বিষয়বস্তুতে চলুন

ফ্রেডরিখ ফ্রোয়েবল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রেডরিখ ফ্রোয়েবল
জন্ম
Friedrich Wilhelm August Fröbel

(১৭৮২-০৪-২১)২১ এপ্রিল ১৭৮২
মৃত্যু২১ জুন ১৮৫২(1852-06-21) (বয়স ৭০)
যুগModern philosophy
অঞ্চলWestern philosophy
প্রধান আগ্রহ
Pedagogy
উল্লেখযোগ্য অবদান

ফ্রেডরিখ ফ্রোয়েবল বা ফ্রিডরিখ উইলহেম ফ্রোবেল (জন্ম: ২১ এপ্রিল ১৭৮২, ওবারওয়েইসবাখ, থুরিংজিয়া, আর্নেস্টাইন স্যাক্সনি—মৃত্যু: ২১ জুন ১৮৫২, ম্যারিয়েন্থাল, ব্যাড লিবেনস্টাইন, থুরিংজিয়ার কাছে), জার্মান শিক্ষাবিদ এবং কিন্ডারগার্টেনএর প্রতিষ্ঠাতা। জোহান হেনরিখ পেস্টালোজির তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে , তিনি ১৮৩৭ সালে একটি শিশু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যাকে তিনি পরে কিন্ডারগার্টেন বা "শিশুদের বাগান" নামে অভিহিত করেন। তিনি শিশু শিক্ষায় "স্ব-ক্রিয়াকলাপ" এবং খেলাধুলায় অপরিহার্য উপাদান হিসেবে বিশ্বাস করতেন, শিক্ষকের ভূমিকা ছিল অনুশীলন বা মতবাদ প্রদান করা নয় বরং খেলার মাধ্যমে আত্ম-প্রকাশকে উৎসাহিত করা। তিনি জন ডিউইর ধারণা সহ প্রাক-প্রাথমিক শিক্ষায় আধুনিক কৌশলগুলিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন ।[][]

ফ্রোয়েবলের মা মারা যান খুব অল্প বয়সে। মাত্র এক বছর বয়সেই মা হারানো শিশু হিসেবে জীবনে অন্ধকার আরও ঘনীভূত হয় তার। তার বাবা আরও বিয়ে করেন এবং নবাগত সৎমা তাকে বাঁকা চোখে দেখতে শুরু করে। শিশু হিসেবে তাকে কঠোর শাসনে রাখা হোত। কিন্তু মুক্তির মতো কোনো পথ খোলা ছিল না। শেষপর্যন্ত তাকে বাড়ি ছাড়তে হয়। ভাগ্যক্রমে এক চাচা তাকে আশ্রয় দেন এবং স্কুলেও ভর্তি করান। যে সময় একজন শিশু পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পায়, বন্ধুদের সাথে জীবনের সেরা সময়গুলো উপভোগ করে, সেসময় তাকে পেতে হয়েছে পরিবারের ঘৃণা ও অবহেলা। বড় হয়ে একজন মানুষ যেরকম শৈশব নিয়ে গর্ব করে, সেরকম কোনো শৈশব তিনি চোখে দেখেননি।

ফ্রোয়েবল যখন চাচার কাছে আশ্রয় পান, তখন তিনি নতুন করে জীবন নিয়ে ভাবতে শুরু করেন। চাচার বাসার সাথেই একটি চমৎকার বাগান ছিল। সেখানে তিনি বেশিরভাগ সময় একা থাকতেন। তিনি দিনের একটা বড় অংশ বাগানে কাটাতেন। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে তিনি প্রকৃতির প্রেমে পড়ে যান, এবং পরবর্তীতে জীবনের সবক্ষেত্রে প্রকৃতির দ্বারা প্রভাবিত হন। জন্মের পর মানুষের স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে যে প্রকৃতির বিশাল প্রভাব রয়েছে– এই বিষয়টি তার মাথায় খেলেছিল দারুণভাবে শিশু অবস্থা কালে। প্রাথমিক শিক্ষায় যে ‘কিন্ডারগার্টেন সিস্টেম’ উদ্ভাবনের জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন, সেই সিস্টেমেও কিন্তু প্রকৃতির প্রভাব এড়িয়ে যাওয়ার উপায় নেই কোনোভাবেই![][]

পেশাগত জীবন

[সম্পাদনা]

