বিষয়বস্তুতে চলুন

বেগম রোকেয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে পুনর্নির্দেশিত)
বেগম রোকেয়া
জন্ম৯ ডিসেম্বর ১৮৮০
পায়রাবন্দ, রংপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৯ ডিসেম্বর ১৯৩২(1932-12-09) (বয়স ৫২)
কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত)
জাতীয়তাব্রিটিশ-ভারতীয়
দাম্পত্যসঙ্গীসৈয়দ সাখাওয়াত হোসেন
আত্মীয়করিমুন্নেসা খানম চৌধুরানী (বোন)

রোকেয়া সাখাওয়াত হোসেন[] (সাধারণত বেগম[] রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০[] – ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাকে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী হিসেবে বিবেচনা করা হয়।[] ২০০৪ সালে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া।[] ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনি ও শ্লে­ষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত।[] উদ্ভাবনা, যুক্তিবাদিতা এবং কৌতুকপ্রিয়তা তার রচনার সহজাত বৈশিষ্ট্য।[] তার প্রবন্ধের বিষয় ছিল ব্যাপক ও বিস্তৃত। বিজ্ঞান সম্পর্কেও তার অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায় বিভিন্ন রচনায়।[] মতিচূর (১৯০৪) প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী-পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম-অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন।[] তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত।[][] পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ-বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।[]

রোকেয়ার কর্ম ও আদর্শ উদ্‌যাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতি বছর ৯ ডিসেম্বর রোকেয়া দিবস উদ্‌যাপন করে এবং বিশিষ্ট নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]
বেগম রোকেয়ার পৈতৃক নিবাসের উত্তর দিকের ধ্বংসাবশেষ।

রোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অর্ন্তগত পায়রাবন্দ গ্রামে। তার পিতা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। তার মাতা ছিলেন রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। তার দুই বোন করিমুননেসা ও হুমায়রা, আর তিন ভাই যাদের একজন শৈশবে মারা যায়।

কোনো ভগ্নী মস্তক উত্তোলন করিয়াছেন, অমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের বচন-রূপ অস্ত্রাঘাতে তাঁহার মস্তক চূর্ণ হইয়াছে। … আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্যে পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলি ইশ্বরের আদেশ বলিয়া প্রচার করিয়াছেন। … এই ধর্মগ্রন্থগুলি পুরুষরচিত বিধিব্যবস্থা ভিন্ন কিছুই নহে। মুনিদের বিধানে যে কথা শুনিতে পান, কোনো স্ত্রী-মুনির বিধানে হয়ত তাঁহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন। … ধর্ম আমাদের দাসত্বের বন্ধন দৃঢ় হইতে দৃঢ়তর করিয়াছে; ধর্মের দোহাই দিয়া পুরুষ এখন রমণীর উপর প্রভুত্ব করিতেছেন।

— বেগম রোকেয়া, ১৯০৪[][১০][১১]

বেগম রোকেয়ার পিতা আবু আলী হায়দার সাবের আরবি, উর্দু, ফারসি, বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় পারদর্শী হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। তার বড় দু’ভাই মোহাম্মদ ইব্রাহীম আবুল আসাদ সাবের ও খলিলুর রহমান আবু যায়গাম সাবের ছিলেন বিদ্যানুরাগী। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যয়ন করে তারা আধুনিকমনস্ক হয়ে ওঠেন।[] তার বড় বোন করিমুন্নেসাও ছিলেন বিদ্যোৎসাহী ও সাহিত্যানুরাগী। বেগম রোকেয়ার শিক্ষালাভ, সাহিত্যচর্চা এবং সামগ্রিক মূল্যবোধ গঠনে বড় দু’ভাই ও বোন করিমুন্নেসার যথেষ্ট অবদান ছিল।

তৎকালীন সমাজব্যবস্থায় মেয়েদের গৃহের অর্গলমুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের কোনো সুযোগ ছিল না। পাঁচ বছর বয়সে মায়ের সঙ্গে কলকাতায় বসবাস করার সময় একজন মেম শিক্ষয়িত্রীর নিকট তিনি কিছুদিন লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন।[] কিন্তু সমাজ ও আত্মীয়স্বজনদের ভ্রুকুটির জন্য তাও বন্ধ করে দিতে হয়।[] তবু রোকেয়া দমে যাননি। বড় ভাই-বোনদের সমর্থন ও সহায়তায় তিনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি এবং আরবি আয়ত্ত করেন।

