বিশর ইবনে দাউদ আল-মুহাল্লাবি
বিশর ইবনে দাউদ আল-মুহাল্লাবি ( আরবি: بشر بن داود المهلبي) ছিলেন একজন আরব মুসলিম সামরিক কর্মকর্তা, যিনি খলিফা আল-মামুনের আমলে আব্বাসীয় খিলাফতের অধীনে সিন্ধু প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। [১]
জীবনী
[সম্পাদনা]বিশর ইবনে দাউদ মুহাল্লাবি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিশর। তিনি ছিলেন দাউদ ইবনে ইয়াজিদের পুত্র। দাউদ ইবনে ইয়াজিদ আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের শাসনামল থেকেই সিন্ধু প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে সিন্ধু ছিল একটি গুরুত্বপূর্ণ সীমান্ত প্রদেশ, যা প্রশাসনিক ও সামরিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।[২] ৮২০ অথবা ৮২১ সালে দাউদের মৃত্যুর পর তার পুত্র বিশর তার স্থলাভিষিক্ত হন এবং সিন্ধুর শাসনভার গ্রহণ করেন। এই সময় আব্বাসীয় খলিফা আল-মা'মুন ক্ষমতায় ছিলেন। বিশর তার পিতার উত্তরসূরি হিসেবে গভর্নর হতে চাইলে খলিফা আল-মা'মুন তাকে স্বীকৃতি দিতে সম্মত হন; তবে শর্ত দেন যে, বিশরকে প্রতি বছর এক মিলিয়ন দিরহাম খাজনা হিসেবে বাগদাদে পাঠাতে হবে। এই চুক্তির মাধ্যমে খলিফা সিন্ধুর উপর তার আনুগত্য বজায় রাখতে চেয়েছিলেন এবং একই সঙ্গে প্রদেশটির আর্থিক অবদান নিশ্চিত করতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে এই চুক্তি দীর্ঘস্থায়ী হয়নি। খুব শীঘ্রই বিশর খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেন।[৩] এমনকি তিনি বাগদাদে নির্ধারিত খাজনা পাঠানো বন্ধ করে দেন, যা কার্যত খলিফার কর্তৃত্ব অস্বীকার করার শামিল ছিল। এর প্রতিক্রিয়ায় খলিফা আল-মা'মুন ৮২৬ সালে হাজিব ইবনে সালিহের নেতৃত্বে সিন্ধুতে একটি বড় বাহিনী প্রেরণ করেন। তাকে সেখানে খলিফার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিশর এই অভিযানে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন এবং শেষ পর্যন্ত হাজিবের বাহিনীকে পরাজিত করেন। ফলে হাজিব ইবনে সালিহকে সিন্ধু থেকে পিছু হটতে বাধ্য হতে হয়।[৪] এই পরাজয়ের পরও খলিফা থেমে থাকেননি। তিনি পুনরায় ব্যবস্থা গ্রহণ করেন এবং গাসসান ইবন আব্বাদকে সিন্ধের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করে তাকে নির্দেশ দেন যে, যেন তিনি যেকোনো মূল্যে বিশরকে পরাজিত করে প্রদেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন।[৫]
তাই এবার পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। বিশর বুঝতে পারেন যে, দীর্ঘমেয়াদে খলিফার শক্তির বিরুদ্ধে টিকে থাকা কঠিন হবে। ফলে তিনি যুদ্ধের পরিবর্তে আত্মসমর্পণের পথ বেছে নেন। তিনি গাসসানের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান এবং গাসসান তাকে নিরাপত্তা প্রদানের ওয়াদা করেন। এরপর ৮৩১ সালে বিশর গাসসানের সঙ্গে ইরাকে ফিরে আসেন। এর মাধ্যমে তার বিদ্রোহের সমাপ্তি ঘটে এবং সিন্ধু প্রদেশে পুনরায় আব্বাসীয় শাসন প্রতিষ্ঠিত হয়। এরপর ইতিহাসে বিশরের আর কোনো উল্লেখ পাওয়া যায় না।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]উৎস
[সম্পাদনা]- Al-Baladhuri, Ahmad ibn Jabir. The Origins of the Islamic State, Part II. Trans. Francis Clark Murgotten. New York: Columbia University, 1924.
- Crone, Patricia. "Muhallabids." The Encyclopaedia of Islam, Volume VII. New Ed. Leiden: E. J. Brill, 1993. আইএসবিএন ৯০-০৪-০৯৪১৯-৯
- Al-Tabari, Abu Ja'far Muhammad ibn Jarir. The History of al-Tabari, Volume XXXII: The Reunification of the 'Abbasid Caliphate. Trans. Clifford Edmund Bosworth. Ed. Ehsan Yar-Shater. Albany, NY: State University of New York Press, 1987. আইএসবিএন ০-৮৮৭০৬-০৫৮-৭
- Al-Ya'qubi, Ahmad ibn Abu Ya'qub. Historiae, Vol. 2. Ed. M. Th. Houtsma. Leiden: E. J. Brill, 1883.