তার প্রথম পেশাগত পদ ছিল ফ্রাঙ্কফুর্টের একটি স্কুলে শিক্ষক হিসেবে। তিনি ব্যক্তিগতভাবে শিক্ষকতা করতেন, সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের জন্য অভ্যন্তরীণ শিক্ষক হিসেবে এবং জার্মানি জুড়ে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করতেন। নেপোলিয়নের যুদ্ধের সময় ফ্রোবেল প্রুশিয়ান সেনাবাহিনীতে কিছুক্ষণের জন্য দায়িত্ব পালন করেছিলেন। ১৮১৬ সালে, ফ্রোয়েবল ইউনিভার্সাল জার্মান এডুকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা পরের বছর কেইলহাউতে স্থানান্তরিত হয়। এই সময়ে, ফ্রোবেল শিক্ষা সম্পর্কিত তার তত্ত্বগুলি প্রকাশ করতে শুরু করেন। তার সর্বাধিক প্রশংসিত রচনা, দ্য এডুকেশন অফ ম্যান , ১৮২৬ সালে প্রকাশিত হয়।

ফ্রোয়েবল সুইজারল্যান্ডে সময় কাটিয়েছিলেন এবং ১৮৩১ সালে সেখানে শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছিলেন। ১৮৩৭ সালে জার্মানিতে ফিরে আসার পর, ফ্রোবেল তার কাজ প্রাক-বিদ্যালয় শিক্ষার অধ্যয়নের জন্য উৎসর্গ করেছিলেন এবং তিনি এই বিষয়ে বেশ কয়েকটি পত্রিকা এবং গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তিনি ব্ল্যাঙ্কেনবার্গে ছোট বাচ্চাদের জন্য চাইল্ড নর্চার অ্যান্ড অ্যাক্টিভিটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন; স্কুলটি শিক্ষাক্ষেত্রে খেলাধুলা এবং কার্যকলাপকে একীভূত করার জন্য ডিজাইন করা হয়েছিল। এর কিছুক্ষণ পরেই, ইনস্টিটিউটটি কিন্ডারগার্টেন (শিশু বাগান) নামে পরিচিতি লাভ করে। ফ্রোবেল কিন্ডারগার্টেনে বিল্ডিং ব্লক, প্যাটার্ন গেম এবং অন্যান্য শিক্ষামূলক অনুশীলন সহ সমস্ত শিক্ষামূলক খেলার সরঞ্জাম তৈরি করেছিলেন। কিন্ডারগার্টেন পরিবেশে তার উদ্ভাবনগুলি স্থাপত্য এবং শিল্প সহ অনেক ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে জানা যায়।[]

মনোবিজ্ঞানে অবদান

[সম্পাদনা]

ফ্রোবেল কিন্ডারগার্টেনের আধুনিক ধারণাটি আবিষ্কার করেছিলেন এমন একটি শ্রেণীকক্ষ তৈরি করে যেখানে খেলাধুলা এবং শেখার সমন্বয় ছিল। তিনি জোর দিয়েছিলেন যে খেলাধুলা বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি একটি শেখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে, এবং তিনি তার শিক্ষাগত মডেলে গান, নৃত্য এবং অনুরূপ ধরণের খেলাধুলা অন্তর্ভুক্ত করেছিলেন। সমসাময়িক কিন্ডারগার্টেনগুলি ফ্রোবেলের শিক্ষাগত তত্ত্বের সরাসরি ফসল। ফ্রোয়েবলের ছাত্রী মার্গারেথ শুর্জ উইসকনসিনে প্রথম আমেরিকান কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন। শুর্জের স্কুলের উদাহরণ অনুসরণ করে, ১৮৬০ সালে বোস্টনে প্রথম ইংরেজিভাষী কিন্ডারগার্টেন খোলা হয়। কিন্ডারগার্টেনের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায় এবং কিন্ডারগার্টেন এখন বেশিরভাগ মানুষের শিক্ষাগত অভিজ্ঞতার একটি অংশ।[]

ফ্রোয়েবল-এর দর্শন

[সম্পাদনা]

