রীশ্রীনিত্যগোপাল দেবের নির্দেশ অনুসারে মঠের প্রধান পথের দুপাশে ছোট কুঠুরি এবং পথে 'নহবত' ( সানাই বা বাদ্যযন্ত্র বাজানোর মঞ্চ) নির্মিত হয়েছে। মহানির্ব্বাণ মঠের চমৎকার স্থাপত্যের পাশাপাশি রয়েছে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা বাগান, যা নিত্যগোপাল দেবের ভক্ত এবং শান্তিপ্রার্থী তাঁর অনুসারীদের এক নির্মল পটভূমি উপস্থাপন করে।[৫]

কার্যকলাপ

[সম্পাদনা]

মহানির্ব্বাণ মঠ ট্রাস্ট বোর্ড দ্বারা মঠের সমস্ত কার্যকলাপ পরিচালিত হয়। মঠটিতে নিত্যগোপাল দেবের নিত্যনৈমিত্তিক পূজা আরাধনা ছাড়াও সামাজিক কেন্দ্র হিসাবে আধ্যাত্মিক আলোচনা, নিত্যপ্রয়োজনীয় প্রার্থনা এবং শ্রদ্ধার সঙ্গে শ্রাদ্ধানুষ্ঠান[৬], উপনয়ন এবং অন্নপ্রাশনের মতো বাঙালি হিন্দুর সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান আয়োজন করা হয়।

এছাড়াও, মঠ প্রাঙ্গণে সাধারণ মানুষের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা আছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Mahanirban Math"। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।
  2. ↑ "Mahanirban Math"। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।
  3. ↑ "শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতে উল্লিখিত ব্যক্তিবৃন্দের পরিচয়"। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫।
  4. ↑ "About Us-"। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।
  5. ↑ "Mahanirban Math"। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।
  6. ↑ "Last Journery"। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।