যোগেন্দ্রনাথ গুপ্ত রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে বঙ্গের মহিলা কবি গ্রন্থে লিখেছেন,[১২]

বঙ্গের মহিলা কবিদের মধ্যে মিসেস আর,এস, হোসায়েনের নাম স্মরণীয়। বাঙ্গালাদেশের মুসলমান-নারী-প্রগতির ইতিহাস-লেখক এই নামটিকে কখনো ভুলিতে পারিবেন না। রোকেয়ার জ্ঞানপিপাসা ছিল অসীম। গভীর রাত্রিতে সকলে ঘুমাইলে চুপি চুপি বিছানা ছাড়িয়া বালিকা মোমবাতির আলোকে জ্যেষ্ঠ ভ্রাতার কাছে ইংরাজী ও বাংলায় পাঠ গ্রহণ করিতেন। পদে পদে গঞ্জনা সহিয়াও এভাবে দিনের পর দিন তাঁহার শিক্ষার দ্রুত উন্নতি হইতে লাগিল। কতখানি আগ্রহ ও একাগ্রতা থাকিলে মানুষ শিক্ষার জন্য এরূপ কঠোর সাধনা করিতে পারে তাহা ভাবিবার বিষয়।

সাহিত্যচর্চার সূচনা

[সম্পাদনা]

সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯০২ সালে।কলকাতা থেকে প্রকাশিত 'নভপ্রভা' পত্রিকায় ছাপা হয়"পিপাসা"।বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। ১৯০৫ সালে প্রথম ইংরেজি রচনা "সুলতানাজ ড্রিম বা সুলতানার স্বপ্ন" মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। সবাই তার রচনা পছন্দ করে। তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

স্বামী সৈয়দ সাখাওয়াৎ হোসেনের সাথে রোকেয়া (১৮৯৮)

১৮৯৮ সালে রোকেয়ার বিয়ে হয় বিহারের ভাগলপুর নিবাসী উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তদুপরি সমাজসচেতন, কুসংস্কারমুক্ত এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গিসম্পন্ন। উদার ও মুক্তমনের অধিকারী স্বামীর উৎসাহ ও সহযোগিতায় রোকেয়া দেশি-বিদেশি লেখকদের রচনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হবার সুযোগ পান এবং ক্রমশ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তার সাহিত্যচর্চার সূত্রপাতও ঘটে স্বামীর অনুপ্রেরণায়। তবে রোকেয়ার বিবাহিত জীবন বেশিদিন স্থায়ী হয়নি। ১৯০৯ সালের ৩ মে সাখাওয়াৎ হোসেন মারা যান। ইতোপূর্বে তাঁদের দুটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে অকালেই মারা যায়। ১৯০২ সালে পিপাসা নামে একটি বাংলা গল্প লিখে সাহিত্যজগতে তার অবদান রাখা শুরু হয়। এরপর একে একে লিখে ফেলেন মতিচূর-এর প্রবন্ধগুলো এবং সুলতানার স্বপ্ন-এর মতো নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনী।

সাংগঠনিক কর্মকাণ্ড

[সম্পাদনা]

স্বামীর মৃত্যুর পর নিঃসঙ্গ রোকেয়া নারীশিক্ষা বিস্তার ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। ১৯০৯ সালের ১ অক্টোবর স্বামীর প্রদত্ত অর্থে পাঁচটি ছাত্রী নিয়ে তিনি ভাগলপুরে ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস’ স্কুল স্থাপন করেন। কিন্তু পারিবারিক কারণে রোকেয়া ভাগলপুর ছেড়ে কলকাতায় এসে বসবাস শুরু করেন। ১৯১১ সালের ১৬ মার্চ কলকাতার ১৩ নং ওয়ালিউল্লাহ লেনের একটি বাড়িতে মাত্র আটজন ছাত্রী নিয়ে তিনি নবপর্যায়ে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন। ১৯১৬ সালের মধ্যে ছাত্রীসংখ্যা একশত পেরিয়ে যায়।[১৪] স্কুল পরিচালনা ও সাহিত্যচর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত রোকেয়া নিজেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখেন। ১৯১৬ সালে তিনি মুসলিম বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন।[১২] ১৯২৬ সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলার নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯৩০ সালে বঙ্গীয় মুসলিম সম্মেলনে রোকেয়া বাংলা ভাষার পক্ষে জোরালো বক্তব্য রাখেন, যা সে যুগের পরিপ্রেক্ষিতে ছিলো দুঃসাহসিক কাজ।[]