সেইসময় জার্মানিজুড়ে সমস্ত স্কুলেই পেস্তালোজ্জির মূল নীতিগুলো অনুসরণ করা হতো।প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষাবিদ পেস্তালোজ্জির নিয়ম ফ্রোয়েবলের খুব একটা প ছন্দ হয়নি। এজন্য ফ্রাঙ্কফুর্টের সেই মডেল স্কুলে অল্প কিছুদিন শিক্ষকতার পর তিনি স্বাধীনভাবে নিজের নিয়মে শিক্ষকতা শুরু করলেন। তার নিয়মটা ছিল অদ্ভুত। তিনি যেসব বাচ্চাদের পড়াতেন, তাদের অভিভাবকদের কাছ থেকে কিছু জমি চেয়ে নিতেন, যেখানে একটি বাগান গড়ে তোলা হতো। এই বাগানে চলতো শিক্ষাদান কার্যক্রম। গতানুগতিক শ্রেণিকক্ষের পরিবর্তে বাচ্চাদের এই বাগানে বিভিন্ন খেলনাসমেত ছেড়ে দেয়া হতো। এরপর সেই শিশুরা নিজে থেকেই খেলাধুলায় মেতে উঠত, গান গাইত, প্রকৃতির মাঝে সুন্দর সময় পার করতে। পেস্তালোজ্জির সাথে ফ্রোয়েবলের চিন্তা প্রসূত নতুন প্রাথমিক শিক্ষার মূল পার্থক্য ছিল এই যে– পেস্তালোজ্জির নিয়মে শিশুদের একটি নির্দিষ্ট সময়ের আগে রুটিনমাফিক ক্লাস ও পাঠ্যবইয়ে আটকে ফেলা হতো, যেখানে ফ্রোয়েবলের নিয়মে শিশুদের প্রকৃতির মাঝে ছেড়ে দেয়া হতো। প্রাথমিকভাবে নিজের পদ্ধতিগুলোর প্রয়োগে সফলতা পাওয়ার পর ফ্রোয়েবল এবার বড় পরিসরে পদক্ষেপের চেষ্টা করলেন। ১৮৩৭ সালে জার্মানির ব্যাড ব্ল্যাকেনবার্গ নামক একটি শহরে প্রথমবারের মতো একটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করেন, যেটি তার নিজের চিন্তা প্রসূত নীতিগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। প্রায় তিন বছর পর, ১৮৪০ সালে তিনি এই প্রতিষ্ঠানের নাম দেন ‘কিন্ডারগার্টেন’ (Kindergarten) বা ‘শিশুদের বাগান’। ইউরোপে তখন সাত বছর বয়স হওয়ার আগে শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা ছিল। কারণ ধারণা করা হতো, সাত বছর বয়স হওয়ার আগে শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত মানসিক পরিপক্বতা তৈরি হয় না। কিন্তু ফ্রেডরিখ ফ্রোয়েবলের হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে আসা বাচ্চাদের বয়স ছিল চার থেকে ছয় বছর। আনুষ্ঠানিক শিক্ষাগ্রহণের আগে শিশুদের নিজস্ব সৃজনশীলতা বিকাশ ও মস্তিষ্কের জট খোলার জন্য নির্মল প্রাকৃতিক পরিবেশে পরিবেশ প্রয়োজন– এমনটাই ভাবতেন ফ্রোয়েবল।

ফ্রোয়েবলের দর্শনের আরেকটু গভীরে যাওয়া যাক। খ্রিস্টধর্মের অনুসারী ফ্রোয়েবলের কাছে মানুষ ছিল ‘ঈশ্বরের সন্তান’। তিনি মনে করতেন, প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক আছে, প্রকৃতিই মানুষের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সর্বোচ্চ সহায়তা করতে পারে। তার কাছে প্রতিটি শিশু ছিল বাগানের ফুলের মতো, যাদের প্রাথমিকভাবে সুনিপুণ যত্নের সাথে বেড়ে তোলা উচিত। তার ভাষায়, “শিশুরা বাগানের ছোট্ট ফুলের মতো বৈচিত্র্যময় এবং তাদের পর্যাপ্ত যত্ন প্রয়োজন। তাদেরকে যখন একত্রে দেখা হয়, তখন তারা প্রত্যেকেই আলাদা করে সৌন্দর্যের অধিকারী।” সাধারণত তার স্কুলে এটা মনে করা হতো যে, শিশুরা জন্মের পর মানসিক বিকাশের জন্য তাদের পরিবারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা লাভ করে না, অথচ প্রতিটি শিশুর ক্ষেত্রেই এটি দরকারি। অভিভাবকেরা ছোট থেকেই শিশুদের প্রকৃতির সাথে সময় কাটানোর পথ রুদ্ধ করে দেন বলেই এমনটা হয়।

