প্রভাত কর
প্রভাত কর | |
|---|---|
| সংসদ সদস্য, লোকসভা | |
| কাজের মেয়াদ ১৯৫৭ – ১৯৬৭ | |
| পূর্বসূরী | নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় |
| উত্তরসূরী | বিজয় কৃষ্ণ মোদক |
| নির্বাচনী এলাকা | হুগলী |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৩ অক্টোবর ১৯১০ কলকাতা, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিমবঙ্গ ভারত) |
| মৃত্যু | ২৭ নভেম্বর ১৯৮৪ (বয়স ৭৪) অন্ধ্রপ্রদেশ |
| জাতীয়তা | ভারতীয় |
| রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (১৯৩৩-১৯৮৪) |
| প্রাক্তন শিক্ষার্থী | প্রেসিডেন্সি কলেজ, কলকাতা |
| পেশা | ব্যাঙ্ক কর্মচারী, সাংসদ[১] |
প্রভাত কর (১৩ অক্টোবর ১৯১০ - ২৭ নভেম্বর ১৯৮৪) ছিলেন একজন ভারতীয় বাঙালি শ্রমিক নেতা ও ভারতীয় সংসদের নিম্নকক্ষ তথা লোকসভার সাংসদ। তিনি অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনসহ এআইবিইএ'রও সভাপতি হন।[২]
জন্ম ও প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]প্রভাত করের জন্ম ১৯১০ খ্রিস্টাব্দের ১৩ অক্টোবর ব্রিটিশ ভারতের কলকাতার এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে। অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। বিদ্যালয়ের প্রতি ক্লাশে অত্যন্ত ভালো ফল করতেন। আঠারো বৎসর বয়সেই তিনি স্বাধীনতার আন্দোলনে যুক্ত হন। ১৯২৮ খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে তিনি স্বেচ্ছাসেবক হিসাবে যোগ দেন। বিদ্যালয়ের পাঠ শেষে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। ১৯৩১ খ্রিস্টাব্দে সাম্মানিক সহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হন।
কর্মজীবন
[সম্পাদনা]স্নাতক হওয়ার পর ১৯৩৩ খ্রিস্টাব্দে লয়েডস্ ব্যাংকে করণিক পদে যোগ দেন। প্রথমেই তিনি লক্ষ্য করেন, অধস্তন ব্যাংক কর্মচারীদের অমানবিক পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়। কোন কর্মচারীদের পরিষেবা প্রদানের জন্য নির্দিষ্ট শর্তের তথা সার্ভিস কন্ডিশনের অস্তিত্ব ছিল না। প্রথম থেকেই শোষণ ছাড়াও নিপীড়ন, হয়রানি ছিল নিত্যদিনের। বিনা কারণে চাকরি হতে বহিষ্কার করা যেত। বেতন ছিল মালিক তথা নিয়োগকর্তার মর্জিমাফিক। কর্মচারীদের সংগঠন তৈরির অধিকার ছিল না। এই সমস্ত বিষয় প্রত্যক্ষ করে প্রভাত কর ব্যাংকে যোগদানের সময় থেকেই লয়েডস ব্যাংকের তরুণ, ক্ষুদ্ধ কিন্তু নিবেদিত-প্রাণ কর্মচারীসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক সমূহে সংগঠিত করতে থাকেন এবং ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ এপ্রিল তাঁরা একটি সর্বভারতীয় সংগঠন তৈরির ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্তে সহমত পোষণ করেন এইচ এল পারভানা, নরেশ পাল, তারকেশ্বর চক্রবর্তী, আর সি চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ। অতঃপর ১৯৪৬ খ্রিস্টাব্দে ২০ এপ্রিল এঁদের সক্রিয়তায় আনুষ্ঠানিক ভাবে কলকাতায় গঠিত হয় অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। নিজের লয়েডস ব্যাংকের তৎকালীন ৬০০ জন কর্মচারীদের সংগঠিত করে গঠন করেন 'লয়েডস ব্যাংক ইন্ডিয়ান স্টাফ অ্যাসোসিয়েশন' এবং তিনিই হলেন সাধারণ সম্পাদক। স্বাধীনতা লাভের পরবরতী বৎসরে ১৭ আগস্ট প্রভাত কর তার ব্যাঙ্কে সংহতি ধর্মঘটে নেতৃত্ব দেন। ফলে লয়েডস ব্যাংক কর্তৃপক্ষ এগারো জন নেতার বিরুদ্ধে শিল্প বিরোধ আইনে (Industrial Disputes Act) মামলা দায়ের করে এবং তাদের বরখাস্ত করে। এই উস্কানির কারণে ব্যাংকের সমস্ত কর্মচারী ধর্মঘটে অংশ নিলে ১৯৪৮ খ্রিস্টাব্দের ২৭ অক্টোবর লয়েডস ব্যাংক কর্তৃপক্ষ সংবাদপত্রে সকল কর্মচারীদের বরখাস্ত করে নতুন নিয়োগের বিজ্ঞাপন দেয়। ফলে দীর্ঘ ধর্মঘটে প্রথমদিকে চল্লিশ জন কর্মচারীকে যোগদানের অনুমতি পান। সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াই শেষে সমস্ত কর্মচারী পুনর্বহাল হলেও প্রভাত কর বহিষ্কৃত থাকেন। ১৯৫৩ খ্রিস্টাব্দে প্রভাত কর সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক হন।
কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে প্রভাত কর ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রথমবার দ্বিতীয় লোকসভার জন্য পশ্চিমবঙ্গের হুগলি লোকসভা কেন্দ্র হতে সাংসদ নির্বাচিত হন। [৩] ১৯৬২ খ্রিস্টাব্দেও পার্টির মনোনয়নে তৃতীয় লোকসভার জন্যও পুনর্নিবাচিত হন। [৪] ১৯৬৬ খ্রিস্টাব্দে ব্যাংক কর্মচারীদের আন্দোলনের ইতিহাসে বেতন ও অন্যান্য পরিষেবা বিষয়ে শ্রমিক সংগঠন ও ব্যাংক কর্তৃপক্ষ তথা ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনএর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর সম্ভব হয়। প্রভাত করের আর একটি অবদান ছিল দেশের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলির জাতীয়করণ। তার নেতৃত্বে ব্যাংক কর্মচারীদের সংগ্রামে ভারত সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ব্যাংক জাতীয়করণ করে। শক্তিশালী প্রচারণা এবং সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন যার ফলে ভারত সরকার ১৯৬৪ খ্রিস্টাব্দে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ব্যাংক জাতীয়করণ করে। ১৯৮০ খ্রিস্টাব্দ ও ১৯৮১ খ্রিস্টাব্দ হতে তিনি যথাক্রমে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি নির্বাচিত হন এবং আমৃত্যু ওই পদে বহাল থাকেন।[২]
জীবনাবসান
[সম্পাদনা]জাতীয় শ্রমিক সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে, প্রভাত কর ১৯৮৪ খ্রিস্টাব্দের ২৪ নভেম্বর স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ স্টাফ অ্যাসোসিয়েশনের এক সম্মেলন উদ্বোধন করতে অন্ধ্রপ্রদেশের নিজামবাদে যান। সেই সম্মেলন থেকে ২৭ নভেম্বর হায়দ্রাবাদ ফেরার পথে অসুস্থ হন এবং রাত্রি সাড়ে ৯ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Members : Lok Sabha"। loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- 1 2 3 "40th Death Anniversary of Com Prabhat Kar"। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৫।
- ↑ "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission। ৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- ↑ "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।