বিষয়বস্তুতে চলুন

পূর্ব তিমুরে ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পূর্ব তিমুরে ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির অনুমান অনুসারে, পূর্ব তিমুরের মোট জনসংখ্যার প্রায় ১% মুসলমান। [১] আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পর দেশটির প্রথম প্রধানমন্ত্রী (মে, ২০০২ থেকে জুন ২০০৬ পর্যন্ত) ছিলেন হাদরামি আরব বংশোদ্ভূত সুন্নি মুসলিম মারি বিন আমুদা আল-কাসিরি। তবে এক ভয়াবহ রাজনৈতিক সংকটের পর ২০০৬ সালের ২৬ জুন আল-কাসিরি পদত্যাগ করেন। [২] পূর্ব তিমুরের রাজনীতিতে জড়িত খুবই কম সংখ্যক মুসলিমের মধ্যে আল-কাসিরি একজন ছিলেন, যেখানে জনসংখ্যার প্রায় ৯৭% ক্যাথলিক খ্রিস্টান। ২০১৫ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির মোট ২,৮২৪ মানুষ নিজেদের ইসলামের অনুসারী হিসেবে পরিচয় দেয়। রাজধানী দিলিতে অবস্থিত আন-নূর মসজিদ দেশের বৃহত্তম মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র।

ইতিহাস

[সম্পাদনা]

ইতিহাসবিদদের মতে, ইয়েমেনের হাজরামাউত থেকে আসা হাজরামি আরব বণিকরা (প্রায় সকলেই মুসলিম) পর্তুগিজদের আগমনের আগেই বর্তমান পূর্ব তিমুরে এসেছিল। তবে তারা ১৭শ শতকের আগে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেনি। জানা যায় যে, অন্তত ২৬টি হাজরামি পরিবার ১৬৭৮ থেকে ১৯৭৫ সালের মধ্যে দিলি শহরে বসবাস করেছিল। উপনিবেশবাদী পর্তুগিজ শাসনামলে হাজরামি আরবরা ইসলাম প্রচারক ও উপনিবেশ-বিরোধী মনোভাবাপন্ন হওয়ায় পর্তুগিজদের সন্দেহের মুখে পড়ে। ক্যাথলিক ধর্মানুসারী পর্তুগিজরা ইসলাম প্রচারের বিরোধিতা করত। ফলে কিছু হাজরামি আরবকে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কারাবন্দি করা হয়েছিল। [৩]

পূর্ব তিমুরে ইসলাম মূলত ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে পৌঁছায়। সুলাওয়েসির গোয়া সালতানাতের মাকাসার নাবিকরা পূর্ব তিমুরের সাথে ব্যবসা করত এবং এর প্রমাণ হিসেবে ওয়েকুসে আমবেনো অঞ্চলে পান্তে মাকাসার (মাকাসার সৈকত) নামে একটি স্থান পাওয়া যায়। মাকাসার নাবিকদের পোঁছানোর একটি নথিভুক্ত ঘটনা ঘটে ১৬৪১ সালে, যখন গোয়া-তালো জোটের রাজা সুলতান মুজাফফার তুমামালিয়াং রি তিমোরা এই অঞ্চল শাসন করেন। হাজরামি আরবরা ১৯শ শতক পর্যন্ত দিলির পশ্চিমাংশে 'কামপুং আলোর' এলাকায় বসবাস করত। পরবর্তীকালে ১৯৭৫ সালের ৭ ডিসেম্বর ইন্দোনেশীয় সেনাবাহিনীর দিলি অভিযান সময় এই এলাকাকে অবতরণের স্থান হিসেবে ব্যবহার করা হয়।[৪]

মেলিসা জনস্টন তার গবেষণাপত্র অ্য মুসলিম লিডার অফ অ্য ক্যাথলিক নেশনে উল্লেখ করেছেন যে, দিলির কিছু হাজরামি সম্প্রদায় তৎকালীন পর্তুগিজ তিমুরকে ইন্দোনেশিয়ার সাথে একীকরণকে সমর্থন করেছিল। পূর্ব তিমুরের স্বাধীনতার আগে ইন্দোনেশিয়ার শাসনামলে মুসলিম সম্প্রদায় মোট জনসংখ্যার প্রায় ১০% ছিল। তবে ১৯৯৯ সালে মুসলিম জনসংখ্যা মাত্র ২০০ জনে নেমে আসে। [৩][৪]

বর্তমান

[সম্পাদনা]

২০১৫ সালের আদমশুমারি অনুসারে, পূর্ব তিমুরের ২,৮২৪ জন মানুষ ইসলামের সাথে পরিচিত। তাদের মধ্যে ১,৬৯৫ জন দিলি পৌরসভায়, ২৫৮ জন বোকোতে, ২৩৬ জন লাউতেমে, ২১২ জন ভিকেকেতে, ১১৩ জন মানুফাহিতে, ১০৬ জন লিকুইকাতে এবং বাকিরা অন্যান্য পৌরসভায় বসবাস করেন। [৫]

অসংখ্য খ্রিস্টীয় ছুটির পাশাপাশি ২০০৫ সাল থেকে ঈদুল ফিতর ও ঈদুল আযহা সরকারি ছুটির দিন হিসেবে বিবেচিত হয়। [৬]

মসজিদ

[সম্পাদনা]

দেশের বৃহত্তম মসজিদ হল দিলির আল নূর মসজিদ, যা কাম্পুং আলোর এলাকায় অবস্থিত এবং এটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [৭] এতে একটি বেসরকারি ধর্মীয় স্কুলও রয়েছে। [৮] এছাড়া বোকো, সেবালোস ও উইকিৎসায় একাধিক মসজিদ রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ CIA world factbook ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০১-২৮ তারিখে
  2. ↑ Agence France-Presse (2006). East Timor PM quits. Retrieved June 26, 2006. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৬-০৭-০৯ তারিখে
  3. 1 2 "Muslim di Timor Leste Makin Habis"। Jernih.co (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৫।
  4. 1 2 "Muslim in East Timur" (পিডিএফ)।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. ↑ Direcção-Geral de Estatística: Ergebnisse der Volkszählung von 2015, abgerufen am 23. November 2016. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০৯-২৩ তারিখে
  6. ↑ SAPO Notícias: Governo aprova novo feriado e data da invasão indonésia passa a Dia da Memória, 12. Februar 2016, abgerufen am 12. Februar 2016. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-১২-০৪ তারিখে
  7. ↑ The National: Mosque hangs on as example of tolerance, 22. Juni 2008, abgerufen am 3. Mai 2013. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০৯-০৪ তারিখে
  8. ↑ Reliefweb: Supporting all faiths in Timor-Leste, abgerufen am 3. Mai 2013. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৯-০২ তারিখে