ফ্রোয়েবলের হাত ধরে গড়ে ওঠা পৃথিবীর প্রথম কিন্ডারগার্টেনে শিশুদের বিভিন্ন খেলনাসহ বাগানে রেখে আসা হতো। তার শিক্ষাপদ্ধতি ‘সেল্ফ-লার্নিং’ বা ‘সেল্ফ-অ্যাক্টিভিটি’ হিসেবে আখ্যায়িত করেন, যেখানে একজন ব্যক্তি শিক্ষকের চেয়ে ‘দিকনির্দেশনাকারী’ হিসেবে বেশি ভূমিকা পালন করে। ফ্রোয়েবলের কিন্ডারগার্টেনে শিক্ষকেরা কোনো শিক্ষার্থীকে কিছু করতে বাধ্য করতেন না, শুধু তাদের কী করা উচিত, সেই সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করতেন। শিশুরা খেলনা ও অন্যান্য সামগ্রী নিয়ে নিজেদের মতো করে খেলতো। ফ্রোয়েবল প্রতিটি শিশুকে নিজেদের মতো করে খেলতে, গান গাইতে কিংবা ছবি আঁকতেন সহায়তা করতেন। তার প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ছিল পূর্ণমাত্রায় স্বাধীন। কিন্ডারগার্টেনের শিক্ষার সমস্ত কার্যক্রম বাগানে হওয়ার কারণে শিশুরা মুক্ত পরিবেশে বেড়ে ওঠে।

ফ্রোয়েবলের এই কিন্ডারগার্টেনের ধারণা খুব দ্রুত ইউরোপ ও আমেরিকায় জনপ্রিয়তা লাভ করে। সাধারণত প্রতিটি দেশই তাদের শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে কোনো ছাড় দিতে চায় না। শিশুরা জাতির ভবিষ্যত– এটা পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই সত্য। ফ্রোবেলের কিন্ডারগার্টেনে শিশুরা বেড়ে উঠত বাধাহীনভাবে, সাত বছর বয়স হওয়ার পর আনুষ্ঠানিক শিক্ষাগ্রহণের জন্য যেরকম মানসিক পরিপক্বতা দরকার, সেটা তৈরি হতো এই স্কুলের মাধ্যমে।

ফ্রোয়েবলের মস্তিষ্কপ্রসূত কিন্ডারগার্টেন সিস্টেম এখন পৃথিবীর প্রায় সব দেশেই অনুসরণ করা হচ্ছে। শিশুদের সঠিকভাবে শিক্ষাপ্রদান ও বেড়ে তোলার পেছনে কিন্ডারগার্টেন সিস্টেমের কাছে পৃথিবীবাসী আজীবন ঋণী হয়ে থাকবে।[][]

উত্তরাধিকার

[সম্পাদনা]

নিউ থুরিংগিয়ান ফ্রোয়েবল অ্যাসোসিয়েশন (এনটিএফভি) হল এমন একটি সংস্থা যা শিক্ষার প্রতি ফ্রোয়েবলের নিষ্ঠা অব্যাহত রাখার চেষ্টা করে এবং বিশ্বজুড়ে ফ্রোয়েবল প্রতিষ্ঠানগুলির কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। এনটিএফভি একটি জাদুঘর তত্ত্বাবধান করে, কেইলহাউতে একটি সঠিক ফ্রোয়েবল অভিজ্ঞতা প্রদান করে এবং ফ্রোয়েবল ডিপ্লোমা বিতরণ করে। ফ্রোয়েবল যে শিক্ষাগত নীতি এবং কৌশল তৈরি করেছিলেন তা আরও এগিয়ে নিয়ে যায়।

১৮৯২ সালে দক্ষিণ পশ্চিম লন্ডনে প্রতিষ্ঠিত হয় ফ্রোয়েবল কলেজ। বর্তমানে এটি রোহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের অংশ। এই কলেজ এবং ফ্রোয়েবল আর্কাইভ ফর চাইল্ডহুড স্টাডিজের সাথে সমন্বয় করে বই, বস্তু, মাল্টিমিডিয়া, ফটোগ্রাফ এবং অন্যান্য জিনিসপত্রের একটি বিস্তৃত গ্রন্থাগার বজায় রাখে যা ফ্রেডরিখ ফ্রোয়েবলের তৈরি শিক্ষাগত উত্তরাধিকারের বিশদ চিত্রিত করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "biography / Friedrich Froebel"। britannica। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৫
  2. "ফ্রেডরিখ ফ্রোয়েবল"। education state university।
  3. "biography of Froebel"। britannia। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৫
  4. "fredrich"। infed.org।
  5. "early education"। education .org।
  6. "friedrich froebel"
  7. "biography"। britannica। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৫
  8. "friedrich froebel"। early education.org। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৫
  9. "pages/ 1999 Froebel Friend rich"। education State university।