বিষ্ণুগোবিন্দ যোগ
বিষ্ণুগোবিন্দ যোগ | |
|---|---|
| জন্মনাম | विष्णु गोविंद जोग |
| জন্ম | ২২ ফেব্রুয়ারি ১৯২২ মুম্বই, বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ৩১ জানুয়ারি ২০০৪ (বয়স ৮১) কলকাতা পশ্চিমবঙ্গ ভারত |
| ধরন | হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত |
| পেশা | সংগীতজ্ঞ |
| বাদ্যযন্ত্র | বেহালা |
| কার্যকাল | ১৯৪৪ – ২০০৪ |
বিষ্ণুগোবিন্দ যোগ (২২ ফেব্রুয়ারি ১৯২২ – ৩১ জানুয়ারি ২০০৪) ( যিনি ভি জি যোগ নামে বেশি পরিচিত) [১] ছিলেন একজন ভারতীয় বেহালাবাদক। বিশ শতকে বেহালা সম্রাট পণ্ডিত ভি জি যোগ বেহালাকে একটি স্বাধীন একক যন্ত্রে রূপান্তরিত করতে এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত ঘরানায় এটিকে একটি যোগ্য অবস্থান দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন।[২] [৩]
জন্ম ও প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বিষ্ণুগোবিন্দ যোগের জন্ম ১৯২২ খ্রিস্টাব্দের ২২ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সির মুম্বইয়ে। বারো বৎসর বয়সে তার সঙ্গীত শিক্ষা শুরু হয়। প্রাথমিক শিক্ষা নেন এস সি আথাভালে এবং গণপত রাও পুরোহিতের কাছে। পরবর্তীতে ওস্তাদ আলাউদ্দিন খান এবং পণ্ডিত শ্রীকৃষ্ণ নারায়ণ রতনজঙ্করের মতো ভারতের সেরা সঙ্গীতজ্ঞদের কাছে প্রশিক্ষণ নেন। শ্রীলঙ্কার পণ্ডিত ডব্লিউ ডি অমরদেব যোগের অধীনে পড়াশোনা করেছেন। [১]
কর্মজীবন
[সম্পাদনা]বিষ্ণুগোবিন্দ ১৯৪৪ খ্রিস্টাব্দে লখনউয়ের 'ভাতখন্ডে মিউজিক ইনস্টিটিউট' (পূর্বতন মরিস কলেজ অফ মিউজিক) থেকে সঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সেখানে কিছুদিন শিক্ষকতা করেন। তারপরে তিনি কলকাতার আলী আকবর কলেজ অব মিউজিকেও শিক্ষকতা করেছেন। ১৯৫৩ খ্রিস্টাব্দে তিনি সঙ্গীত প্রযোজক হিসাবে ইন্ডিয়া রেডিওতে যোগ দেন। তিনি বিশ শতকের বিভিন্ন সময়ে ( বিসমিল্লাহ্ খান সহ ) অনেক সেরা হিন্দুস্তানি সঙ্গীতশিল্পীদের সাথে পরিবেশন ও রেকর্ড করেছিলেন এবং বিশ্ব ভ্রমণ করেন। তিনি প্রায়শই আকাশবাণী কলকাতা কেন্দ্রের সঙ্গীত বিভাগের জন্য পরিবেশন করতেন।
১৯৪৪ খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর 'বেহালা শিক্ষা' নামের এই বিষয়ে প্রামাণিক গ্রন্থ প্রকাশিত হয়। তিনি বিদেশী দেশগুলিতে বহুবার সফর করেন। একক পরিবেশনা ছাড়াও দিকপাল সঙ্গীতকুশলীদের সাথে যুগলবন্দীতে অংশ নেন এবং সেগুলির এলপি এবং ইপি গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয়। ভারতের নানা শহর ছাড়াও বিদেশের পূর্ব আফ্রিকা, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম জার্মানি ব্যাপকভাবে সফর করেন। ১৯৮৫ খ্রিস্টাব্দে, মার্কিন যুক্তরাষ্ট্রে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় তার পরিবেশনা উচ্চ প্রশংসিত হয়েছিল।
অবসর গ্রহণের সময় তিনি আকাশবাণীর উপ-প্রধান প্রযোজক পদে উন্নীত হন।
শৈলী