সাহিত্য কর্ম

[সম্পাদনা]

রোকেয়া তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছেন মতিচূর প্রবন্ধসংগ্রহের প্রথম (১৯০৪) ও দ্বিতীয় খণ্ডে (১৯২২)। সুলতানার স্বপ্ন (১৯০৫), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১) ইত্যাদি তার সৃজনশীল রচনা। তার সুলতানার স্বপ্নকে বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইলফলক ধরা হয়। গ্রন্থাকারে প্রকাশিত হবার আগে তার লেখাগুলো নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।[১৫] তার প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি নারীশিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গসমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। হাস্যরস আর ব্যঙ্গ-বিদ্রুপের সাহায্যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছেন। তার রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন, ধর্মের নামে নারীর প্রতি অবিচার রোধ করতে চেয়েছেন, শিক্ষা আর পছন্দানুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে নারী মুক্তি আসবে না --তা বলেছেন।[১৬]

রোকেয়া অলঙ্কারকে দাসত্বের প্রতীক বিবেচনা করেছেন এবং নারীদের অলঙ্কার ত্যাগ করে আত্মসম্মানবোধে উজ্জীবিত হয়ে আর্থরাজনৈতিক স্বাধীনতা অর্জনে সচেষ্ট হতে আহ্বান জানিয়েছেন:[১৭]

আমরা বহুকাল হইতে দাসীপনা করিতে করিতে দাসীত্বে অভ্যস্ত হইয়া পড়িয়াছি। ক্রমে পুরুষরা আমাদের মনকে পর্য্যন্ত দাস করিয়া ফেলিয়াছে।... তাহারা ভূস্বামী গৃহস্বামী প্রভৃতি হইতে হইতে আমাদের "স্বামী" হইয়া উঠিয়াছেন।... আর এই যে আমাদের অলঙ্কারগুলি– এগুলি দাসত্বের নিদর্শন। … কারাগারে বন্দিগণ লৌহনির্ম্মিত বেড়ী পরে, আমরা স্বর্ণ রৌপ্যের বেড়ী পরিয়া বলি "মল পরিয়াছি। উহাদের হাতকড়ী লৌহনির্ম্মিত, আমাদের হাতকড়ী স্বর্ণ বা রৌপ্যনির্ম্মিত "চুড়ি!"... অশ্ব হস্তী প্রভৃতি পশু লৌহশৃঙ্খলে আবদ্ধ থাকে, সেইরূপ আমরা স্বর্ণশৃঙ্খলে কণ্ঠ শোভিত করিয়া বলি "হার পরিয়াছি!" গো-স্বামী বলদের নাসিকা বিদ্ধ করিয়া "নাকা দড়ী" পরায়, আমাদের স্বামী আমাদের নাকে "নোলক" পরাইয়াছেন। অতএব দেখিলে ভগিনি, আমাদের ঐ বহুমূল্য অলঙ্কারগুলি দাসত্বের নিদর্শন ব্যতীত আর কিছুই নহে! … অভ্যাসের কি অপার মহিমা! দাসত্বে অভ্যাস হইয়াছে বলিয়া দাসত্বসূচক গহনাও ভালো লাগে। অহিফেন তিক্ত হইলেও আফিংচির অতি প্রিয় সামগ্রী। মাদক দ্রব্যে যতই সর্বনাশ হউক না কেন, মাতাল তাহা ছাড়িতে চাহে না। সেইরূপ আমরা অঙ্গে দাসত্বের নিদর্শন ধারণ করিয়াও আপনাকে গৌরবান্বিতা মনে করি। … হিন্দুমতে সধবা স্ত্রীলোকের কেশকর্ত্তন নিষিদ্ধ কেন? সধবানারীর স্বামী ক্রুদ্ধ হইলে স্ত্রীর সুদীর্ঘ কুম্ভলদাম হস্তে জড়াইয়া ধরিয়া উত্তম মধ্যম দিতে পারিবে। … ধিক আমাদিগকে!আমরা আশৈশব এই চুলের কত যত্ন করি! কি চমৎকার সৌন্দর্য্যজ্ঞান!

