প্ল্যান্ট হেরিটেজ
প্ল্যান্ট হেরিটেজ (পূর্বে উদ্ভিদ ও বাগান সংরক্ষণের জাতীয় কাউন্সিল বা ন্যাশনাল কাউন্সিল ফর দ্য কনজার্ভেশন অন প্ল্যান্টস অ্যান্ড গার্ডেনস, সংক্ষেপে এনসিসিপিজি) হলো যুক্তরাজ্যে নিবন্ধিত দাতব্য সংস্থা ও উদ্ভিদবৈজ্ঞানিক সংরক্ষণবাদী সংগঠন।[১] উদ্ভিদবিজ্ঞানী, উদ্যানতত্ত্ববিদ ও সংরক্ষণবাদীদের মেধা ও জ্ঞানের সাথে পেশাদার ও অপেশাদার বাগানিদের অধ্যাবসায়ের সম্মিলন ঘটানোর উদ্দেশ্যে ১৯৭৮ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। সংগঠনের লক্ষ্যবাক্যে ঘোষণা করা হয়েছে: “উদ্যানতত্ত্ব, শিক্ষা ও বিজ্ঞানের মাধ্যমে সকলের স্বার্থে এনসিসিপিজি ব্রিটেন ও আয়ারল্যান্ডের বাগান উদ্ভিদের সমৃদ্ধ বৈচিত্র্যকে সংরক্ষণ, নথিবদ্ধকরণ, প্রচার ও সহজলভ্য করতে চায়।” বিশেষভাবে, সংগঠনের উদ্দেশ্য হলো:
- ব্রিটিশ দ্বীপপুঞ্জের বিপন্ন বাগান উদ্ভিদের প্রজাতি ও কাল্টিভারের বংশবিস্তার ও সংরক্ষণে উৎসাহিত করা;
- আবাদি উদ্ভিদ ও এদের উৎস, এদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব এবং এদের পরিবেশ নিয়ে গবেষণা পরিচালনা করা এবং গবেষণায় উৎসাহিত করা; এবং
- বাগান উদ্ভিদ সংক্রান্ত শিক্ষার বিষয়ে জনসাধারণকে উৎসাহিত করা।
সংগঠনের সদস্যতা এবং জাতীয় উদ্ভিদ সংগ্রহশালার মাধ্যমে প্ল্যান্ট হেরিটেজ বিপন্ন বাগান উদ্ভিদসমূহের বংশবিস্তার ও বিতরণের মাধ্যমে এদের পুনরাবিষ্কার ও পুনঃপ্রচলন করতে চায়, যার ফলে এরা যত বেশি সম্ভব বিস্তৃতভাবে বংশবিস্তার করতে পারে। দাতব্য সংগঠনটি জাতীয় ট্রাস্ট, স্কটল্যান্ডের জাতীয় ট্রাস্ট, ইংলিশ হেরিটেজ ও রয়েল হর্টিকালচার সোসাইটির মতো সংরক্ষণবাদী সংগঠন ও বিশেষজ্ঞ উদ্যানতাত্ত্বিক সংগঠনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে।
প্রিন্স অব ওয়েলস প্ল্যান্ট হেরিটেজের পৃষ্ঠপোষক।
২০১০ সালে টেলিভিশন বাগানি অ্যালান টিচমার্শ দাতব্য সংগঠন প্ল্যান্ট হেরিটেজের সভাপতি নির্বাচিত হন।