[সম্পাদনা]গোয়ালিয়র, আগ্রা এবং বাখালে ঘরানায় প্রশিক্ষিত হয়ে বিষ্ণুগোবিন্দ যোগ তার নিজস্ব প্রতিভায় এক বৈশিষ্ট্যযুক্ত শৈলীর বিকাশ ঘটিয়েছিলেন, যা ছিল তার গায়কি এবং গুর্জরি টোডি বিলম্বিত তিনতাল গাটকারির অপূর্ব মিশ্রণ- সুর ও ঘরানার বিশুদ্ধতার জন্য প্রসিদ্ধ। তিনি প্রায়শই শ্রোতাদের রুচি অনুসারে হালকা থিম এবং করুণাধারায় প্রবাহিত লোকসঙ্গীতের সুর দিয়ে তাদের মাতিয়ে তুলতেন। তার প্রতিভা, রাগের উপর দক্ষতা, ছন্দের নির্মাণ ও জ্ঞানে স্থান-কালের অসাধারণ উপলব্ধি ছিল তার সঙ্গীত-শৈলীর বৈশিষ্ট্য।
হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বিষ্ণুগোবিন্দের নাম আর বাদ্যযন্ত্র বেহালা প্রায় সমার্থক। তিনিই পাঁচ দশকের সঙ্গীত জীবনে এটিকে একক বাদ্যযন্ত্ররূপে প্রতিষ্ঠিত করেন এবং পরবর্তী তিন প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে দৃষ্টান্তমূলক শীর্ষ স্থান অক্ষুন্ন রাখেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বেহালা সম্রাট পণ্ডিত বিষ্ণুগোবিন্দ যোগ ১৯৯৯ খ্রিস্টাব্দ হতে পারকিনসন রোগে এবং শেষের দিকে শ্বাসকষ্ট জনিত নানা সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ অসুস্থতার পর তিনি ২০০৪ খ্রিস্টাব্দের ৩১ জানুয়ারি দক্ষিণ কলকাতায় প্রয়াত হন।
তার শিষ্য পণ্ডিত পল্লব বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিতে কলকাতায় স্বরসাধনা নামে এক সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন। প্রতি বছর ৩১শে জানুয়ারি বেহালা সম্রাটের প্রয়াণ দিবসে 'গুরু প্রণাম' -এ কলকাতায় কনসার্ট অনুষ্ঠিত হয়।[৪] বরেণ্য শিল্পীদের প্রতি বছর ভি জি যোগ সম্মাননায় ভূষিত করা হয়। [৫]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]পণ্ডিত ভি জি যোগ তার সঙ্গীত জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননাগুলি হল-
- পদ্মভূষণ ,
- সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার ,
- পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রাজ্য নাটক পুরস্কার,
- কালিদাস সম্মান ,
- ভুওয়ালকা পুরস্কার,
- হাফিজ আলী খান পুরস্কার। [৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "V.G. Jog"। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৫।
- ↑ "পণ্ডিত ভি জি যোগ"। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৫।
- ↑ "ITC Sangeet Research Academy - Tribute Maestro"। www.itcsra.org। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১।
- ↑ Romero, Angel (১০ নভেম্বর ২০১৯)। "Artist Profiles: V.G. Jog | World Music Central.org" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১।
- ↑ "সঙ্গীতাঞ্জলি - কলকাতার কড়চা"। ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৫।
- ↑ "Violinist V G Jog passes away"। The Times of India (ইংরেজি ভাষায়)। ১ ফেব্রুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ভিজি যোগ মৃত্যুবরণ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ আগস্ট ২০১২ তারিখে
- টাইমস অফ ইন্ডিয়া থেকে ভিজি যোগ মৃত্যুবরণ
- দ্য হিন্দু থেকে ভিজি যোগ মৃত্যুবরণ