মৃত্যু

[সম্পাদনা]
বেগম রোকেয়ার সমাধি, পাণিহাটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, সোদপুর, কলকাতা।

১৯৩২ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার ৫২ তম জন্মবার্ষিকী ছিল। সেদিন সকালে বেগম রোকেয়া ঘুম থেকে উঠে ওযু করেন; হঠাৎ বুক ব্যথা উঠে পরে তা প্রচন্ড রূপ ধারণ করেন এবং তিনি মৃত্যু বরণ করেন। সেসময় তিনি ‘নারীর অধিকার’ নামে একটি প্রবন্ধ লিখছিলেন। তার কবর উত্তর কলকাতার সোদপুরে অবস্থিত যা পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অমলেন্দু দে আবিষ্কার করেন ।

স্বীকৃতি

[সম্পাদনা]
বেগম রোকেয়া উদ্যান, কলকাতা

বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র

[সম্পাদনা]
বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর

রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে বাংলাদেশ সরকার একটি গণউন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে পৈতৃক ভিটায় ৩ দশমিক ১৫ একর ভূমির উপর নির্মিত হয়েছে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। এতে অফিস ভবন, সর্বাধুনিক গেস্ট হাউজ, ৪ তলা ডরমেটরি ভবন, গবেষণা কক্ষ, লাইব্রেরি ইত্যাদি রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্মৃতিকেন্দ্রটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলা একাডেমি।[২৫]

জনপ্রিয় সংস্কৃতিতে

[সম্পাদনা]

বেগম রোকেয়ার উপন্যাসিকা সুলতানার স্বপ্ন অবলম্বনে স্পেনীয় নির্মাতা ইসাবেল হারগুয়েরা এল সুয়েনো দে লা সুলতানা নামে একটি অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করেন।[২৬]

