বিষয়বস্তুতে চলুন

নেপালে বর্ণপ্রথা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নেপালে বর্ণপ্রথা বলতে নেপালের ঐতিহ্যবাহী সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থাকে বোঝায়। এটি মূলত হিন্দুধর্মের প্রাচীন চতুর্বর্ণাশ্রম ব্যবস্থা দ্বারা প্রভাবিত, যেখানে সমাজকে চারটি প্রধান বর্ণে ভাগ করা হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।

এই প্রথাব্যবস্থায় মানুষের সামাজিক অবস্থান বহু স্তরবিশিষ্ট ও বংশানুক্রমিক গোষ্ঠীর মাধ্যমে নির্ধারিত হয়, যেগুলিকে সাধারণত জাত বলা হয়। ঐতিহাসিকভাবে এই ব্যবস্থা প্রধানত নেপালের তিনটি ইন্দো-আর্য সমাজে প্রচলিত ছিল: খস, মাধেশি ও নেওয়ার। তবে ১৮ শতকে নেপাল একীভূত হওয়ার পর দেশের বিভিন্ন অহিন্দু জাতিগোষ্ঠী ও উপজাতি, যাদের আগে “মাতওয়ালি” (মদ্যপানকারী) বলা হতো এবং বর্তমানে আদিবাসী নামে পরিচিত, তাদেরও ধীরে ধীরে এই জাতভিত্তিক সামাজিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তবে এই অন্তর্ভুক্তি সব ক্ষেত্রে সমানভাবে সফল হয়নি। এর কারণ ছিল, এসব ঐতিহ্যগত অহিন্দু গোষ্ঠী ও উপজাতিরা সর্বদা জাতবর্ণ প্রথার নিয়ম ও রীতিনীতি অনুসরণ করত না।[১]

১৯৬৩ সালে নেপাল সরকার আইন করে জাতিভিত্তিক বৈষম্য ও “অস্পৃশ্যতা” (নির্দিষ্ট জাতিকে সামাজিকভাবে বর্জন করা) নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে।[২] নেপাল অতীতে একটি হিন্দু রাজতন্ত্রের অধীনে শাসিত হতো এবং দেশটি আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল। তবে পরে দেশটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তরিত হয়।[৩]

২০০৮ সালের ২৮ মে নেপালকে আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, যার মাধ্যমে হিন্দু রাজতান্ত্রিক যুগের অবসান ঘটে।[৪][৫]

ইতিহাস

[সম্পাদনা]

আধুনিক নেপালের উত্তরাঞ্চলের আশেপাশে বসবাসকারী প্রাচীন উপজাতিরা হিন্দুধর্মের চতুর্বর্ণাশ্রম ব্যবস্থার দ্বারা কম প্রভাবিত ছিল বলে ধারণা করা হয়। এর পরিবর্তে তাদের মধ্যে চীন-তিব্বতি গোষ্ঠীগুলো দ্বারা প্রভাবিত হয়ে তিব্বতি আধ্যাত্মিকতার সাথে সামঞ্জস্য রেখে প্রকৃতিপূজা,শমনবাদ ও পূর্বপুরুষ পূজা বেশি প্রচলিত ছিল। এমনকি প্রচলিত বর্ণ ব্যবস্থার কঠোর অনুসারী খস জনগোষ্ঠীভুক্ত লোকেরাও প্রাচীন কাল থেকেই মস্তো ঐতিহ্য অনুসরণ করে আসছে, যেখানে বঙ্গে-মস্ত, বহিরামস্ত, থাড়ো-মস্ত, বাহরা-মস্ত, অথহর-মস্ত নামে পরিচিত মস্ত অভিভাবক দেবতাদের আবাহন ও পূজা করা হয়। খসদের মধ্যে প্রচলিত এই ধরণের মাস্তো পূজা মূলত ভারতের সিন্ধু-গাঙ্গেয় সমভূমির কোনো বৈদিক ধর্মগ্রন্থ ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত নয়; বরং তা তিব্বতের বৌদ্ধ-পূর্ব শামানবাদী বন ধর্মের সাথে অধিক ঘনিষ্ঠ বলে ধারণা করা হয়। [৬]