আরও দেখুন

[সম্পাদনা]
  1. নিবন্ধে আলোচ্য ব্যক্তির বিবাহসূত্রে নাম: রোকেয়া সাখাওয়াত হোসেন। জন্মসূত্রে নাম: রোকেয়া খাতুন।[][]
  2. 'বেগম' তার নামের অংশ নয়। সাধারণত বাংলাদেশে শ্রদ্ধাবশত তার নামের সামনে 'বেগম' ব্যবহার করা হয়।
  3. যদিও রোকেয়ার জন্মদিবস ও মৃত্যুদিবস ৯ই ডিসেম্বর একই সাথে পালিত হয়, তার জন্মদিবস অনুমিত এবং এ বিষয়ে কোন প্রামাণ্য দলিল নেই।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 8 9 শাহীদা আখতার (২০১২)। "হোসেন, রোকেয়া সাখাওয়াৎ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  2. নিয়াজ, জামান"A Feminist Foremother: Critical Essays on Rokeya Sakhawat Hossain"দ্য ডেইলি স্টার। ৭ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮
  3. আজাদ, হুমায়ুন (১৯৯২)। "পুরুষতন্ত্র ও রোকেয়ার নারীবাদ"। নারী। ঢাকা: আগামী প্রকাশন। পৃ. ২৮২–২৯৯।
  4. 1 2 মুরশিদ, গোলাম (২০১৩) [প্রথম প্রকাশ ১৯৯৩]। "প্রথম নারীবাদী: রোকেয়া সাখাওয়াত হোসেন"। নারীপ্রগতির একশো বছর: রাসসুন্দরী থেকে রোকেয়া (অবসর ২০১৩ সংস্করণ)। ঢাকা: অবসর। পৃ. ১৬৯–১৯৮। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৭৯৬-৪৭-৪
  5. "দ্য ডেইলি স্টার Web Edition Vol. 4 Num 313"দ্য ডেইলি স্টার। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮
  6. "Begum Rokey, Sultana's Dream and woman power"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮
  7. "Sultana's Dream: Still a distant Utopia?"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮
  8. "আজ রোকেয়া দিবস"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮
  9. মুরশিদ, গোলাম (২০১৩) [প্রথম প্রকাশ ১৯৯৩]। "প্রথম নারীবাদী: রোকেয়া সাখাওয়াত হোসেন"। নারীপ্রগতির একশো বছর: রাসসুন্দরী থেকে রোকেয়া (অবসর ২০১৩ সংস্করণ)। ঢাকা: অবসর। পৃ. ১৬৯। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৭৯৬-৪৭-৪
  10. রোকেয়া, বেগম। "আমাদের অবনতি"। নবনূর, ২য় বর্ষ, ৫ম সংখ্যা। আগস্ট-সেপ্টেম্বর, ১৯০৪। কলকাতা। পৃষ্ঠা ২১৬-২১৮।
  11. বেগম, মালেকা (২০১০) [প্রথম প্রকাশ ১৯৮৯]। "নারী আন্দোলনের সূচনা"। বাংলার নারী আন্দোলন। ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। পৃ. ৭১। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৮১৫-৭০-০
  12. 1 2 "বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান, আহমদ পাবলিশিং হাউস, ঢাকা, ৮ম সংস্করণ, ১৯৯৭ইং, পৃষ্ঠাঃ ২৫০-১
  13. রোকেয়া, বেগম (২০১৬)। সৈয়দ, আবদুল মান্নান; হোসেন, সেলিনা; আলম, মুহম্মদ শামসুল; সাবের, মাজেদা; হুদা, মুহম্মদ নূরুল (সম্পাদকগণ)। রোকেয়া রচনাবলী (পরিবর্ধিত ও পরিমার্জিত নতুন সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃ. ২১–২২।
  14. সৈয়দ, আবদুল মান্নান; হোসেন, সেলিনা; আলম, মুহম্মদ শামসুল; সাবের, মাজেদা; হুদা, মুহম্মদ নূরুল, সম্পাদকগণ (২০১৬) [রচনাকাল ১৯০৪]। "তথ্যপঞ্জি"। রোকেয়া রচনাবলী (পরিবর্ধিত ও পরিমার্জিত নতুন সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃ. ৫৪৭।
  15. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ৩৫৭।
  16. "বেগম রোকেয়ার রচনায়"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪
  17. রোকেয়া, বেগম (২০১৬) [রচনাকাল ১৯০৪]। "অলঙ্কার না দাসত্বের নিদর্শন"। রোকেয়া রচনাবলী (পরিবর্ধিত ও পরিমার্জিত নতুন সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃ. ৬০৫–৬০৬।
  18. রুবাইয়াত ইসলাম পিঙ্কি (৩০ জানুয়ারি ২০২০)। "অরুণোদয়ের দিনগুলি: উইমেন্স হল থেকে রোকেয়া হল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০
  19. "Rokeya Hall – University of Rajshahi"ru.ac.bd। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০
  20. "Bangladesh Agricultural University|"www.bau.edu.bd। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯
  21. প্রতিবেদক, নিজস্ব। "আজ রোকেয়া দিবস"www.prothomalo.com
  22. "ডেইলি স্টার, ৯ ডিসেম্বর ২০১৯"
  23. "বেগম রোকেয়ার সমাজ চিন্তা ও সমাজ পরিবতের্নর সংগ্রাম"যায়যায়দিন। ৭ ডিসেম্বর ২০১৮। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯
  24. "গুগলের ডুডলে আজ বেগম রোকেয়া"দৈনিক প্রথম আলো। ৯ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮
  25. "বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র ১২ বছর ধরে বন্ধ"banglanews24.com। ৯ ডিসেম্বর ২০১৬। ৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১
  26. "বেগম রোকেয়ার 'সুলতানাস ড্রিম' স্প্যানিশ অ্যানিমেশন, স্যান সেবাস্তিয়ানে"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ২৫ সেপ্টেম্বর ২০২৩। ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]