নেপালে প্রচলিত বর্ণপ্রথা ব্যবস্থার প্রাচীনতম বিস্তারিত নথি কাঠমান্ডু উপত্যকায় ৫ম শতাব্দীর লিচ্ছবি যুগে (৪০০-৭৫০ খ্রিস্টাব্দ) পাওয়া যায়, যেখানে ব্রাহ্মণ (বৈদিক পুরোহিত) ও চণ্ডালের (অস্পৃশ্য) উপস্থিতির উল্লেখ রয়েছে।[৭] ধারণা করা হয়, লিচ্ছবিদের দ্বারা প্রবর্তিত বিদ্যমান বর্ণ কাঠামো পরবর্তীতে রাজা জয়স্থিতি মল্লের (১৩৮০-১৩৯৪ খ্রিস্টাব্দ) রাজত্বকালে মৌলিকভাবে পুনর্গঠিত হয়। [৮] লিচ্ছবিদের সময় থেকে গাঙ্গেয় সমভূমি থেকে হাজার বছরেরও বেশি সময় ধরে নতুন আর্য অভিবাসীদের আগমনের ফলে এই পুনর্গঠনটি ঘটেছিল। কাঠমান্ডুতে ধারাবাহিকভাবে আর্য অভিবাসনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং নগর ও বর্ণ-ভিত্তিক একটি জটিল সমাজ তৈরি হয়। [৮] এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অভিবাসন ছিল পরবর্তীতে মল্ল ও ক্ষত্রিয় গোষ্ঠীর আগমন, যাদের সঙ্গে মৈথিল ব্রাহ্মণ ও অন্যান্য পেশাজীবী গোষ্ঠী; যেমন কসাই, ধোবি প্রমুখ আগমন করে। এই অভিবাসনের ধারা ১৩২৪ সালে কর্ণাটক রাজ্য বিজয়ের পর ঘটে, যখন দিল্লির সুলতান ও তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক কর্ণাটক রাজ্য জয় করেন।[৯] এছাড়াও জয়স্থিতি মল্লের সামাজিক পুনর্গঠন প্রক্রিয়ার ফলে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক পরিবর্তনও ঘটে। তিনি ব্রহ্মচর্য পালনকারী বৌদ্ধ ভিক্ষুদের প্রথমবারের মতো গার্হস্থ্য জীবনে অন্তর্ভুক্ত করেন এবং তাদের সমাজের বর্ণভিত্তিক শ্রেণিবিন্যাসের ভিতরে নিয়ে আসেন। এর ফলে বজ্রাচার্য ও শাক্য নামে নতুন জাতিগত পরিচয়ের উদ্ভব হয়।[১০] এই পুনর্গঠন কেবল নতুন জাতিগোষ্ঠী তৈরি করেই থেমে থাকেনি, বরং ব্রাহ্মণ্য আধিপত্যের ক্ষেত্রেও পরিবর্তন আনে; যেমন কান্যকুব্জ ব্রাহ্মণ বংশোদ্ভূত রাজোপাধ্যায় ব্রাহ্মণদের প্রাধান্য সুদৃঢ় করা হয়, যা অন্যান্য পুরোহিত গোষ্ঠী; বিশেষত মৈথিল ব্রাহ্মণদের উপর তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে। একই সঙ্গে কর্মচার্য ও জোশি গোষ্ঠীকে ব্রাহ্মণ্য মর্যাদা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়। নতুন আগত ও তুলনামূলকভাবে অধিক পাণ্ডিত্যসম্পন্ন ব্রাহ্মণরা তাদের সেই উচ্চ মর্যাদা কেড়ে নিয়ে তাদের ক্ষত্রিয় গোষ্ঠীর সঙ্গে একীভূত করে। এই সামাজিক পুনর্গঠনের আরেকটি বড় ফল ছিল রাজনৈতিক ক্ষমতার পুনর্বিন্যাস। নতুনভাবে গঠিত মল্ল অভিজাত শ্রেণি, বিশেষত ক্ষত্রীয় শ্রেষ্ঠারা ক্ষমতা লাভ করে এবং মল্ল রাজ্যে তারা এক শক্তিশালী অভিজাত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়।[১১] অতএব বর্তমান নেপালের নেওয়ার সমাজের ভিত্তি দৃঢ়ভাবে মল্ল শাসনের সময়কার পুনর্গঠনের ওপর দাঁড়িয়ে রয়েছে। কারণ নেওয়ার সমাজ আজও মূলত ৪ বর্ণ এবং ৬৪টি ভিন্ন জাতিতে বিভক্ত, যা জয়াস্থিতি মল্লের সময়কালে ধ্রুপদী ও ধর্মীয় হিন্দু শাস্ত্র; যেমন মনুসংহিতার নির্দেশনা অনুযায়ী ক্রমবিন্যস্তভাবে নির্ধারিত হয়েছিল।[১২][১৩] চৌবিসী রাজ্যের গোর্খা রাজা রাম শাহ (১৬০৯–১৬৩৬) গোর্খা রাজ্যের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য কিছু নিয়ম ও বিধি প্রবর্তন করেন বলে জানা যায়। যেহেতু শাহ শাসকরা অনেক এলাকা জয় করেন, তাই তাদের রাজ্যে বর্ণভিত্তিক শ্রেণিবিন্যাসের ধারণা আরো দৃঢ়ভাবে প্রয়োগ করা হয়েছিল, যাতে বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে তাদের ক্ষমতাধীনে একত্রিত করা যায়। ১৮৫৪ সালে রাণা শাসনের প্রারম্ভিক সময়ে একটি জাতীয় আইনকোড (মূলুকি আইন) ঘোষণা করা হয়, যাতে আন্তঃজাতীয় আচরণবিধির বিস্তারিত বিধান নির্ধারণ করা হয়েছিল এবং এই বিধি লঙ্ঘনের জন্য নির্দিষ্ট শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছিল।[১৪]



তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Hofer, Andras (১৯৭৯)। The Caste Hierarchy and the State of Nepal: A Study of the Muluki Ain of 1854। Universitatsverlag Wagner।
  2. ↑ Welle, Deutsche। "Nepal: Deadly caste-based attacks spur outcry over social discrimination | DW | 16.06.2020"। DW.COM (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১।
  3. ↑ "Nepal king stripped of most powers"। CNN। ১৮ মে ২০০৬। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
  4. ↑ Crossette, Barbara (৩ জুন ২০০১)। "Birenda, 55, Ruler of Nepal's Hindu Kingdom"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
  5. ↑ "Nepal votes to abolish monarchy" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৮ মে ২০০৮। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
  6. ↑ Dhungel, Ramesh (২০১০)। "Understanding Nepali History in the context of Changing Political Situation"। CNAS Journal। ৩৭: ১৭৪–১৭৫।
  7. ↑ "Gautamavajra Vajrācārya, "Recently Discovered Inscriptions of Licchavi Nepal", Kathmandu Kailash - Journal of Himalayan Studies. Volume 1, Number 2, 1973. (pp. 117-134)"। ২৭ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০০৬।
  8. 1 2 Gellner, D.; Pfaff-Czarnecka, J. (৬ ডিসেম্বর ২০১২)। Nationalism and Ethnicity in a Hindu Kingdom: The Politics and Culture of ...। Routledge। পৃ. ২৪৩। আইএসবিএন ৯৭৮১১৩৬৬৪৯৫৬১। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭।
  9. ↑ Singh, R. S. N. (২০১০)। The Unmaking of Nepal। Lancer Publishers। পৃ. ২৯। আইএসবিএন ৯৭৮১৯৩৫৫০১২৮২। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭।
  10. ↑ Peter Jackson (১৬ অক্টোবর ২০০৩)। The Delhi Sultanate: A Political and Military History। Cambridge University Press। পৃ. ১৯৯–২০০। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৫৪৩২৯-৩।
  11. ↑ "Bennett, L.; Dr, Dahal; Govindasamy, P. (2008). "Caste ethnic and regional identity in Nepal: Further analysis of the 2006 Nepal Demographic and Health Survey""। www.semanticscholar.org। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
  12. ↑ Hofer, Andras (১৯৭৯)। The Caste Hierarchy and the State of Nepal: A Study of the Muluki Ain of 1854। Universitatsverlag Wagner।
  13. ↑ Guneratne, Arjun (২০০২)। Many Tongues, One People: The Making of Tharu Identity in Nepal। Cornell University Press। আইএসবিএন ৯৭৮০৮০১৪৮৭২৮৬।
  14. ↑ Bennett, L.; Dr, Dahal (২০০৮)। "Caste ethnic and regional identity in Nepal: Further analysis of the 2006 Nepal Demographic and Health Survey." (ইংরেজি ভাষায়)। এস২সিআইডি 156124648। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)

[১]

  1. ↑ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ":222" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি